এনট্রপি ৪৪—দৃশ্য
কি চায় সে, ঐ ঘুঘু, যার মর্মান্তিক ডাকে ঘুম ভাঙে?
তার চির বিষণ্ণ ডাক, যতক্ষণ সে ডাকে, শুনে যাই;
অন্ধ ভিক্ষুকদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে;
সারিবদ্ধ এক দল লোক, একজনের কাঁধে আরেকজনের হাত,
কাশবাগানের বহু এই পাশে, কন্ঠের শিকল আর হুইসেল
বাজিয়ে, জন্মান্ধ হোক বা অন্ধ হোক ইচ্ছায়, ভিক্ষার বিজনেসে,
চলছে রাস্তার পাশ দিয়ে, লাইনচ্যুত ধান্দাবাজ ট্রেন;
অদ্ভুত লাগে, বাস্তবতার মত;
ঐ ঘুঘু ডেকে ওঠে ফের; তার ডাক আগের মতই মর্মঘাতী
শূন্যের বিশাল গাড়ি হাঁকিয়ে শূন্যে ভরা বড়লোক, আরো শূন্য
ঘরের দিকে যায়
দিনরাত শ্লথভাবে গিটার বাজায় ঘাস চিন্তার ভিতরে
যেহেতু জানিনা কোথায় আছ, ফলে প্রতিটি পদক্ষেপই
আমাকে তোমার নিকটে পৌঁছে দেয়; অজানাই তুমি;
আরও অজানার দিকে চলে যাও, মর্মঘাতী ঘুঘুর মতন
কিছুক্ষণ পরপর কিছুক্ষণ ধরে ডাকতে থাকো,
এভাবেই ডাকতে হয় দূর থেকে দূরে যেতে যেতে…
কিছুক্ষণ পরপর, কিছুক্ষণ ধরে…
সন্তান হারিয়ে ফেলা মার মত, ঘুঘুর কন্ঠে কি মহাবিশ্ব
ব্যর্থ হয়ে ডাকে? তুমি ডাকো নাকি ঘুঘু হয়ে?
মর্মান্তিক ডাকে ঘুম ভাঙে, মর্মান্তিক ডাকে ঘুম পায়
চারদিকে, কোথাও না কোথাও সুস্থতা আছে, মাঝখানে
অসুস্থ আমি; চারপাশে অসুস্থতা বহু, এইখানে আমি
কিছু সুস্থ তবু; চারপাশে সামান্য সুস্থতা, বহু অসুস্থতা,
আমি কিছু সুস্থ, খানিক অসুস্থ হয়ে ঘুমাবার চেষ্টা করে যাই,
ঘুঘুর মর্মান্তিক ডাক শোনা যায় সারারাত চিন্তার ভিতরে

এনট্রপি ৩৫—স্বাভাবিক
নিজেকে কষ্টে দেখলে চুপ করে থাকি;
যেন আমি নিজে নই, অন্য কেউ কষ্টে আছে;
কিন্তু আমি কষ্টে আছি, তবু চুপ করে থাকা ছাড়া
আর কোনো পথ আমি দেখতে পাইনা;
এ গভীর চুপ করে বসে থাকা, এতো নির্মম,
মনে হয় অনেক পৃথিবীর বহু পথে বসে আছি
আমি চুপ করে;
অনেক স্থান আছে সময়ের গভীর ভিতরে
অনেক স্থানে আমি দুর্যোগে আছি, স্থির হয়ে;
গভীর দুর্যোগে আমি ছুটাছুটি করছিনা আর;
বহু আমি বহু পৃথিবীতে, অনেক ভ্রান্তির মত
একাধিক অবহেলিত সত্যের মত,
অনেক মাছির মত, শত শত টেবিলের উপরে,
সময় টেবিলের মত, তার উপরে হাত রেখে বসে,
একটি মুহূর্তের মধ্যে বহু বহু পৃথিবীর জন্ম-বেদনা বুকে নিয়ে,
চুপ করে চেয়ারের উপরে, একটি সময়ের মত,
একটি মাছির মত, নিজ বিপর্যয়ে চুপ করে,
চেয়ারের উপরে আমি বসে আছি পরিত্যক্ত চেয়ারের মত
এই অনুভূতি মাঝে মাঝে হয়, বহু আমি বহু পৃথিবীতে,
যে কোনো একটি মুহূর্তে, একসাথে বেঁচে আছি, বেঁচে থেকে
ভিন্ন ভিন্ন বেদনায় ভুগছি, বেদনায় ভুগতে থাকা
এক হেঁটে যাওয়া; তাই আমি হাঁটছি এখন বিবিধ উপায়ে;
শুধু হাঁটলেই হাঁটা হয়, এই ধারণা ভেঙে পড়ে শেষ হয়ে গেছে;
ফর্মহীন হয়ে গেছে হাঁটা; দূর্যোগে সবচেয়ে শান্ত
হয়ে বসে থাকা, এক ফর্মলেস হাঁটা;
শূন্যে তাকিয়ে থাকা, সেও এক ফর্মলেস হাঁটা;
তোমার স্তনের উপর বসে আছে মাছি—সেও হাঁটা
ফ্যানের বাতাসে মাছি বসে আছে তোমার স্তনে, নড়ছেনা
তুমি দেখছ কিন্তু করছনা কিছু, যেন স্তনে বসা মাছি,
নিজ হাত দিয়ে সরানো যায়না, অন্যের হাতের অপেক্ষা
করে যেতে হয়ে, চুপে শুয়ে; এরকম অনেক হাঁটা
চুপ করে, হাঁটাহীনভাবে হাঁটছে চারদিকে,
আমার দুর্যোগ হাঁটছে বহু বহু পৃথিবীতে
যে কোনো মুহূর্তে

এনট্রপি ৩২—মরফিন
অন্ধকার মরফিন এক, মরফিনে শুয়ে আছি,
আমার দুচোখ তবু ঘুমহীন;
শরীর কি ঘুমাতে জানে চোখ খুলে? হাজার তারার নিচে
টিকে আছি, অন্ধকারে, মরফিন বুকে,
ঘুমহীনভাবে; অন্ধকার, আমাকে মরফিন দাও
পরিপূর্ণ ঘুম আমি চাই, শোবার ঘরে শুয়ে আমি
রান্নাঘর ভাবতে চাইনা
অন্ধকারের মরফিন সাররাত টপ টপ করে ঝরে,
কেউ অন্ধকারের ট্যাপ খুলে রেখে গেছে; আমি কি উঠব তবে,
ট্যাপকে বন্ধ করতে; ট্যাবের শব্দে ঘুম সরে যায়, শব্দে সরে যাওয়া
প্রেমিকার মত, অকস্মাৎ ভুলে ডেকে ওঠা পাখির শব্দে, সরে যায় প্রেম
গাঢ় রাত্রে; স্থান ত্যাগ করে দূরে চলে গেছে গ্রাম, পুকুর,
শৈশবের অন্তহীন গাছ কিন্তু ডালগুলো রয়ে গেছে আমার ভিতরে
আমি এক খাল, এই একদিকে প্রবাহিত হচ্ছি, তারপর অন্য দিকে;
এই ডাল ছুঁতে পারি, এই আর শত চেষ্টা করেও তাকে
হাত দিয়ে ধরতে পারিনা
সন্ধ্যায় মরফিন আমার সাথে বসে মদ খায়, বলে,
এতো ঔষধ তুমি খাও কেন, কেন অনিদ্রাকে ভয় পাও,
তোমার যা করবার তা তো তুমি করছ,
আমার প্রেস্ক্রিপশন নাও অস্তিত্বের মধ্য থেকে বের হয়ে আসা
ক্লান্ত হাতে; আজও তুমি ভিখারি হতে পারলেনা, জানলেনা
আজীবন লঞ্চে থাকবার ঘুমহীনতার মরফিন— সার্চ লাইটের মত;
তুমি এক সার্চ লাইট, ঘুম হবেনা তোমার, বুকে মরফিন নিয়ে;
এই দীর্ঘ হবে, এই হ্রাসকৃত হবে হাত, ছোট বড় হতে থাকবে হাত;
এই তুমি খণ্ডে খণ্ডে আলো ফেলে পূর্ণতাকে দেখবে,
এই তুমি দেখবেনা কিছু; আমি তাকে বলি, মরফিনকে,
এসো আমার ভিতরে, ঘুম দাও অন্তত একবার
খণ্ডতা, পূর্ণতা সব সেই এক গানের এপিঠ ওপিঠ

এনট্রপি ৩১—পণ্ডশ্রম
তোমাকে পিশাচ বলে, কিছুক্ষণ চুপ করে, বাইরে তাকিয়ে বসে থাকি;
তোমাকে চিনি আমি বহুদিন, তুমি যে পিশাচ, আমি জানি,
রক্ত পান করতে থাকা তোমার শান্ত মুখ, ঝুঁটি-দাড়ি মুরগির মত,
ক্লিন শেভ করা চোখ, আমি বহুবার দেখেছি, তবু বুঝতে চেষ্টা করি
তোমাকে পিশাচ বলে আমার কেমন লাগছে;
খুব যে ভালো লাগছে সেরকম মনে হয়না; মনে হয় পণ্ডশ্রম করছি
রক্তই তোমার অর্থনীতি, নৈতিকতাহীন, ধারে চলা জীবন;
শুধু টাকা নয়, তোমার প্রধান ধার তোমার অস্তিত্ব;
তবু ভাবি ভুল হচ্ছে নাতো; কিন্তু না, কোনো সন্দেহ নেই,
তুমি যত গান শোন, যত কবিতা লেখো,
জেনুইন ভাব করে ভ্রান্ত শোক দেখাও,
তুমি এক পিশাচ, এ পৃথিবী নিশ্চয়ই তোমাকেও চায়
নয়তো তোমার জন্ম হত না
এ শহরে অনেক পিশাচ বাস করে, মানুষের মত, মঞ্চে উঠে কথা ভিক্ষা করে,
ওদের একটি দিনও যায়না মানুষের, বাছুরের, ইঁদুরের, বাদুড়ের ক্ষতি না করে;
স্ক্রীনের সামনে বসে ক্ষতি করতে থাকাই, ওদের কাজ...তোমার কাজ;
কোনো বেদনাবোধ তোমার নেই, তা খুব স্পষ্ট;
হয়তো গভীর শৈশবে তোমাকে কেউ গভীর অতৃপ্তি দিয়েছিল;
গভীর বঞ্চনায় তুমি ভুগেছিলে, এখনো ভুগছ...
সেই থেকে জন্মেছে বেদনাবিহীন ঘৃণা সকলের প্রতি…
তবুও কি তোমাকে অবিমিশ্রভাবে ঘৃণা করা যায়? যায়না বোধহয়
ঘৃণ্যকে ঘৃণা করা অর্থহীন; ঘৃণাকে ঘৃণা করা গভীর বেদনা
বৃষ্টির কোনো পক্ষপাতিত্ব নেই, তোমার পৈশাচিক ছয় কিম্বা দশ তলার
চারদিকেও সে ঝরে; পক্ষপাতিত্বহীন বৃষ্টিপাত দেখে যাই আমি;
টের পাই প্রকৃতির অংশ হয়েও আমি প্রকৃতির মত নই;
আমার পক্ষপাত আছে; আমি চাই অপিশাচ; থেকে থেকে
চাই নির্মল রৌদ্র উঠুক, সমুদ্রের ঢেউ শোনা যাক পথে পথে;
ধান কাটা হয়ে গেলে মাঠে নেমে ইঁদুরেরা উল্লাস করুক, নির্ভয়ে;
কিন্তু এসব হয়না; পিশাচের কালচার আরো নির্মম, আরও শক্ত হয়
ঘাড় মটকে ইঁদুরের রক্ত পান করা, রক্তে ভেজা দাড়ির দৃশ্য বেড়ে যায়
আমার চিন্তায় তোমাকে স্থান দিয়েছি আমি আজ, বহু বেদনায়,
কিন্তু কাল আমার চৈতন্য থেকে তোমাকে বের করে দেব;
তোমার পৈশাচিকতা নিয়ে তুমি থাক, এ পৃথিবী তোমাকে চায়, তবু
তোমাকে চিন্তা করলে আমার ভিতরে যে মনোবেদনা তৈরি হয়,
আমি তাকে চাইনা

এনট্রপি ২৩—আগ্রহহীনতা
একটি আগ্রহ এসে সামনে দাঁড়ায়
আমি সেই আগ্রহের সাথে বহু কাল ব্যয় করি;
যখন আগ্রহের চূড়ান্তে পৌঁছাই, তাকে পুরাপুরি রপ্ত করে ফেলি,
আমার সকল আগ্রহ হারিয়ে যায় সেই আগ্রহ থেকে,
আগ্রহ চলে যায় মুখ ফিরিয়ে, ব্যথিত, পরাজিত;
পুনরায় আমি সেই আগের মতন, পরিত্যক্ত, নগ্ন, শান্ত উন্মাদ
আমি যে মূলত ভুল, সামান্য সঠিকতা হয়তোবা আছে, জমানো দধির মত
কোথাও লুকানো, যার নাম বিষণ্ণতা, আমি যে এক ক্যামিক্যাল ভুল,
যার নাম বেঁচে থাকা, ভুল হলেও নিজেকে সামান্য সঠিক হিসাবে
মেনে নেয়া যার অন্য নাম, সে এসে দাঁড়ায় সামনে বলে, হেঁটে চল;
সকল উৎসব আর উৎসবহীনতার পাশ দিয়ে হাঁটতে থাক তুমি
উৎসবে ম্রিয়মাণ আলো জ্বলে উৎসবহীন,
আলোহীন আলো জ্বলে উৎসাহহীন উৎসাহে,
মনে হয় পৃথিবীর তিনটি মিনিমাম রঙ, লাল নীল আর সবুজ, তাও আর নেই,
ওজনও যে রঙ এক, স্পেস সেও এক রঙ, গভীর আগ্রহহীনতায় ডুবে,
গভীর রঙহীনতায় একা বসে, অন্বেষার ইচ্ছাগুলি চোখের পাতার নিচে
জমে উঠলে সেও এক বিবর্ণ রঙ
একসাথে সাতটি রঙ আমি আর দেখিনা কোথাও
ভোরের বাতাস পেয়ে কাঁঠাল পাতার মত নৌকাগুলি ঝরে
বারবার জন্ম নেয়, ঝরে যায় আমার আগ্রহ
আগ্রহহীন, উৎসবহীন, আলোহীন হয়ে, একা বসে থাকি;
আমি যেন কে? মনে নাই, জানবার আগ্রহও নেই

এনট্রপি ৪১—ক্রমান্বয়
একটি জেব্রা হঠাৎ ভোরে উঠে দেখে সে
শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে; তার শরীরের
রূপান্তর হয়নি, তার স্থান পরিবর্তন হয়ে গেছে;
হতবিহ্বল পশু, ঘাসহীন ট্রাইবহীন দাঁড়িয়ে রয়েছে
উন্মাদ ফ্যানের চেয়েও জোড়ে ঘুরতে থাকা শহরের কেন্দ্রে;
চারদিকে অস্বাভাবিক হর্ণ বাজিয়ে অস্বাভাবিক
গাড়িগুলো চলে; অসংখ্য অদ্ভুত দুপেয়ে জন্তু,
ছুটছে, চিৎকার করছে, ঘুরছে, হাত পেতে আছে;
শব্দের পর শব্দ এসে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে বুকে
ধীরে ধীরে বিহ্বল জেব্রা কি করবে বুঝতে না পেরে
কেন্দ্র ছেড়ে পেরিফেরিতে সরছে, আর একটু একটু
করে উবে যাচ্ছে স্বপ্নের আঁশের মত, বাতাসে
বহুদিন হয়ে গেছে জেব্রাটি বাতাসে নাই হয়ে আছে;
বাতাসের সাথে চলে ফেরে, বাতাসের সাথে থেকে থেকে
জলে নেমে জল পান করে, ঘাস খায় মাঠে নেমে;
বিয়ের প্যাণ্ডেলে ঢুকে তার মত অন্য প্রাণীর মাংসে
রান্না করা বিরিয়ানী খায়, মাঝে মাঝে ফুডপাণ্ডার সাইকেল
চালায়; রাত্রে খুব ঘুম পেলে, বাতাসের হাত ধরে,
বহু উঁচু জানলার গায়ে ঠেস দিয়ে, ক্লান্ত গ্লাস ক্লিনারের মত
ঘুমায়, স্বপ্ন দেখে;
কনফিউজিং স্বপ্নে জেব্রা দেখে সে মানুষ,
হঠাৎ শহর ছেড়ে পশুদের ট্রাইবের মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে
তার বেশ ভালো লাগে; কোনো কোনো প্রানী দেখে মনে হয়
ওরা তার পরম আত্মীয়; কত প্রেম ভালোবাসা ট্রাইবের কোনায় কোনায়;
কোথাও অপ্রেম নেই, হাহাকার নেই, নেই কোনো অনমনীয় বিষণ্ণতা;
সে হেঁটে হেঁটে পেরিফেরি ছেড়ে কেন্দ্রের দিকে যেতে
শুরু করে; কিন্তু কে যেন লাথি মারে, কেউ তাকে ধাক্কা মেরে
মাটিতে ফেলে দেয়; তার শরীরের উপর দিয়ে একদল
মাইগ্রেটিং রেইনডিয়ার দৌঁড়ে যেত থাকে ঝরের মতন
ধীরে ধীরে পোকার মতন চ্যাপ্টা হয়ে যায় স্বপ্নের মানুষটি;
থেকে থেকে ঘুম ভাঙ্গে তার, না জেব্রা, না মানুষ, না রেইনডিয়ার
সত্তা কখনো সজাগ হয়ে চারপাশে দেখে; কাউকে কাউকে দেখে
খুব পরিচিত মনে হয়; সে ডাকে, ইথার কেঁপে ওঠে, শব্দ হয়না;
স্বপ্ন থেকে স্বপ্নে যাত্রাবাড়ী চলতে থাকে; স্বপ্ন থেকে স্বপ্নে সে বহুবিদ
প্রাণী হতে থাকে; আত্মপরিচয় আর কোনোদিন পায়না সে খুঁজে;
হৃদয়ে, ক্রমান্বয়ে, হতবিহ্বল, নিবিড় ম্লানতা এসে ঢোকে
ক্রমান্বয়ে সকল স্বপ্নের সব পরিচয় নাই হয়ে যায়; ব্যথা থাকে;
আত্মপরিচয় বলে কিছু পৃথিবীতে আর থাকেনা