লোকজন প্রজাপতি বনের গাছ আগেও কেটে নিয়ে গেছে। সে সব ছিল চুরি। কিন্তু আজকের এই গাছ কাটার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ঘটনাটা গত রাতের ভয়াল স্বপ্নেরই বর্ধিত বাস্তব। একটা ভৌতিক জাল আটকে ফেলেছে তাকে। যতই ও তা ছিঁড়ে বেরিয়ে যেতে ছোটে ততই অদ্ভুত স্থিতিস্থাপক সুতাগুলো জড়িয়ে পেঁচিয়ে ধরে। তবে বিস্ময়কর জীবনীশক্তি তার। জাল ভেদের জন্য ছুটছে, ছুটছেই।
ওদিকে জালের নাটাই ধরে টানছে এক নির্মম ঐন্দ্রজালিক—জেড এম। তার দেহের আঙ্গিকে অদ্ভুত যন্ত্র—তাতে কেটে নেবে ওর হাত, পা, ধড়, অতঃপর অবশিষ্ট কিম্ভূত দেহখণ্ড। এগুলো থেকে কারখানায় তৈরি হবে বিচিত্র সব পণ্য। জেড এম একে একে যে সব প্রস্তাব তাকে দিয়েছে, গন্তব্য বস্তুত এ-ই। বসুন্ধরা দিব্যদৃষ্টি মেলে দেখে নিয়েছে তার ভবিতব্য। এবং সব প্রস্তাব প্রত্যাখ্যান। এভাবে আগের সব প্রস্তাব, উদ্দেশ্য বাস্তবায়নের কূটকৌশল ভেস্তে যাওয়ায় এখন তার এই পদক্ষেপ।
কী করা! যেহেতু কিছুই করার পথ নেই অগত্যা পুলিশ।
আপনি কোন দল করেন? পুলিশ ইন্সপেক্টরের প্রশ্ন।
আমি কোনো দল করি না। বসুন্ধরা অকপট।
গণতন্ত্রের দেশে দলই করেন না অথচ এমন ঘটনায় পুলিশ ডাকেন, কী দুঃসাহস!
ওই গণতন্ত্রের কারণেই তো পুলিশ ডাকা। এমন গণতন্ত্র নেই, ব্যক্তিস্বার্থ নেই। আমার প্রজাপতিও নিরাপদ।
আরে চা বাগানের কতো ছায়াবৃক্ষ কাটা যাচ্ছে—যারা কাটছে তাদের বিরুদ্ধে মালিকের অভিযোগ দূরে টুঁ শব্দটি নেই। আমরাও... আর ডারার পেছনে কে জেনেও...
তাই। পুলিশ বড়জোর ডারাকে এক আধটা ধাপ্পী দিতে পারে, লোক দেখান। জেড এমের বলয়ে ঢোকে সাধ্য কী!
জেড এমের প্রজাপতি ফার্ম পরিদর্শনের সফরসূচি যখন তার হাতে আসে তখনই বুঝেছিল এ অমঙ্গলের বার্তা। গণরায়ের মধ্যে লোকটির অনেক বৈশিষ্ট্য চাপা পড়লেও বসুন্ধরার চোখে যে সবই ট্র্যান্সপ্যারেন্ট।
যথারীতি পুলিশ এস্কর্টে তিনি এলেন। সঙ্গে কয়েকজন সরকারি স্টাফ, আর এক ঝাঁক পার্টির মোসাহেব।
আপনার ফার্মের কথা পত্রিকায় পড়েছি, লোকমুখে শুনেছি, রহস্যঘন হয়ে উঠতে চাওয়া জেড এমের কণ্ঠ বিকৃত হয়ে বাজে, ওদের কাছে আপনি আর জীবিত নেই ম্যাডাম, কিংবদন্তি।
তাই!
ও যখন এখানে, শিল্পনগরীর উপকণ্ঠে, জাগা নিল আশেপাশের লোকজন ধরে নেয় আরো একটি ইন্ডাস্ট্রি হচ্ছে। কিন্তু তারা দেখল পাহাড় আর সমুদ্রের মাঝখানে এই সমতলভূমিতে ছিটানো হচ্ছে লতাগুল্মের বীজ, রোয়া হচ্ছে গাছপালার চারা— এবার তারা বোঝে চা’র মতো কোনো অর্থকরী দ্রব্যের চাষ। অথচ তাও নয়, দেখতে দেখতে একখণ্ড নিটোল প্রকৃতির মধ্যে বিচিত্র সব প্রজাপতি। লোকে বলে তিনি যখন এখানে আসেন তখন ছিলেন মধ্যবয়সী। একদিকে এই বন কিংবা বাগানে বাড়ছে প্রজাপতির ওড়াউড়ি অন্যদিকে কমে আসছে তার বয়স।
দেখতে দেখতে ও এক অপূর্ব যুবতী। বসুন্ধরা হেঁটে কিংবা উড়ে বেড়ায়। প্রজাপতিদের মধ্যে। পরী প্রজাপতি কিংবা প্রজাপতি রাণী। তার স্তন স্তন্যপায়ীর বুকের সুন্দরতম বিকাশ। নিতম্ব এমন সুগঠিত, যা কিনা জগতের শ্রেষ্ঠ সন্তান ধারণের পটভূমির। এখন এ তল্লাটের অনেকেই (হয়ত কেউ কেউ তখন শৈশবে) স্মরণ করতে পারে না তার মধ্যবয়স। তাদের চেতনায় এই যুবতী—প্রজাপতি বন আবহমানের।
আচ্ছা এতো কিছু থাকতে, বাগান ঘুরে দেখতে দেখতে জেড এম সাহেবের প্রশ্ন, আপনি প্রজাপতিকেই কেন বেছে নিলেন?
প্রজাপতি মঙ্গলের প্রতীক, বসুন্ধরা পদ্ম-পাপড়ি-কোমল হাতে পাশের ঝোপ থেকে একটি প্রজাপতি ধরতে ধরতে বলে, পতঙ্গের মধ্যে, শুধু পতঙ্গ নয়, উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ জীবজগতে প্রজাপতিই শৈল্পিক সৌন্দর্যের চরম বিকাশকে লালন করছে। এই যে দেখুন—
প্রজাপতির পেছনে কৈশোরে কে না ছুটেছে, জেড এমের চোরা চোখ বসুন্ধরার বুকে উঁকি দেয়া কোমল আপেলে। মনে মনে উচ্চারণ করেন, কিন্তু উদ্ভ্রান্ত যৌবনে নারী, কড়ি,...
প্রজাপতির আসল কামটা কী জানেন! তার গলায় কামুক ভঙ্গি, পরাগায়ন।
এদিকে প্রজাপতির পাখা মেলে ধরেছে বসুন্ধরা, এই যে জীবন্ত পিগমেন্ট আর ফোটোনিক ক্রিস্টালের বিন্যাসে পাখার জমিন, তাতে কী অসাধারণ— সূক্ষ্ম কারুকাজ। এই পাখার আকাশী টানটা যেখানে শেষ দেখুন, অন্য—এটারও তাই। এমনকি টানের মাথায় পান্না-সবুজ টিপটি! আর এই কাজের সঙ্গে পাশের রঙের মিশেল— সমন্বয়! মনে হয় ঈশ্বরের মতো মহান কোনো শিল্পীই...
সই, পলাশ বনে রঙ ছড়ালো কে, জেড এম আবৃত্তির ঢঙে গানের কলি ভাজেন, সেই রঙে রাঙা মানুষটিরে কাছে এনে দে।
এখন তার সৌন্দর্য নয়, বাঁচা নিয়ে কথা—প্রজাপতি বাঁচলে আমি বাঁচব।
এই ফার্ম রক্ষা এবং উন্নয়ন আমাদের দায়িত্ব, জেড এম দৃঢ়কণ্ঠ, সে জন্যই তো আমার আসা।
স্যার, প্রজাপতির বাজার কিন্তু দারুণ চড়ছে, ব্যবসায়ী গোছের লোকটি পেছন থেকে বলে ওঠে, ৮৪ সালে যে জোড়া কুইন আলেক্সান্দ্রাসের দাম ছিল দুই হাজার ডলার নব্বুইয়ে তা পাঁচ হাজার আর এখন...
আরে ২০০৬এ-ই... কে যেন আগের কণ্ঠ ছাড়িয়ে, আল সালভাদর ৮০ প্রজাতির প্রজাপতি উৎপাদন করে কামিয়েছে সাত কোটি মার্কিন ডলার!
কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে কেউ যেন তথ্য-উপাত্ত সংগ্রহ করে সব সঙ্গে নিয়েই এসেছে।
প্রাণীটা বাঁচে কিন্তু গ্রীষ্মে সর্বোচ্চ মাত্র চল্লিশ দিন আর শীতে বড়জোর মাস ছয়েক! তবে ট্যাক্সিডার্মি প্রক্রিয়ায় শোপিস বানিয়ে একে বছরের পর বছর রাখা যায় অমলিন, ফতুয়া পরা লোকটি সংস্কৃতিবান পুরুষের ভাব নিয়ে কয়, এ ক্ষেত্রে দুর্দান্ত সুন্দর ওই বাড-উইং সারা বিশ্বে জনপ্রিয়—রাজকীয় কুইন আলেক্সান্দ্রাস বাড-উইং।
এখনও কি কুইন আলেক্সান্দ্রাস পাওয়া যায়! কাঁধে ক্যামেরা, সম্ভবত সাংবাদিক, বলেন, বেশ কয় বছর আগে পত্রিকায় দেখছিলাম, এখন পর্যন্ত টিকে থাকা প্রজাপতির মধ্যে এইটাই সবচে বড়, যার পাখার বিস্তার প্রায় ১ ফুট। এর বাচ্চারা কদল বনে এক ধরনের বিষাক্ত গাছের পাতা খেয়ে বড় হয়। বিষ খেয়ে খেয়ে হজম করে নিজেরাও কিনা হয় বিষাক্ত। আর তাই পাখিরাও তাদের খেতে ভয় পায় অথচ কী আশ্চর্য শুধু নিউ গায়ানাতেই ওরা বেঁচে আছে—তাও বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায়। আর এতদিনে...
আমাদের সৌভাগ্য এখনও তারা বিলুপ্ত হয়ে যায় নাই, বসুন্ধরা বলে, এবং আমার এখানেই তাদের দেখতে পাবেন।
তাই নাকি! অবাক সবাই। জেড এম বলেন, চলুন আগে কুইনের সঙ্গেই দেখা করা যাক।
প্রায় এক ফুট লম্বা পাখার প্রজাপতি দেখে স্ফীতোদর জেড এম উচ্ছ্বসিত, ড্রইং রুমের খাঁচায় এটাকে দারুণ লাগবে।
আমি কটা স্ন্যাপ নেই... বলতে বলতে সাংবাদিক ক্যামেরা ক্লিক করে—বসুন্ধরার জবাবের তোয়াক্কা করে না। ক্যালেন্ডার, ভিউকার্ডে ফুটবে চমৎকার।
দুর্ভিক্ষ আর মঙ্গার দেশ—কিন্তু এখানেও এর ক্রেতা আছে প্রচুর। আর বিদেশে... ব্যবসায়ী বলে চলে, তো সাপ্লাইয়ে যাতে কখনো ঘাটতি না হয় প্রোডাকশন...
ও হ্যাঁ, এবার... জেড এম খোঁজেন, প্রোডাকশন সাইড?
ফার্ম, প্রোডাকশন, সাপ্লাই! বসুন্ধরার কণ্ঠে উপহাস।
মাছের জন্য যেমন হ্যাচারি, হাঁস-মুর্গির ডিম ফুটানোর ইনকিউবেটর, সাংবাদিক বুঝাতে সচেষ্ট, তেমনি প্রজাপতির শুয়োপোকা...
বসুন্ধরা হাঁটতে হাঁটতে বলে, এই যে দেখছেন তুঁত, জারুল আর অর্কিড বন— এ হচ্ছে স্ট্রাইপ্ড টাইগারের জন্য। আর ওই অশ্বত্থ, কলা, কুর্চি কমন-ক্রোর। যার যে পোষক—তা ছাড়া প্রজাতিটির বাঁচা অসম্ভব। শুধু কী তার বাঁচা— প্রজাপতির একটি প্রজাতি হারিয়ে গেছে বলে ঔষধি গাছ ঈশ্বরমূল আজ বিলুপ্ত প্রায়!
কিন্তু এভাবে তো ফার্ম চলতে পারে না, ব্যবসায়ীর অসন্তোষ, কৃত্রিম উৎপাদন প্রক্রিয়ায় যদি...
আমি কি ফার্ম চালাই! বসুন্ধরা বলে।
এ তবে প্রজাপতির অভয়ারণ্য! ব্যবসায়ীর পরিহাস।
নো...
বুঝতে পারছেন না, সাংবাদিকের সমঝদারি কণ্ঠ, এটা হচ্ছে চিড়িয়াখানা—বাটারফ্লাই জু।
ইকোটুরিজম, গলায় অর্থনীতিবিদের বিজ্ঞতা নিয়ে কেউ বলে, পর্যটকদের আকৃষ্ট করার স্বার্থে মালেশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো শিল্প বাজার সফল দেশে তৈরি করা হয়েছে প্রজাপতি গার্ডেন।
আপনার ইনটুইশান, আইডিয়া আমাদের অর্থনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে, জেড এম বসুন্ধরার দিকে তাকিয়ে বলেন, কারণ আমি জি-সেভেন ঘুরেছি—কোনো দেশেই এমনটি দেখিনি। তবে এর সুপরিকল্পিত ইউটিলাইজেশন...
কিন্তু আমার যে কোনো অর্থনৈতিক উদ্দেশ্য নেই, বসুন্ধরা বলে, প্রাচীন গ্রীকরা জেনে ফেলেছিল প্রজাপতি মানুষের আত্মা অথচ আজ...
স্যাঙ্কচুয়ারি, সাংবাদিক বলেন, আমার মনে হয় স্যার উনি প্রজাপতির অভয়ারণ্য করেছেন। এটা কিন্তু বিভিন্ন দেশে হচ্ছে।
আমার হাতে কোনো স্কেল, কাঁটাতার নেই, বসুন্ধরার কণ্ঠে গাম্ভীর্য, প্রজাপতির অমরত্বই আমার অঙ্গীকার।
বসুন্ধরার চোখে ভাসে, জগৎময় প্রজাপতি বিনাশের আয়োজন। তার কথায়, চোখের দিকে তাকিয়ে জেড এমের মনে হয়, এ ছিটগ্রস্ত। অন্তত খেয়ালি। তবে এই খেয়ালিপনাকে স্বার্থের ছাঁচে ঢালাই তার পক্ষেই সম্ভব। তিনি তার সঙ্গে একা কথা বলার সুযোগ তৈরি করেন।
তা এ কাজে তো প্রচুর অর্থ প্রয়োজন।
হ্যাঁ।
আপনাকে কেউ ফিন্যান্স করছে?
না।
তাহলে এভাবে কদ্দিন চলবে! দেখতে দেখতেই আপনার ফার্ম প্রজাপতিশূন্য—বিরাণ হয়ে যাবে। নিরূপায়, নিঃস্ব চোখে আপনাকে... অথচ আপনার স্বপ্ন...
কী যে করি!
বসুন্ধরার চোখে মুখে তার কাঙ্ক্ষিত অসহায়ত্ব দেখেই বাণ ছুঁড়েন জেড এম, এর একটা উত্তম সমাধান আমি দিতে পারি।
বলুন। বসুন্ধরার কণ্ঠে প্রত্যাশার আলো ফোটে না।
জাগাজমি থেকে শুরু করে এ পর্যন্ত যা যা ইনভেস্ট করেছেন আজকের মূল্যমানে সব আমি আপনাকে পাইয়ে দেব—তাতে লসের ঝুঁকি থেকে আপনার মাথা সম্পূর্ণ মুক্ত, জেড এমের চোখ-মুখ-কণ্ঠের ভঙ্গিও তাকে বাগে নিতে তৎপর, এরপর এই ফার্মেই আপনি মোটা বেতনে ডিরেক্টর হিসাবে নিশ্চিন্তে...
অ্যাব্সার্ড।
জেড এম অপ্রস্তুত, হতাশ। একটা চুরুট জ্বালান। ধোঁয়ার শিকল তৈরি করতে করতে বলেন, বুঝেছি, ভাবছেন আপনার মালিকানা চলে যাচ্ছে। আসলে আমিও চাই না আপনি স্বত্ব হারান। আই নো য়ূ আর স্টিল আনম্যারেড। এক্ষেত্রে যদি আপনি আমার প্রপোজাল অ্যাক্সেপ্ট করেন সে সূত্রে...
উপপত্নী—প্রতারণা কৌশল।
জেড এম সাহেবের কাছে গেলে সমস্যার সমাধান হবে—কথাটি তার কানে এসেছে অনেক আগেই। তখন লোনের আবেদনের প্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তারা এসেছে সরেজমিন বাগান পরিদর্শনে। অবশ্য অনেক গড়িমসির পর। বসুন্ধরা তাদের বুঝানোর চেষ্টা করে, প্রজাপতি সুস্থ পরিবেশের মাপকাঠি।
পৃথিবীতে যদি প্রজাপতি সারভাইভ করতে না পারে মানুষ—কোনো জীবই করবে না।
মানুষ আর প্রজাপতির বাঁচার শর্ত কিন্তু এক না।
তা হয়ত না কিন্তু শেষ পযন্ত এই গ্রহ যদি প্রটোপ্লাজম রক্ষণেই অক্ষম হয়! আর সুখি-সুন্দর জীবন তো...
বুঝলাম সবি, কিন্তু আপনি ব্যাংকে কেন, ম্যানেজার বলেন, পরিবেশ বাঁচাতে ইউনেপ আছে, নানা এনজিও...
তারা কতটুকু, কী করতে পারছে বলুন!
লোকটার চোখেমুখে পরিহাস ফোটে, আর আপনি যে লোনটা চাচ্ছেন, বড় জোর একটা মডেল তৈরি হতে পারে। কিন্তু সারা পৃথিবী!
ম্যানেজার সারা পৃথিবীর ভার চাপিয়ে তাকে ডুবিয়ে দিতে চাইলেও তারই মধ্যে থেকে বসুন্ধরার স্বপ্ন ভেসে ওঠে—দিনে দিনে বিচিত্র প্রজাপতিতে ভরে গেছে সব অরণ্য, নিকানো বাগ-বাগিচা। তাদের পাখায় চড়ে মর্তে স্বর্গসুখ নেমে আসছে। অবশেষে, যখন মৃত্যু এসে তার সামনে দাঁড়ায়, যেহেতু এ অনিবার্য, ও একটি অপূর্ব প্রজাপতিতে রূপান্তরের মধ্য দিয়ে, যেন তা তার জীবন চক্রের একটি পর্ব, তাকে ও বরণ করে এবং কারুময় পাখা মেলে স্বর্গে উড়ে চলে।
যাক, ধরুন লোনটা আপনাকে দিলাম, একটা মডেল তৈরি হল কিন্তু তার আউটপুট কী! ম্যানেজার তার স্বপ্নে তপ্ত-লাল-লোহার একটা ছেঁকা মেরে বলে, আপনি লোন শোধ করতে পারবেন? এই বাজার অর্থনীতি, কর্পোরেট সংস্কৃতির যুগে সরকার এতগুলো টাকা প্রজাপতির পাখায় উড়িয়ে দিতে পারে না। আর টাকা তারও নয়, দাতা সংস্থার।
বসুন্ধরা প্রজাপতির মতোই বাকহারা।
তবে ওদের এজেন্ট... না মানে দাতার স্বপ্নের ধারক বাহককে যদি ম্যানেজ করতে পারেন, জনৈক কর্মকর্তা জনান্তিকে তাকে বলেন, তাকে দিয়ে আপনার দুই কূলই রক্ষা হবে। কারণ তিনি সরকারেরও এক বড় কর্তা— মিনিস্টার।
জেড এম যখন জেলা বনরক্ষক পদে বৃক্ষ নিধনের বিনিময়ে প্রাপ্ত অর্থে তখনই ব্যাঙ এক্সপোর্ট লাইসেন্স, চিংড়ি ঘের, ইন্ডাস্ট্রি—মন্ত্রিত্বের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায়। এ সবের মধ্য দিয়ে বসুন্ধরা দেখে লোনের বিনিময়ে তার রাত্রি যাপনের প্রস্তাব, ব্যর্থ হয়ে ধর্ষণের গ্যাড়াকল তৈরি।
যায় নি ও। অথচ নিয়তির মতো এখন সে তার সামনে। মিস ধরা, জেড এমের শেষ কথা, আপনি আমার মধ্যে ওজন স্তরের অতিকায় ফুটো দেখছেন, রাইট, কিন্তু তা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় দেখতে পাচ্ছেন কি?
জেড এমসহ সবাই যখন গাড়ির দিকে, কাফেলার সবচে পেছনের লোকটি, সম্ভবত সে-ই ডারা, তাকে বলে, রাজি হয়ে যান ম্যাডাম, না হলে কোনো কূলই রক্ষা হবে না—হেয়ার ইজ দি আল্টিমেটাম।
ওই আল্টিমেটামের সূচনা গাছ কেটে। ক’দিন পর বিদেশী ফাইন্যানসিয়ারসহ জেড এম। প্রজাপতি বন গ্রাস করে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।
বসুন্ধরা নিরুপায়—অসহায়। বন-পাহাড় কেটে সাইজ করা হচ্ছে। ইটের জন্য জ্বলে উঠেছে গাছ- জ্বালানির চুল্লি। কারখানার বর্জ্য ওগরাতে বসে যাচ্ছে বিশাল চিমনিও।
আশ্চর্য, দেখতে দেখতে ক্ষোভ জেগে উঠল তল্লাটের সাধারণ মানুষের মধ্যে। প্রজাপতি আছে বলে এখানে রোগবালাই নেই বললেই হয়। এবং কী করে যেন এই ক্ষোভ তথাকথিত অচল সর্বহারা রাজনৈতিক কর্মীদের কণ্ঠে চলে যায়।
আমরা আর ভিক্ষার ঝুলি বয়ে বেড়াব না, জনসভায় জেড এমও উচ্চকণ্ঠ, এই শিল্পনগরী এখন মিসাইল, ফাইটার প্লেন বানিয়ে ব্যবসা করবে। পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে চমকে দেবে বিশ্বকে।
এলাকাবাসীর নিরুপায় ক্ষোভ বাম নেতাদের কণ্ঠে বাঙময় হয়, আমরা জেড এমের চামড়া ছুলে তাকে মহানগরীর ওই মাছহীন নদীর শুশুকদের মধ্যে ছেড়ে দেব। শিল্প বমি পেটে গেলে তার মরা জঠরও বুঝবে...
হুমকির পাশাপাশি তাদের দাবি, প্রজাপতিকে জাতীয় পতঙ্গের মর্যাদা দিতে হবে।
ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভেস্তে গেল।
বরং দেখতে দেখতে এই তল্লাটে আরো একটা প্রজাপতি বাগান তৈরি হল। এবং তা বেশ আধুনিক ধাঁচে। লোকজন খুশিই। ধীরে ধীরে প্রকাশ পায়, এর প্রোপ্রাইটার জেড এম। জনপ্রিয়তার স্বার্থে তিনি জনকল্যাণ প্রতিযোগিতায়! কিন্তু তার বাগানের চারপাশে যে কাঁটা-জালির উঁচু ঘের! এবং এক সময় দেখা যায় বিশাল নিয়ন সাইন—জেড এম বাটারফ্লাই। একপাশে খুলে যায় সেল্স সেন্টার।
কিন্তু নগরবাসীর আকর্ষণ বসুন্ধরা প্রজাপতি পার্ক। কর্মক্লান্ত মানুষ পাহাড়ের প্রান্তে, সমুদ্রের পাড়ে তার বাগান ঘিরে দাঁড়ায়— প্রজাপতি দেখে, তাদের ছড়ানো সুগন্ধে নিঃশ্বাস নেয়।
আশ্চর্য, গাছপালার বৈচিত্রের কারণে এই বাংলায় কতো প্রজাতির প্রজাপতি! কেউ আলো, কেউ আন্ধার, কেউ সান্দ্র আলোয় বিচরণ পছন্দ করে। কেউ রাতে, কেউ দিনে ঘুমায়।
জেড এম বাটারফ্লাই এর সেলসে গিয়েও শৌখিন ক্রেতা এদিকে তর্জনী তোলে, ওই রকম চাই।
বিদেশী বায়ার বসুন্ধরার দ্বারস্থ— চাই এক টুকরো উড়ুক্কু প্রকৃতি।
তাদের কণ্ঠ জেড এমের কানেও পৌঁছে। শুধু কণ্ঠ নয়, চাপ, এগুলো ভোক্তা নিচ্ছে না। অতএব, ফিন্যান্স বন্ধ।
জেড এম তার প্রজাপতির পাখা মেলে ধরে দেখেন সেই অপার্থিব ঔজ্জ্বল্য দূরে কারুকাজে কোনো প্রতিসাম্য নেই। বিশ্রী ক্ষত। কোনোটা কারখানার বর্জ্যে ডোবা কিম্ভুত কীট।
কী করা! কীটনাশক—বসুন্ধরার সব প্রজাপতি বিলুপ্তির তালিকায়। ওই মডেল না থাকলে তার একচেটিয়া বাজার বিতর্কমুক্ত। কিন্তু তার দায়! এ নিয়ে আগের মতো পরিস্থিতি ফেনিয়ে উঠতে পারে। তাহলে,...
বসুন্ধরার চোখে পড়ে তার বনে বিকলাঙ্গ, বিকৃত প্রজাপতি। এখানকার প্রজাপতির সঙ্গে মরণব্যাধিগ্রস্ত কিম্ভূত কোনো জাতের ক্রসেই শুধু এটা সম্ভব। এরই মধ্যে মড়ক। দেখতে দেখতে মরে গেল সব ক’টি কুইন আলেক্সান্দ্রাস। নিউ গায়ানায় এখন কি তারা বেঁচে আছে! থাকলেও আজ আর এতো অর্থ ব্যয়ে ওই প্রজাপতি বা তার পিউপা সংগ্রহ অসম্ভব।
এটা কি কোনো ষড়যন্ত্র! আশপাশের গরিবগুর্বোগুলো গোপনে ফাঁদ পেতে ধরে নিয়ে যায় রাজকীয় সৌন্দর্যের কুইন আলেক্সান্দ্রাস বাড-উইং। ভাসমান মানুষের নতুন ডেরা নিয়ে বস্তি ঢুকে পড়ছে তার সীমায়। কিন্তু এতো বড়ো বিপর্যয় তারা ডেকে আনতে পারে নি।
আমাকে কে মেরেছে জান মা?
বসুন্ধরা চারপাশে তাকায়—কেউ নেই।
আমি কুইন আলেক্সান্দ্রাস। তার আত্মার কাতর কণ্ঠ অদৃশ্যে।
ওই দেখ—
বসুন্ধরা দিব্য দৃষ্টি মেলে দেখে সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য (এ সব কার!) পান করে তার প্রজাপতি বনে উড়ে আসছে জেড এম বাটারফ্লাই। উপকূলে জেড এমের জয়েন্ট-ভ্যান্চার জাহাজভাঙ্গার শিল্প, তার দূষণ তার জানা কিন্তু এমন বর্জ্য এখানে কী করে এল! যাক, এদের ক্রসেই তবে তার প্রজাপতিও জন্মাচ্ছে কিম্ভূত সব পতঙ্গ।
এরই মধ্যে বসুন্ধরা টের পায় তার জরায়ুও ব্যাধিগ্রস্ত। ডাক্তারের পরামর্শমত বায়োপ্সি করলে সনাক্ত হয় ক্যান্সার।
এই ষড়যন্ত্র, অনাচারের শেষ কোথায়! কী করা! প্রতিবাদে ফেটে পড়বে ও নিজেই এবং প্রতিরোধ।
সন্ধ্যায় দেখা গেল রাস্তার বাল্ব, বস্তির ঘর, অদূরের কারখানায় তীব্র আলোর বিচ্ছুরণ। দ্রুতই আলোর তীব্রতায় সব লীন। এক সময় এই চরম আলোর ঝলক কিংবা আলোর কালো ভেদ করে এক অতিকায় মানব। সে তার প্রজাপতি বন মাড়িয়ে ঘরে ঢোকে। কে ও! ডারা! জেড এম! চিনে ওঠার আগেই তাকে ঝাপটে ধরে সে। নিজেকে মুক্ত করার প্রয়াস নেয় বসুন্ধরা। কিন্তু তার ভৌতিক শক্তি। ধস্তাধস্তির শব্দ কারখানার শব্দে ডুবে যায়। বস্তি, জনপদে পৌঁছে না। আর্তচিৎকারে ফেটে পড়ে ও। কিন্তু পাশাপাশি পারমাণবিক বিস্ফোরণের বিকট শব্দ— নারীকণ্ঠ সেখানে কোনো শব্দতরঙ্গ—কম্পনই সৃষ্টি করে না।
ধর্ষিত হয়ে যায় ও।
এক বিরাণ প্রান্তরে ঊষর বালি, পাথরের উপর বিধ্বস্ত পড়ে আছে বসুন্ধরা। জরায়ুতে দুঃসহ যন্ত্রণা। সেখানে এক জ্বলন্ত, কিম্ভূত গ্রহ বেড়ে উঠছে। আর মরে যাচ্ছে ও।