১. দূর হ অন্ধকার
দুপুরের আহার যখন শেষ হলো তখন মধ্যরাত,
আমাদের চারপাশে গাঢ় অন্ধকার জমেছিল বোধহয়,
অথচ আমরা প্রত্যেকেই দগ্ধ দুপুর অনুভব করছিলাম,
ঘন বনের ফাঁকফোকর দিয়ে আর নদীর জল ছুঁয়ে
আমাদের চোখে সাগরের ঢেউয়ের মতো লাফিয়ে
পড়ছিল রোদ, আমাদের কেউ কেউ সানগ্লাস খুঁজছিল।
আমরা ভেবে রেখেছিলাম বিকেলের মধ্যেই আমরা
এই গভীর বনাঞ্চল, পাথুরে পাহাড় আর তীব্র খরস্রোতা
নদী পার হয়ে যাবো, কেননা আমাদের তাড়া করছিল
ফেরাউনের একপাল বংশধর, অন্ধকার তাদের প্রিয়।
সময়ের নানা মারপ্যাঁচ খুলে যখন বুঝতে পারলাম
একটা গভীর অরণ্যের ভেতর আমরা ক্রমেই আটকা
পড়ে যাচ্ছি, আমাদের গ্রাস করার জন্য ছুটে আসছে
শয়তানের অগ্নিবাণ আর সাপের ছোবল, সন্ত্রাসীদের
মতো চারপাশ বন্ধ করে আমাদের ঘিরে ধরছে নিকষ
অন্ধকার, তখন আমরা শেষবারের মতো আকাশের
দিকে তাকিয়ে তাঁর অনুগ্রহ চাইলাম, সেজদায় নত হয়ে
জগতের সকল দেনা-পাওনার দরোজায় এঁটে দিলাম খিল।
আমাদের চোখের জলে যখন খট্খটে মাটি হয়ে উঠলো
তুল্তুলে কাদা, তখন বিস্ময়ভরা চোখে আমরা দেখলাম
আমাদের বন থেকে বেরিয়ে যাবার পথের ওপর পূর্ণিমার
শাদা আলো বিছিয়ে দিয়েছে নরম গালিচা, আমাদের
সামনে প্রস্তুত বখতিয়ারের ঘোড়া, আর প্রত্যেকের হাতে
ঝক্ঝক্ করছে টিপু সুলতানের শাণিত তরবারি।
আমরা যাত্রা শুরু করতেই অন্ধকার বনভূমি হয়ে উঠলো
আদিগন্ত গোলাপ বাগান।
২. আমার গুপ্তঘাতক
ছোঁয়াই যাবে না, দু’হাতে বালুর কণা,
অথবা বাতিল নোংরা-আবর্জনা,
চাঁদ ডুবে যায় ফিকে জ্যোৎস্নায়
তস্করদের বেড়ে যায় আনাগোণা।
বৃক্ষরাজির সবুজ গিয়েছে উড়ে
র্কা হাতে আজ চক্চক্ করে ছুরি ?
সুরভি ছড়ালো বাতাসে বাগান জুড়ে.
কোথাও কি কেউ ভাঙছে পাথরনুড়ি ?
ভুল সংলাপ শুনি না বন্ধ কানে
কড়িকাঠে আমি আটকে রেখেছি চোখ,
হয়তো ভাবছি তাবৎ পৃথিবী জানে
আমি চর নই, নিরাপদ এক লোক।
চোখের আড়ালে সমাপ্ত জাল বোনা,
আমার গুপ্তঘাতক নীলাঞ্জনা।
৩. তুমি সেই ইরাবতী
পৃথিবীর সব দরোজা বন্ধ হয়ে গেলে
তুমি দি¦ধাহীন চলে এসো আমার ঘরে,
আমার দরোজায় কোনো কপাট নেই।
চোখ দেখে আতঙ্কিত হবে না তুমি,
শতভাগ সাহস আর নিশ্চয়তা নিয়ে
তুমি তাকাতে পারো আমার চোখে,
চোখের দিঘিতে এখন সারি সারি
শাপলা ফুল, তার বর্ণিল পাপড়িতে
জমে থাকা নরম রোদ তোমাকে উষ্ণতা
দেবে বলে অপেক্ষমান, আলিঙ্গনের
হাতজোড়া স্বাগত জানাবে বলে
আমার চৌকাঠে সাজানো লতাগুল্মের
আর্চওয়ে, দরোজা অবধি পথ জুড়ে
বিছানো রয়েছে সবুজ ঘাসের গালিচা।
তোমার পায়ের স্পর্শে আমার ঘরের
মেঝে থেকে উড়ে যাবে কষ্টের পাখিরা,
রাত হলে জানালায় আটকে থাকবে
একটা আস্ত শাদা চাঁদ, মন চাইলে
কিছু জ্যোৎস্না চুমুকে তুলে নিতে পারো
বুকের পার্সে, কোনো মূল্যই নেবো না।
তুমি সেই ইরাবতী, যার একফোঁটা জল
প্লাবন হয়ে ভাসিয়ে নেবে আমার পাপ,
আর তোমার হাহাকার, নিঃশব্দ অভিশাপ।
৪. নির্ভুল ব্যবস্থাপত্র
আমার ব্যবস্থাপত্রে কোনো ভুল ছিল না, বলেছি নিয়ম করে খাবে,
উপকার হবে। যৌবনের ধারণাপত্র নিয়ে তোমার ভুল বিশ্বাস ছিল,
শীত ও গ্রীষ্মকে তুমি এক করে ফেলেছিল, নদী ও সমুদ্রের মধ্যে যে
বিস্তর ফারাক তা বোঝাতে আমাকে কিনতে হয়েছিল সামুদ্রিক মাছ।
বলেছিলাম পূর্ণিমার জ্যোৎস্না দিয়ে রাষ্ট্রীয় সীমানার স্বার্থরক্ষা
হলেও তোমার গর্ভের সন্তান পাবে না কোন নিরাপদ আশ্রয়,
জ্যোৎস্না খেতে হবে ইতিহাসের আরকের সাথে মিশিয়ে, বর্ষায়
বৃষ্টি খাবে, শীতের ঝরে পড়া এক চামচ কুয়াশা খুব সহজেই খাওয়া
যায়, খেয়ে নেবে সাতচল্লিশের দেশভাগের সাথে মিশিয়ে।
ভাষা আন্দোলন থেকে একাত্তরের রক্তাক্ত পিঠা ভাগাভাগির ঐশ্বর্য
পরিশ্রুত জলের সাথে ভিজিয়ে ভিজিয়ে খাবে, সূর্য ডুবতে বসলে
কুসুম রোদের সাথে মিশিয়ে নেবে চব্বিশের বিপ্লবী গণঅভ্যুত্থানের
অনন্য স্লোগান, এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেলে গর্ভের সন্তান
জন্ম নেবে বৈষম্যহীন বাংলাদেশের হাসপাতালের পরিচ্ছন্ন বেডে।
তুমি খাওনি, এমন মিলিয়ে-মিশিয়ে খাওয়ার অ™ভূত ব্যবস্থাপত্র তুমি
মানতেই পারোনি। ছিঁড়ে ফেলেছিলে সংসদের বিশেষ অধিবেশনে।
আমি তোমার আসন্ন সন্তানের জন্ম নিয়ে দিনরাত্রি আশঙ্কায় আছি।
৫. আম্মার কবর
সন্তানের শিকড় ছিঁড়ে আম্মার নিঃশব্দ প্রস্থান,
মাথার ওপর থেকে সরে যায় আদরের ছায়া,
বাতাসে উড়ে আসে ফজরের মধুর আজান,
দু’চোখে প্লাবন নামে গাঢ় হয় অমলিন মায়া।
কবর তৈরি করে খোদকেরা কোদালের কোপে,
লোবান পুড়ছে তার শয্যাপাশে, ব্যস্ত প্রহর,
কোরান পাঠের ধ্বনি, হাতে কেউ তসবীহ্ জপে,
কাফনের প্রস্তুতি, জানাজা হবে নামাজের পর।
আমার পায়ের নিচে মাটি কাঁপে, থেমে যায় ঘড়ি,
তৃষ্ণার্ত ঠোঁট নড়ে মৃদুস্বরে পড়ছি দোয়া ও দরুদ,
আম্মার শীতল হাত চেপে ধরি, প্রার্থনা করি
অন্ধকার কবর যেন ফুলের বাগান হয় আল্লাহ্ মাবুদ।
সেই থেকে কবরে তার জিয়ারতে যতোবার আসি,
বেহেশতি ফুলের ঘ্রাণে মুগ্ধতার সৌরভে ভাসি।