আজ থেকে পঁয়ষট্টি বছর আগে ‘হারামণি’র তৃতীয় খণ্ডের আলোচনা করতে গিয়ে অন্নদাশঙ্কর রায় মন্তব্য করেছিলেন : ‘... মুহম্মদ মনসুরউদ্দীন তার বিশ বছরের অধ্যবসায়ে যে মধুচক্র রচনা করেছেন “গৌড়জন তাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি।” দেশ তার কাছে ঋণী।’ এই মূল্যায়ন ছিল তার কৃতির নিতান্ত খণ্ডাংশ নিয়ে। তবুও যে ‘ঋণে’র কথা অন্নদাশঙ্কর বলেছেন তারই সূত্র ধরে বলা যায়, বাংলার লোকসংস্কৃতিচর্চায় মুহম্মদ মনসুরউদ্দীনের (১৯৪০-১৯৮৭) নাম স্মরণীয় হয়ে আছে দেশে এবং দেশের সীমানা ছাড়িয়েও। আক্ষরিক অর্থেই আজীবন তিনি ছিলেন ‘মাটির কাছাকাছি’। লোকজীবনের সঙ্গে তার ছিল মর্মের যোগ। তাই লোকসংস্কৃতির সঙ্গে পরিচয় ছিল নিবিড় ও আত্মিক। তার অর্জন ও সিদ্ধি এই মাটি আর মানুষকে অবলম্বন করেই রচিত।
মনসুরউদ্দীনের জন্ম পাবনা জেলার সুজানগর থানার মুরারিপুর গ্রামে। নিম্নবিত্তের কৃষিজীবী পরিবারের সন্তান। নানাজনের, বিশেষ করে জোড়াসাঁকোর ঠাকুর-পরিবারের সহায়তা আর আনুকূল্যে তার জীবন গড়ে উঠেছে। মেধাবী ছাত্র হিসেবে খ্যাতি ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগ থেকে এম.এ. পরীক্ষায় বাংলায় প্রথম শ্রেণি পান। তিনিই প্রথম মুসলমান ছাত্র হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। অথচ শিক্ষাগত সাফল্যের নিরিখে তার কোনো যোগ্য চাকরির ব্যবস্থা হয় নি। কর্মজীবনের সূচনা ১৯২৯ সালে। স্কুল সাব-ইন্সপেক্টর, স্কুল-শিক্ষক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারি সাময়িকপত্রের সম্পাদক— বিভিন্ন পদমর্যাদায় এসব ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করেন। কর্মসূত্রে তাঁকে বাংলার বিভিন্ন অঞ্চলে যেতে ও থাকতে হয়েছে। তার লোকসংস্কৃতির উপকরণ সংগ্রহে এই পরিভ্রমণ ও অবস্থান বিশেষ সহায়ক হয়েছিল।
মনসুরউদ্দীন কী জীবনে কী সাহিত্য-সাধনায় খুব যে সুশৃঙ্খল, হিসেবি বা পরিকল্পনানুসারী ছিলেন তা নয়। একটু অগোছালো— একটু অবিন্যস্ত থাকা এ-যেন তার স্বভাবের অন্তর্গত ছিল। লেখক বা সংগ্রাহক বা গবেষক হওয়ার জোরালো কোনো পটভূমি বা পরিকল্পনা ছিল না, এ-পথে আসা তার জন্যে অনেকটাই আকস্মিক ব্যাপার বলতে হয়। তবে এসে পড়ে আর ফেরেন নি। পথ বদলান নি। প্রথম জীবনে গল্প-কবিতা লিখেছেন— উপন্যাসও। কিন্তু অল্পদিনেই সাহিত্যের এই সৃজনশীল শাখা থেকে নিজেকে সরিয়ে নেন। পুরোপুরি মনোযোগ নিবেদন করেন লোকসংস্কৃতিচর্চায়, প্রবন্ধ-রচনা ও গবেষণাকাজে। গল্প-কবিতা-উপন্যাস থেকে সরে আসার সিদ্ধান্ত হয়তো সঠিকই ছিল। কেননা কবিতা যা লিখেছিলেন সেই বয়সে তা যে-খুব উল্লেখ করার মতো এ-কথা বলা যায় না, এইসব অকিঞ্চিৎকর রচনা কারো মনোযোগও তেমন আকর্ষণ করতে পারে নি। গল্প-উপন্যাস সম্পর্কেও এই একই কথা প্রযোজ্য। কিন্তু মনসুরউদ্দীন যদি লোকসাহিত্যের নেশায় না মজতেন তাহলে বাঙালি তার আবহমান লৌকিক জীবনধারার শিল্প-পরিচয় থেকে বঞ্চিত হতো। লোকজীবনের কাছে সমর্পিত মনসুরউদ্দীন নিজেও তাই মনে করতেন।
জীবন ও শিল্পচর্চার বিষয়টি বিশ্লেষণ করে এ-কথা স্বীকার করতেই হয় মনসুরউদ্দীনের জিজ্ঞাসা ও চর্চায় বৈচিত্র ছিল। নিজেকে নানাভাবে ছড়িয়ে দিয়েছেন— অবশ্য সবসময়ই লোকসংস্কৃতিকে তার চিন্তা ও চর্চার কেন্দ্রে রেখে। কবিতা-উপন্যাস লিখেছেন, প্রবন্ধ-গবেষণায় আত্মনিয়োগ করেছেন, লোকসাহিত্য সংগ্রহে উৎসর্গ করেছেন জীবন। তার প্রীতি ও আকর্ষণ কেবল বাংলার মরমি কবি-সাধকের ভেতরেই সীমাবদ্ধ থাকে নি, তা স্বদেশের ভূগোল ছাড়িয়ে দূর-পারস্যেও পাড়ি জমিয়েছে সুফিকবিদের পরিচয়-সন্ধানে। অজ্ঞাত-বিলুপ্ত সব তথ্য দিয়ে বাংলাসাহিত্যের ইতিহাসের শূন্য-পূরণ করেছেন, নির্মাণ করেছেন নতুন ইতিহাসের কাঠামো। ভিন্ন ভাষা থেকে শ্রদ্ধায়-মমতায় তুলে এনেছেন ইতিহাস-খ্যাত ব্যক্তিত্বের নিপুণ পরিচয়। গ্রাম-বাংলায় ছড়িয়ে থাকা লোককথা-রূপকথাকে সেই গ্রামীণ কথকের মুখের ভাষায় পরিবেশন করেছেন বিদগ্ধ নগরবাসীর কাছে। আউল-বাউলের গান সংগ্রহ করতে করতে কখন এক সময় চলে যান পেছনের পথে সোজা সেই মধ্যযুগে—নানা ফুল কুড়িয়ে এনে মাথা গাঁথেন বৈষ্ণব কবিতার। পুথির জগতও তাঁকে হাতছানি দিয়েছে—পুথিসাহিত্যচর্চার প্রবাদ-পুরুষ আবদুল করিম সাহিত্যবিশারদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও জেগেছে তার। সেইসূত্রে দৌলত কাজীর ‘সতীময়না- লোরচন্দ্রানী’ পুথি যৌথ সম্পাদনায় সত্বর প্রকাশের বিজ্ঞাপনও পত্র-পত্রিকায় ছাপা হয়, যদিও এই উদ্যোগ শেষপর্যন্ত সফল হয় নি। অবসরের খেয়ালে সংকলন করেন শব্দকোষ, শব্দ-প্রয়োগের শুদ্ধ্যশুদ্ধি সম্পর্কে ভাবেন, ভাবনাকে রূপ দেন কাজে। টুকরো টুকরো এইসব কাজের ভেতর দিয়ে গড়ে ওঠেন একজন বহুমাত্রিক শিল্প-শ্রমিক মনসুরউদ্দীন, যেখানে তার চিন্তা-চেতনা-আকাঙ্ক্ষা-মনন-মনীষা-মেধা-প্রবণতা-প্রকৃতির অখণ্ড রূপের সন্ধান মেলে।
মনসুরউদ্দীনের শ্রেষ্ঠ কাজ লোকসংগীত-সংগ্রহ ‘হারামণি’। সাকুল্যে এগারো খণ্ডে প্রকাশিত ‘হারামণি’ এ-দেশের লোকসংস্কৃতিচর্চার ইতিহাসে একটি বড়ো ঘটনা— সেইসঙ্গে আমাদের মূল্যবান সাংস্কৃতিক সম্পদও। বৈশাখ ১৩২২ বঙ্গাব্দে ‘প্রবাসী’ পত্রিকায় রবীন্দ্রনাথের সংগ্রহ নিয়ে তারই দেওয়া ‘হারামণি’ নামের একটি বিভাগ প্রবর্তিত হয় লোকসাহিত্যের বিলুপ্তপ্রায় অজ্ঞাত সব নিদর্শন প্রকাশের জন্যে। উত্তরকালে এই আদর্শ ও নামের আকর্ষণ মনসুরউদ্দীনের মন জুড়ে বসে। তাই যখন তার বই বেরুলো, গ্রহণ করলেন ‘হারামণি’ নামটি। কালক্রমে নামের মূল উৎসের স্মৃতি হারিয়ে তা নতুনভাবে বেঁচে রইলো মনসুরউদ্দীনের বইয়ের নামের ভেতর দিয়ে। শেষ পর্যন্ত ‘হারামণি’ ও ‘মনসুরউদ্দীন’ এই নাম দুটি পরস্পরের পরিপূরক ও পরিচয়-জ্ঞাপক হয়ে ওঠে।
কবি-গবেষক আবদুল মান্নান সৈয়দের সঙ্গে এক অন্তরঙ্গ আলাপচারিতায় মনসুরউদ্দীন বলেন লোকগীতি সংগ্রহের প্রেরণা কীভাবে পেয়েছিলেন সে-কথা। তিনি স্মরণ করেছেন : ‘ ‘প্রবাসী’ পত্রিকায় রবীন্দ্রনাথের সংগৃহীত লালন ফকিরের কয়েকটি গান প্রকাশিত হয়েছিলো। সেই গানগুলি প’ড়ে অভিভূত হয়েছিলাম। তারপর রবীন্দ্রনাথের মতো মহান ব্যক্তিত্ব এই ধরনের সংগ্রহ-কাজ করছেন ব’লে উৎসাহী হ’য়ে উঠলাম। আমাদের গ্রামের এক বৈরাগীর গান শুনতাম। আমার লোকসঙ্গীতের প্রথম উৎসাহদাতা রবীন্দ্রনাথ আর নামহীন ঐ বৈরাগী।’ রবীন্দ্রনাথের আদর্শ ও প্রেরণায় নিজের গ্রাম মুরারিপুরের এক বৈরাগীর কাছ থেকে লালনের একটি গান সংগ্রহ করে ছাপার জন্যে ‘প্রবাসী’ পত্রিকায় পাঠান। ততদিনে ‘হারামণি’ বিভাগ বিলুপ্ত হয়ে গেছে, তাই ১৩৩০-এর আশ্বিন সংখ্যায় সাধারণ শিরোনামেই গানটি প্রকাশ পায়— ‘বাঁকির কাগজ মন তোর গেল হুজুরে’। এই হলো মনসুরউদ্দীনের প্রথম প্রকাশিত লোকগান এবং সৌভাগ্যের কথা সেটি লালনের গান। এই দৃষ্টান্তগত প্রেরণা কেবল নয়, রবীন্দ্রনাথ ‘হারামণি’র একটি অসাধারণ ভূমিকা লিখে দিয়ে নবীন মনসুরউদ্দীনকে অনুপ্রাণিত করেন ও লোকসংস্কৃতিচর্চার আঙিনায় স্বাগত জানান। এরপর মনসুরউদ্দীন লোকসাহিত্যের ভুবনে পাকাপাকি ঘর বাঁধেন। একনিষ্ঠ সাধনায়, পরম যত্ন-শ্রম-মমতায় একের পর এক ‘হারামণি’র বিভিন্ন খণ্ড প্রকাশ করে লোকসাহিত্যের বিচিত্র ও অনবদ্য নির্দশন শিক্ষিত বাঙালির কাছে তুলে ধরেন।
কোনো কোনো খণ্ডে কবিগান, মেয়েলিগীত, জারি, সারি, বারমাসি বা মিশ্র লোকগীতির নির্দশন প্রকাশিত হলেও ‘হারামণি’ মূলত বাউল ও মরমী গানের সংকলন হিসেবেই পরিচিত। আর এই বাউলগানের প্রধান অংশ জুড়ে আছে লালন ফকিরের পদ। ‘হারামণি’র প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৩০ সালে, শেষ খণ্ডের প্রকাশকাল ১৯৮৪। শেষ খণ্ডটি ত্রয়োদশ খণ্ড হিসেবে নির্দেশিত হলেও আসলে কালক্রম অনুসারে এটি একাদশ খণ্ড। কেননা দশম খণ্ডের পর প্রত্যাশিত একাদশ ও দ্বাদশ খণ্ড অজ্ঞাত কারণে প্রকাশিত হয় নি। ‘হারামণি’র দ্বিতীয় খণ্ড কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ পায় ১৯৪২ সালে। চতুর্থ ও পঞ্চম খণ্ডের প্রকাশকাল যথাক্রমে ১৯৫৯ ও ১৯৬১। এই খণ্ড দুটির প্রকাশক ঢাকা বিশ্ববিদ্যালয়। সপ্তম (১৯৬৩), অষ্টম (১৯৭৬), নবম (১৯৮৮) ও দশম (১৯৮৪) খণ্ডের প্রকাশক বাংলা একাডেমি। দ্বিতীয় খণ্ডের তৃতীয় সংস্করণও (১৯৭২) বাংলা একাডেমির পক্ষ থেকে প্রকাশিত হয়। ত্রয়োদশ খণ্ড প্রকাশ করে বাংলাদেশ ফোকলোর পরিষদ, ১৯৮৪ সালে। এর বাইরে দু-একটি খণ্ড এবং কোনো কোনো খণ্ডের পুনর্মুদ্রণ মনসুরউদ্দীনের নিজস্ব উদ্যোগে তার প্রকাশনা-সংস্থা হাসি প্রকাশনালয় থেকে প্রকাশের ব্যবস্থা হয়। ‘হারামণি’র সম্পূরক হিসেবে ‘লালন ফকিরের গান’, ‘বাউল গান’,‘Folksongs of Lalan Shah’— তার এইসব বই-পুস্তিকার নাম উল্লেখ করা যায়। তার পরিকল্পিত অথচ এখনো অপ্রকাশিত ‘হারামণি’র অবশিষ্ট খণ্ডগুলো প্রকাশের ব্যবস্থা হলে মনসুরউদ্দীনের লোকসংস্কৃতিচর্চার স্বরূপ বোঝা ও পূর্ণ পরিচয় পাওয়া সহজ হতো।
মনসুরউদ্দীন ‘হারামণি’র উপকরণ সংগ্রহ করেছেন নানা সূত্রে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে। নিজে তো সরাসরি সংগ্রহ করেছেনই, তা-ছাড়া তার ছাত্র, সহকর্মী শিক্ষক, পরিচিত-অপরিচিতজন, প্রশাসনিক কর্মকর্তা, বন্ধু বা স্বজনের সহায়তাও গ্রহণ করেছেন। গ্রামের পর গ্রাম ঘুরেছেন, রাত্রিযাপন করেছেন বাউল-ফকিরের আখড়ায়, সঞ্চয় করেছেন বিচিত্র অভিজ্ঞতা। দু’চোখ ভরে দেখেছেন, তন্ময় হয়ে শুনেছেন, অন্তর দিয়ে উপলব্ধি করেছেন। তার সংগ্রহ তাই মুগ্ধ অনুরাগীর নির্বিচার সংগ্রহ। ঐতিহ্যের অহংকারই ছিল তার প্রেরণা।
কেউ কেউ মনসুরউদ্দীনের সংগ্রহের গুরুত্ব ও সংগ্রহ-পদ্ধতির যাথার্থ্য সম্পর্কে প্রশ্ন তুলে থাকেন। ‘বাংলার বাউল ও বাউলগান’ গ্রন্থের লেখক ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য ‘হারামণি’তে সংকলিত লালন সাঁইয়ের গানগুলোর ত্রুটি-নির্দেশ করে বলেছেন যে : এইসব পদ ‘যৎ শ্রুতং তৎ লিখিতং’। মনসুরউদ্দীন ‘হারামণি’ ৭ম খণ্ডে এই অভিযোগের জবাবে যে কৈফিয়ৎ দেন তা স্মরণযোগ্য। তিনি বলেছেন : ‘এই সকল গান অশিক্ষিত জনসাধারণ, ফকীর, বোষ্টম, চাষা-ভুষা ও মাঝিমাল্লাদের নিকট হইতে সংগৃহীত হইয়াছে। আমি গান যে প্রকার পাইয়াছি ঠিক সেই প্রকারই ছাপাইয়াছি। উহাতে আমার কি অপরাধ? গান যে প্রকার শুনিতে পাওয়া যায় সেই প্রকারই ছাপাইতে হইবে, ইহাই আন্তর্জাতিক গ্রাম্য গান সংগ্রহ বিধান। সত্যই যৎ শ্রুতং তৎ লিখিতং। ইহার ব্যত্যয় করিলে অধর্ম হয়...।’ এই বক্তব্যে ফোকলোর-সংগ্রহে মনসুরউদ্দীনের দৃষ্টিভঙ্গি ও সংগ্রহ-রীতির বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
ফোকলোর-বিদ্যার শৃঙ্খলা বা অনুশাসন সম্পর্কে তিনি সচেতন থাকেন নি এমন অভিযোগও উত্থাপিত হয়েছে। এই ধারণার পরিপ্রেক্ষিতে কেউ কেউ তাঁকে ‘সংগ্রাহকে’র চাইতে বেশি মূল্য দিতে কুণ্ঠিত। তবে এসব পণ্ডিতি কূটতর্কের ভেতরে না গিয়েও সহজ করে এ-কথা নিঃসন্দেহে বলা যায় যে, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়া মনসুরউদ্দীন তার সীমিত সামর্থ্য নিয়েও ফোকলোরচর্চার বিশাল উপকরণের জোগান দিয়ে গেছেন। বিদ্বদসমাজকে লৌকিক জীবন ও সংস্কৃতির প্রতি মনোযোগী ও শ্রদ্ধাশীল করে তুলেছেন এবং বাঙালির স্বরূপ সন্ধানের যে পথ দেখিয়ে গেছেন, তার মূল্য ও গুরুত্ব অপরিসীম। ফোকলোরচর্চায় মনসুরউদ্দীনের গুরুত্ব ও স্থান-নির্ণয়ে লোকবিজ্ঞানী শামসুজ্জামান খান যে বিশ্লেষণী মন্তব্য পেশ করেছেন, তা তাঁকে সনাক্ত করার পক্ষে একটি মাপকাঠি হতে পারে : ‘আমাদের ফোকলোর পণ্ডিতরা কোন উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে পারেন নি, না ব্যক্তি মানুষ হিসাবে, না নিষ্ঠাবান গবেষক হিসাবে। মনসুরউদ্দীন ছিলেন ব্যতিক্রম।... তার ফোকলোর-প্রেম ছিলো নিখাদ। সন্দেহাতীতভাবে নিবেদিতপ্রাণ সংগ্রাহক ছিলেন। প্রখর কাণ্ডজ্ঞান ও পড়াশোনা তাঁকে সবসময় হালতক করে রেখেছিলো। তিনি ছিলেন ফোকলোরের শ্রমনিপুণ এক মহান সাধক। তাই তাঁকে বাঙলাদেশের আধুনিক ফোকলোরচর্চার পিতৃপুরুষ হিসেবে আখ্যাত করা যায়।’
মনসুরউদ্দীন আত্মবিস্মৃত ঐতিহ্যবিমুখ জাতির চৈতন্যে যে জাগরণ-স্পর্শের সূচনা করে গেছেন, সেই বিষয়টি স্মরণে রাখলে তার কৃতি ও অবদানকে কোনোক্রমেই খাটো করা যায় না। যে উপেন্দ্রনাথ ভট্টাচার্য মনসুরউদ্দীনের সংগ্রহ-পদ্ধতি সম্পর্কে আপত্তি তুলেছিলেন তিনিও শেষ পর্যন্ত স্বীকার করেছেন : ‘ ‘হারামণি’-তে যে সমস্ত উপাদান সংগৃহীত হইয়াছে... সেইগুলিই বাংলার প্রকৃত বাউলগান।... এ বিষয়ে তাঁহার প্রচেষ্টা পরবর্তী অনুসন্ধানকারীদের পথনির্দেশ করিয়াছে। তিনিই পথিকৃৎ...।’ ভাষাচার্য ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ‘হারামণি’কে ‘Pioneer efforts’ বলে মন্তব্য করেছেন। অন্নদাশঙ্কর রায় তার এক লেখায় বলেছেন : ‘ ‘হারামণি’ মনসুরউদ্দীনের জীবনের বড়ো কাজ।... মনসুরউদ্দীনের ‘হারামণি’ই আমাদের বাউল প্রভৃতি গানের ‘পদকল্পতরু’।’ সবার উপরে স্মরণ করতে হয় রবীন্দ্রনাথের মন্তব্য। ‘হারামণি’র ভূমিকায় তিনি বলেছেন : ‘... মুহম্মদ মনসুরউদ্দীন মহাশয় বাউলসঙ্গীত সংগ্রহ করে প্রকাশ করবার যে উদ্যোগ করেছেন আমি তার অভিনন্দন করি,— সাহিত্যের উৎকর্ষ বিচার করে না, কিন্তু স্বদেশের উপেক্ষিত জনসাধারণের মধ্যে মানবচিত্তের যে-তপস্যা সুদীর্ঘকাল ধরে আপন সত্য রক্ষা করে এসেছে তারই পরিচয় লাভ করব এই আশা করে।’ লালনচর্চায় রবীন্দ্রনাথের ভূমিকা যদি প্রেরণাসঞ্চারী পথিকৃতের হয়, তবে তার পরেই এ-বিষয়ে মনসুরউদ্দীন পাবেন মশালচির সম্মান ও স্বীকৃতি।
মনসুরউদ্দীন একালের এক শ্রেষ্ঠ বাঙালি, যাঁর ‘হারামণি’ নামের শিল্প-দর্শনে শাশ্বত স্বদেশের ছবি প্রতিবিম্বিত হয়েছে। চিরকাল তিনি মুক্তবুদ্ধির মানুষ। যুক্ত ছিলেন শিখাগোষ্ঠীর বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে। রাষ্ট্রীয় অন্যায়-অনাচার, সামাজিক অবক্ষয় ও দুর্নীতি, গণতন্ত্রের সমস্যা ও সংকট— এসব বিষয়ে সচেতন ও প্রতিবাদী ছিলেন। কখনো সরকারের প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ডকে সমর্থন করেন নি। মনসুরউদ্দীন এক বাউলের নাম, বাউলের মতোই ছিলেন অসাম্প্রদায়িক আর মানবমুখী, সেইসঙ্গে পরিপূর্ণ গ্রাম-মনস্ক। তার সাধনা ও সাফল্যের জিয়ন-কাঠিই ছিল গ্রাম। লোকায়ত জীবনের স্মৃতি ও স্বপ্ন তাঁকে ‘হারামণি’র সন্ধানে নিরন্তর প্রাণিত করেছে। তাই তো শান্তিনগরে বসে স্বপ্ন দেখতেন মুরারিপুরের— স্মৃতির মিনারে ঠেস দিয়ে কান পেতে শুনতেন বহুকালের ওপার থেকে ভেসে আসা প্রেমদাস বৈরাগীর গানের সুর।
মনসুরউদ্দীনের যথার্থ মূল্যায়ন আমাদের দেশে হয় নি। এ দেশের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা-প্রতিষ্ঠান তাঁকে কোনো আনুষ্ঠানিক সম্মান-স্বীকৃতি জানায় নি। অথচ ভিনদেশের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তার মৃত্যুর কয়েক মাস আগে তাঁকে সাম্মানিক ডি.লিট. উপাধিতে ভূষিত করে। সুহৃদ অন্নদাশঙ্কর রায় এই প্রসঙ্গে মন্তব্য করেছেন : ‘ডক্টরেট দিয়ে তাঁকে সম্মানিত করা অনেকদিন পূর্বেই উচিত ছিল। ঢাকার বন্ধুরা এ কাজ করলে আরো স্বাভাবিক হতো।’ মনসুরউদ্দীনের স্মরণীয় ছাত্র আহমদ শরীফ ক্ষোভ ও খেদ মিশিয়ে বলেছেন : ‘... রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তার কীর্তির স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ ‘ডি-লিট’ উপাধি দিয়ে সম্মানিত করেছে। এতে বাঙলাদেশী হিসেবে আমাদের গৌরব ও গর্ব অনুভব করা স্বাভাবিক। কিন্তু ক্ষোভ ও লজ্জার বিষয় এই যে আমরা ঘরের গুরুকে, সমাজের ও সাহিত্যের কৃতী পুরুষকে আদর-কদর করি নি, দিই নি তাঁকে তার প্রাপ্য মর্যাদা ও সম্মান।’ এই লজ্জা ও দায় সমগ্র জাতির। এখন একটি ‘জাতীয় ফোকলোর ইন্সটিটিউট’ প্রতিষ্ঠার মাধ্যমে এই দায়মোচন হয়তো কিছুটা সম্ভব, মনসুরউদ্দীন আজীবন যার জন্যে জাতির কাছে আরজি পেশ করে গেছেন।
তথ্যসূত্র
১. অন্নদাশঙ্কর রায় : ‘প্রবন্ধ’। কলকাতা, ১৯৬৪; পৃ. ৪৫০।
২. আবুল আহসান চৌধুরী সম্পাদিত : ‘মুহম্মদ মনসুরউদ্দীন স্মারকগ্রন্থ। ঢাকা, ১৯৮৮; পৃ. ১৩৭।
৩. উপেন্দ্রনাথ ভট্টাচার্য : ‘বাংলার বাউল ও বাউল গান’। কলকাতা, নূ-স : ১৩৮৮; পৃ. ৫৩৬।
৪. মুহম্মদ মনসুরউদ্দীন : ‘হারামণি’, ৭ম খণ্ড। দ্বি-স : ঢাকা, ১৩৮৪; পৃ. ৪ ( ১ম সংস্করণের ভূমিকা)।
৫. শামসুজ্জামান খান : ‘আধুনিক ফোকলোরচিন্তা’। ঢাকা, আগস্ট ২০০১; পৃ. ১১৭।
৬. উপেন্দ্রনাথ ভট্টাচার্য : পূর্বোক্ত; পৃ. ৫৩৬।
৭. মুহম্মদ মনসুরউদ্দীন : ‘হারামণি’, ২য় খণ্ড। বাংলা একাডেমী সংস্করণ : ঢাকা, ১৩৭৮, পৃ. ২৪২ (পরিশিষ্ট)।
৮. ‘মুহম্মদ মনসুরউদ্দীন স্মারকগ্রন্থ’ : পূর্বোক্ত। অন্নদাশঙ্কর রায় : ‘অধ্যাপক মনসুরউদ্দীন : ‘হারামণি’ ’; পৃ. ৭-৮।
৯. মুহম্মদ মনসুরউদ্দীন : ‘হারামণি’, ১ম খণ্ড। কলকাতা, বৈশাখ ১৩৩৭। রবীন্দ্রনাথ ঠাকুর : ‘আশীর্বাদ, পৃ. পাঁচ-ছয়।
১০. ‘মুহম্মদ মনসুরউদ্দীন স্মারকগ্রন্থ’ : পূর্বোক্ত। অন্নদাশঙ্কর রায় : পূর্বোক্ত; পৃ. ৯।
১১. ঐ। আহমদ শরীফ : ‘অধ্যাপক মুহম্মদ মনসুরউদ্দীন’; পৃ. ১৪।