তারিখ: এপ্রিল ৬
প্রাপক: কর্মীবৃন্দ
প্রেরক: টড বার্নি, বিভাগীয় পরিচালক
বিষয়: কর্মীদের মার্চ মাসের পারফরম্যান্স
বিষয়টা আর্জির মত লাগুক তা আমি চাই না, যদিও শুনতে অনেকটা তেমনই মনে হতে পারে (!)। আসল কথা হলো, একটা চাকরি আমরা করি, আর তা করার জন্য আমরা মনে মনে হলেও রাজি হয়েছি (আপনারা কি গেল মাসের মাইনের চেকটা ভাঙিয়েছেন? আমি কিন্তু ভাঙিয়েছি, হা হা হা)। এমনকি—আরেকটু বাড়িয়ে বললে—কাজটা আমরা ভালোভাবে করব এই বলেই রাজি হয়েছি। এখন আমরা সবাই জানি যে কোনো কাজ খারাপভাবে করার একটা উপায়ে হলো তা নিয়ে আগে থেকেই নেতিবাচক মনোভাব রাখা। ধরা যাক, আমাদের একটা তাক পরিষ্কার করতে হবে। উদাহরণ হিসেবে ধরা যাক। তাক পরিষ্কার করার আগের পুরো ঘণ্টাটা যদি আমরা সেই কাজটার খুঁত ধরে কাটাই, ন্যাকা-কান্না শুরু করি, ভয় পাই, কিংবা তাক পরিষ্কার করার নৈতিকতা আর ন্যায়-অন্যায় নিয়ে গবেষণা শুরু করি—তাহলে শেষমেশ কী হবে? তাক পরিষ্কারের কাজটা আদতে যতটুকু কঠিন, আমরা সেটাকে তার চেয়েও বেশি কঠিন বানিয়ে ফেলব। এখনকার যা পরিস্থিতি, তাতে আমরা সবাই খুব ভালো করেই জানি যে ওই "তাক" পরিষ্কার করা হবেই—হয় আপনাকে দিয়ে, না হয় আপনার জায়গায় নতুন যে এসে আপনার মাইনের চেকটা পকেটে ভরবে তাকে দিয়ে। সুতরাং আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে: কাজটা কি আমি খুশি মনে করব, নাকি বেজার হয়ে? কোনটা বেশি কাজে দেবে? আমার জন্য কোনটা ভালো হবে? কোনটা করলে আমার উদ্দেশ্য সবচেয়ে নিপুণভাবে হাসিল হবে? আমার উদ্দেশ্যটা কী? মাইনে পাওয়া। সেই উদ্দেশ্য কীভাবে সবচেয়ে দক্ষতার সাথে পূরণ করা যায়? তাকটা ভালোভাবে আর দ্রুত পরিষ্কার করে। আর কোন মানসিক অবস্থা আমাকে তাকটা ভালোভাবে এবং দ্রুত পরিষ্কার করতে সাহায্য করবে? উত্তরটা কি: নেতিবাচক? নেতিবাচক মনোভাব? আপনারা খুব ভালো করেই জানেন যে তা নয়। তাই এই স্মারকের মূল কথা হলো: ইতিবাচকতা। ইতিবাচক মানসিকতাই আপনাকে তাকটা ভালোভাবে আর দ্রুত পরিষ্কার করতে সাহায্য করবে, যার ফলে মাইনে পাওয়ার উদ্দেশ্যটাও ঠিকঠাক হাসিল হবে।
তো আমি কী বলতে চাইছি? আমি কি বলছি শিষ বাজাতে বাজাতে কাজ করুন? হয়তো তা-ই। ধরা যাক তিমির মত কোনো ভারী মাছের মরা-পচা দেহ তুলতে হবে। (তাক আর তিমির এই অদ্ভুত উদাহরণের জন্য মাফ করবেন; আমাদের রেস্টন আইল্যান্ডের বাড়িটা থেকে এইমাত্র ফিরলাম, সেখানে ১) একরাশ ময়লা তাক ছিল, এবং ২) হ্যাঁ, বিশ্বাস করুন আর নাই করুন, সত্যি সত্যিই একটা পচা মরা তিমি ছিল, যেটা পরিষ্কার করার কাজে টিমি, ভ্যান্স আর আমাকেও নামতে হয়েছিল।) তো ধরুন আপনাকে আর আপনার কয়েকজন সহকর্মীকে দায়িত্ব দেওয়া হলো একটা ভারী মরা তিমি তুলে একটা ফ্ল্যাটবেড ট্রাকে তুলতে হবে। এখন আমরা সবাই জানি যে কাজটা কঠিন। আর যেটা আরও বেশি কঠিন, তা হলো: নেতিবাচক মনোভাব নিয়ে কাজটা করা। আমরা—মানে টিমি, ভ্যান্স আর আমি—যা দেখলাম তা হলো, এমনকি নিছক উদাসীন মনোভাব নিয়েও কাজটা করতে গেলে তা প্রচণ্ড কঠিন হয়ে পড়ে। যখন আমরা স্রেফ উদাসীন বোধ করছিলাম, তখন টিমি, ভ্যান্স, আমি এবং আরও জনাবারো লোক মিলে তিমিটাকে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি; তিমিটা এক ইঞ্চিও নড়েনি। যতক্ষণ না হঠাৎ একজন ভদ্রলোক, প্রাক্তন মেরিন সেনা, বললেন যে আমাদের আসলে দরকার মনের জোর। তিনি আমাদের ছোট একটা গোল করে দাঁড় করালেন, আর আমরা সবাই মিলে একরকম মন্ত্র জপার মতো করতে লাগলাম। আমাদের শরীরে জোশ চলে এলো। উপরের উদাহরণ টেনে বলতে হয়, আমরা জানতাম যে আমাদের একটা কাজ শেষ করতে হবে, আর তা নিয়ে আমরা একপ্রকার উত্তেজিত হয়ে উঠলাম এবং ইতিবাচক মানসিকতা নিয়ে কাজটা করার সিদ্ধান্ত নিলাম। আর সত্যি বলতে কী, সেই চেষ্টার একটা আলাদা তেজ ছিল; কাজটা বেশ মজার ছিল! যখন আমাদের আর সেই মেরিন সেনার ভ্যানে থাকা কয়েকটা শক্ত বেল্টের সাহায্যে তিমিটা শূন্যে ভেসে উঠল, তখনকার অনুভূতিটাই অন্যরকম। সম্পূর্ণ অপরিচিত কতগুলো লোকের সাথে মিলে সেই পচা মরা তিমিটাকে ট্রাকে তোলাটাই ছিল আমাদের পুরো সফরের সেরা মুহূর্ত।
তাহলে আমি কী বলতে চাইছি? আমি বলছি (এবং অত্যন্ত জোর দিয়েই বলছি, কারণ এটা জরুরি): আমাদের মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয় যা হয়তো উপর দিয়ে দেখতে খুব একটা আনন্দের নয়। আসুন, যতটুকু পারি সেসব কাজ নিয়ে ঘ্যানঘ্যান করা আর সংশয়ে ভোগা বন্ধ করি। আমি বলছি, আমরা যা কিছু করি তার প্রতিটা খুঁটিনাটি জিনিস নৈতিকতার চূড়ান্ত বিচারে ভালো, নাকি খারাপ, নাকি নিরপেক্ষ—তা নিয়ে কাটাছেঁড়া বন্ধ করি। সেই সময় অনেক আগেই পার হয়ে গেছে। আশা করি, প্রায় এক বছর আগে যখন এই পুরো বিষয়টা শুরু হয়েছিল, তখনই আমরা প্রত্যেকে নিজেদের বিবেকের সাথে এই আলোচনাটা শেষ করে নিয়েছি। আমরা একটা পথে পা বাড়িয়েছি, আর যখন অত্যন্ত যৌক্তিক কারণেই সেই পথে নেমেছি (যে ব্যাপারে আমরা এক বছর আগে একমত হয়েই নিয়েছিলাম), তখন মানসিক গোলকধাঁধায় পড়ে দ্বিধাদ্বন্দ্ব করে আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত হতে দেওয়াটা কি এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হবে না? আপনাদের কেউ কি কখনো ভারী হাতুড়ি চালিয়েছেন? আমি জানি আপনাদের কেউ কেউ চালিয়েছেন। রিকের বাড়ির উঠোনের ঢালাই ভাঙার সময় আপনাদের কয়েকজনকে আমি হাতুড়ি চালাতে দেখেছি। নিজেকে ধরে না রেখে মাধ্যাকর্ষণ শক্তির হাতে ছেড়ে দিয়ে স্রেফ সজোরে একটার পর একটা কোপ বসিয়ে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে না? ভাইসব, আমি যা বলতে চাইছি তা হলো, আমাদের এই কর্মক্ষেত্রেও মাধ্যাকর্ষণ শক্তিকে কাজ করতে দিন: সজোরে কোপ বসান; সেই স্বাভাবিক অনুভূতির কাছে নিজেকে সঁপে দিন, যা আমি মাঝে মাঝেই আপনাদের অনেকের মধ্যে দেখতে পাই—যা দ্বিধাদ্বন্দ্ব আর মানসিক সংশয় ভুলে নিজের দায়িত্ব পরিপূর্ণ উদ্যমে পালন করার প্রকাণ্ড শক্তি জোগায়। অক্টোবরের সপ্তাহটার কথা মনে আছে, যখন অ্যান্ডি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উৎপাদন করে রেকর্ড গড়ে ফেলেছিল? বাকি সব কিছু বাদ দিয়ে, ঠিক-ভুলের মতো যতোসব প্যানপ্যানে চিন্তাভাবনা একপাশে সরিয়ে রেখে বলুন তো—বিষয়টা কি দেখার মতো ছিল না? নিজ মহিমাতেই সেটা অনন্য ছিল না? আমার মনে হয়, আমরা যদি প্রত্যেকে নিজেদের ভেতরে গভীরভাবে তাকাই, তবে স্বীকার করতেই হবে যে আমরা কি সবাই ভেতরে ভেতরে একটু হিংসা বোধ করিনি? হায় খোদা, সে কী কোপগুলোই না বসাচ্ছিল! আর প্রতিবার যখন কুড়ালটা মুছে পরিষ্কার করার তোয়ালে নেওয়ার জন্য আমাদের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল, তার মুখে সেই উদ্যমী আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। আর আমরা সবাই স্রেফ হাঁ করে দাঁড়িয়ে ভাবছিলাম, ওয়াও অ্যান্ডি, তোমার ভেতরে হঠাৎ কী ভূত ভর করল? আর তার সংখ্যার সাথে তো কেউ তর্ক করতে পারবে না। আমাদের রেস্ট রুমের দেওয়ালে সবার চোখের সামনে তা ঝুলছে, আমাদের সবার সংখ্যাকে ছাপিয়ে উঁচুতে বসে আছে। যদিও অক্টোবরের পর থেকে অ্যান্ডি আর কখনো সেই সংখ্যা ছুঁতে পারেনি, তবে ১) এজন্য কেউ তাকে দোষ দেয় না, ওটা একটা অলৌকিক সংখ্যা ছিল, এবং ২) আমি বিশ্বাস করি, অ্যান্ডি যদি জীবনে আর কোনোদিনও সেই সংখ্যার পুনরাবৃত্তি করতে না-ও পারে, তবুও তার হৃদয়ের কোথাও না কোথাও স্মরণীয় সেই অক্টোবরে নিজের ভেতর থেকে উপচে পড়া সেই দুর্দান্ত শক্তির স্মৃতি সে গোপনে আগলে রাখবে। আমি সত্যি সত্যি বিশ্বাস করি যে, অ্যান্ডি যদি নিজেকে লুতুপুতু আদরে রাখত বা কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগত বা নিজেকে নিয়ে সংশয় প্রকাশ করত, তবে তার পক্ষে আমাদেরকে এমন একটি অক্টোবর উপহার দেওয়া সম্ভব হতো না। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না। অ্যান্ডিকে পুরো মগ্ন দেখাচ্ছিল, একেবারে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে এসেছিল সে, তার মুখ দেখলেই তা বোঝা যাচ্ছিল—হয়তো নতুন বাচ্চার আগমনের কারণে? (যদি তা-ই হয়, তবে জ্যানিসের তো প্রতি সপ্তাহেই একটা করে নতুন বাচ্চা পয়দা করা উচিত, হা হা।)
যাই হোক, অক্টোবরের সেই কাণ্ডের পর থেকেই অ্যান্ডি অন্তত আমার বিচারে একপ্রকার অলিখিত হল অফ ফেমে ঢুকে গেছে, আর তাই এরপর থেকে অন্তত আমার পক্ষ থেকে তার কাজের পরিমাণ নিয়ে কোনো সূক্ষ্ম নজরদারি চালানো আমি বাদ দিয়ে দিয়েছি। সে যতই বিষণ্ণ আর একঘরে হয়ে যাক না কেন (আর আমার মনে হয় আমরা সবাই খেয়াল করেছি যে অক্টোবরের পর থেকে সে বেশ বিষণ্ণ হয়ে গুটিয়ে গেছে), আপনি আমাকে তার সংখ্যার ওপর কড়া নজর রাখতে দেখবেন না। যদিও অন্যদের ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারছি না। অন্যরা কেউ কেউ হয়তো অ্যান্ডির পারফরম্যান্সের এই উদ্বেগজনক পতন নজরদারিতে রাখতেই পারে—যদিও আমি মনেপ্রাণে আশা করি কেউ তা না করুক, কারণ সেটা আসলে ঠিক হবে না। আর বিশ্বাস করুন, আমি যদি এমন কিছু টের পাই, তবে অবশ্যই অ্যান্ডিকে জানাব, আর অ্যান্ডি যদি এতটাই হতাশাগ্রস্ত হয়ে থাকে যে আমার কথাও তার কানে ঢুকছে না, তবে আমি বাড়িতে জ্যানিসকে ফোন করব।
আর অ্যান্ডি কেন এত বিষণ্ণ হয়ে আছে তা নিয়ে যদি কিছু বলতে হয়, আমার ধারণা, সে মানসিক সংশয়ে ভুগছে, আর অক্টোবরে নিজের কাজগুলো নিয়ে অযথা দ্বিধায় ভুগছে—আর ভাবুন তো, অ্যান্ডির মতো একজন মানুষ যিনি ওই রেকর্ড ভাঙা অক্টোবর পার করলেন, তিনি এখন বসে বসে ঘ্যানঘ্যান করে কাঁদছেন, সেটা কী দারুণ আফসোসের আর পুরোপুরি বেহুদা একটা বিষয় হবে না? এই ক্যানক্যান করে কেঁদে কি কিছু বদলাচ্ছে? ৬ নম্বর ঘরে আমি তাকে যে কাজগুলো দিয়েছিলাম, তার সেই কাজগুলো কি এই কাঁদুনি গেয়ে মুছে ফেলা যাচ্ছে? বিশ্রামাগারের দেওয়ালে থাকা তার সংখ্যাগুলো কি অলৌকিকভাবে নিচের দিকে নেমে যাচ্ছে? ৬ নম্বর ঘর থেকে মানুষজন কি হঠাৎ একদম সুস্থ-স্বাভাবিকভাবে বেরিয়ে আসছে? আমরা সবাই খুব ভালো করেই জানি যে তা হচ্ছে না। ৬ নম্বর ঘর থেকে কেউই স্বাভাবিকভাবে বের হয় না। এমনকি আপনারা—৬ নম্বর ঘরের জরুরি কাজগুলো সামলান—আপনারাও সেখান থেকে খুব ফুরফুরে মেজাজে বেরিয়ে আসেন না, আমি তা জানি। ৬ নম্বর ঘরে এমন কিছু কাজ আমিও করেছি যা করার পর নিজের ভেতরে খুব একটা ফুরফুরে ভাব ছিল না। বিশ্বাস করুন, ঘর নম্বর ৬ যে সমস্ত আনন্দের বারোটা বাজানোর একটা বিদঘুটে জায়গা, তা কেউ অস্বীকার করার চেষ্টা করছে না। আমরা যে কাজটা করি তা অত্যন্ত কঠিন।
কিন্তু আমাদের ওপরের লোকজন, যারা আমাদের এসব কাজ দেন, তাদের মনে হয় ধারণা যে ৬ নম্বর ঘরের কাজটা কঠিন হওয়ার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে—আর আমার ধারণা সেই কারণেই হয়তো তারা আমাদের কাজের দিকে এত নজর রাখতে শুরু করেছেন। আর আমার কথা মিলিয়ে নেবেন, আপনারা যদি চান ৬ নম্বর ঘরটা এখন যতটুকু বিদঘুটে তার চেয়েও বেশি নরককুণ্ড হোক, তবে কাজ শুরুর আগে, পরে আর কাজের সময় মন খারাপ করে পচে মরুন। তাহলে কাজটা সত্যিই আরো অসহ্য হয়ে উঠবে। তাছাড়া এই মন খারাপের চক্করে পড়ে আপনাদের পারফরম্যান্স আরও নিচে নেমে যাবে। আর আন্দাজ করুন তো তাহলে কী হবে। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। সেকশনাল মিটিংয়ে আমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, আমাদের পারফরম্যান্স আর একবিন্দুও নিচে নামতে পারবে না। আমি বলেছিলাম (আর বিশ্বাস করুন, সেকশনাল মিটিংটা যা উত্তপ্ত হয়ে ছিল, তাতে এই কথাটা বলতে কলিজা লেগেছে): দেখুন, আমার লোকজন হাঁপিয়ে উঠেছে, শারীরিক ও মানসিকভাবে আমরা যে কাজটা করি তা অত্যন্ত কঠিন। আর ঠিক সেই মুহূর্তে, সেকশনাল মিটিংয়ে, বিশ্বাস করুন, ঘরের নীরবতা কানফাটা রূপ নিয়েছিল। আর কানফাটা বলতে কানফাটাই। যেসব নজর আমার ওপর পড়ছিল, তা মোটেও সুবিধার ছিল না। হিউ ব্ল্যানচার্ট নিজে আমাকে অত্যন্ত কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে, আমাদের সংখ্যা আর নিচে নামতে পারে না। আর আমাকে বলা হয়েছে আপনাদের মনে করিয়ে দিতে—আমাদের সবাইকে, আমাকেসহ সবাইকে মনে করিয়ে দিতে—যে আমরা যদি আমাদের অর্পিত "তাক" পরিষ্কার করতে ব্যর্থ হই, তবে কেবল যে সেই "তাক" পরিষ্কার করার জন্য অন্য কাউকে উড়িয়ে আনা হবে তা-ই নয়, বরং আমরা নিজেরাই নিজেদের সেই "তাকের" জায়গায় দেখতে পাব, নিজেরাই সেই "তাক" হয়ে যাব—আর অন্য কেউ ফুরফুরে মনোভাবে আমাদের সাফ করে দেবে। আর সেই সময়ে দাঁড়িয়ে আপনারা কতটা অনুতপ্ত হবেন তা আমি অনুমান করতে পারি, সেই আফসোস আপনাদের চেহারায় স্পষ্ট ফুটে উঠবে, যেরকম আফসোস আমরা মাঝে মাঝে ৬ নম্বর ঘরের "তাক"গুলো পরিষ্কার করার সময় সেই "তাকগুলোর" মুখে দেখতে পাই। তাই আমি সরাসরি বুক চিতিয়ে আপনাদের বলছি, নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করুন যেন নিজেরাই "তাক" না হয়ে যান—যে তাককে আপনাদেরই প্রাক্তন সহকর্মীরা পেছনে না ফিরে, ফুরফুরে মনোভাবে ৬ নম্বর ঘরে ধুয়েমুছে সাফ করতে বাধ্য হবে।
সেকশনাল মিটিংয়ে এই পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর এখন আমি তা আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করছি।
যাই হোক, আমি তো অনেক বকবক করলাম। কিন্তু যাদের মনে সংশয় রয়েছে—আমরা যা করি তা নিয়ে যাদের মনে দ্বিধাদ্বন্দ্ব আছে—তারা দয়া করে আমার অফিসে চলে আসবেন। আমার ছেলেরা আর আমি আমাদের অফুরন্ত ইতিবাচক মনোভাব দিয়ে সেই অবিশ্বাস্য তিমিটাকে কীভাবে তুলেছিলাম, তার ছবি আপনাদের দেখাব। আর অবশ্যই এই তথ্যটা, অর্থাৎ আপনাদের মনে সংশয় জাগছে এবং আপনারা আমার অফিসে আমার সাথে দেখা করতে এসেছেন—এই খবর আমার অফিসের চৌকাঠ পেরিয়ে বাইরে যাবে না; যদিও আমি জানি যে আপনাদের কাউকে এ কথা মুখ ফুটে না বললেও চলে, কারণ আপনারা আমাকে বহু বছর ধরে চেনেন।
সবকিছু ঠিক হয়ে যাবে, সবই ভালো হবে, ইত্যাদি ইত্যাদি--
টড বার্নি
০৬/০৪/০০০০