মঈনুস সুলতানের ভ্রমণকাহিনী মরক্কোর দুর্গম এক পর্বতের পথে-প্রান্তরে
অল্পের জন্য আমরা পর্বত থেকে গড়িয়ে পড়তে গিয়ে ব্রেকের কল্যাণে বেঁচে গেছি। আবদেনবি ফের স্টার্ট দিতে গেলে আলদ্রিদ্রি তাকে থামিয়ে দিয়ে সকলকে গাড়ি থেকে নামতে অনুরোধ করেন। হাই আটলাসের বৃক্ষলতাহীন পরিসরে দাঁড়িয়ে আমরা মরু-পাহাড় কেটে তৈরি বিপজ্জক সড়কটির দিকে তাকাই। জায়গাটি নির্জন, তবে রাজপথের বাঁকে একটি বাসকে ফার্স্ট গিয়ারে গর্জন সামলিয়ে আগ বাড়তে দেখি। ঠাণ্ডা মাথায় আলদ্রিদ্রি ড্রাইভার আবদেনবিকে, পিচঢালা সড়ক থেকে নুড়িকাঁকড়ময় জমিতে নেমে যাওয়া সামনের চাকাটি ফের সড়কে তুলতে সাহায্য করেন। তারপর হাত বাড়িয়ে তার পকেট থেকে দু-দুটি সেলফোন তুলে নিয়ে, তা টার্নড্ অফ করে নিজের ব্যাকপ্যাকে রাখেন। অবদেনবি প্রতিবাদ করে, জবাবে তিনি তাকে আরবি ভাষায় কড়াভাবে এমন কিছু বলেন যে, তরুণটি আর চু-চেরা না করে চুটপাট ফের গাড়ি স্টার্ট করে।