—আমি মানুষটা ভাল না মন্দ, এই ধন্দটাই মেলাতে পারছি না।
—আমাকে কিছু বললেন?
—না, আপনাকে কিছু বলিনি, বাতাসকে বলেছি! যত্তোসব ধ্যাষ্টামো।
অপরিচিত কোনো লোকের সাথে কেউ এভাবে কথা বলতে পারে জানতাম না। আমি লোকটাকে নিরিখ করে দেখার চেষ্টা করি। পাগলটাগল নয়তো?
ঘণ্টাখানেক হাঁটার পর প্রায় সকালেই আমি রমনার বটমূলের বেদিতে এসে বসি। এখানটায় ভারী নিরিবিলি। পাশেই লেক।লেকের নিস্তরঙ্গ জলে কিছু বিনোদনপিয়াসী প্যাডেলচালিত বোটে তরঙ্গ তুলছে। সকালের নির্মলতার সাথে সেগুলোকে বেমানান মনে হয়। অদূরের ওয়াকওয়েতে স্বাস্থ্য সন্ধানী লোকজনের আনাগোনা। কেউ জোর কদমে হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। আজ বয়স্ক একজনকে দেখলাম সঙ্গীর হাত ধরে আস্তে আস্তে হাঁটছে। তার ঘাড়টা একদিকে হেলে আছে। আর একটা হাত কিছুটা ঝুলে আছে। মনে হয় স্ট্রোক করেছেন।
বটমূলের বেদিতে কেউ বসা আছে দেখলে আমি এদিকে আসতাম না। হিম হিম ছায়ায় প্রায়ান্ধকার এই জায়গায় এর আগে যতবার এসেছি কাউকে দেখিনি।
লোকটা বসেছিল বট গাছের অন্য পাশে। তাকে আমার চোখে পড়েনি। হঠাৎ তার কথা শুনে চমকে উঠেছিলাম। তারপরই তাকে আবিষ্কার করি।
মাঝারি উচ্চতার মধ্য বয়স্ক লোক। মুখে খোঁচা খোঁচা দাড়ি। চোখে কালো ফ্রেমের চশমা। কোলের শান্তিনিকেতনী ব্যাগটার স্ট্র্যাপ তার কাঁধে আটকানো। দেখে ভদ্রলোক বলেই মনে হয়। কথাবার্তা যেটুকু শুনলাম তাতে অবশ্য তার ভদ্রতা নিয়ে মনে সন্দেহ জাগাই স্বাভাবিক।
— কী দেখছেন এত নিরিখ করে? একটু নিরিবিলি বসবো বলে এখানে এসেছিলাম। সেখানেও উৎপাত!
আমি একটু সতর্ক হই। লোকটা মনে হয় পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। ইক্সেন্ট্রিক লোকজন এটা করে থাকে। এদের এড়িয়ে চলাই উত্তম।
— সরি, আপনাকে আগে দেখতে পাইনি। পেলে আসতাম না। আমিও এসেছিলাম নিরিবিলি একটু বসবো বলেই।
আমি ইতস্তত করছিলাম উঠে চলে যাবো কী না। তারপরও কী মনে করে জিজ্ঞেস করলাম, কী জানি বলছিলেন? আপনি ভালো না মন্দ সেই ধন্দ মেলাতে পারছেন না?
— শুনেছেন তো ঠিকই। তাহলে আবার ঢঙ করছেন কেন?
আমি রাগ করি না। অপরিচিত একজন মানুষের সাথে এই ঢঙে কথা বলা মানুষরা যে খুব স্বাভাবিক হন না সেটা ভেবে আমি বরং কিছুটা হাল্কা ভঙ্গিতে বলি, আসুন আপনার সাথে পরিচিত হই। আমি রাশেদুল মোমিন। চাকরি করতাম। সরকারি। এখন রিটায়ার্ড জীবন।আপনি?
উনার দিকে হাত বাড়িয়ে দেই। তিনি দোনামানা করে নিজের হাতটা বাড়ান।
— লোকজন স্বনামে বিখ্যাত হয়, আমি বেনামে কুখ্যাত।
এবার তার গলার ঝাঁজ আগের মতো নেই। তবে তার কথায় আমি কিঞ্চিৎ সন্ত্রস্ত বোধ করি। আমাদের দেশের যেসব শীর্ষ সন্ত্রাসীর নাম পত্রপত্রিকায় দেখি অধিকাংশই কুখ্যাত তাদের প্রায়-বেনামে। প্রায় বলছি এজন্য যে তাদের ডাকনাম বা মূল নামের কিয়দংশের সাথে অন্য কোনো নাম জোড়া লেগে তারা বিখ্যাত বা কুখ্যাত হয়ে গেছেন।
— না, ভয় পাওয়ার কারণ নেই। আপনি যেমন ভাবছেন আমি তেমন ভয়ংকর কেউ নই।
তার কথায় আমি ভেতরে ভেতরে একটু চমকাই। কিন্তু সেটা লুকিয়ে একটু উষ্মা নিয়েই জিজ্ঞেস করি, আপনি থট রিডার নাকি? কী ভাবছি তাও বলে দিচ্ছেন?
তিনি আমার কথায় একটু হাসেন। লক্ষ করি ভদ্রলোকের হাসিটা খুব নির্মল। জটিল মানুষের হাসি না। তারপর ভদ্রলোক জানান, তার বাপ-মা’র দেয়া নাম মিজানুর রহমান। কিন্তু স্কুলের সার্টিফিকেটে ইংরেজি বানানে এম এর পর একটা বাড়তি ই যোগ হয়ে নাম হয়েছে গেছে মেইজান। অফিসে, বিশেষ করে বিদেশিরা ডাকে মেইজান বা মেজান বলে। এতুকু জানিয়ে তিনি যোগ করেন, বলেন, এটা তো বেনামই হলো, নাকি?
— বসুন, আপনার সাথে গল্প করি। আচ্ছা, নিজের সম্পর্কে আপনার ধারণা কী? আপনি কেমন মানুষ? ভালো না মন্দ? ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করেন।
— আমি কেমন মানুষ সেটা আমার জেনে কোনো লাভ নেই। মানুষ আমাকে কেমন জানে সেটাই আসল কথা।
— অদ্ভূত কথা বললেন! আপনি নিজে জানবেন না আপনি কেমন মানুষ? অন্যের বিচারের মাপকাঠিতে আপনি চলবেন?
— ভাই, শুনুন, এই সকাল বেলায় আমি আপনার সাথে কোনো কূটতর্কে জড়াতে চাচ্ছি না। নিজেকে চেনা, নিজেকে জানা—এসব নিয়ে মুনি ঋষিরা অনেক বয়ান দিয়ে গেছেন। আপনিও মনে হয় ' আপনাকে যে জানা আমার শেষ হলো না' — এই ফেরে পড়ে আছেন।
—হা, হা ভালই বলেছেন। তবে আমি কিন্তু মোটেই ভালো লোক নই। ওই যে বলে না, আই অ্যাম নট হোয়াট অ্যাজ আই লুক। ওই রকম।
—ভাই, আপনি কি খুব পড়ালেখা করা মানুষ? বিশেষ করে গল্পকবিতা পড়েন খুব?
— না রে ভাই পড়ালেখার সাথে আমার সম্পর্ক সামান্যই। আগে পত্রপত্রিকা পড়তাম। এখন তাও পড়ি না। আর পড়বোই বা কেন? এখন মোবাইল ফোনে ঘণ্টাখানেক ঘুরলেই ত দুনিয়ার সব খবর জানা হয়ে যায়। পড়তে হয় না। সচিত্র খবর দেখলে আর শুনলেই হয়।
— তা অবশ্য ঠিক। লোকজনের এখন চোখের পাওয়ারের চেয়ে কানের পাওয়ার থাকলেই চলে।
— আর গল্পকবিতা? ওই সব বানাইন্যা জিনিশে আমার কোনো আগ্রহ নাই, কোনো কালেই ছিল না। তো ভাই, আপনি হঠাৎ করে আমি গল্প-কবিতা পড়ি কী না জিজ্ঞেস করলেন যে?
— এমনিতে মনে হলো। ওই যে আপনি বললেন, আপনি মোটেই ভালো লোক নন-, আপনার এই কথাটি শুনে মনে পড়ল এক লেখকের এক ক্যারেক্টারের কথা। ভাবলাম আপনিও ওইসব লেখাটেখা পড়েছেন কী না।
— বুঝতে পারছি আপনি পড়াশোনা করা মানুষ, মনে হয় সাহিত্যের ছাত্র ছিলেন, রাইট?
— জি, ঠিক ধরেছেন। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র এবং অধ্যাপক।
—ওরে বাবা, সাহিত্য, তাও আবার রয়্যাল ভাষার, ইংরেজি। শোনেন, আমাদের সময়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়া ছেলেপেলেরা নিজেদের ভাবতো রয়্যাল ডিপার্টমেন্টের ছাত্র! হাহাহা, আর আমি ছিলাম গভর্মেন্ট এন্ড পলিটিক্স বিভাগে। আমাদের কইতো গোপালের ছাত্র — বুঝছেন তো: অই গভ আর পল মিলাইয়া। আচ্ছা, বলেন, আপনার সেই গল্পের না নভেলের ক্যারেক্টারের সাথে আমার কী মিল পেলেন?
— আপনি যেমন আমাকে বললেন, আপনি লোক ভাল না, সেই ক্যারেক্টারও এক সরাইখানায় উপস্থিত লোকদের বলেছিল, আমি লোক সুবিধার না। আমার কথা কিন্তু মোটেই বিশ্বাস করবেন না। মজার ব্যাপার হচ্ছে এসব কথা বলেই ওই ক্যারেক্টার কিন্তু অন্যদের প্রতারিত করেছিল।
— তার মানে, এই যে আমি আপনাকে বললাম আমি তেমন ভালো লোক নই- এটা শুনে আপনি ভাবছেন যে আমি কোনো মতলব নিয়ে এটা বলছি?
— একজন লোক যখন নিজের সম্পর্কে নেতিবাচক কিছু বলেন তার মধ্যে হয় তার বিনয়ের প্রকাশ থাকে, না হয় থাকে কোনো বিশেষ উদ্দেশ্য। এখন আপনি কেন এটা করছেন তা তো আমি জানি না।
— না রে ভাই, আমি কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি। ওই যে বললেন বিনয় টিনয়- এসব আমার খুব একটা আসে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে কোনো মানুষ কখনো হঠাৎ করে জেগে উঠতে পারে আর তখন তার মনের মধ্যে গুনগুনিয়ে উঠতে পারে- ভুল সবই ভুল?
— অনুমান করছি আপনার মনের মধ্যে ওই রকম কিছু একটা হয়েছে এবং এরপরই আপনার মধ্যে এই অনুভূতিটা এসেছে যে আপনি মানুষ হিসেবে তেমন ভালো নন। রাইট?
— না রে, নিজের সম্পর্কে আসলে আমার কোনো ইল্যুশন নেই। এটা আমি সব সময়ই ভাবি।
— আচ্ছা, ভালো কথা, বলেন, শুনি, আপনি কী কী খারাপ কাজ করেছেন?
— শোনেন, কিছু লোক আছে যারা নিজেরা খুব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, কিন্তু তারপরও তারা নিরাপদ দূরত্বে থেকে অন্যের অপরিচ্ছন্নতা ঘাটতে বা দেখতে পছন্দ করে।
— হা হা, আপনার নিজের কথার সূত্র ধরে আমি আপনাকে আপনার খারাপ কাজের ফিরিস্তি দিতে বললাম বলেই আপনি ভাবছেন যে আমিও আপনার তথাকথিত খারাপ মানুষীর বৃত্তান্ত জানতে আগ্রহী! আসলে হয়েছে কী, নিজের অভিজ্ঞতায় দেখা মানুষজনের সাথে আমার পড়ালেখার জগতের লোকজন কীভাবে যেন মিলে যায়। দেখলেন না, আপনার কথা শুনে আমি জিওফ্রে চসারের, হ্যা, যে লেখকের গল্পের একটা চরিত্রের কথা বলেছিলাম, তাঁর নাম জিওফ্রে চসার, অবশ্য এসব নাম আপনার জানার কথা নয় বলেই মনে হচ্ছে। হ্যা, চসারের একটা গল্পের কথা বলছিলাম।
— এত সব গুরুগম্ভীর কথা আমার মাথায় ঢুকবে না মশাই। আপনি বরং খারাপ কাজের একটা লিস্টি বলেন — তারপর আমি বলি সেগুলোর কোনটা কোনটা আমি করিনি।
— আপনি লোকটা আসলে কেমন তা আমি বুঝতে পারছি না ঠিকই। বাট আপনি বেশ মজার লোক।
— ভাই, আমি কিন্তু সিরিয়াস, আপনি বলেন, আমি আপনাকে বলছি।
— এমসিকিউ কোয়েশ্চেনের মতো। অনেকগুলো চয়েস থাকবে, আর আপনি টিক দেবেন?
— না, হাসবেন না, এ যুগে এমসিকিউ-ই তো উত্তম ব্যবস্থা। সে রকমই না হয় ভাবুন।
— আপনি কি মানুষ খুন করেছেন?
— না।
— চুরি, ডাকাতি, রাহাজানি কিংবা ছিনতাই?
— আক্ষরিক অর্থে করি নাই। কিন্তু চুরি করেছি- অবশ্য নিজেদের ঘরেই। ইন্টারমিডিয়েট পাশ করে মা’র সোনার বালা চুরি করে নিরুদ্দেশ হয়েছিলাম লম্বা সময়ের জন্য।
— ধর্ষণ?
— এই তো বিপদে ফেললেন। আচ্ছা, এই প্রশ্নের জবাব দেয়ার আগে আপনাকে জিজ্ঞেস করি , মাইন্ড করবেন না যেন, ধর্ষণের আইনী সংজ্ঞা নিশ্চয়ই আপনার জানা আছে?
— হ্যা, জানি কিছুটা।
— শোনেন, রেপ বা ধর্ষণ হচ্ছে কোনো প্রাপ্ত বয়স্ক নারীর সাথে তার ইচ্ছার বিরূদ্ধে বা তার সম্মতি ছাড়া কিংবা জোর করে সম্মতি আদায় করে এবং চৌদ্দ বছর বয়সের কম অবিবাহিত মেয়ের সাথে যৌন সংসর্গ ।
— বাহ, উকিলের মতো মুখস্থ বলে ফেললেন দেখছি।
— আমি ইন্টারমিডিয়েট পড়ার সময় এক কিশোরীর সাথে প্রেম করেছিলাম এবং তার সাথে তার সম্মতিতেই যৌন সংসর্গ হয়েছিল, কিন্তু মেয়েটির আনুষ্ঠানিক বয়স চৌদ্দ’র কম হওয়ায় তার পরিবার আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল।
— ওহ, মাই গড। আপনি একজন মাইনরের সাথে এটা করতে পারলেন ?
— ওই যে বললাম না, আমি লোক খুব খারাপ! আমি আরো যা যা করেছি সব ফিরিস্তি দিলে আপনি আমাকে ঘেন্না করা শুরু করবেন।
— আচ্ছা বাদ দেন। বুঝতে পারছি। আপনি নিজেকে খুড়িয়ে এক ধরনের আনন্দ পান মনে হয়। সাইকোলজিতে এটাকেই তো ম্যাসোকিজম বলে, না?
— হবে কিছু একটা। আসলে হয়েছে কী, কয়েক দিন আগে একটা ঘটনার সাক্ষী হয়ে আমার নিজের মধ্যে কী যেন এক ভাবনা গেড়ে বসেছে। না, ঠিক অপরাধবোধ নয়। আমি আমার কোনো কাজের জন্য যেটাকে গিলটি ফিলিংস বা অপরাধ বোধে আক্রান্ত হই না। কেন জানেন?
— কেন?
— কারণ আমি জ্ঞানত কারুর ক্ষতি করি নাই। তবে হ্যা, কারুর উপকার করতে যেয়ে হয়তো তার ক্ষতির কারণ হয়েছি। যেমন ধরেন, একজনের জন্য তদবির করেছি, সেই তদবির বাবদ কিছু সার্ভিস চার্জও আমার পাওনা হয়, তাও নিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত কাজটা উঠাতে পারিনি। এটা কে কি আপনি প্রতারণা বলবেন?
— দিন শেষে ব্যাপারটা তো তাই দাঁড়ায়, না? অন্তত যিনি আপনাকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে টাকাপয়সা দিচ্ছেন তার কাজটা না হলে তিনি তো প্রতারিত বোধই করবেন।
— এই তো। এখানেই আপনাদের ভুল। আপনারা কাজটা দেখেন, কিন্তু কাজের পিছনের মোটিভটা দেখেন না বা বোঝার চেষ্টা করেন না। আপনাকে দেখতে হবে, এই যে আমি যে তদবিরের কথা বললাম এটা পেছনে ওই লোকটাকে ঠকানোর কোনো মতলব আমার ছিল কী না। ধরুন, আপনি একজন উকিলকে একটা কেস দিলেন, তার সার্ভিস চার্জ দিলেন, কিন্তু কেসটা হেরে গেলেন, তখন কি বলবেন যে ওই উকিল আপনাকে ঠকিয়েছে?
— আচ্ছা, বেশ বুঝলাম। আপনি অনেক খারাপ কাজ করেন, কিন্তু কাউকে ঠকান না। নির্দোষ খারাপ কাজ। সোনার পাথর বাটি, হাহাহা।
— ভাই, আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না, তারপর আবার টিটকারি মারছেন। আচ্ছা, আপনি তো জীবনের কোনো না কোনো সময় আত্মমৈথুন করেছেন, করেন নি? এ কাজ করে নাই এমন পুরুষ খুঁজে পাওয়া যাবে না। তো বলেন, অনেকের, এমনকি ধর্মীয় দৃষ্টিতে এটা একটা খারাপ কাজ, না? এই কাজটি আপনি করেন কিন্তু অন্য কারুর ক্ষতি না করেই, অথচ হয়তো আপনি কাজটি করার সময় প্রিয় কোনো নারীকে কল্পনা করেছেন।
— হাহাহা, ভালো উদাহরণই দিয়েছেন।
— মানে হচ্ছে, অনেক মন্দ কাজই আছে যা অন্যের ক্ষতি না করেও করা যায়। আরো উদাহরণ দেই, মদ খাওয়া, ড্রাগ নেয়া- এগুলোও খারাপ কাজ, এতে নিজের অনেক ক্ষতি হলেও অন্যের সরাসরি কোনো ক্ষতি হয় না।
— বেশ, নিজের অবস্থানের পক্ষে আপনার যুক্তি যথেষ্ট জোরালো। তারপর বলেন, আপনি সাম্প্রতিক কী একটা ঘটনার কথা যেন বলতে যাচ্ছিলেন?
— শুনবেন? আপনার কি এতো সময় আছে?
— শুনবো, কারণ, কেন জানি মনে হচ্ছে, আপনি গল্প বা ঘটনাটা কাউকে বলতে চাচ্ছেন। আর আমি বরাবরই একজন ভালো শ্রোতা।
— তাহলে বলি। আমি এখন কাজ করছি একটা বিদেশী কোম্পানিতে। একটা থাই কোম্পানি। এখানে আমার বস এক থাই ভদ্রলোক। ভদ্রলোকে আমাকে খুব পছন্দ করেন। অনেক কিছু নিয়ে খোলামেলা কথা বলেন। অফিস আওয়ারের বাইরে তার বাসায় কিংবা বারে বসে ড্রিংক করি। তার সঙ্গে আমি বার কয়েক গেছি ওদেশে। তিনি আমাকে ব্যাংককের অলিগলি, আলোআঁধার সব দেখিয়েছেন। আপনি বুঝতে পারছেন তো , আমি কী বোঝাতে চাচ্ছি?
— জি বুঝতে পারছি। আমিও একাধিক বার ব্যাংকক,পাতায়া গিয়েছি। আপনি বলুন।
— তো এই ভদ্রলোক কী জানি কেন অনেক ধরে দেশে যাচ্ছেন না। আমিও কারু পারসোনাল বিষয়ে আগ্রহ দেখাই না। বিদেশি কোম্পানিতে চাকরি করে, বিদেশীদের সাথে মিশে বুঝে গেছি ওরা প্রাইভেট বিষয়ে অন্যের আগ্রহ একদমই পছন্দ করে না।
— তা ঠিক ওরা, বিশেষ করে পাশ্চাত্যের লোকজন একদমই আমাদের মতো নোজি না।
— তো সেই ভদ্রলোক, ধরা যাক ওনার নাম চ্যাং ফু, আমাকে বললেন, মেজান, আই অ্যাম ফিলিং ভেরি লোনলি। ফর সাম টাইম। আই নিড আ মেশিন?
— মেশিন?
— আপনার মতো আমিও চমকে উঠেছিলাম। পরে সাথে সাথে বুঝে গেছি ও কী চাচ্ছে। ইন ফ্যাক্ট সে বলতে চেয়েছে হি নিডস সাম ফিমেইল কম্প্যানি।
— আপনাকে তার জন্য কোনো মেয়ে জোগাড় করে দিতে বললেন?
— ভাই বলেছি না, আমি খারাপ লোক? আমার নিজের পেশার জন্য, বা বলতে পারেন, নিজের চাকুরির কাজের অংশ হিসেবে ওই পেশার অনেকের সাথে আমার ভালো পরিচয় আছে। ফ্রাঙ্কলি বলি, আপনার কখনো দরকার হলে আমাকে বলবেন। না রে ভাই, এতে ব্লাশ করার কিছু নাই। এক্ষুনি আপনাকে পাঁচ দশটা বিখ্যাত নাম বলতে পারি, যারা এই অধমের সার্ভিস নিয়েছে।
— ওহ,হাউ ডিসগাস্টিং! একজন মেয়েকে বলছে মেশিন!হোক না সে যতই সেক্স ওয়ার্কার।
— আপনার চোখমুখ দেখে মনে হচ্ছে আপনি সব ঘেন্না আমার ওপর ঝেড়ে দিচ্ছেন। কিন্তু কথাটা তো আমার না। ওই থাইদের কথাবার্তার ধরণই এমন।
— বাদ দেন, আপনি মূল গল্পটা বলেন। আপনার গল্প এতো ডালপালা মেলে!
— তো, আমি চ্যাঙ ফু’র কাছে আমার পরিচিত একটা মেয়েকে পাঠালাম। দেখতে যেমন সুন্দর, আচার আচরণেও খুব সফিস্টিকেটেড। ইউনিভার্সিটিতে পড়ে। আমি তো ভেবেছি চ্যাঙ ফু অনেক দিন যাবত নারী সংসর্গ থেকে দূরে আছে তাই ওর স্যাটিস্ফ্যাকশনের জন্য ভালো একজনকে পাঠিয়েছি।
— তারপর?
— আমি অপেক্ষা করছিলাম চ্যাঙ ফু’র মোবাইল কলের জন্য, হয়তো ধন্যবাদ জানাবে সুন্দরী প্রিয়ভাষিণী সঙ্গীনির জন্য। কিন্তু ওর ফোন না পেয়ে রাতে কল পেলাম জুঁইয়ের।
— ওই মেয়েটার নাম বুঝি জুঁই?
— আ রে, আপনি তো ওই দুনিয়ার কোনো খোঁজখবরই জানেন না। এদের নামের কী কোনো ঠিক ঠিকানা আছে? আজ ওর নাম জুঁই, কাল হয়ে যাবে জিনিয়া, পরশু কারিনা, হাহাহা।
— তো কল করে কি বলল আপনার জুঁই?
— আমিই জিজ্ঞেস করলাম কেমন সময় কেটেছে আমার বসের সাথে। জুঁই হাসতে হাসতে বলে, এমন গেস্ট পেলে আর কী লাগে? আমি বলি, বুঝলাম না, বুঝিয়ে বলো কী হয়েছে। তারপর জুঁই বলে, চ্যাঙ ফু তার ফ্লাটের দরোজা খুলে তাকে বসতে দেয়, ড্রিংক অফার করে, আর কিছুক্ষণ পর তাকে জড়িয়ে ধরে থাকে। আর বাকি সময় কাটায় তার গল্প বলে। আমি জিজ্ঞেস করি, আর কিছু না? জুঁই হিহি করে হাসতে হাসতে বলে,না, নো ইন্টারনাল ফাংশন।
— ইন্টারনাল ফাংশন?
— ভাই রে, আপনি আসলেই খুব বেশি ইনোসেন্ট। ইন্টারনাল ফাংশন মানে বুঝলেন না? সেক্স। হাহাহা।
— হাহাহা, ভালো বলেছেন, ইন্টারনাল ফাংশন। তো ভদ্রলোক সেক্স না করে শুধু জড়িয়ে ধরার জন্য একজন সেক্সওয়ার্কারকে বাসায় ডেকে নিলেন? পারহ্যাপ্স, হি হ্যাজ আ সাম ফিজিক্যাল ইস্যু?
— আপনার মতো আমিও তাই ভেবেছিলাম। কিন্তু জুঁই-ই আমার সে ধারণা ভেঙে দেয়। জুঁই বলে, আপনার বসের চোখে প্রথমে অনেক ডিজায়ার ছিল। শরীরেও তার প্রকাশ ছিল। কিন্তু হঠাৎ করে তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, তোমার নাম যেন কি বললে? আমি বলি, জুঁই। উনি বলেন, জুঁই! ইটস আ ফ্লাওয়ার, রাইট? ইয়েস, ইন ইংলিশ জেসমিন। ওহ মাই , বলে তিনি আমার দিকে আরো ভাল করে তাকান। তারপর বলে্ন , অনেক আগে তার এক গার্লফ্রেন্ড ছিল। ওর নাম ছিল মালি। থাই ভাষায় মালি মানে হচ্ছে জেসমিন ফুল।
এরপর আপনার বস আমার কাছ থেকে সরে বসলেন, হোয়াট আ কো-ইনসিডেন্স!
এরকম নামের মিল তো হতেই পারে। আমি বলি।
ভদ্রলোক বলেন, জুঁই, তুমি নিশ্চয় থাইল্যান্ডের কালচার জানো। তোমাকে দেখে বেশ শিক্ষিত মনে হচ্ছে। মালি ছিল অসচ্ছল পরিবারের। আমার সাথে যখন ওর সম্পর্ক হয় তখন ও একটা ডিপার্ট্মেন্ট শপে কাজ করতো। আমাদের ঘনিষ্টতার এক মুহূর্তে ও আমাকে জানায় যে ডিপার্ট্মেন্ট শপে কাজ নেয়ার আগে অল্প কিছুদিন সে সেক্সওয়ার্কার হিসেবে কাজ করেছে। মালি আমাকে বলেছিল, নিজের কাছে সৎ থাকতে চায় বলেই সে আমাকে তার এই গোপন খবর জানিয়েছে। মালি যখন আমাকে এসব বলছিল তখন তার চোখ ছিল অশ্রুসজল। আমি বুঝতে পারছিলাম খুব গ্লানিকর একটা অভিজ্ঞতার কথাই ও আমাকে শেয়ার করেছিল। আমার কাঁধে মাথা রেখে সে বলেছিল কথাগুলো। মালি হয়তো আশা করেছিল আমি ওর অসহায় অবস্থাটা বুঝবো আর ওকে কিছু একটা বলে সান্ত্বনা দেবো। কিন্তু কেন জানি সেক্স , প্রস্টিটিউশন সম্পর্কে থাই কালচারের নির্লিপ্ত মনোভাব জানা সত্বেও আমি মালিকে তেমন কিছু কিছু বলতে পারিনি। অথচ আমিও কিন্তু ভার্জিন ছিলাম না তখন। ওর সাথে সম্পর্ক হওয়ার আগে আমিও নিবিড় নারীসঙ্গ করেছি । পরেও করেছি। বাট মালির মতো আমি অকপটে ওর কাছে নিজের কথা স্বীকার করতে পারিনি। তারপর কীভাবে যেন আমাদের সম্পর্ক ক্রমশ ঢিলে হতে থাকে আর এক সময় আমাদের ব্রেক আপ হয়ে যায়। এরপর মালির কথা আমার মনে হয়নি তা নয়। আমি বিয়ে করেছি। বিয়ের বাইরে মেয়েদের সাথে ঘনিষ্ট হয়েছি। যেমন আজ তোমাকে ডেকেছিলাম। বাট তোমাকে দেখে আর তোমার নাম শুনে মালির কথা খুব প্রবলভাবে মনে পড়ল। আজ তাই তোমার কাছে সব বলছি। আজ আর অন্য কিছু নয়। তোমার সাথে একটু গল্পই করবো।
— জুঁইয়ের মুখে চ্যাঙ ফু’র কথা শুনে মনটা ভারী হয়ে গেল ভাই। জানেন, জুঁই মেয়েটা যে লঘুভঙ্গিতে কথা শুরু করেছিল কথা শেষ করার সময় ওর কন্ঠে আমি স্পষ্ট কান্না শুনতে পেয়েছি।
ফোন ছাড়ার আগে জুঁই আমাকে জিজ্ঞেস করেছিল, মিজান ভাই, জীবনটা কী অদ্ভূত, না? আমি কোনো জবাব না দিয়ে লাইন কেটে দিয়েছিলাম।
— আসলেই অদ্ভূত। তবে সুখের কথা, জীবনের কিম্ভূতকিমাকার রূপ দেখার দুর্ভাগ্য সবার হয় না।
— অধ্যাপক সাহেব, আপনার কথায় সূক্ষ্ণ মারপ্যাচ আছে। আপনি প্রকারান্তরে আমাকে দুর্ভাগা বলতে চেয়েছেন। আমি আপত্তি করছি না। তবে একটা কথা জেনে রাখবেন, আপনি তো আবার জীবনের ক্লেদাক্ত, পংকিলতা, জটিলতা কম দেখেছেন কিংবা দেখেনইনি, ক্লেদাক্ত জীবন দেখা মানুষের চোখেই বোধহয় জীবনের ভালো দিকটাও বেশি ভাসে। কালোর মাঝে যেভাবে সাদা ভেসে ওঠে।
— হু, বুঝতে পারছি, মিস জুঁইয়ের সাথে আপনার বস মি. চ্যাঙ ফু’র আচরণেই মনে হয় কালোর মধ্যে সাদার ফুটকি ভাসতে দেখেছেন।
— জানেন, আমি ওই ঘটনার পর একদিন জুঁইয়ের বাসায় গিয়েছিলাম। ও থাকে ওর মায়ের সাথে। ওর বাসার ড্রয়িং রুমে বসে থাকতেই আমার কাছে এলো ৩/৪ বছর বয়সের একটা বাবু। কি যে মায়াকাড়া চেহারা। এসে বলে কী, তুমি আমার কী হও? ঠিক তক্ষুণি সেখানে এসে জুঁই বলে, ঈশান, উনি তোমার একটা দাদু। ছেলেটা নিঃসংকোচে কাছে এসে ‘দাদু’ বলে আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ করে আমার মনে হলো আমার যে মেয়েটা প্রায় কুড়ি বছর আগে অসুখে পড়ে মারা গেছে ও বেঁচে থাকলে ওর হয়তো ঈশানের মতো একটা বাবু থাকতো। আমার যে কী হলো, আমি জুঁইকে বললাম, আজ থেকে ঈশান আমার নাতি, আমি ওর দাদু আর জুঁই, তুমি আমার মেয়ে। সে সময় জুঁইয়ের অশ্রসজল চোখটা যদি আপনি দেখতেন। কত অল্প পেয়েই মানুষ যে কী পরিমাণ খুশি হতে পারে!
— মিজান সাহেব অনুমান করছি আপনার কোনো সন্তানাদি নাই বা থাকলেও আপনি তাদের থেকে দূরে আছেন। বাট হোয়াটএভার, আপনি যেমনটি বলেছিলেন, মানুষ এভাবেই হয়তো জেগে ওঠে।
— ঠিক ধরেছেন, আমি একজন নিঃসঙ্গ মানুষ ছিলাম। বাট নাউ আই হ্যাভ আ ডটার এন্ড আ গ্রান্ডসান।
— দ্যাটস গ্রেট। আসলে হয়েছে কী, মানুষ কিন্তু খুব বেশি খারাপ হতে পারে না। হাহাহা।
— খুব পারে। আমাকে দেখে ভুলবেন না।
— মিজান সাহেব, একটা কথা জিগ্যেস করি?
— বলে ফেলুন মশাই।
— আলাপের শুরুতে আপনি ওরকম বাজে অ্যাটিচুড দেখাচ্ছিলেন কেন? আপনাকে তো সদালাপী মানুষ বলেই মনে হয়।
— হাহাহা। এটাই তো বিজ্ঞাপনী স্টাইল । শুরুর ওই ধাক্কাটা না খেলে কি আর আপনি আমার এ গল্পটা শুনতেন এতো আগ্রহ নিয়ে? বলেছি না, আমি যা আসলে হয়ত তা নই। বাট ট্রায়িং টু বি, হাহাহা।
-০-
মনিরুস সালেহীনের ছোটগল্পচ্যাঙ ফু, মেইজান ও জুঁই
আমিই জিজ্ঞেস করলাম কেমন সময় কেটেছে আমার বসের সাথে। জুঁই হাসতে হাসতে বলে, এমন গেস্ট পেলে আর কী লাগে? আমি বলি, বুঝলাম না, বুঝিয়ে বলো কী হয়েছে। তারপর জুঁই বলে, চ্যাঙ ফু তার ফ্লাটের দরোজা খুলে তাকে বসতে দেয়, ড্রিংক অফার করে, আর কিছুক্ষণ পর তাকে জড়িয়ে ধরে থাকে। আর বাকি সময় কাটায় তার গল্প বলে। আমি জিজ্ঞেস করি, আর কিছু না? জুঁই হিহি করে হাসতে হাসতে বলে,না, নো ইন্টারনাল ফাংশন।