১.
‘কবর’ কবিতাটি দাঁড়িয়েছে এক নিপুণ গল্পকথকের কুশলতায় ভর করে। গল্প বলার ভঙ্গিতে বেশ কতকটা মুনশিয়ানা আছে। এর সর্বোত্তমটি বোধ হয় এই যে, বয়ানটা সংলাপধর্মী। যদি সামনে থাকা নাতি কথাবার্তা চালিয়ে যেত, তাহলে কথা-চালাচালিটা আবেগের দিক থেকে এত জমে উঠত না। একের পর এক বেদনাঘন স্মৃতির ভার বইতে বইতে যে অন্তিম হাহাকার বৃদ্ধের কণ্ঠে আসর জমিয়েছে, তার স্তরীভূত হওয়ার পথে বাধা তৈরি হতো। কিন্তু সংলাপময়তার বদলে যদি টানা কথকতার ডালি সাজিয়ে বৃদ্ধ পাঠক-শ্রোতাকে বশীভূত করতে চাইত, তাহলে প্রায় সমলয়ের কথকতা ক্লান্তিকর হয়ে উঠতে পারত। দুইয়ের এক কুশলী সমঝোতা করেছেন কবি। নাতিকে সম্বোধন তো করেছেনই, এমনকি সংলাপের অঙ্গীভূতও করেছেন — সে এতটাই যে, অনুপস্থিত নাতিটিকে তার প্রত্যেক প্রতিক্রিয়াসহ প্রায় চোখের সামনে দেখা যায়। নাতিকে পুরোপুরি সক্রিয় দেখা গেছে একবার। দাদা-দাদির যৌবনকালের খুনসুটির বর্ণনায় সে হেসে ফেলেছে, সম্ভবত উপহারের তুচ্ছতার কথা ভেবে। সে হাসিটাও আমরা শুনেছি কথক দাদুর মুখেই। আর দু-একবার নাতির কান্না বা বেদনার আভাস পাওয়া গেছে। কিন্তু আশ্চর্য কৌশলে কবি নাতিটিকে প্রায় দাদার মতোই সক্রিয় রেখেছেন। এই যে পরম নিষ্ক্রিয়তার মধ্যে অসাধারণ সক্রিয়তার বোধ তৈরি করা, এবং তার মধ্য দিয়ে এ দীর্ঘ কথকতায় নাতির অংশীদারি প্রতিষ্ঠা করা, এটাই গল্পকথক হিসাবে কবির সবচেয়ে বড় সাফল্য।
পাঠক-প্রান্ত থেকে এ কৌশলের সবচেয়ে বড় প্রাপ্তি এক বিরামহীন নাটকীয়তার সঞ্চার। এ নাটকীয়তা কেবল সংলাপমুখরতা নয়, বরং তার চেয়ে বেশি কিছু। মাধ্যম হিসাবে নাটকের বড় শক্তি চোখের সামনে কোনো ঘটনাপরম্পরা এমন ভঙ্গিতে উপস্থাপন করতে পারা, যেখানে বর্ণনাজনিত পরোক্ষতা বা স্থান-কালের দূরত্বের কারণে ঘটনার প্রত্যক্ষতা নষ্ট হয় না। চোখের সামনে ঘটনাটা ঘটছে — এ বাস্তবতা উপভোগ্যতার যে তীব্রতা তৈরি করে, অন্য কোনো কৌশলে তা করে ওঠা আয়াসাধ্য: নাটকে ঘটনা, কাল ও স্থানের ঐক্য এ কারণেই এত জরুরি হয়ে ওঠে। ‘কবর’ কবিতায় আমরা স্থানের ঐক্যটা পেয়েছি কবরগাহের সূত্রে। আর বহুকালের বিরামে ঘটা ঘটনাগুলো একটা নির্দিষ্ট মুহূর্তে বর্ণিত হওয়ায় তৈরি হয়েছে কালের ঐক্য। ঘটনার ঐক্যটা এসেছে সম্পর্কসূত্রে — যে বিষয়ে আমরা পরে বিস্তারিত আলাপ করব। তার আগে আরেকবার বলে নেয়া যাক, নাতির সংলাপময় উপস্থিতির কারণেই আসলে পুরো আয়োজনটি সম্ভবপর হয়েছে।
কথক ও পাঠকের মধ্যবর্তী এ নিষ্ক্রিয় কিন্তু পরম সক্রিয় চরিত্রটির গুরুত্ব উপলব্ধির জন্য আমরা এখন মধ্যযুগের লোকগাথা কিংবা কাহিনিকাব্যের উল্লেখ করব। এ কথা বহুবার বলা হয়েছে, জসীমউদ্দীন মূলত পুরনো কাহিনিকাব্যের ধাঁচেই তাঁর কাব্যধারার প্রধান প্রাসাদটি গড়েছেন। দীর্ঘায়তন কাহিনিকাব্যে তো বটেই, এমনকি ‘কবরে’র মতো তুলনামূলক স্বল্পায়তন কবিতায়ও কাহিনি-বর্ণনার শক্তিই তার প্রধান অবলম্বন। নাট্যগুণ পুরনো কাহিনিকাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এ নাট্যগুণের প্রধান দিক উপস্থাপনময়তা। দর্শকের সামনে কথক বা কোনো সুবিধাজনক চরিত্র ঘটনাগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করে থাকে, যেখানে বিবরণের ফাঁকে ফাঁকে কখনো কখনো প্রত্যক্ষ ঘটনাও ঘটে। বাংলাদেশে পুরনো কাহিনিকাব্যের অনুসরণে যে বর্ণনামূলক নাট্যচর্চার বিকাশ ঘটেছে, সেখানেও আমরা বিবরণ এবং ঘটনার প্রত্যক্ষ উপস্থাপনের যৌথতা দেখতে পাই। এই দেশজ নাট্যকৌশলের একটা গুরুতর দিক দর্শক-শ্রোতার সাথে অন্তরঙ্গতা তৈরি হওয়া — কেবল সামনে উপস্থিত সমাগমকে সম্বোধন করার মধ্য দিয়ে তা ঘটে না, বরং ঘটনার আবেগ, বিস্ময় বা অভাবনীয় সব সংঘটনের সাথেও দর্শক-শ্রোতার একটা সম্পর্ক গড়ে ওঠে।
কাহিনিকাব্যের এ নন্দনতাত্ত্বিক সৌন্দর্য বিবেচনায় আনলে ‘কবর’ কবিতার অন্যতর মাত্রা খুব সহজেই উপলব্ধি করা যাবে। কাহিনিটি যেহেতু বর্ণিত হচ্ছে, কাজেই ভোক্তার দিক থেকে কবিতাটি পাঠের তুলনায় শোনার মাত্রাটাই বড় হয়ে উঠছে। এমনকি যখন পঠিত হচ্ছে, তখনো। কিন্তু অন্তত প্রত্যক্ষত এখানে ভোক্তাকে সম্বোধন করে বর্ণনাটা করা হচ্ছে না — বরং দাদুর কথকতা সমর্পিত হচ্ছে নাতির উদ্দেশে। দর্শক-শ্রোতাকে সম্বোধন করলে এর বাহ্যিক বর্ণনাভঙ্গি ও অভ্যন্তরীণ সংগঠনে আমূল পরিবর্তন আসত। নাতিকে সম্বোধন করার মধ্য দিয়ে পুরো কবিতায় দর্শক-শ্রোতা-নিরপেক্ষ একটা নাট্যভঙ্গি প্রবল হয়েছে। দর্শকের পক্ষ থেকে দূরত্বে অবস্থান করেই জীবননাট্য উপভোগ করার চমৎকারিত্ব তৈরি হয়েছে। ঘটনাধারার নির্ভেজাল বর্ণনামূলকতার মধ্যে উপস্থাপনভঙ্গির এ নাটকীয়তা ‘কবর’ কবিতার সামগ্রিক উপভোগ্যতায় কত বড় ভূমিকা রেখেছে, তা পুরনো লোকগাথা বা কাহিনিকাব্যের সাথে তুলনা করলেই সম্যকভাবে উপলব্ধি করা যাবে।
তবে নিঃসন্দেহে এ বৈশিষ্ট্য ‘কবর’ কবিতাকে দ্বন্দ্বমূলক ও ক্রিয়ামূলক নাট্যগুণে উন্নীত করেনি। এ কবিতার পূর্বোক্ত নাট্যগুণ একটা কাঠামোমাত্র — নিঃসন্দেহে খুবই কার্যকর, কিন্তু প্রধানত কাঠামো। কাঠামোটা অভ্যন্তরীণ উপাদানরাশিকে গভীরভাবে প্রভাবিত করেছে বটে, কিন্তু যেসব উপাদানের অমিত সমবায়ে ‘কবর’ কবিতার চূড়ান্ত উপভোগ্যতা তৈরি হয়েছে, তার বড় অংশকেই এ কাঠামো দিয়ে নিঃশেষে ব্যাখ্যা করা যাবে না। তার জন্য অন্য দৃষ্টিভঙ্গির শরণ নিতে হবে, এ লেখায় আমরা সেরকম একটা দৃষ্টিভঙ্গির নাম দিয়েছি সম্পর্কশাস্ত্র।

২.
‘কবর’ কবিতার প্রাথমিক সম্পর্কটি বিশুদ্ধ পারিবারিক। এক্ষেত্রে খোদ সম্পর্কটি আবিষ্কৃত নয়, বরং যথাপ্রাপ্ত। শিল্প-সাহিত্যে সম্পর্ক গড়া, আবিষ্কার করা, এবং আবিষ্কৃত-গঠিত সম্পর্কের পরীক্ষা-নিরীক্ষা এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ‘কবর’ কবিতায় আমরা সে অভিজ্ঞতা পাই না। কাজেই এখানে কবিকে বিশেষ কৃতিত্ব দেয়ার ব্যাপার নাই। এমনকি যথাপ্রাপ্ত সম্পর্ককে বিশেষভাবে চিহ্নিত করার যে অসংখ্য ঘটনা আমরা শৈল্পিক অভিজ্ঞতায় নিত্য দেখতে পাই, যেরকমটি আছে ধরা যাক জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ ইত্যাদি রচনায়, ‘কবর’ কবিতায় তাও নাই। এখানে পারিবারিক বা আত্মীয়তার বা রক্তের সম্পর্কগুলোকে স্বাভাবিক বলে ধরে নেয়া হয়েছে। জোর দেয়া হয়েছে সম্পর্কের স্বাভাবিকতায়, যেন কেবল অংশগ্রহণকারী দুই চরিত্র নয়, দর্শক-শ্রোতাও একই যুক্তিতে অংশ নিতে পারে বেদনার ওই মহাযাত্রায়। সেক্ষেত্রে শৈল্পিক অভিজ্ঞতা হিসাবে আমাদের বরং দেখার বিষয়, প্রাপ্ত সম্পর্কগুলোকে কবি কতটা নৈপুণ্যের সাথে ব্যবহার করতে পেরেছেন।
প্রথমেই বলতে হয়, দাদা-নাতির দ্বৈরথ নির্মাণ এক কুশলী নির্বাচন। দাদা বর্ণনা করেছে তার নিজের জীবনের অভিজ্ঞতা। সেখানে বেদনার ভারই প্রধান; তবে আনন্দ-আয়োজনসহ জীবনের অন্য দিকগুলোর উপস্থিতিও কম নয়। কম-বয়সী নাতির জন্য সেটা জীবনাভিজ্ঞতাই বটে — যে অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চিত-সঞ্চারিত হতে থাকে। যে বলছে এবং যাকে বলছে — দু-পক্ষের জন্য ঘটনাগুলো যদি জ্ঞাত-অভিজ্ঞতা হতো, তাহলে আমাদের পূর্ব-কথিত নাট্যগুণে টান পড়ত। তাহলে কেবল দর্শক-শ্রোতার জন্যই বর্ণিত হতো ঘটনাগুলো। দাদা-নাতির পারস্পরিক বিনিময় কেবল আলঙ্কারিক আয়োজনেই পর্যবসিত হতো। ‘কবর’ কবিতায় মোটেই সেরকমটা ঘটেনি। নাতি পুরো ব্যাপারটাতে না-ওয়াকিফ থাকায় কথাগুলোর লক্ষ্য বা উদ্দিষ্ট হিসাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্য কেউ শুনছে বা শুনবে — এরকম প্রয়োজনের তোয়াক্কা না করেই নাতিকে কথাগুলো বলা গেছে। বয়সের ব্যবধানটা এ কারণেই জরুরি ছিল।
অন্যদিকে আবার যে অভিজ্ঞতা নাতির নেই, সে অভিজ্ঞতায় পর্যাপ্ত পরিমাণে মনোযোগ দেয়া তার পক্ষে সম্ভবই হতো না, যদি পারিবারিক সম্পর্কের নিশ্চিত কাঠামোর মধ্যে গল্পগুলো স্থাপিত না হতো। নাতি দাদিকে সম্ভবত দেখেনি। মা-বাবাকে হয়তো দেখেছে; কিন্তু এমন বয়সে দেখেছে, যে বয়সের স্মৃতি কার্যকর থাকে না। অভিজ্ঞতা ও স্মৃতির ভিতর না থাকলেও গল্পগুলোতে একাত্ম হতে নাতির কোনো সমস্যাই হচ্ছে না, কারণ এরা প্রত্যেকেই তার আপনজন। সামাজিক ভাষার যে অভিজ্ঞতার মধ্য দিয়ে নাতি একটা বয়স পর্যন্ত পৌঁছেছে, তার বরাতেই সে মা-বাবা, দাদি, ফুফু ইত্যাদি সম্পর্কের ঘনিষ্ঠতা এবং অন্তরঙ্গতা সম্পর্কে জানে। কাজেই ‘তোর দাদি’, ‘তোর ফুফু’, ‘তোর বাবা-মা’ ইত্যাদি উচ্চারণের সাথে সাথেই নিজের অভিজ্ঞতার অতীত অথচ সম্পর্কের বিচারে অন্তরঙ্গ মৃত মানুষগুলোর সাথে তার গভীর সম্পর্কের বোধ তৈরি হওয়া স্বাভাবিক। যে নিষ্ক্রিয় সক্রিয়তার কথা আমরা আগে বলেছি, তার উৎস এই প্রাপ্ত সম্পর্কসূত্র।
‘কবর’ কবিতার সাথে দর্শক-শ্রোতার, বলা ভালো, পাঠকরূপী দর্শক-শ্রোতার, অব্যবহিত সম্পর্ক তৈরি হওয়ার মূল উৎসও এই সম্পর্কজাল। আগেই বলেছি, এ কবিতার মানব-সম্পর্ক আবিষ্কৃত বা গঠিত সম্পর্ক নয়। সে ধরনের শৈল্পিক অভিজ্ঞতায় নির্মাতার পক্ষ থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে ভোক্তার সাথে সম্পর্ক তৈরি করতে হয়, যাতে করে মানসিক সম্পৃক্ততার পরিণতিতে ভোক্তা আবেগগত অভিমুখের সাথে একাত্ম হতে পারে। ‘কবর’ কবিতার নির্মাণ সে ধাঁচের নয়। নিঃসন্দেহে এখানেও একাত্মতার বহুবিচিত্র ও কার্যকর আয়োজন আছে। তার মধ্যে প্রথম ও প্রধানটি প্রাপ্ত পারিবারিক সম্পর্ক। যে ভাষা-কাঠামোর বরাতে নাতি তার অভিজ্ঞতা-পূর্ব ঘটনাগুলোর সাথে একাত্ম হতে পারে, ঠিক একই ভাষা-কাঠামোর মধ্যে ভোক্তাও অবস্থান করছে। মা-বাবা-ফুফু-দাদি তার ভাষা-কাঠামোয়, অন্তত কবির আকাঙ্ক্ষা মোতাবেক, ঠিক সেভাবেই আছে, যেভাবে আছে নাতির। সে কারণেই দর্শক-শ্রোতার পক্ষে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এ রসাবেশের সাথে একাত্ম হওয়া সম্ভবপর হয়।
‘কবর’ কবিতার সম্পর্কজাল এতটাই পারিবারিক যে, এখানে এমনকি বন্ধুত্বের অবয়বেও কেউ এসে হাজির হয়নি। দাদার বউ-প্রীতি নিয়ে ঠাট্টা করার জন্য আমরা পাচ্ছি ‘ভাবিসাব’কে। এখানে ভাবি বিশেষ কোনো ব্যক্তি নয়, বরং একটি সম্পর্ক, যে সম্পর্ক নিজগুণেই ঠাট্টা-সম্পর্কীয়। পারিবারিক চৌহদ্দির বাইরে এ কবিতায় ব্যক্তি নাই। আছে হাটের কথা, হাট-ফেরতা মানুষের উল্লেখ। কিন্তু তাদের কেউ আলাদা করে চিহ্নিত হয়নি। চিহ্নিত হয়েছে তারাই যাদেরকে বলতে পারি আপনজন — রক্ত-সম্পর্কের মানুষেরা, কিংবা এমন মানুষ, যারা রক্ত-সম্পর্ক তৈরি করতে পারে। আমরা মনে করতে পারি, মেয়ের শ্বশুরবাড়ি বিষয়ে বৃদ্ধের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। সম্পর্কশাস্ত্রের দিক থেকে ‘কবর’ কবিতার এ অভিজ্ঞতা খুব প্রশংসনীয় নয়। কারণ, তাতে এমনকি গ্রামীণ পরিসরের যাপনগত বৈচিত্র্যের আস্বাদনও পাওয়া যায়নি। কিন্তু আগেই বলেছি, এ পারিবারিক সম্পর্ক কবি কিভাবে ব্যবহার ও ভোগ করেছেন, তা বিশেষভাবে দেখার বিষয়। সেদিক বিচার করলে আমরা দেখব, মৃত্যু-কবলিত এ কাব্যকাহিনিতে মৃত্যুকে বেদনার উৎস হিসাবে মহিমান্বিত করার প্রধান উপায় হিসাবে কবি পারিবারিক তথা প্রাপ্ত-সম্পর্কের উপরই নির্ভর করেছেন।
‘কবর’ কবিতার মৃত্যুগুলোর ট্র্যাজিক মহিমা নেই, আছে বিয়োগাত্মক ভূমিকা। ট্র্যাজিক রসের জোগানের জন্য বৃহৎ ও মহতের আয়োজন দরকার হয়। এ কবিতার ভিত্তি ও লক্ষ্য একেবারেই বিপরীত। অন্যদিকে বেদনার উৎস হিসাবে এখানে মানুষের আর দশ অভিজ্ঞতা নয়, গৃহীত হয়েছে একটি উপাদান — মৃত্যু। প্রশ্ন হলো, মৃত্যুর এ বেদনা সম্পর্কসূত্রে যেভাবে দাদা ও নাতিকে স্পর্শ করবে, সেভাবে দর্শক-শ্রোতাকে ছুঁয়ে যাবে কি? ‘কবর’ কবিতার আয়োজন এত নিপুণ আর এতটাই অন্তরঙ্গ যে, ভোক্তার তরফে একাত্ম না হয়ে উপায় থাকে না। কিন্তু বিবেচনাটা যদি হয় স্বয়ং মৃত্যু, তাহলে বলতে হয়, সব মৃত্যু আমাদের সমানভাবে ছুঁয়ে যায় না। একাত্মতার জন্য কোনো-না-কোনো উপলক্ষ দরকার হয়। ‘কবর’ কবিতা বেছে নিয়েছে তুলনামূলক সামান্য উপলক্ষ — রক্তের ও আত্মীয়তার বন্ধন। এ বন্ধন প্রায় সর্বজনীন। ফলে কবিতাটির অন্য অনেক উপাদানের পাশাপাশি প্রিয়জনের মৃত্যুও পাঠককে প্রবলভাবে বেদনাহত করে। বলা যায়, বেদনার যে ঘোরতর আয়োজন ‘কবর’ কবিতার প্রধান অভিব্যক্তি, তা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে পারিবারিক সম্পর্কের উপর।

৩.
পারিবারিক সম্পর্কের তুলনামূলক সংকীর্ণ পরিসর ‘কবর’ কবিতার সম্পর্কশাস্ত্রকে যে মোটেই অপর্যাপ্ত করে তোলেনি, তার প্রধান কারণ যাপিত জীবনের বৃহত্তর পটভূমির সাথে একাত্ম করেই মানুষগুলোকে উপস্থাপন করা হয়েছে। মানুষ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট অবকাঠামোর মধ্যে জীবনযাপন করে। এর মধ্যেই চলে তার জীবন ও জীবিকা। এসবের পারস্পরিক জৈব-সম্পর্কের ভিতর থেকে উত্থিত হয় ওইসব উপাদান যেগুলোকে একত্রে আমরা বলি সংস্কৃতি। মানুষের পারস্পরিক সম্পর্ক আর আবেগ-অনুভূতির বিচিত্র ভাষা সে সংস্কৃতিরই প্রকাশ। এমন নয় যে, ‘কবর’ কবিতায় মানুষের জীবন ও অনুভূতির বিভিন্ন তলের পাশাপাশি পারিপার্শ্বিক বাস্তবতা এবং প্রকৃতি-পরিবেশের সংস্থান ঘটেছে। বরং বলা উচিত, যাপিত জীবন আর অনুভূতি উঠে এসেছে পারিপার্শ্বিক বাস্তবতা এবং পরিবেশ-পরিস্থিতির ভিতর থেকে। জসীমউদ্দীনের কবিত্বের সম্ভবত সবচেয়ে বড় অভিজ্ঞান এ জৈব-সমগ্রতার বোধ। এ বোধই তাঁকে সমধর্মী অন্য অনেক কবির তুলনায় বিশিষ্ট করেছে — সম্ভবপর করেছে বড় কবির জয়মাল্য। ‘কবর’ কবিতায় আমরা জসীমউদ্দীনের প্রসারিত ও গভীর সম্পর্কশাস্ত্রের নিপুণ প্রদর্শনী দেখতে পাই।
আত্মঘাতী হওয়ার আগ মুহূর্তে স্বামীহারা পুত্রবধুর বিকল চিত্তের পরিচয় কবি বৃদ্ধের জবানিতে এভাবে দিয়েছেন:

তোমার বাপের লাঙল-জোয়াল দুহাতে জড়ায়ে ধরি,
তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিনমান ভরি।
গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেতো ঝরে,
ফাল্গুনী হাওয়া কাঁদিয়া উঠিত শুনো-মাঠখানি ভরে।
পথ দিয়ে যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ,
চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।
আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি,
হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি।
গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা,
চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গাঁ।

শোক উদযাপনের জন্য হয়ত প্রকাশরূপের খুব একটা দরকার হয় না, কিন্তু শোকের প্রকাশকে যদি উপস্থাপন করতে হয়, কিংবা অন্যের কাছে বিবরণী বা ছবি আকারে পেশ করতে হয়, তার জন্য দরকার হয় ভাষিক বিশিষ্টতা। এখানে কবির দরকার ছিল শোকের তীব্রতা, যার অবশ্যম্ভাবী পরিণামে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেবে। তার প্রকাশ প্রথমে ঘটেছে স্বামীর গুরুত্বপূর্ণ চিহ্ন লাঙল-জোয়াল অবলম্বনে। লাঙল-জোয়ালের উপস্থিতি কেবল কান্নার তুলনামূলক বিমূর্ততাকে একটা দৃষ্টিগ্রাহ্য আকার দেয়নি, গ্রামীণ কৃষি-পরিবারের স্বাভাবিকতা ও অনিবার্যতাকেও সামনে এনেছে। উদ্ধৃতির শেষাংশে এসেছে আথালের বলদের প্রসঙ্গ। প্রাণ আছে বলে বলদ নিজেই শোকাতুর হয়েছে। সে শোক তার মালিকের সাথে নিগূঢ় সম্পর্কের পরিচায়ক। সম্পর্কটি হয়েছে আবার পেশাজীবনের সূত্রে। মাঠপানে চেয়ে বলদের হাম্বা ডাক এবং অশ্রু-বিসর্জন যাপনসূত্রে উপার্জিত সম্পর্কের পরিচয় দেয়।

একই সাথে এ শোক প্রসারিত হয়েছে প্রকৃতির সীমানায়। ‘শোকে গাছের পাতা ঝরে’ — অতি-প্রচলিত এ বাগবিধি ব্যবহার করে কবি জনজীবনে প্রাকৃতিকতার আবহ তৈরি করেছেন। স্বামীহারা নারীর বিয়োগাত্মক কাহিনিজনিত আবেগ পথ-চলতি মানুষজনকে স্পর্শ করে যাওয়া অস্বাভাবিক নয়। আমাদের জন্য আরও জরুরি তথ্য হলো, এর প্রকাশভঙ্গিতেও কবি আশ্রয় নিয়েছেন প্রাকৃতিক উপাদানের। পথে পড়ে থাকা শুকনো পাতা পায়ের নিচে পড়ে যে শব্দ করে, কবি তাকে বর্ণনা করেছেন ‘গাছের পাতার শোক’ হিসাবে। কোনো সন্দেহ নাই, কবি শোকের এক প্রসারিত মানচিত্র প্রণয়ন করতে চেয়েছেন, যা শোকের গভীরতা ও বিস্তারকে চিহ্নিত করবে। কিন্তু প্রকাশের জন্য তিনি যেসব উপকরণ আর সম্পর্ক বাছাই করেছেন, তার মধ্যে গ্রামীণ জীবনের এক সামগ্রিকতার বোধ ক্রিয়াশীল ছিল — অন্তত উপকরণগুলো যেভাবে মানুষের সাথে জৈব-সম্পর্কে যুক্ত, তা যথাসম্ভব ‘স্বাভাবিকতা’ বজায় রেখে ব্যবহার করার চেষ্টা ও সাফল্য ছিল।
এখানে উপকরণগুলোর সংস্থান ও তাদের কাব্যিক রূপান্তরের প্রসঙ্গ স্বভাবতই গুরুতর হয়ে ওঠে। ‘কবর’ কবিতায় নান্দনিকতা-সম্পর্কিত এ দিকটা মোটের উপর কিভাবে সম্পাদিত হয়েছে তা দেখা যেতে পারে। একটি উদাহরণ দিয়ে আলোচনাটা এগিয়ে নেয়া যাক:

জোড়মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরুচ্ছায়,
গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়।
জোনাকি মেয়েরা সারারাত জাগি জ্বালাইয়া দেয় আলো,
ঝিঁঝিরা বাজায় ঘুমের নূপুর কত যেন বেসে ভালো।

বৃদ্ধের ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পরে কবরগাহের পরিচয় দিতে গিয়ে কথাগুলো লেখা হয়েছে। উপকরণগত দিক থেকে এখানকার বর্ণনা অত্যন্ত বাস্তবসম্মত। গাছের ছায়া গ্রামীণ কবরগাহে থাকা খুবই স্বাভাবিক। আসলে বলা দরকার, কবরগাহে আবশ্যিকভাবে গাছ লাগানো হয়। জোনাকির বিচরণ এবং ঝিঁঝির ডাকও এ ধরনের জায়গায় সাধারণভাবে বিদ্যমান থাকে। প্রশ্ন হলো, প্রাপ্ত এ উপকরণগুলোকে কবি কিভাবে ব্যবহার করেছেন। প্রশ্নটি প্রধানত কাব্যভাষার। সেদিকে আমরা পরে আংশিকভাবে আলোকপাত করব। বর্তমান প্রসঙ্গে বলা যাক, কবি সম্পর্কটা তৈরি করেছেন গ্রামীণ যাপিতজীবনের আকাঙ্ক্ষা অনুসরণ করে। উপকরণগুলোকে তিনি সেভাবেই সাজিয়েছেন। লোকভাষায় বলা হয়ে থাকে, মৃত ব্যক্তি কবরস্থানে ঘুমিয়ে থাকে। বাস্তবে গ্রামীণ জীবনে গাছের ছায়ায় ঘুমানোর দৃষ্টান্ত খুবই সুলভ। অন্যদিকে স্নেহ ও মায়ার সাথে স্পর্শের একটা গভীর যোগ আছে। উদ্ধৃত প্রথম দুই পঙ্ক্তিতে কবি বস্তুত এ ব্যাপারগুলোকেই কাব্যভাষায় রূপান্তরিত করেছেন। পরের পঙ্ক্তি গড়ে উঠেছে কবরের অন্ধকারের ধারণা বহন করে। সেখানে জোনাকি স্বভাবতই আলোর জোগানদার হয়েছে। আর মৃত ব্যক্তি যদি কবরে ঘুমিয়েই থাকে, তাহলে আবহ-সঙ্গীতের মতো বা ঘুম-পাড়ানি গানের মতো ঝিঁঝির ডাক তার সাথে খুবই মানানসই হয়। উপকরণ ও মানবিক স্বভাবের এ ধরনের বাস্তবিক বোঝাপড়া এবং এর মধ্য দিয়ে গভীরতর সম্পর্ক-স্থাপন ‘কবর’ কবিতায় অনবরত ঘটেছে। ফলে জীবনের বৃহৎ পটভূমির সাথে, বিশেষত যাপিত জীবনের অভিজ্ঞতা ও প্রকৃতির সাথে, ব্যক্তি বা ব্যক্তিবৃন্দের সম্পর্কিত হতে কোনো অসুবিধা হয়নি।

আগেই বলেছি, পারিবারিক গণ্ডির বাইরে মানবিক সম্পর্কের কোনো পরিচয় ‘কবর’ কবিতায় প্রাধান্য পায়নি। সামগ্রিকতার বোধটা তৈরি হয়েছে বস্তুত ‘অ-মানুষ’ উপাদানগুলোর নিগূঢ় সম্পর্ক তৈরি হওয়ার মধ্য দিয়ে। দুয়ের মধ্যবর্তী আরেকটি উপাদান আছে, যা প্রকৃতি নয় এবং মানুষও নয়, তবে গ্রামীণ পরিসরে এ দুয়ের সহযোগেই নিষ্পন্ন। তা হলো, মানুষের আর্থিক বা পেশাগত কর্মকাণ্ড। ‘কবর’ কবিতায় এ প্রসঙ্গের উল্লেখ খুবই কম, এবং যেখানে উল্লেখিত হয়েছে সেখানেও প্রধানত অন্য আবেগ-অনুভূতির বাহন ও ইশারা হয়েই হাজির হয়েছে। এ শেষোক্ত কারণে এসব মামুলি উল্লেখ একদিকে গভীরভাবে তাৎপর্যপূর্ণ হয়েছে, অন্যদিকে যে সম্পর্কশাস্ত্রের অনুসন্ধান আমরা বর্তমান রচনায় করছি, তার জন্য প্রাসঙ্গিক হয়েছে।
একেবারে শুরুতে কথক-বৃদ্ধের যৌবনকালের একটি উল্লেখ পাওয়া যায় এভাবে:

সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
লাঙল লইয়া খেতে ছুটিলাম গাঁয়ের ও-পথ ধরি।

আপাতদৃষ্টিতে এ নির্মাণকে খুব সরল মনে হতে পারে, এমনকি কাব্যকলার দিক থেকেও খুই ঐতিহ্যানুগ বোধ হতে পারে। বাংলা কাব্যভাষার অভিজ্ঞতার দিক থেকে দুটি ‘মনে হওয়া’ই সত্য। কিন্তু যেসব উপাদান যেসব কলায় এখানে একীভূত হয়ে একটা বৃহত্তর বয়ানের অঙ্গীভূত হয়েছে, তা পরীক্ষা করলে ব্যাপারটাকে অত সরল মনে হবে না। প্রেমভঙ্গির প্রকাশরূপ হিসাবে এটা চমৎকার। চোখ ভরে বউকে দেখে নিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছে, ভদ্রলোক-সমাজেও এ প্রকাশভঙ্গি এন্তার পাওয়া যায়। এখানকার বাড়তি চমৎকারিত্ব বস্তুত ভোরের সূর্যের একাত্মতায় তৈরি হয়েছে। এরপরই আছে লাঙল নিয়ে ক্ষেতে যাওয়ার দৃশ্য। কৃষক পরিবারে দিন শুরু হয় খুব ভোরে। প্রস্তুতি নিয়ে মাঠের দিকে যাওয়ার সময়েও সূর্য ততটা রাঙা থাকে যার ছটায় বউয়ের মুখ লাবণ্যময় হয়ে উঠতে পারে, অথবা লাবণ্যময় মুখ ওই সূর্যের আলোয় দেখা যেতে পারে। পুরো ব্যাপারটা প্রকৃতি, মানুষ ও কর্মতৎপরতার এক ঐকান্তিক সম্মিলনের অভিব্যক্তি ঘটায়।
কথক-বৃদ্ধ যখন বউকে দেখতে শ্বশুরবাড়িতে যায়, তখন যাত্রার প্রস্তুতি ও সংশ্লিষ্ট ভাব কবিতায় প্রকাশিত হয়েছে এভাবে:

শাপলার হাটে তরমুজ বেচি দু’পয়সা করি দেড়ী,
পুঁতির মালার একছড়া নিতে কখনও হত না দেরি।
দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে,
সন্ধাবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাটে!

পুরনো গ্রামীণ জীবনে সন্ধ্যায় বা রাতে শ্বশুরবাড়ি যাওয়ার রেওয়াজ ছিল। এ বৃদ্ধও যৌবনকালে তা-ই করেছে। বউকে দেখার তাড়াও পঙ্ক্তিগুলোতে যথেষ্ট ফুটেছে। কিন্তু এ অংশের মূল্যবান জৈব-সমগ্রতা আছে অন্যত্র — বউয়ের জন্য উপহার খরিদ করার আগে উৎপাদিত পণ্য হাটে বিক্রয় এবং উপহার-সামগ্রীর নির্বাচনে। হাটটা এখানে নির্দিষ্ট। পরেও আরেকবার নির্দিষ্ট হাটের নাম আছে। এর এক কারণ বোধহয় এই যে, হাট বসত নির্দিষ্ট দিনে। অন্য কারণ হতে পারে, একেক হাটে একেক ধরনের জিনিসের কেনাবেচা বেশি হতো। কারণ যাই হোক, তরমুজ-বিক্রির পয়সায় যে প্রয়োজনীয় উপহার-সামগ্রী কেনা হয়েছে, সে তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে পুঁতির মালা অভাবনীয় নয়। কিন্তু তামাক এবং মাজন অন্তত ভদ্রলোকশ্রেণির কাছে উপহার হিসাবে গণ্য হওয়ার নয়। সে আন্দাজ থেকেই কি কবি প্রাপকের তরফে উপহারজনিত সন্তুষ্টির সংবাদটা আলাদা করে দিয়ে দিয়েছেন?
অন্য যেকোনো শিল্পকলার মতো ‘কবর’ কবিতার ক্ষেত্রে এ কথা উল্লেখ থাকা জরুরি যে, অতি বাস্তববাদী শিল্পেও উপকরণগুলো এবং উপকরণের বিন্যাস কেবল চোখে দেখে লিখে ফেলার জন্য প্রস্তুত অবস্থায় থাকে না। এগুলো নির্বাচন করতে হয়, সাজাতে হয়, অনুকূল ভাষায় প্রকাশ করতে হয়। ‘কবর’ কবিতায় এর প্রতিটি স্তর নিখুঁতভাবে মান্য করেই কবি বয়ানটা সম্পন্ন করেছেন। মানুষের আন্তঃ ও অন্তঃসম্পর্ক এবং পারিপার্শ্বিক প্রকৃতি, জীবন ও জীবিকার প্রসারিত মানচিত্রে সে সম্পর্কসূত্র বিনির্মাণের মধ্য দিয়েই এ গ্রহণযোগ্য বয়ান সম্ভবপর হয়েছে।

৪.
আমরা এখন ভাষার দিকে নজর দেব, যে ভাষিক সংস্থানের ভিত্তিতেই আসলে সম্পর্কশাস্ত্র নির্ণীত হতে পারে। অন্যভাবে বলা যায়, সম্পর্ক নিজেই প্রকৃতপক্ষে এক ভাষিক নির্মাণ। কাজেই যথাবিহিত ভাষিক সংস্থান সংঘটিত হলেই কেবল সামঞ্জস্যপূর্ণ সমগ্রতা তৈরি হতে পারে। এখানে ‘ভাষা’ কথাটা কাব্যভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে না, যদিও এ দুটো মোটেই নিঃসম্পর্ক নয়। এ পরিচ্ছেদের পরবর্তী অংশে আমরা কাব্যভাষার বিশ্লেষণ করব না, যদিও যাপিত জীবনের অভিব্যক্তি হিসাবে যে ভাষা-বৈশিষ্ট্য আমরা এখানে তালাশ করব, তা কাব্যভাষার বাইরের কিছু নয়।
এ ভাষার প্রাথমিক কিন্তু জরুরি বৈশিষ্ট্য বর্ণিত জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ উপকরণের সমবায়ে বাগবিধি প্রণয়ন, যা যাপিত জীবনের চিহ্ন ধারণ করেই কাব্য-ভাষার আকার পেয়েছে। ‘নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া’ কাব্যভাষার পরিণতির দিক থেকে একটা দৃষ্টিগ্রাহ্য ছবি, কিন্তু তারও আগে এটা নববিবাহিত গ্রামীণ বালিকা-বধূর স্মারক। ‘আমার দাদীর তরেতে যেন গো ভেস্ত নসিব হয়’ অতি প্রচলিত বাগবিধির মৃদু রূপায়ণ। ‘পরাণ যে মানে না’ কিংবা ‘সেই শোওয়া তার শেষ শোওয়া হবে’ ইত্যাদি উচ্চারণ বর্ণিত পটভূমির জৈব-সমগ্রের ভিতর থেকে আহৃত বাক্যাংশ, কবিতার শরীরে যথাবিহিত সংস্থানের ভিতর দিয়ে যেগুলো বিবৃত ঘটনাবলির মিহি সম্পর্কসূত্র রচনা করেছে। পুরো কবিতাটিই এ ধরনের দৃষ্টান্তে ভরপুর।
এখানে বলে রাখা ভালো, ‘বাস্তবধর্মী’ ভাষার কাব্যিক রূপান্তরের ক্ষেত্রে জসীমউদ্দীনের আর দশ কবিতার মতো ‘কবর’ কবিতাও মোটেই পিছপা হয়নি। অতিশায়ন এ কবিতায়ও খুবই সুলভ। আর বাগবিধিকে গদ্যাত্মকভাবে উপস্থাপনের তুলনায় কাব্য করে তোলার দিকেও এর ঝোঁক খুবই প্রত্যক্ষ। অন্তত দুটি কারণে ওই কাব্যিকতা প্রয়োজনীয় ন্যায্যতা হাসিল করতে পেরেছে। প্রথমত, গদ্যভাষার কাব্যিক রূপান্তর এমনভাবে ঘটেছে যেন বাগবিধি বা উচ্চারণভঙ্গি পরিচিতির গণ্ডি ছাড়িয়ে না যায়। দ্বিতীয়ত, গ্রামীণ পটভূমির কাব্যিক বা সাঙ্গীতিক প্রকাশের যে সাধারণ ভাষাভঙ্গি, অর্থাৎ কাহিনিকাব্য বা জারি-সারি-মারফতি ইত্যাদি শিল্পকলা যে মাত্রার রূপান্তরকে অনুমোদন করে, ‘কবর’ কবিতায় সেরকমটাই ঘটেছে।
ভাষাভঙ্গির দিক থেকে এ কবিতার একটা বড় চ্যালেঞ্জ ছিল পুনরাবৃত্তি রোধ করা। অনবরত বর্ণিত হয়েছে মৃত্যুর ঘটনা। মৃত্যুগুলোর পারিপার্শ্বিক বাস্তবতা আবার মোটামুটি একই। এমতাবস্থায় ভাষাগত ও উপকরণগত সাদৃশ্য পুনরাবৃত্তির বোধ প্রকটিত করে শিল্পভোগের সংকট তৈরি করতে পারত। ‘কবর’ কবিতা প্রায় বিস্ময়কর সতর্কতার সাথে এ সংকট মোকাবেলা করেছে। মৃত্যুর কারণ, পারিপার্শ্বিক বিভিন্নতা ও সম্পর্কের বিবিধতার মধ্যে প্রতিটি ক্ষেত্রে নতুনত্বের জোগান অক্ষুণ্ন রেখেছে। সবচেয়ে বেশি মিল হতে পারত, এমন একটি অংশ নিচে উদ্ধৃত করছি:

ব্যথাতুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেহ ভালো,
কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো।
বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাতদিন,
পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বীণ।

এ বর্ণনাটি এসেছে বৃদ্ধের নাতনি প্রসঙ্গে। প্রাকৃতিক উপকরণের সাথে মৃতের সম্পর্কজ্ঞাপক এ ধরনের আরেকটি অংশ আছে আগে — বৃদ্ধের পুত্র ও পুত্রবধূ প্রসঙ্গে, যে অংশটি এ লেখায় আমরা আগেই উদ্ধৃত করেছি। আগের অংশটিতে স্বামীর প্রতি পুত্রবধূর টানের গভীরতা প্রকাশ করার স্বার্থে প্রাকৃতিক উপাদানগুলোতে বেশ কতকটা মধুর স্বভাব সঞ্চার করা হয়েছে। উপকরণগুলোর নির্বাচনও ঘটেছে সেভাবে। অন্যদিকে শ্বশুরবাড়িতে নিপীড়নের শিকার নাতনির ক্ষেত্রে কবির লক্ষ্য ছিল বেদনার সঞ্চার। ফলে বুনো ঘাসের বর্ণনায় ‘কালো’ শব্দের ব্যবহার, ঘুঘুর ডাককে কান্নার শব্দে রূপান্তরিত করা এবং গাছের পাতায় সে কান্না সঞ্চারিত করা সংশ্লিষ্ট রসের পোষক হয়েছে। কাব্যকলার দিক থেকে একজন কুশলী কবির জন্য এ ধরনের আয়োজন অভাবনীয় নয়। আমাদের জন্য এখানে জরুরি কথাটা হলো, মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তির মধ্য দিয়ে সম্পর্কশাস্ত্র রচনার যে আয়োজন ‘কবর’ কবিতায় জসীমউদ্দীন করেছেন, জৈব-সামঞ্জস্যের গভীর বোধ তাতে উচ্চারণগত পুনরাবৃত্তি রোধ করতে পেরেছে।
কাহিনির খণ্ডাংশগুলোকে মসৃণ গতিতে বেঁধে ফেলা ছিল এ কবিতার জন্য আরেকটি বড় পরীক্ষাক্ষেত্র। বস্তুত দুই মৃত্যুর মাঝখানের অনুভূতিজ্ঞাপক অংশগুলোই এ কবিতার কাব্যিক প্রাণ। মৃত্যু স্বয়ং বহু অনুভূতির উৎস হতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট শিল্পকর্মের ক্ষেত্রে ওই অনুভূতিগুলোর বিন্যাস এবং অভিমুখ এমন হওয়া প্রয়োজন যেন বিক্ষিপ্ততা তার প্রধান লক্ষণ হয়ে না ওঠে। ‘কবর’ কবিতা অবশ্য কেবল এটুকুতেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি। অনুভূতির সামঞ্জস্যপূর্ণ প্রকাশের জন্য সংস্থান করেছে এমন উপকরণ আর মনোভঙ্গি, যেন বিমূর্ত অনুভূতি যথাযথ আশ্রয় ও প্রশ্রয়ে মূর্তিমান হতে পারে।
‘আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,/ কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায়!’ — কবিতার প্রথম মৃত্যুর সমাপ্তিরেখা কবি টেনেছেন এভাবে। আগের অংশে বর্ণিত ঘটনাবলির সাপেক্ষে এ উচ্চারণ একদিকে ধারাবাহিক, অন্যদিকে মৃত্যুর বেদনা গাঢ়তর করার জন্যও প্রাসঙ্গিক। এরপর কবি ব্যয় করেছেন একটি স্তবক, যেখানে আরো অনেকগুলো মৃত্যুর জন্য পাঠককে প্রস্তুত করা হয়েছে। অংশটি শেষ হয়েছে এভাবে:

মাটিরে আমি যে বড় ভালবাসি, মাটিতে মিশায়ে বুক,
আয়-আয় দাদু, গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ।

এখানে আশ্রয়-উপাদান হিসাবে মাটি খুব চমৎকার ভূমিকা পালন করেছে। মাটিতে গড়াগড়ি করে কান্না বেদনার চরম অভিব্যক্তি হিসাবে প্রচলিত আছে। আর মাটির জন্য একজন কৃষকের ভালোবাসা তার পেশাগত এবং অস্তিত্বগত প্রকাশ হিসাবেও খুবই প্রাসঙ্গিক। ফলে এ ধরনের উপাদানের নির্বাচন কেবল কাব্যকৌশল নয়, সম্পর্কসূত্র রূপেও বিবেচ্য:

পুত্র ও পুত্রবধূর মৃত্যু-বর্ণনার পরবর্তী অংশটি নিম্নরূপ:
ক্ষণপরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায়
স্বামীর মাথার মাথালখানিরে ঝুলাইয়া দিও বায়।
সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে,
পরাণের ব্যথা মরে নাকো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে।

এখানে উপকরণ হিসাবে গৃহীত ‘মাথাল’ স্বামীর পেশাজীবিতাকে চূড়ান্ত মূল্য দিয়ে স্ত্রীর ভালোবাসাকে একটা অনুভবগ্রাহ্য মূর্তি পেতে ভূমিকা পালন করেছে। নাগরিক মধ্যবিত্ত পটভূমিতে ভালোবাসার প্রকাশ যেভাবে ঘটে থাকে বা ঘটে থাকতে পারে, তার সাথে পরিষ্কার ফারাক তৈরি করে গভীরতর বাস্তবতা প্রকাশের ক্ষেত্রে জসীমউদ্দীনের এ এক কাণ্ডজ্ঞানসম্পন্ন বোঝাপড়া। কিন্তু এত জরুরি দায়িত্ব পালন করেও ‘মাথাল’ তার ভূমিকা এখানেই শেষ করেনি। পরের দু-পঙ্ক্তিতে তৈরি করেছে এক পরিষ্কার বিরোধাভাষ, যেখানে মূর্ত মাথালের বিলীন হয়ে যাওয়ার বিপরীতে বিমূর্ত বেদনার স্থায়িত্ব প্রকটিত হয়।
স্পষ্টতই ‘কবর’ কবিতার মৃত্যুর ঘটনাগুলো যেমন কাব্যকুশলতার পাশাপাশি জৈব-সম্পর্কের গভীর পাটাতনে অঙ্কিত, ঠিক তেমনি বেদনাসহ জীবনানুভূতির বিচিত্র তলও পারিপার্শ্বিক সম্পর্কসূত্রের গভীর থেকে আহৃত উপাদানরাশির মধ্যস্থতায় প্রকাশিত। জীবনের যে সামগ্রিকতার আবিষ্কার জসীমউদ্দীনের কাব্যকলার মূল শক্তি, ‘কবর’ কবিতায় কাব্যজীবনের প্রায় শুরুতেই তিনি তার নাগাল পেয়েছিলেন। প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপাদানরাশি, প্রকৃতি ও পরিবেশ, উৎপাদন ও যাপন — এই বড় পরিসরে জীবন অতিবাহিত করে যে মানুষেরা, তাদের অকৃত্রিম অথচ কাব্যানুগ উপস্থাপন তাঁর অন্বিষ্ট। এ সম্পর্কশাস্ত্রই বাংলা কবিতায় জসীমউদ্দীনের বড় আবিষ্কার।