২ ফেব্রুয়ারি, ২০১৩
ঢাকা থেকে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে উড়াল দিলাম সকাল ১১ টায়। স্থানীয় সময় দুপুর দেড়টায় দুবাই পৌঁছলাম। পরের ফ্লাইট বিকেল চারটায়। প্রতিমন্ত্রী জনাব ইয়াফেস ওসমান, ড. এস, এ, সামাদ, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রযুক্তি সচিব ড. রফিক এবং আরো ক’জন মস্কো যাচ্ছি। উদ্দেশ্য রুপপুর পারমাণবিক শক্তি প্রকল্প নিয়ে আলোচনা করা। দুবাই থেকে রওনা দিয়ে যখন মস্কোর আকাশে পৌঁছেছি সেখানে তখন সন্ধ্যার ছায়া নামছে। আকাশ মেঘলা। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় নামলাম। রাষ্ট্রদূত ও তার প্রটোকলবাহিনী খুব দ্রুত বেগে আমাদেরকে ইমিগ্রেশন ও কাস্টমস পার করিয়ে বাইরে নিয়ে গেলেন। মুহূর্তে বুঝতে পারলাম শীত যে কাকে বলে এবং হিটলার রাশিয়া আক্রমণ করার পর কাকে বলেছিল “জেনারেল উইন্টার”। একটা ওভারকোট পিঠের উপর রেখে দিয়েছিলাম অ্যাম্বাসাডর সাইফুল ভাইয়ের আগাম পরামর্শে। দ্রুত সেটা পরে নিলাম। রাস্তা নির্জন, তবু দুএকজন মানুষ যে সব কাপড় চোপড় পরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে তাদের দেখেও বোঝা যাচ্ছে বাইরে শীত কি রকম হবে। বহুতল বিল্ডিং প্রায় দেখলামই না। একতলা কিংবা বেশি হলে দোতলা। রাস্তা, ফুটপাত ও এসবের ফাঁকে মাঠের ওপর বরফের স্তূপ দেখা যাচ্ছে।
সাড়ে ন’টার সময় হোটেলে পৌঁছলাম। এবং ওতে ঢুকতে গিয়েও আবার এফ দফা শীতের বাতাসের প্রবল ঝাপটা খেলাম মুখে। এই হোটেলের নাম 8-Seasons. লবিতে বিজ্ঞাপন ও ছবি দিয়ে রেখেছে যে এটা এত উন্নতমানের যেখানে কিনা রাষ্ট্রীয় সফরে উঠেছেন প্রেসিডেন্ট ক্লিনটন ও জার্মানির প্রধানমন্ত্রী।
শীতের দেশ। হোটেলের রুমের আকার সীমিতই বলতে হবে। গাইড চেকিং করাতে করাতে এই শীতের মধ্যেও লনের ফুলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সেগুলো হচ্ছে গাঢ় বেগুনি রঙের লারক্সপার, পোয়া হাবিলিস, কাটরাস, মেক্সিফাগাস, গ্লোব, পলিস্কি এবং সাইবেরিয়ান আইরিস। এই শেষ ফুলটি গোলাপের মতো লাল। আর লন ছাড়াও এগুলো টবের মধ্যে হোটেলের লাউঞ্জে সাজিয়ে রাখা হয়েছে। চীনের মতো এদেরও ফুল এক আনন্দের উৎস।
পরদিন সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত রাশিয়ার অর্থমন্ত্রীর সঙ্গে মিটিং হলো। রুপপুরকে যারা সহায়তা দেবে সেই ‘গ্রোজস্কায়া ফেদ্রানী’ নামের সংস্থা আমাদের সব কাজের জন্য একজন গাইড নিয়োগ করে দিয়েছে। ষাট বছর বয়সি এই আস্তিক ভদ্রলোক বেশ রসিক। একসময় অবশ্য তিনি সোভিয়েত কম্যুনিস্ট পার্টির সঙ্গে জীবিকার জন্য জড়িত হতে বাধ্য হয়েছেন স্বীকার করে সে সময়ের নানা রসিকতার গল্প করলেন। তিনি বললেন প্রাণ ও জীবিকার ভয়ে তখন নিজেকে নাস্তিক দাবি করে কমিউনিস্ট পার্টির চাকরি করেছিলাম। কিন্তু আমি মনে মনে সব সময়ই আস্তিক।
সময় কম তাই আজ সন্ধ্যায়ই এক দর্শনীয় স্থানে যাবার প্রোগ্রাম ঠিক করে রাখা হয়েছিল। সেটা হলো বিশ্বখ্যাত “বলশয় অপেরা ও থিয়েটার”। সেন্ট্রাল মস্কো থেকে সাত মাইল দূরে এই ঐতিহাসিক স্থান। ভেতরে যাবো কি? এই ভবনের গেট, উঠোন এবং আলোর বন্যা দেখেই তো রাত কাটানো যায়। মনে হয় যেন একটা বড় জাদুঘরে এসেছি। ─ বলশয় থিয়াটারে ঢোকার সময় মনে হচ্ছিল যেন এক গ্রিক মন্দিরে ঢুকছি। নির্মাণশৈলী সেরকমই।
থিয়েটারটা দোতালায়। দুদিক দিয়ে সিঁড়ি। গুলিস্তান সিনেমা হলে ড্রেস সারকেলে যে রকম সিট থাকতো এখানকার বসার আসন সেই ধরনের। সম্ভবত শ্রেণীভেদ নেই এই কারণে যে কম্যুনিস্ট আমলে এটা তৈরি হয়েছিল। আজকে একটি নাটক হচ্ছে অনুষ্ঠানের মুল আকর্ষণ। তার আগে আছে আধাঘণ্টা কয়েকটি বাদ্যযন্ত্রের বাদন। সবার ওপর যে আলো পরে আছে তাও দেখবার মতো। আর মাথার ওপর যে আলো─ ওরকম হয়তো সম্রাট জারের আমলে ছিল। তিনজন শিল্পী বসে আছেন। প্রথমে ঠিক বোঝা গেল না কোন দিকে যাচ্ছি। মিনিট তিনেক পর শুরু হলো মুন্সীয়ানার জাদু। পিয়ানো একর্ডিয়ন, ফুট, সোলো, গিটার, এবং হালকা ড্রামের মিলনে যে সপ্তসঙ্গীত শুনলাম তার মুর্ছনা ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে মনে হলো সলিল চৌধুরী এবং ভি, বালসারা ছদ্মবেশে রুশ গাইয়েদের কেদারায় বসে আছেন। এ সুর ও তাল যে কারো নিশ্ছিদ্র মনোযোগ আকষর্ণ করতে বাধ্য। পুরো হলে পিনপতন নীরবতা। এরপর ব্যালে নৃত্য, যা আমার কাছে টিভিতে দেখা অলিম্পিক স্কেটিং এর মতো মনে হলো। আর নাটকগুলো একটা ব্যঙ্গ বা প্রহসন। জমিদার, তার পুত্র, গ্রামের দরিদ্র ঘরের প্রেমিকা, গ্রাম্য মোড়ল ইত্যাদি চরিত্র মিলিয়ে সাম্যবাদকে খোঁচা মারা হলেও শেষ পর্যন্ত মানবতার মানে প্রেমের জয়। ভাষার কারণে বুঝতে না পারলেও একটা লম্বা অভিব্যক্তিতে আমার মনে হলো অঙ্গভঙ্গী করে নায়িকা জমিদার পুত্রকে বলছে:
“তুমি হইলা শাহজাদা গো, আমি কাঠুরিয়ার মাইয়া
তোমার সনে আমার কেমনে হইবে বিয়া”?
এক চমৎকার অভিজ্ঞতা নিয়ে হোটেলে ফিরলাম। রাস্তায় শীত আরো বেড়েছে। ড. সামাদ বলছিলেন, এত মোটা ওভারকোট পরেও তাঁর শীত লাগছে।
৪ ফেব্রুয়ারি ২০১৩
দলের অনেকেই যেসব জিনিস বা স্থান দেখতে চেয়েছেন তাতে মিল ছিল। গাইড কাল রাতে বলেছিলেন তাহলে কিন্তু কষ্ট করতে হবে তবে শরীরের কোনো ক্ষতি হবে না। আজ আলোচনা বেলা দুটা থেকে। এর আগে বেশ সময় আছে আমাদের হাতে। তাই সকাল থেকে তেমনি কষ্টের একটা কাজে বের হয়ে গেলাম। এখন এখানে সকাল সোয়া আটটার আগে সূর্য ওঠে না।─তাপমাত্রা মাইনাস ৪ থেকে মাইনাস সাতও হতে পারে বলে তিনি জানিয়েছিলেন।
তবে আকাশ ‘সাফফেন সাফফা’ মানে পরিষ্কার নীল। আমরা যেখানে এসেছি এই সূর্য ওঠার আগে সেটা হলো মস্কো নদী, রাশান ঙৎঃযড়ফড়ী গির্জা এবং ক্রেমলিন প্রাসাদের সঙ্গমস্থলে। সবাই বলেছেন অরুণোদয়ের সারথী হতে চান। এমন ঐতিহাসিক নদীর পাশে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখার সৌভাগ্য কজনার হয়? শীতের পোশাকের যে প্রস্তুতি নিয়েছিলাম তা ড. মোহাম্মদ আব্দুল হাই সাহেব তাঁর ‘বিলেতে সাড়ে সাতশ দিন’ এ অণুপুঙ্খ ভাবে বর্ণনা করেছেন। যেটার নাতিদীর্ঘ তালিকা নিম্নরূপ:
-মোজা।
-ইনার।
-পশমী ট্রাউজার।
-মোটা গেঞ্জি।
-মোটা শার্ট।
-বাঘ মার্কা চায়নিজ ফুল স্লিভ সোয়েটার।
-গ্রেট কোট।
-জার্মানির তৈরি ওভারকোট।
-গলায় মাফলার।
-হাতে উলের মোজা ।
-মাথায় স্কেটিং করার টুপি।
এই যুদ্ধবেশে সজ্জিত হয়েও যখন মস্কো নদীর পাশের ফুটপাতে গিয়ে নামলাম তখন দেখলাম বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। জুতার তলা দিয়ে হানিফ সংকেত সাহেবের ঠান্ডা মিয়া, মোজা ও পা ভেদ করে উপরে উঠে আসতে চাইছে। একটু নড়াচড়ার পর সে ভাবটা অবশ্য চলে গেল। ফুটপাথের পাশে লোহার রেলিং, তার নিচে মস্কো নদী। বরফে স্থবির হয়ে আছে। সূর্য উঠছে। এমন শীত তো আর দেখিনি। অপরূপ লাগল। বরফের ভেতরই শরীরটা অধিক ডুবিয়ে নোঙ্গর করে বসে আছে ডিঙ্গি ও ছোট অনেক জাহাজ এবং মাছ ধরার নৌকা।
প্রাকৃতিক দৃশ্য দেখার প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। গির্জা খুলতে আরও দেরি আছে। তাই আমরা ক্রেমলিন প্রাসাদের দিকে অগ্রসর হলাম। এটা দেখবার কোনো সময়সূচী নেই। ক্রেমলিন চতুর্দশ শতাব্দী থেকে নির্মিত হয়। মোঙ্গলরা আক্রমণ করে একে ধ্বংস করলে এক রাজকুমার এটির পুনর্নির্মাণ করেন। রাশিয়ার জার সম্রাটরা এখানে বসবাস করতেন। আগেই বলেছি মস্কো নদীর একেবারেই কাছে এই প্রাসাদ। কিন্তু ঠিক টিলা না হলেও সড়ক থেকে একটু উঁচু জায়গায় এই প্রাসাদ এবং দুর্গ দাঁড়িয়ে আছে। রাশান প্রেসিডেন্টরা এখানে এখন সপরিবারে বাস করেন। ইটের তিন ইঞ্চির দিকটা মাটিতে গেঁথে লাগোয়া রাস্তা বানানো হয়েছে। পিচ ঢালা হয়নি। দুই ইটের ফাঁকে সিমেন্ট দিয়ে জোড়া দেয়া হয়েছে। প্রাসাদের কাছে যেতে একটু কষ্টই হয়। কারণ রাস্তাটা ক্রমশ উঁচু হয়ে প্রাসাদের কাছে সমতলে পরিণত হয়েছে। এর প্রাচীনত্ব ও আভিজাত্য বোঝা যায়। এর বিস্তার বেশি, উচ্চতা সামান্য। সরু জানালা, বিরাট ব্যালকনি, লাল ইট ও সোনালি কারুকাজে ছাওয়া। বর্তমানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে থাকছেন। পর্যটকরা এর ভেতরে ঢুকতে পারেন না। বাইরে থেকে ঘুরে দেখতে হয়। ছ’ শ’ বছর পার হওয়ার পথে─ এর মধ্যে কত পরিবর্তন হয়েছে স্থাপত্য ও নির্মাণশৈলীর, কিন্তু প্রাচীন ঐতিহ্যের স্মৃতি ধরে রাখবার জন্য, ক্ষমতার কেন্দ্র হওয়া সত্ত্বেও, এই ভবনে কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা মস্কো নদী, বরফ এবং ক্রেমলিন প্রাসাদের অনেক ছবি তুললাম। এটি এখন টঘঊঝঈঙ তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে। ‘তাড়াতাড়ি কর’ বোঝাতে এরা বলে ‘দাবাই’ আর ধন্যবাদ হলো “স্প্যাসিভা”। গাইডের মুখ থেকে কয়েকবার শোনা হলো।
বেলা বেড়ে গেলে আমরা ক্রেমলিনের একটু নিচের রাস্তায় অবস্থিত ক্যাথিড্রালের দিকে অগ্রসর হলাম। এই অর্থোডক্স গির্জাটি বাইরে থেকে দেখতে তো অসাধারণ বটেই, তার ভেতরে গিয়ে দেখলাম এতো মানুষের এখানে আসার কারণ কি। এর মিনার সংখ্যা চারটি, রং ও কারুকাজ মূলত লাল ও সোনালি। এটা ধর্মশালা হলেও রুশ সংস্কৃতির একটি বড় প্রতিনিধি। ধর্মবিরোধী ও নিরিশ্বরবাদী কম্যুনিস্ট শাসনের সময় এটা সহ রাশিয়ার সব ধর্মীয় উপাসনালয় বন্ধ ছিল। ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী ক্রমশ রাশিয়া দখল করতে থাকলে ক্রেমলিন প্রথম এই গির্জাটি খুলে দিয়ে আস্তিকদের সহযোগিতা চায়। যাতে তারা সৃষ্টিকর্তার করুণা প্রার্থনা করে জার্মান আগ্রাসন প্রতিহত রাখার ব্যবস্থা নেয়। বৈশ্বিক মেধায় রাশিয়া তুলনামূলকভাবে অনুজ্জ্বল বলে বিধাতার অস্তিত্বের ব্যাপারে সে নিশ্চিত নয়। তাই একসময় সংশয়কে সে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেছে। কিন্তু পশ্চিম উচ্চ মেধার কারণে নানা সংকট এবং সমস্যায়ও আস্তিক ─ তাই গির্জা সে কখনো বন্ধ করেনি। এবং তার টাকার উপর সে লিখে রেখেছে চিরকালীন এক প্রতিতি, ‘ইন গড উই ট্রাস্ট’।
এটাও প্রাচীন, ষোড়শ শতাব্দীতে নির্মিত। প্রার্থনাকারীদের সংখ্যা বিবেচনায় এটি সর্বাগ্রগণ্য গির্জাগুলোর মধ্যে একটি। এটার নির্মাণেও লাল ইটের ব্যবহার। কিন্তু এর আসল আকর্ষণ রয়েছে ভেতরে। বিশ্বে সেইন্ট লুই বা সেইন্ট পল নামের পুরোহিতদের নামে যেমন গির্জা থাকে, এই গির্জাটি তেমনি সৃষ্টিকর্তার রহমত পুষ্ট ঝঃ. ঠধংংরষু গির্জা নামেও পরিচিত। গির্জার ভেতরে সবুজ ও পাথরের দেওয়াল অত্যন্ত মনোরম। বিখ্যাত শিল্পীদের তেলচিত্র এবং ধাতব মূর্তি দেখে মনে হবে যেন প্যারিসের লুভ্য মিউজিয়াম দেখছি দ্বিতীয়বার। ক্রুশবিদ্ধ যীশু, মা মেরি, বেথেলহেম, ঞযব ষধংঃ ঝঁঢ়ঢ়বৎ, যীশুর প্রতি বিশ্বাসঘাতকতা, আস্তাবলে যীশুর জন্ম, সম্রাট সিজার অগাস্টাস, জুডিয়ার গভর্ণর পাইলেট এবং যীশুর বিচার কার্যক্রমের যেসব ছবি এখানে রাখা হয়েছে তাতে বিশ্ব মান। সবুজ কাচ ও পাথরের ভেতর দিয়ে বিচ্ছুরিত আলো গির্জার ভেতরকে দিয়েছে এক মহিমা। শতাব্দীর পর শতাব্দী এগুলো স্থিরভাবে একই ঔজ্জ্বল্য নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের কোনো কোনো ভবন উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ে; অথচ ডেনিশ রাষ্ট্রদূত যখন কোনো রাস্তা তৈরি করান নিজে দাঁড়িয়ে থেকে তখন তা আট বছরেও কিছু হয় না। এ কথাগুলো এখানে দাঁড়িয়ে মনে পড়ে বড় খারাপ লাগল।
এখান থেকে আমরা গেলাম “ত্রেওতিয়াবাত” আর্ট গ্যালারি। যদি আমি নামটা ঠিকমতো নোট করে থাকি তাহলে নাম এটাই। কি যে তার ব্যবস্থাপনা আর তার ভেতরের কারূকার্য ও শিল্পসম্ভার সে বলে শেষ করা যায় না। এই ভবনও প্রাচীন কিন্তু মানে অন্টুভজাত। রুশ শিল্পীদের আঁকা রং ও তুলির নানা ছবি এখানে স্থান পেয়েছে। এ শহরে ১৫ দিন থাকলেও কোনভাবেই এর অংশবিশেষও দেখা সম্ভব না। কিন্তু তারপরও এর কয়েকটি অবজেক্ট মনোযোগ দিয়ে খুঁটিয়ে-খুঁটিয়ে দেখলাম। এগুলো এতো নিখুঁত তা কল্পনাও করাও কঠিন। জায়গাটার কথা বলি তাদের জন্য যারা বলেন, “বিশ্বর দিকে আমরা নয়, আমাদের দিকে বিশ্ব তাকিয়ে থাকবে─তাদের জন্য।
একটি ছবিতে এক গৃহের উঠানে গ্রীস্মকালে এক রুশ পরিবারের সাংসারিক খুঁটিনাটি বিষয় দেখানো হচ্ছে। গাছের ডালে বাঁধা কাপড়ের দোলনায় এক শিশু দুধ খেতে খেতে তার জননীর কাজকর্ম দেখছে। কাজটি হলো কুড়াল দিয়ে উনুনের জ্বালানীর জন্য গাছের ডাল ফেড়ে লাকড়ির সাইজে নিয়ে আসা। শিশুর কৌতূহলী চোখ, কুড়ালের লোহার কালো রং, কাঠের চেরা অংশের হলদে রং, বাইরের রং, নিচের মাটি, সবুজ গাছ এবং রুশ রমনীর মাথার স্কার্ফ এর কুচি ও রং, কুড়াল ধরা হাতের আঙুলের চাপজনিত পেশী ও শিরার প্রস্ফুটন ইত্যাদি যেকোনো দর্শককে হতবাক করে দেবে। তা এত নিখুঁত, এত পরিচিত। তেমনি ইয়ালটা সম্মেলনে স্টালিনের দুর্ধর্ষ চেহারা, ব্যাকব্রাশ করা কাঁচা চুল, মোছ, গ্রেটকোটের কলার ও আঁখিযুগলের কুটীলতা এবং নিষ্ঠুরতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের পরিপক্কতার মতো ডিটেলস যেভাবে এসেছে তার নমুনা কেবল প্যারিসেরন ল্যুভ মিউজিয়ামেই মিলবে বলে আমার অভিজ্ঞতা ও বিশ্বাস।
যুদ্ধ রাশিয়ার জনজীবনের অবিচ্ছেদ্য স্মৃতি। একটি ছবিতে তার অংশবিশেষ দেখলাম। এক জনপদে সন্ধ্যা নেমেছে, সাইরেন বাজছে। ‘লুফতওয়াফে’ বা জার্মান বিমান আক্রমণ আসন্ন, আক্রমণকারীকে দেখা যাচ্ছে। এই নিশ্চিত ত্রাস থেকে নিজ পরিবারকে রক্ষার জন্য এক জননী ও একটি রাশিয়ান বিমান বিধ্বংসী ইউনিটের যে সংকল্পবদ্ধ মুখচ্ছবি এই রং তুলিতে স্থান পেয়েছে তা এভাবে ফুটিয়ে তোলা বিরল প্রতিভার ব্যাপার। আরেকটি ছবিতে একজন বার্তাবাহক এসে একটি রুশ সৈন্যদলের নেতাকে বলছে, জার্মান হানাদাররা চারদিক থেকে এই গ্রামকে ঘিরে ফেলেছে। আক্রমণ এবং মৃত্যু আসন্ন। শুধু সাদা-কালো রং দিয়ে শিল্পী তার তুলিতে প্রাণপ্রিয় পবিত্র পিতৃভূমির প্রতিরক্ষার প্রবল প্রতিজ্ঞা ও প্রত্যয়ের প্রতিচিত্র দুই তিনটি ছবিতে যে ভাবে এঁকেছেন, তাতে মনে হচ্ছিল যেন প্রায় সিনেমা দেখছি। ইউনিফরম, বেরে, হেলমেট, মেশিনগান, ট্যাংক, সৈন্যদলের সংকল্প, বাংকারের প্রস্তুতি, শীতের প্রাবল্য, যুদ্ধ করার প্রবল প্রতিজ্ঞা সম্বলিত মুখ চোখের যে অভিব্যক্তি এতে ফুটে উঠেছে তার বাস্তবতা বর্ণনা করা কোনো ভাবেই সম্ভব নয়। একটি তাঁবুতে একজন সিগন্যাল অপারেটর মরণপণ যে ভাবে সাহায্যের জন্য ডিভিশনাল হেডকোয়াটারে বেতার বার্তা পাঠাচ্ছে তা থেকেও বুঝতে পারলাম হিটলারের বাহিনীকে পরাজিত করতে রাশিয়ার সামরিক বেসামরিক জনতা সে সময়ে কী অকল্পনীয় কষ্ট করেছিল। মাত্র ২ খানি টি-৩৪ টাংক নিয়ে জারমানদের বিরুদ্ধে সে মরণপণ যুদ্ধ এবং স্কাউট ও ঘোড়সওয়ার বাহিনীর যুদ্ধ চালানোর ছবি এখানে স্থান পেয়েছে। তারপরও সেই বাস্তব ঘটনার শিল্পরূপ দেবার অত্যুচ্চমানের দক্ষতা এই শিল্পীর মননে ও তুলিতে কীভাবে এলো তা আমরা সবাই আলোচনা করেও হদিস করতে পারলাম না। অপর একটি ছবিতে সূর্যকিরণ এর মধ্যে কওঊঠ জধরষধিু ঔঁহপঃরড়হ এ দোতালা কাঠের বাড়ি, প্রত্যুষ, ধুঁয়া ওঠা, কুয়াশা, খালের নিস্তরঙ্গ পানি, রাশিয়ান ডড়সবহ জবমরসবহঃ, হাঁস মুরগির দৌড়ে যাওয়া, নির্মম জার্মান কর্নেল, সাইকেল চড়া মেসেঞ্জার, কাপড় শুকাতে দেয়া কাঠের বেড়া, ঈড়সৎধফব গধলড়ৎ এর দুঃসাহসী দৃষ্টি ইত্যাদির ছবি দেখে মনে হচ্ছিল যেন রাশিয়ান কালচারাল সেন্টারে কোনো যুদ্ধের চলচ্চিত্র দেখছিলাম।
এবার আর এক দিক। এক সেনা যুদ্ধযাত্রা করবে, মা’র সাথে বিদায় সাক্ষাতের ছবি যেন ১৯৪৩ কে ফিরিয়ে এনেছে। আর এক ফ্রেমে জার্মান বোমারু বিমানের বোমায় দাউ দাউ আগুন লাল, কালো, সাদা কুন্ডলী ও ধোঁয়ার বাস্তব দৃশ্য এই অঙ্কনে ফুটে উঠেছে। তাদের এগুলো যেন ২ কোটি মানুষের প্রাণ দান এর গৌরব গাঁথার গড়হঃধমব. রবীন্দ্রনাথ বলেছিলেন ভাষার ক্ষমতা যেখানে শেষ, ছবির ক্ষমতা সেখানে আরম্ভ। এই ছবিগুলো দেখে আরেকবার অনুভব করলাম রবীন্দ্রনাথের পর্যবেক্ষণ ক্ষমতা কতখানি অতলান্তিক। আমার বিশ্বাস তিনি বেঁচে থাকলে এই চিত্র প্রদর্শনী দেখতেন। ইংরেজিতেও যে একটি কথা আছে- এ পিকচার ইজ ওয়র্থ এ থাউজ্যান্ড ওয়র্ডস- এর অর্থ আজ যেন আরেকটু গভীর করে বুঝতে পারলাম। তাদের তৈরি করা দ্যা ক্রেইন্স আর ফ্লাইং ও দ্যা ডয়নস আর কোয়ায়েট হিয়ার- যে কেন বিশ্বমানের হয়েছে তা বুঝতে হলেও এই কয়েকটি স্থিরচিত্র দেখা সহায়ক হবে।
রবীন্দ্রনাথের রচনাবলীর বিষয়ে পাশ্চাত্যের সমালোচকরা বলেছিলেন, ‘তাঁর রচনা প্রকৃতির মতো মনোরম, সূর্যোদয় ও সূর্যাস্তের মতো স্বাভাবিক।’ রাশিয়ার এত শিল্পীর মধ্যে এখানে স্থান পাওয়া এই সব শিল্পকর্ম দেখে আমার সেরকম একটি অনুভূতি হলো। রুবিন নামে এক শিল্পীর করা ঞৎরহরঃু এবং যীশু ও মা মেরির এক ছবিও এখানে আছে। তিনি ছিলেন কমুনিজম এর বাস্তববাদী শিল্পী।
দুপুরের খাবারের জন্য আমাদেরকে একটা রেস্তরাঁতে নিয়ে যাওয়া হলো। রাশান বার্গার এ মেয়নিজ এর খুব প্রাধান্য। এছাড়া আছে পনির, মাখন, কাঁচা ফল ও বাঁধা কপি। রাশান সালাদ বলতে আমরা যা বুঝি এখানে দেখলাম সেটি তার চেয়ে অনেক সুস্বাদু। আর দামি কফির গন্ধে ক্যান্টিনটা একেবারে আমোদিত হয়ে আছে। কফি, বারগার, মেয়নিজ ভরা রুটি, বাধাকপি, সালাদ ও এসপারাগাস এর দাম সহনীয় তবে ক্যাভিয়ার এর দাম দিলাম জনপ্রতি ৭০ ডলার করে। ডেকোরেশন পিস, মোরগ ও জারিনার মুর্তির বেশ দাম।
আজকের আলোচনা শেষে সন্ধ্যায় আবার শুধু কিছু দুর্লভ শিল্পকর্ম দেখানোর জন্য আমাদেরকে গাড়িতে না এনে পাতাল রেলে চড়ানো হলো। ঐরকম সদা ব্যস্ত, ভিড় কবলিত স্থানে শিল্পকর্ম কথাটার মানে বুঝলাম না। গাইড আমাদের উঠবার স্টেশনে ঢুকেই বললেন, ‘লুক অ্যাপ প্লিজ, সি হোয়াট ইজ দেয়ার?’ তাকিয়ে দেখি স্টেশনের প্লাটফর্মের ছাদের কিনারে যতটুকু আঁটে ততটুকুই আঁকা ছবি দিয়ে ভরা। এ সব কাজ পাথরের ওপর খোদাই ও রংয়ের কাজ। ছবির বিষয়বস্তু বিশ্বের চিরায়ত শিল্পসমৃদ্ধ গ্রিক্ ও রোমান পৌরাণিক চরিত্র, রাশিয়ার নিজস্ব ইতিহাস, ঈভান দ্য টেরিবল, রাশান সম্রাট, জরিনা, রাজকুমারী, বিভিন্ন সময়ের ঘোড়ার গাড়ি, তরবারী, বলশেভিক বিপ্লব, গির্জা, বিশ্বযুদ্ধ, ভলগা নদীর কথা, ডুমা এবং রাশিয়ার আধুনিক শিল্পকলা। রেলস্টেশনে স্থান পাওয়া একেকটা শিল্পকর্মেরও যে মান দেখলাম তাতে আর একবার বুঝলাম এদেরকে নিয়ে পাশ্চাত্যের সঙ্গে তুলনা করে একসময় যে হাসাহাসি করতাম তা কতটা না দেখে ও না বুঝে। কোন দেশের হালের শিল্পীদের সৃষ্টি এই সব ছবির ধারে কাছে দাঁড়াতে পারবে না। নড়াইলের খ্যাতিমান আঁকিয়ে শিক্ষার্থীদের বলতেন, “বড় বড় করে আঁকবে”। দেখা গেছে পেশীবহুল শ্রমজীবী মানুষের বা গরুর ছবি ওভাবে এঁকে তেমন কিছু সৃষ্টি হয়নি। জীবনকে দেখতে হলে চোখের ভেতর যে চোখ থাকে সেটি লাগবে। সেটা এঁদের আছে। দস্তয়ভসকির তো এখানে জন্ম। আরো দুটি স্টেশনেও নামলাম এবং অভিজ্ঞতা হলো আরো বিচিত্র। এগুলো এখানে শোভা পাচ্ছে ১৯৩৫ সাল থেকে বলে গাইড ভদ্রলোক জানালেন। হোটেলে ফেরার আগে আমাদেরকে আর একটা জায়গায় নেয়া হলো। এটার নাম আরবাত স্ট্রিট। দূর থেকে দেখা যাচ্ছে শুধু আলো আর আলো। আর লাল মরিচ বাতি ধরণের বাল্ব দিয়ে রাস্তাটা তিনদিক দিয়ে ভরা। মানে রাস্তা বাদে দুদিক ও মাথার শুরুটা। বিয়ের অনুষ্ঠানে কম্যুনিটি সেন্টারের প্রবেশ পথের গেট আমরা যেভাবে সাজাই ঠিক তেমনি এই এক কিলোমিটার লম্বা রাস্তাটা। এরা আবহাওয়া খারাপ না থাকলে সন্ধ্যার পর সাজায়। মানুষ এর নিচ দিয়ে হেঁটে এই আলোকসজ্জা দেখে। তাছাড়া এর এক ঐতিহাসিক গুরুত্বও আছে। তা হলো এই যে একদা এখানেই বসে সাহিত্যআড্ডা ও চা পান করতেন শেখভ ও দস্তয়েভস্কির’র মতো বিশ্বখ্যাত রুশ সাহিত্যিকরা।
৫ ফেব্রুয়ারি ২০১৩
আলোচনা শেষ হয়ে যাচ্ছে সকাল ১১ টায়। এরপর গাইড সোনা গীর্জায় নিয়ে গেলেন। আমাদের সোনা মসজিদ বা স্বর্ণমন্দিরের মতো নয়। মস্কোর কেন্দ্রেই এই গীর্জার গম্বুজটা সম্পূর্ণ সোনার তৈরী। শুনলাম আজ পর্যন্ত এ সোনা চুরি হয়নি। রাষ্ট্রদূত সাইফুল ভাই বললেন, চলেন আর এক জায়গায় ঘুরে আসি। ভালো লাগবে। রোদ আছে আজ। এমন দিনেই ওখানে যাওয়া দরকার। জায়গাটার নাম এটগ শপিং সেন্টার। কভারড জায়গা। মাঝখানে একটা জিরো পয়েন্টের মতো গোলাকার স্থান আছে। সেটা থেকে সামান্য দূরত্বে চার বাহু
বিস্তৃত ফ্লোর। এই ফ্লোরের ওপর বিপণী বিতান। হীরে, সোনা, প্লাটিনাম, ঘড়ি, জুতো, পারফিউম, স্যুট, শার্ট, ক্যামেরা এবং কম্পিউটার পাওয়া যায়। যে বৈশিষ্ট্যের কারণে সূর্যালোকের সময় আসা সুবিধাজনক তা হলো এই যে এর ছাদ কাচ দিয়ে তৈরী। লোহার ফ্রেমের ওপর বসানো ঐ কাচ দিয়ে প্রবেশ করা আলো দোকানের সামনের সব প্যাসেজকে আলোকিত করে রাখে। তার সাথে নিচে আছে ক্রিস্টালের তৈরি ঝাড়বাতি। এখানে পাওয়া যায় এমন দ্রব্যগুলো এমন সুলভ মূল্যের যে বিশেষ করে সীমিত আয়ের লোকদের জন্য তা সুবিধাজনক (!)। উদাহরণ স্বরূপ কোনো রকমে পছন্দ হয় এমন একটা শার্টের দাম করলাম। একদাম ১৫,০০০.০০ টাকা। সাইফুল ভাই বললেন, এর চেয়ে কম দাম এ এখানে কোনো শার্ট নেই। এক জোড়া জুতার দাম ন্যূনপক্ষে ৪০,০০০ টাকা।
আমাদের দেশে ফেরার ফ্লাইট ছিল রাতে। ঢাকা থেকে আসার সময় মস্কো এয়ারপোর্টের পথের তেমন কিছু ভালো দেখতে পারিনি। বিকেলে সেই পথে ফেরার সময় দেখতে পেলাম বেশ কিছু দৃশ্যাবলী। সাধারণ রাস্তা, মোটা দামের স্টোর এবং কম্যুনিস্ট আমলের আবরণহীন, আভরণহীন এবং একই আকৃতির গাড়ি সারি সারি। একঘেয়ে হাউজিংও দেখতে পেলাম। সাবান, বিস্কুট, স্যুভেনির ও আরো কিছু জিনিস শপিং করেছিলাম। সেখানেও দেখেছি আটপৌরে ভাব ও মোটা দাগের আধিপত্য। এটা ঠিক এই রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধে দারুণ সহযোগিতা করেছে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানিদের ফেলে যাওয়া প্রাণঘাতী মাইন মুক্ত করতে গিয়ে রুশ নৌ-বাহিনীর নাবিক প্রাণ হারিয়েছেন। কিন্তু তারপরও মনে পড়ল যে যারা এই সাধারণ সামান্য আটপৌরে জীবন ধারণের প্রবক্তা ছিলেন সেই সিরাজুল আলম খান আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। জলিলের কন্যা ব্যারিস্টারি পড়েছেন লন্ডনে।
রাত আটটায় মস্কো থেকে ফ্লাইট ছাড়লো। বিদায় জানালাম জার, পুশকিন, সোলঝেনেৎসিন, লেনিন ও দস্তয়ভস্কির জন্মভূমিকে।■