ছোটবেলা থেকেই বই ভালো লাগতো। এমন কি স্কুলের বইও। বছরের শুরুতে ক্লাসের জন্য বই কিনতে যাওয়াটা একটা অ্যাডভেঞ্চারের মতন লাগতো। আব্বা-আম্মা নিয়ে যেতো নিউমার্কেটের বইয়ের দোকানে, সেখানে কাগজ আর ধূলায় মিলেমিশে অদ্ভুত একটা গন্ধ। বাড়ি ফিরতাম একসাথে আট-নয়টা বইয়ের মালিক হয়ে খুশিতে বাকবাকুম করতে করতে। বারে বারে মলাটগুলি ছুঁয়ে দেখতাম, খুললেই পৃষ্ঠা জুড়ে ছোট ছোট ছাপা অক্ষর, নাক ডুবিয়ে বইয়ের ঘ্রাণ টেনে টেনে নিজের ভিতরে নিতাম। আর প্রতি বছর নিজের কাছে নিজেই প্রমিস করতাম সব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে হবে। এত লাফালাফির পরেও স্কুল শুরু হওয়ার আগে পড়া হতো শুধু বাংলা গল্পের বই আর চয়নিকা নামের ছড়ার বইটা।
ঢাকার ইউনিভার্সিটি কোয়ার্টারস এ আমাদের তিনতলার ফ্ল্যাটের সামনের বারান্দায় আম্মা একটা লাইব্রেরি করে দিয়েছিলো তিনবোনের জন্য। লাইব্রেরি বলতে একটা বইয়ের তাক, তাতে ছোটদের কিছু বই। প্রতি মাসে একটা করে বই পেতাম আম্মার কাছ থেকে, আর ছিলো কিছু উপহার, জন্মদিনে বা অন্য কোন সময়। ছোটদের বই সব – বিভিন্ন দেশের রূপকথা, বিখ্যাত জনদের জীবনী, রহস্য পত্রিকা এইসব। টিফিনের টাকা জমিয়ে সেবা প্রকাশনীর কিশোর থ্রিলার কিনতাম। সেই সময় পড়া নিয়ে বাছ-বিচারের বিলাসিতার উপায় ছিলো না। যা হাতে পেতাম তা-ই পড়তাম, বুঝি আর না বুঝি। ছাপা হয়েছে, বই হিসাবে প্রকাশ পেয়েছে পড়ার জন্যই তো, নাকি?
আমাদের বাসার ভিতরের দিকের টানা বারান্দাটা গ্রিল দিয়ে ঘেরা ছিলো। সেখানে আমরা তিনবোন দৌড়াদৌড়ি করে ‘ইরাক-ইরান যুদ্ধ’ খেলতাম আর দোতলার চাচির দুপুর বেলার ঘুম হারাম করতাম। একটা ছোট করিডোর চলে গেছে বারান্দা থেকে ইংরেজি এল অক্ষরের মতন বাঁক নিয়ে রান্নাঘরের দিকে। গ্রিলের সাথে বাঁধা টবে আম্মার গোলাপ বাগান আর একটা মেহেদি গাছ, যার গোড়ায় আমরা পানি ঢালতাম আর পাতা ছিঁড়তে হলে যেতে হতো চারতলায় সালমা আপাদের বাসায়।
তখন ক্লাস ফাইভ অথবা সিক্সে পড়ি। সালমা আপা কলেজে পড়ে। এক গরমের দুপুরে বারান্দায় দাঁড়িয়ে আছি। ছুটির দিন, বাসা একদম নিরব, রবীন্দ্রনাথের ‘রৌদ্রময়ী রাতি’র মতন। উপর তলার বারান্দা থেকে হাত বাড়িয়ে একটা বই দেখালো সালমা আপা। ভারী বই, নতুন মলাটের, নাম ‘দূরবীন’, কিন্তু লেখকের নাম অত দূর থেকে দেখতে পাচ্ছিলাম না। সালমা আপা জানালো আমি চাইলে একবেলার জন্য বইটা ধার নিতে পারি। ওর বান্ধবীর বই। কিন্তু ধার নেয়ার একটাই শর্ত, পড়া শেষ হোক আর না হোক বিকালের মধ্যেই ফেরত দিতেই হবে। লাফাতে লাফাতে চারতলায় গিয়ে বই নিয়ে আসলাম।
সেই প্রথম নাম দেখলাম ‘শীর্ষেন্দু মুখোপাধ্যায়’। আশির দশকের মাঝামাঝি সময়ে এমনকি ঢাকার রাস্তাও মাঝে মাঝে চুপচাপ হয়ে যেতো। সেই গ্রীষ্মের দুপুরে, বাইরের রাস্তায় রিকশা চলার শব্দের সাথে মিশছিলো ফুটপাতের উপরে সাইকেল সারাতে থাকা ছেলেটার যন্ত্রপাতির শব্দ, কয়েকটা কাকের ডাক আর দুই একটা গাড়ির হুসহাস। বইয়ের প্রথম লাইন পড়ছিলাম -
“১৯২৯ সালের শীতকালের এক ভোরে হেমকান্ত চৌধুরীর হাত থেকে দড়ি সমেত কুয়োর বালতি জলে পড়ে গেল। অসহনীয় শীতের সেই নির্জন ব্রাহ্ম মুহূর্তের অন্ধকারে হেমকান্ত অসহায়ভাবে দাঁড়িয়ে শুনলেন জলে দড়ি ও বালতির পড়া ও ডুবে যাওয়ার শব্দ। তাঁর জীবনে এরকম ঘটনা এই প্রথম”।
মনে হচ্ছিলো আগে কোনদিন এইরকম কিছু পড়ি নাই। সেই বয়সেও টের পাচ্ছিলাম এই বালতি পড়ে যাওয়া সাধারণ কোন ঘটনা না, আরো ভাবার কিছু আছে এর ভিতরে। আর সব মিলিয়ে যে দৃশ্যটা ভেসে উঠলো চোখের উপরে, তা দিয়ে আমি কী করবো বুঝে উঠতে পারছিলাম না। আমার পরিচিত জগৎ থেকে সবকিছুই খুব আলাদা। চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটছিলো, উঠানের থেকে কিছুটা দূরে বারান্দায় রাখা হ্যারিকেন, তার আবছা আলোয় হেমকান্ত, জমিদারবাড়ি, বাগান, এক কোনের নির্জন শ্যাওলা জমা জায়গাটুকু, ব্রুহাম গাড়ির পাদানী যেখানে হেমকান্ত একা বসে বসে ভাবতেন, রঙ্গময়ী, মৃত্যুশয্যায় কোকাবাবু আর তাঁর বাড়ির সামনে বাঁধা হরিণ...বালিহাঁস শিকার করে আনা কোকাকাবুর নাতি... যেন শুধু আমার জন্যই অন্য একটা পৃথিবীর দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছিলো। যে পৃথিবীর খুব অল্পই বুঝতে পারছিলাম তখন, তবুও ১৯৮৬/৮৭ সালের গ্রীষ্মে বসে আমি ১৯২৯ সালের শীতকাল অনুভব করছিলাম।
পরের অধ্যায়েই চমক। দুইজন মাতাল দৌড়াচ্ছে। অদ্ভুত ভাষায় কথা বলছে। এরা কারা? মাতাল হলে তো ভালো লোক হওয়ার কথা না। অথচ যত পড়ছিলাম ধ্রুবর উল্টাপাল্টা ব্যবহার খুব টানছিলো। সমান্তরাল ভাবে বলা দুই জেনারেশনের গল্প আগে পড়ি নাই। তখন বুঝতে না পারলেও এখন বুঝি এরকম আলগোছে পাঠককে এক সময় থেকে আরেক সময়ে আনা নেয়া করা খুব সহজ কাজ না। যখন পড়ছিলাম হেমকান্তর সময় থেকে ধ্রুবর সময়ে যাওয়া আসা করতে কোন অসুবিধা হচ্ছিলো না, অথচ দুই যুগের ব্যাবধানও টের পাচ্ছিলাম। আর এই দুই সময় মিলে যেন একটা ক্যানভাস, যেখানে সমস্ত পারিপার্শ্বিক, ইতিহাস এবং আঙ্গিকসহ কৃষ্ণকান্ত মূর্ত হয়ে উঠছিলেন।
বইটা ৬২০ পৃষ্ঠার। আমি ২০০ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছেছিলাম দুপুর থেকে বিকাল পর্যন্ত একটানা পড়ে। এর মধ্যে সালমা আপা কয়েকবার তাড়া দিলেও সময় নিচ্ছিলাম, চাইছিলাম যতটুকু পড়ে নেয়া যায়। হলো না। বিকালে ফেরত দিতেই হলো বইটা। কতদিন যে সবকিছু থেমে ছিলো! মনে মনে বাকিটা ভাবতাম। ধ্রুবর সাথে রেমির ভাব করে দিতে চাইতাম। বিশাখা আর শশীভূষনকে নিয়ে অনেক কিছু কল্পনা করতাম। রঙ্গময়ীকে সেই সময়েও খুব ভালো লেগেছিলো। মনে মনে দশ বছর বয়সের কৃষ্ণকান্তকে ভাবতাম, আমারও বয়স তখন কাছাকাছি। ক্লাসে একঘেয়ে লাগলে ১৯২৯ সাল থেকে কৃষ্ণকান্তকে টেনে এনে পাশের বেঞ্চে বসিয়ে দিতাম মনে মনে। আর ভাবতাম জীবনে কখনো কি আরেকবার দূরবীন বইটা হাতে নেয়ার সূযোগ হবে? বাকি গল্পটা জানতে পারবো কোনদিন? এমন একটা বই যে দোকানে গিয়ে কিনে আনার মতন সহজলভ্য হতে পারে সে রকম কল্পনাও মনে আসে নাই তখন।
এর কিছুদিন পর একবার কুমিল্লায় আমার ফুপুর বাসায় বেড়াতে গেলাম। শুধু এক রাত থাকা হবে। সারাদিন খেলতে খেলতেই গেল। রাতে দেখি ফুপুর বুকশেলফে দূরবীন। ছেড়ে যাওয়া প্রেমিক ফিরে এলেও মানুষ বোধহয় এত খুশি হয় না! কিছুক্ষণ অবাক হয়ে অন্য বইগুলির মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা বইটা দেখলাম। কী নিরবে দাঁড়ানো অথচ এর ভিতরে কি ধুন্ধুমার কাণ্ড হচ্ছে কয়জন খবর রাখে? এইবার বইটা নিয়েই প্রথমে পিছনের মলাটে লেখকের ছবি দেখলাম। ততদিনে আমার কল্পনার শীর্ষেন্দু একটু একটু ধ্রুব আর একটু একটু কৃষ্ণকান্তর মতন দেখতে। যাঁকে দেখলাম তিনি এদের কারো মতনই না তবে তাঁকেও খুব পছন্দ হলো। চশমা পড়া এক তরুণের ছবি। হাতের উপরে থুতনি রাখা, বোধহয় পড়ার টেবিলে, মৃদু হাসি, চোখের দৃষ্টি ক্যামেরার থেকে দূরে। যেন অন্যমনস্ক, কল্পনায় বিভোর। খুব সুন্দর চোখ। জানলাম তাঁর জন্ম ২ নভম্বর। আরে বৃশ্চিক রাশি! আমিও তো! এইরকম আরো কত মিল, উনি ময়মনসিংহে ছিলেন ছোটবেলায়, আমার আম্মা তো টাঙ্গাইলের। পাঠক হিসাবে নাকি সর্বগ্রাসী, আমিও তো তাই। এই ছবিটা পরে আরো কত বইয়ের মলাটে দেখে দেখে জীবনের অংশ হয়ে গেছে। সেদিন মনে না হলেও পরে ওই ছবি তোলার মূহূর্ত নিয়েও ভেবেছি। এই অন্যমনস্কতা নিশ্চয়ই ছবি তোলার জন্যই। কে তুললো ছবিটা, কোন বন্ধু কি? এই রকম বসে থাকার ভঙ্গি আর আর হাসি কি আয়নার সামনে প্র্যাকটিস করা?
সেইদিনও দূরবীন পড়ে শেষ করতে পারি নাই। তার আগেই ঢাকা ফেরার সময় হয়ে গেছিলো। আরো বেশ কিছু বছর পার হয়েছে তারপরে। আমরা অস্ট্রেলিয়া চলে এসেছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বেশ কিছু বই ততদিনে পড়া হয়েছে। ক্লাস টেনে যখন পড়ি, স্কুলের প্রজেক্ট হিসাবে ‘ভেলা’ নাম এর একটা গল্প অনুবাদ করেছিলাম। ভবিষ্যত নিয়ে লেখা, এমন এক সময় যখন সবকিছুই কৃত্রিম। ফাইবারগ্লাস এর গাছ, সাজানো আকাশ। বাড়ির ধূলাবালি পরিষ্কার করা হয় লেজার রশ্মি দিয়ে। মানুষের কিছু পড়তে হয় না, কানের কাছে একটা ইনফরমেশন পিন গুঁজে দিলেই সমস্ত তথ্য মস্তিষ্কে জমা থাকে। সে সময় বিয়ে নিষিদ্ধ, কোন সম্পর্ক তৈরী হয় না কারো সাথে, বিজ্ঞান এতটা এগিয়ে গেছে যে মৃত্যু প্রায় নাই হয়ে গেছে। শরীর, মস্তিষ্ক সবকিছু বদলে বদলে মানুষ টিকতে থাকে বছরের পর বছর। ক্লান্তিকর টিকে থাকা। ভয়াবহ গল্প। তাঁর আরো কিছু গল্প এবং উপন্যাসে এইরকম আশংকা ঘুরে ফিরে এসেছে।
একসাথে কত কিছু মনে আসছে। এত কম সময়ে কী করে বলি? শুধু জানি সেই আশির দশক থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর গল্প আর গল্পের মানুষগুলির মধ্য দিয়ে আমার জীবনের অংশ হয়ে গেছেন। কত প্রিয় বই সব আমার – মানবজমিন, পার্থিব, পারাপার...নিজে তো পড়িই আব্বা-আম্মাকে পড়ে শোনাই। কী অদ্ভুত চরিত্রেরা। ইউনিভার্সিটিতে পড়ার সময় বন্ধুদের সাথে দুষ্টামি করার সময় ‘যাও পাখি’ র সোমেন আর অনিমার মতন বলতাম ‘যেদিন চাঁদ উঠবে, যেদিন ফুল ফুটবে’। বোধহয় ‘লাল নীল মানুষ’ উপন্যাসে একটা চরিত্র বিড়ালের চোখে পৃথিবী দেখতো, বহু আগের পড়া আবছা মনে পড়ে। ‘চক্র’ উপন্যাসে আমার সবচেয়ে প্রিয় মানুষ ধীরেন কাষ্ঠ, কী অবাক করা মানুষ একজন। শীর্ষেন্দুর উপন্যাসের চরিত্রেরা যে কত রকম! খুনি থেকে শুরু করে সাধু। কেউ সংসারে বাস করেও সন্যাসী। আমার সবচেয়ে ভালো লাগে, লেখক হিসাবে নিজেকে তিনি কোন চরিত্রের উপর চাপিয়ে দেন না, তাঁর বইয়ের চরিত্রেরা নিজেদের মতনই চলেফিরে বেড়ায় যেন এই পৃথিবীর মতন একটা প্যারালাল দুনিয়ায় থাকে তারা, যেন লেখক নিজেও আগের মূহূর্তে জানেন না ঠিক পরের মিনিটে তারা কী করবে।
‘দূরবীন’ পড়া হয়েছে শেষ পর্যন্ত। কয়েকবার, ভাবছি আরো একবার পড়ার সময় হলো। সেই দশ বছর বয়সে পয়তাল্লিশ বছরের হেমকান্তকে কত বয়স্ক মনে হয়েছিলো। বন্ধু সচ্চিনানন্দকে লেখা তাঁর চিঠিগুলির মর্ম সেদিন বুঝি নাই। এখন হয়তো অন্যরকম লাগবে। অফিস শেষে বেশ রাত করে একদিন ফিরছিলাম সেইন্ট কিল্ডা রোডে গাড়ি নিয়ে। দুইপাশের মেপল গাছগুলি থেকে এই শীতকালে পাতা ঝরে গেছে, শূন্য গাছের ডালের উপরে চাঁদের আলো পড়ে সব অচেনা লাগছিলো, আর মাথার ভিতর যেন হেমকান্ত কথা বলছিলেন “বাঁ হাতের শক্ত মুঠিতে ছিলো দড়ির লাছি এবং শেষ গিঁট। ডান হাতও সতর্ক ছিলো। তবু কেন তাঁর দুটি হাতের কোনটাই ধরে রাখলো না দড়িটাকে? অসতর্কতা নয়, অন্যমনস্কতা নয়। হেমকান্তর মনে হলো, তাঁর দুটি হাত ছেড়ে দিতে চেয়েছিলো দড়িটাকে, তাই দিল। হেমকান্তর কিছু করার ছিল না—
লুনা রুশদীর স্মৃতিকথাদূরবীনে দেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ওপর তলার বারান্দা থেকে হাত বাড়িয়ে একটা বই দেখালো সালমা আপা। ভারী বই, নতুন মলাটের, নাম ‘দূরবীন’। বইয়ের প্রথম লাইন পড়ছিলাম :“১৯২৯ সালের শীতকালের এক ভোরে হেমকান্ত চৌধুরীর হাত থেকে দড়ি সমেত কুয়োর বালতি জলে পড়ে গেল। অসহনীয় শীতের সেই নির্জন ব্রাহ্ম মুহূর্তের অন্ধকারে হেমকান্ত অসহায়ভাবে দাঁড়িয়ে শুনলেন জলে দড়ি ও বালতির পড়া ও ডুবে যাওয়ার শব্দ। তাঁর জীবনে এরকম ঘটনা এই প্রথম”।