‘আপনি ইংরেজি বলতে পারেন?’ আমি জানতে চাইলাম।
‘না’, তিনি টেলিফোনে জানালেন ‘না, না একদম পারি না’।
কথাটা সত্যি না হলেও এরকম বলতেই পছন্দ করেন তিনি। আমিও ভাঙ্গা ভাঙ্গা স্প্যানিসে জানতে চাইলাম তিনি কোথায় থাকেন আর কখন আমাদের দেখা হতে পারে। জানালেন “আমি একটা বাড়িতে থাকি”, বললেন বিকাল পাঁচটার দিকে লা-রাম্বলাসের উপরে হোটেল থেকে তুলে নেবেন আমাকে।
বারসেলোনার পুরানো শহরে এই রাস্তা দিয়েই আসা-যাওয়া করা হয়। তাকে জানালাম আমার স্ত্রী ডানা পোর্তারিকোর মেয়ে তাই আমরা নিজেরাও পথ চিনে তার বাড়িতে পৌঁছতে পারবো। উত্তরে তিনি শুধু বললেন “বুয়েনো” (ভালো)।
দশ মিনিট পর আবার ফোনে জানালেন বিকালের বদলে দুপুর বারোটায় আসবেন। সেদিন ছিল বইমেলার উৎসব । ঠিক বারোটায় রাম্বলাসের ভীড় আর হট্টগোলের এর ভিতর দিয়ে হেঁটে এলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।
পরনে গাঢ় নীল রঙের ডাবল ব্রেস্টেড স্পোর্টস জ্যাকেটের নিচে কলার-খোলা নীল শার্ট, তাতে খয়েরী আর সাদায় নকশা কাটা, ধূসর রঙের প্যান্ট। মাথা ভর্তি কোঁকড়ানো কালো চুল। গালে হালকা দাড়ি, একমাস বিদেশ বাসের সময় রেজার নিতে ভুলে যাওয়ার পরিণাম।
‘হাল্লো, হ্যালো,’ শুভেচ্ছা বিনিময়, কেমন আছেন, কোমো এস্তা, দেখা হয়ে ভালো লাগছে, করমর্দন ইত্যাদি লৌকিকতার পর তিনি জানতে চাইলেন ‘বই কিনেছেন?’
‘অবশ্যই! আপনার’।
তার বই অর্থাৎ তার বিশাল বই, চিয়েন আনোস দে সোলেদাদ (ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিটিউড/ একশো বছরের নির্জনতা)। দক্ষিণ আমেরিকার এক কাল্পনিক শহর মাকোন্দোর কাল্পনিক পরিবার বুয়েন্দিয়াদের অলীক অর্জন আর অদ্ভুত কর্মকাণ্ডে ভরা জীবনের একশো বছর নিয়ে আধা-পরাবাস্তব কাহিনী।
একাধিক সমালোচক মাস্টারপিস বলে আখ্যায়িত করেছেন গার্সিয়ার এই নাটকীয় উপন্যাসটিকে, জেনেসিসের যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সব রকম মানবিক অনুভূতির কথাই বোধহয় আছে এই বইতে। টাইমস লিটারারি সাপ্লিমেন্টে বইটার বর্ণনা করা হয়েছে এভাবে – “মজার মাস্টারপিস, এযাবৎকাল পর্যন্ত লাতিন আমেরিকার সবচাইতে নিটোল উপন্যাস”।
বইটা ১৯৬৯ সালে ফ্রান্সের প্রি-দু-মিল্যুঁ-লিভ্রে-ত্রাজে জিতেছে এবং একই বছর জিতেছে ইতালির প্রেমিও-কিয়ামচিয়ানো। ১৯৬৭ সালে বইটা বুয়েন্স আয়ার্সের ‘এডিটরিয়াল সুদামারিকানা’ থেকে প্রকাশিত হবার পর একুশ বার পুর্ণমুদ্রিত হয়েছে এবং দশ লক্ষ কপি বিক্রী হয়েছে, এ ছাড়াও পৃথিবীর ২৩টি দেশে প্রকাশিত হয়েছে। আঠারোটি ভাষায় অনূদিত হয়েছে, ব্রাজিলে বিক্রী হয়েছে ৬০০০০ কপি, ইতালিতে ৫০০০০, হাঙ্গেরিতে ৩০০০০, মার্কিন-যুক্তরাষ্ট্রে হার্ড কভারে ১৮৬৫০ কপি আর পেপার-ব্যাকে ৪৬৬৫০ বিক্রী হয়ে বেস্ট সেলার হয়েছে।
এ সবকিছুই তাকে অর্থনৈতিক ও সাহিত্যিক স্বাধীনতা দিয়েছে, যার জন্য বহুদিন প্রতীক্ষায় ছিলেন তিনি। গার্সিয়া বলেন সেইসাথে সাংবাদিক এবং সম্পাদকদের ‘নির্যাতনের’ চাপও বেড়েছে।
এক বন্ধুর কাছে আক্ষেপ করে একবার বলেছিলেন যে দুই ঘন্টা সময় নষ্ট করে নিজেকে পত্রিকার প্রতিবেদকের কাছে ব্যক্ত করার পর তারা তা দেড় পাতার প্রতিবেদন বানিয়ে ফেলে। এক সম্পাদক একবার গার্সিয়ার স্ত্রী মারসিডিস এর কাছ থেকে তার লেখা ব্যক্তিগত চিঠি চেয়েছিল ছাপার জন্য। আরেকবার এক মেয়ে একটা বইয়ের প্রস্তাব নিয়ে তার কাছে এসেছিল, বইয়ের নাম ‘গার্সিয়া মার্কেজকে ২৫০টি প্রশ্ন’।
এ সম্পর্কে গার্সিয়া তার বন্ধুকে লিখেছিলেন “মেয়েটাকে কফি খাওয়াতে নিয়ে গিয়ে বুঝিয়ে বললাম যে আমি যদি ২৫০টা প্রশ্নের উত্তর দেই, তাহলে বইটা আমার বই হবে, তোমার বই না।” আরেক সম্পাদক একবার অনুরোধ করেছিলেন চে-গুয়েভারার সিয়েরা-মায়েস্ত্রার ডায়েরির আগে একটা মুখবন্ধ লিখে দিতে, উত্তরে গার্সিয়া বলেছিলেন তিনি খুশিমনে কাজটা করতে রাজি আছেন কিন্তু এর জন্য অন্তত আট বছর সময় লাগবে কারণ কাজটা তিনি ঠিক মত করতে চান।
তাই বাইরের কেউ যোগাযোগ করলে এখন আর তাদের বাড়িতে ডাকেন না, অন্য কোথাও দেখা করেন, যেমন লা-রাম্বলাসের সামনের কোন হোটেলে, ভদ্রতা রক্ষার জন্য যতক্ষণ থাকতে হয় থাকেন তারপর বিদায় নেন। তবে সাক্ষাৎকারটা মন মতো হলে বেশি সময় থাকেন।
তিনি জানান, যতটা সম্ভব কম লোকের সাথে দেখা করতে চান বলেই সমস্যাটা হয়। এমনকি মাঝেমাঝে বন্ধুরাও ঝামেলায় ফেলেন। হয়তো কোন বন্ধুর বাড়িতে দুপুরের খাওয়ার দাওয়াতে গেলেন, দেখা গেলো আরো বিশজন অপরিচিত মানুষ দাওয়াতে এসেছেন তার সাথে দেখা করার জন্য।
“তখন তো আর সহজ হাসি ঠাট্টা গুলো করতে পারি না।” জানান তিনি, “ওদের সামনে বুদ্ধিমানের ভাব ধরতে হয়। বীভৎস ব্যাপার।”
এতরকম চাপ সত্ত্বেও তার বারসেলোনার জীবনযাপন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নাই, “অন্তত একটা কাজ তো পেরেছি, দেখার জিনিসে রূপান্তরিত হই নাই।। এসব কীভাবে এড়াতে হয় জানি আমি।”
আমরা ভীড়ের রাম্বলাস ধরে আবছা হাঁটছিলাম, চারপাশে ফুলের ছড়াছড়ি, আরেকটা প্রশ্ন করলেন গার্সিয়া “যখন বই কিনলেন তখন একটা ফুল কিনেছিলেন?”
আমার স্ত্রী ডানা ফুল কেনার প্রমাণ হিসেবে তার হাতে ধরা গোলাপটা দেখালো তাকে। বইয়ের দিনের এই মেলার প্রথা অনুযায়ী সমস্ত প্রকাশক আর বইয়ের দোকানগুলো বড় রাস্তার উপরে অস্থায়ী কাঠের স্টল থেকে বই বিক্রী করে। ঐতিহ্য অনুসারে পুরুষেরা তাদের স্ত্রী, প্রেমিকা, বান্ধবী অথবা মহিলা আত্মীয়কে ফুল কিনে দেন আর বিনিময়ে মহিলারা তাদের একটা বই উপহার দেন।
ভীড়ের হট্টগোলের ভেতর গার্সিয়ার কথা প্রায় শুনতেই পাচ্ছিলাম না, বললাম “আমাদের নিরিবিলি কোথাও যাওয়া দরকার।”
“নিরিবিলি এক বস্তু যা সারা স্পেনের কোথাও খুঁজে পাওয়া মুশকিল”, তিনি বললেন। তারপর একদিকে আঙুল তুলে দেখালেন “চলেন, ওই বার্ এ গিয়ে বসি। মার্কিন দোকানতো, কেউ যায় না।”
আমরা সেই ফরমিকার টেবিল ওয়ালা বার কাম রেষ্টুরেন্টে গিয়ে বসলাম। এত সাধারণ আর প্রায় খালি হওয়ার কারণেই তাকে মনে রাখা যায়। গার্সিয়া নিজের জন্য কফি বললেন আর আমাদের জন্য রেড-ওয়াইন, ওয়েটারকে বলে দিলেন যাতে ১৯৫৬ সালের ইম্পেরিয়াল পরিবেশন করা হয় আমাদের, তিনি নিজে যেহেতু টিন্টো পান করেন না তাই চান না সাধারণ টিন্টো পান করে আমাদের বিতৃষ্ণা জন্মাক।
মদ নিলেন না বলে মাফ চেয়ে নিলেন আমাদের কাছে। বললেন তিনি সাধারণত অন্ধকার না হলে পান করেন না। দুইঘন্টার আলাপে মাত্র এক কাপ কফি নিলেন। ওজন এবং ভারসাম্য ঠিক রাখতে চাইছেন।
“এখন কফি খাচ্ছি”, বললেন তিনি “রাতে হুইস্কি একটু কম খাবো।”
➖
তাকে জানালাম ইউরোপ বেড়াতে বেরিয়ে পরার আগে আমার শেষ লেখাটা ছিল যুক্তরাষ্ট্রে প্রকাশিত তার ছোট উপন্যাস ‘লিফ স্টর্ম’ (পাতার ঝড়/ লা-হোজারাস্কা) এর একটা রিভিউ। এটাই আসলে তার প্রথম উপন্যাস, কলম্বোতে প্রকাশিত হয়েছিল ১৯৫৫ সালে। তাকে সবিস্তারে বললাম যে যদিও তার লেখা আরো একটা ছোট উপন্যাস এবং বেশ কিছু ছোট গল্প প্রকাশিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তার নিজের সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। তিনিও একমত হলেন।
১৯৬০ এর দশকে বোর্হেস কে নিয়ে সাহিত্য মহলে তুমুল উচ্ছ্বাস এর পর এই প্রথম কোন লাতিন লেখক এত সমাদর পাচ্ছেন সমালোচকদের কাছ থেকে। অথচ সাহিত্য পত্রিকাগুলো এই লেখাগুলোর পেছনের মানুষটা সম্পর্কে বেশ উদাসীন। বিষয়টা যত অদ্ভুত মনে হচ্ছে, ততটা নয়।
কয়েক বছর আগে নিউ ইয়র্কের আলবেনিতে এক আইরিশদের বারে বসে একটা আলাপ মনে পড়ছে। সে সময় লাতিন আমেরিকার দুই দেশে বিপ্লব বিস্ফোরিত হচ্ছিল। এক নিস্পৃহ বারটেন্ডার এ প্রসঙ্গের আলাপচারিতার ইতি টানলো এই বলে “এই দুই দেশের কোনটার দামই একটা বিড়ালের গুয়ের সমানও হবে না”, তারপর থেকেই এই বাক্যটা আমার মনে থেকে গেছে উপমহাদেশের মানুষের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবের সবচাইতে স্পষ্ট উদাহরণ হিসাবে। তা সে যে কোন ক্ষেত্রেই হোক – সাহিত্যিক, রাজনৈতিক কিংবা সামরিক।
অনেকেই মনে করেন সাহিত্যিক হিসাবে গার্সিয়াকে বরণ করে নেবার ব্যাপারে এই তুলনামূলক নিরুৎসাহের মূলে রয়েছে রাজনীতি। ১৯৫৯ থেকে ১৯৬১ পর্যন্ত গার্সিয়া ফিদেল কাস্ট্রোর প্রেসনা লাতিনা পত্রিকায় সাংবাদিকের কাজ করেছেন বোগোতা, হাভানা আর নিউ ইয়র্কে। তিনি যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন ১৯৬১ সনে, তারপর ১৯৭১ সালে কলোম্বো বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রী দেয়ার আগে পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি পান নাই।
তবে যদি তার বামপন্থী অতীতের গল্প চুঁইয়ে নামতে নামতে মার্কিন সংবাদমাধ্যমের সম্পাদকের কানে পৌঁছেও থাকে তাহলেও এই অনাগ্রহের মূলে রয়েছে সেই ‘বিড়ালের পুরিষ’ লক্ষণ, বামবিরোধ নয়। ভাবটা এরকম - হেহ! আসছে আরেকটা বামপন্থী লাতিন সাহিত্যিক।
গার্সিয়ার প্রতি স্প্যানিশ ভাষাভাষি সাহিত্য জগতের আচরণ একদম অন্যরকম। গত বছর (১৯৭২) এপ্রিলে কলম্বো ইউনিভার্সিটিতে বক্তব্য দেয়ার সময় পাবলো নেরুদা ‘একশো বছরের নির্জনতা’ বইটা প্রসঙ্গে বলেছেন “কারভান্তেসের ডন-কিহোতের পরে এটাই বোধহয় স্প্যানিশ ভাষায় সবচাইতে বড় উন্মোচন’। মারিও ভারগাস লোসা ইতিমধ্যেই গার্সিয়ার একটা চমৎকার সমালোচনামূলক জীবনী লিখেছেন যার নাম ‘হিস্তোরিয়া দে-উন দেইসিদো’ (এক দেবহন্তারকের ইতিহাস), বইটা বারসেলোনার বারাল-এডিটরস প্রকাশ করেছে ১৯৭১ সালে।
ভারগাস একজন শিক্ষক এবং ঔপন্যাসিক। তার লেখা দুটি উপন্যাসের নাম –‘দ্যা টাইম অব দ্যা হিরো’, ‘দ্যা গ্রিন হাউস’। তিনি গার্সিয়ার পূর্ণ সহযোগীতায় বইটা লিখেছেন এবং গার্সিয়ার মতে তাকে নিয়ে যে কয়েকটা বই লেখা হয়েছে ভারগাসের বইটাই তারমধ্যে সবচেয়ে ভালো। তবে তিনি কেবলমাত্র বইটার প্রথম চুরাশি পৃষ্ঠার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিতে রাজি আছেন, বাকিটা নাকি তার পড়ার সাহস হয় নাই, ভারগাসের প্রশংসা করতে গিয়ে জানান গার্সিয়া।
“মারিয়োর বইটাতে হয়তো আমাকে পড়ে ফেলা যাবে”, তিনি বলেছিলেন।
অন্য কারো বিশ্লেষণ নিয়ে আপনার ভয়ের কী আছে?
“এটা একটা জুয়া”, জানান তিনি। “একটা খেলা। খুবই সম্ভব যে বইটা পড়ার পরেও আমি বদলে যাবো না। কিন্তু ঝুঁকি নিয়ে কাজ কী?”
গার্সিয়ার একই সাথে জনপ্রিয় এবং সমালোচকদের নিক্তিতে মানসম্পন্ন সাহিত্যিক হয়ে ওঠা বিষয়ে বেশ নির্দেশপূর্ণ বিদ্রূপ রয়েছে। কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমি নিজে যদি একশো বছরের নির্জনতা না লিখতাম, তাহলে বইটা পড়তাম না। আমি জনপ্রিয় লেখা পড়ি না।” একবার লেখালেখি ছেড়ে দিয়েছিলেন এবং পাঁচ বছরেরও বেশি সময় ধরে এক অক্ষরও লেখেন নাই।
কয়েকরকম হতাশা মিলেমিশে ঘটেছিল ব্যাপারটা – নিজের লেখা প্রথমদিকের উপন্যাসগুলো সম্পর্কে একটা নেতিবাচক অনুভূতি ছিল, সে কারণেই লেখন শৈলির এমন আমূল পরিবর্তণ করেছিলেন যে নিজের লেখাই অচেনা মনে হচ্ছিল, এছাড়াও ছিল চলচ্চিত্রের প্রভাবশালী কিন্তু হতাশামূলক সম্পৃক্ততা।
➖
তিনি বলেন যতদিন পর্যন্ত মনে করতে পারেন, সবসময়েই লেখক ছিলেন। তার জন্ম ১৯২৮ সালের মার্চ মাসের ৬ তারিখে, কলম্বোর উত্তরাঞ্চলে অবস্থিত আরাকাতাকা নামের ছোট এক শহরে। অলীক শহর মাকোন্দো যেখানে জীবন তর্জন-গর্জন করেছে আর দীর্ঘশ্বাস ফেলেছে একশো বছর ধরে তা আসলে আরাকাতাকা শহরেরই কাল্পনিক রূপ।
তার প্রথম গল্প ১৯৪৭ এর আগে প্রকাশিত হয় নাই, সে সময় তিনি ইউনিভার্সিটি অব বোগোতায় আইন পড়ছিলেন দারুণ অনিচ্ছায়। রাজনৈতিক সন্ত্রাসের কারণে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেলে তিনি কার্তাজেনায় চলে যান পড়তে, সেখান থেকেই লেখালেখি চালিয়ে গেছেন।
তারপর বারানকিলায় বেড়াতে এসে এক লেখক-সাংবাদিক সংগঠনের সাথে পরিচিত হন যারা আগে থেকেই তার লেখার সাথে পরিচিত। আইন পড়া ছেড়ে বারানকিলায় চলে গেলেন সাংবাদিকের চাকরি নিয়ে।
১৯৫৪ সালে এল-এসপেকতাদর পত্রিকায় সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচকের চাকরি পেয়ে বোগোতা ফিরলেন। “সাংবাদিক হিসাবে আমার অবস্থান ছিল একদম নিচের দিকে, আমারও এরকমই ভালো লাগতো। অন্য লেখকেরা সবসময় চাইতেন কী করে সম্পাদকীয়র পাতায় পৌঁছনো যায় আর আমি চাইতাম অপরাধ বা কোথাও আগুন লাগার খবরগুলো নিয়ে লিখতে।”
গার্সিয়ার সাংবাদিক থেকে ঔপন্যাসিক হয়ে ওঠা কর্মজীবনকে তার জীবনীকার তূলনা করেছেন আরনেস্ট হেমিংওয়ের সাথে। মিল অবশ্যই আছে কিন্তু ব্যাপক পার্থক্যও রয়েছে। হেমিংওয়ে ছিলেন বাস্তববাদী, আবেগী, নিষ্ঠাবান সাংবাদিক। গার্সিয়া তার কাজের ক্ষেত্রে অনেক কম রাশভারী, সাংবাদিকতাকে তিনি নিজের মতামত তুলে ধরার একটা মাধ্যমের চেয়ে বেশি দেখেন অভিজ্ঞতা হিসাবে, বোধহয় হেমিংওয়ের সাথে সাথে বেন হেক্ট ও আছেন গার্সিয়ার ভেতর। অন্তত তার বন্ধুকে লেখা একটা চিঠি পড়ে সেরকমই মনে হয়।
কলম্বোর কিবিদো শহরে একটা খবরের কথা লিখেছেন বন্ধুকে। একবার কিবিদো থেকে এল-এসপেকতাদরের সংবাদদাতা টেলিগ্রাম পাঠালেন তুমুল সংঘর্ষের খবর দিয়ে, গার্সিয়া আর একজন আলোকচিত্রী বেশ কষ্টকর দূরের রাস্তা পার হয়ে যত জলদি সম্ভব সেখানে পৌঁছলেন, গিয়ে দেখেন এক আধা-ঘুমন্ত ধূলিধুসর গ্রাম, মারামারির চিহ্নমাত্রও নেই সেখানে। সংবাদদাতাকে খুঁজে পেলেন, তিনি তখন হ্যামকে শুয়ে দুলতে দুলতে গরম ভাগাচ্ছেন। সংবাদদাতা বুঝিয়ে বললেন কিবিদোতে কখনোই কিছু ঘটে না তাই প্রতিবাদস্বরূপ তিনি ওই টেলিগ্রাম পাঠিয়েছেন।
এত দুঃসাধ্য সফরের পরে কিছুতেই খালি হাতে ফিরতে চাইছিলেন না গার্সিয়া আর তার সঙ্গী। তিনজন মিলে সাইরেন আর ড্রাম বাজিয়ে ভীড় জড়ো করে পরিকল্পিত মারামারির ছবি তুললেন। দুইদিন ধরে মারামারির খবর পাঠাতে লাগলেন সংবাদপত্রে আর সাংবাদিকদের দল এসে পৌঁছলো সম্পূর্ণ ঘটনা তুলে ধরার জন্য। গার্সিয়া তাদেরকেও কিবিদোর ব্যাপারটা বুঝিয়ে বললেন এবং আরো বড় মারামারির ব্যবস্থা করলেন যাতে সবাই মিলে প্রতিবেদন লিখতে পারেন।
১৯৬৬ সালে গার্সিয়ার সাংবাদিক জীবনের বড় একটা সাফল্যের মুহূর্ত এলো যখন লুই-আলেজান্দ্রো-ভেলাস্কো নামের এক নাবিক এল্-এসপেকতাদরের অফিসে এলেন সমুদ্র থেকে তার বেঁচে ফেরার বিখ্যাত গল্পটা সবিস্তারে বয়ানের প্রস্তাব নিয়ে।
কলম্বোর এক যুদ্ধজাহাজ নিউ অরলিন্স থেকে ফেরার পথে ঝড়ের মুখে পরেছিল। আটজন নাবিক হারিয়ে গেছেন, শুধু ভেলাস্কো বেঁচে ফিরেছেন। তিনি দশদিন কাটিয়েছেন লাইফবোটে। এই খবরের মাধ্যমে ততদিনে তিনি জাতীয় বীর হয়ে উঠেছিলেন এবং বেশ ধনবানও।
তবে শুধুমাত্র কলম্বোর স্বৈরশাসক গুস্তাভো-রজাস-পিনিলার অনুমোদিত সংবাদপত্রগুলোই ভেলাস্কোর সাক্ষাৎকার নিতে পেরেছিল। গার্সিয়া জানালেন যতদিনে ভেলাস্কো তাদের অফিসে এসে নিজের কাহিনী বয়ানের প্রস্তাব করলেন ততদিনে এ সম্পর্কে অনেক খবর প্রচারিত হয়েছে, জনসাধারণের আগ্রহও কমতে শুরু করেছে, অনেকেই মনে করলেন গল্পটা পুরোনো হয়ে গেছে, তবে একজন সম্পাদক আরো একটু চিন্তা-ভাবনা করে ভেলাস্কোকে গার্সিয়ার কাছে পাঠালেন।
এর ফলশ্রুতিতে পাওয়া গেল চৌদ্দ অধ্যায়ের, প্রথম পুরুষে বর্ণিত এক আখ্যান, সেই কুড়ি বছর বয়সী নাবিকের স্বাক্ষর সমেত। প্রমাণসহ জানা গেল যে যুদ্ধজাহাজটা আদৌ ঝড়ের মুখে পড়ে নাই বরং তার ডেকের উপরে খুব অসাবধানে বেঁধে রাখা একটা বে-আইনী কারগো ছিল। খুব জোর বাতাসে জাহাজটা প্রায় কাত হয়ে যাওয়ায় কারগো খুলে পরেছে আর তার ধাক্কায় আটজন নাবিক জাহাজ থেকে পরে যায়। এই কাহিনী পাঠকের ভেতর আলোড়ন তুলল এবং এল-এসপেকতাদরের বিক্রী বেড়ে গেল।
লজ্জিত স্বৈরতান্ত্রিক সরকার এ সমস্তই অস্বীকার করতে চাইছিল কিন্তু পত্রিকায় অনেক তথ্য প্রমাণ ছাপা হলো ডেক্ এ দাঁড়ানো নাবিকদের ছবিসহ। ছবিতে পরিষ্কার লেবেলে দেখা যাচ্ছিল যুক্তরাষ্ট্র থেকে আমদানী করা টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিংমেশিন ইত্যাদি। রোজাস পিনিলার সরকার পত্রিকার উপর প্রতিশোধ নেয়ার চেষ্টা করতে লাগলো, আর বেশ কয়েকমাস পরে যখন গার্সিয়া এল-এসপেকতাদরের ভ্রাম্যমান ইউরোপীয় প্রতিবেদক হিসেবে প্যারিসে ছিলেন, তখন পত্রিকাটা বন্ধ করে দেয়া হলো।
পরবর্তীতে ১৯৭০ সালে বারসেলোনাতে এই নিবন্ধগুলো প্রকাশিত হয়েছিল গার্সিয়ার নামে, সেই প্রথম তার নাম প্রকাশ্যে এই ঘটনার সাথে যুক্ত হলো । বইটার নাম তিনি দিয়েছিলেন – ‘এক জাহাজভাঙ্গা নাবিকের গল্প যে দশদিন কোন খাবার অথবা পানীয় ছাড়া লাইফবোটে ভেসেছে, যাকে জাতীয় নায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, সুন্দরীরা যাকে চুমু খেয়েছে, প্রচার যাকে ধনী করেছে তারপর সরকার যার উপর নারাজ হয়েছে আর যে চিরতরে বিস্মৃত হয়েছে’।
পূর্ণমুদ্রনের প্রস্তাবনায় গার্সিয়া প্রশংসা করেছেন ভেলাস্কোর স্বাভাবিক সুন্দর বলার ভঙ্গির আর তার বিস্ময়কর স্মৃতিশক্তির। সেই সাথে আরো যোগ করেছেন “ভাবতে খারাপ লাগে যে সম্পাদকেরা প্রায়ই একটা লেখার যোগ্যতা নিয়ে তেমন মাথা ঘামান না, তাদের কাছে লেখকের নামটাই বড়।
তাদের এই অভ্যাসই আমাকে কেতাদুরস্ত লেখক বানিয়ে তুলছে, এই নিয়ে আমার খেদ রয়েছে। সৌভাগ্যবশত, কিছু বই আছে তা যারা লেখেন তাদের না বরং যারা সহ্য করেন তাদের, এটা সেরকম একটা বই”। তিনি এটাও উল্লেখ করেছেন যে বইটার স্বত্তাধিকারী ভেলাস্কো, গার্সিয়া নন।
হেমিংওয়ে সাংবাদিকতার বিপক্ষে তর্ক তুলেছিলেন, বলেছিলেন ঠিক সময়ে এই পেশা থেকে বেরিয়ে যেতে পারলে ভালো একটা ভিত তৈরি হতে পারে, কিন্তু বেশি সময় থাকলে লেখকের ক্ষতি হয়। গার্সিয়া এই উপদেশ মানতে পারেন নাই, জীবিকার জন্য সাংবাদিকতা করতেন তিনি এবং ১৯৪৮ থেকে ১৯৬১ পর্যন্ত এই পেশায় ছিলেন। বরং মানসিকভাবে উইলিয়াম ফকনারের সাথে তার বেশি মিল ছিল এক্ষেত্রে। ফকনার মনে করতেন একজন ভালো লেখককে কোনকিছুই ধ্বংস করতে পারে না।
বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের যে কোন ঐকান্তিক লেখকের মতনই গার্সিয়ার উপরেও ফকনারের গভীর প্রভাব রয়েছে, আর এ নিয়ে এতকিছু বলা হয়েছে যে তিনি এখন এই সম্পর্ক সম্বন্ধীয় যে কোন বিস্তারিত আলাপের উপর পর্দা টেনে দেন। হয়তো এ কারণেই আর ফকনার পড়তে পারেন না, যদিও তিনি বলেন ১৯৭১ সালে আবার ফকনার পড়ার সময় ফকানারীয় ভাষাশৈলীর উদগীরণের চোটেই বিতৃষ্ণ হয়েছেন। তবে ১৯৪০ এর দশকের শেষের দিকে যখন গার্সিয়া ‘পাতার ঝড়’ লিখছিলেন তখন ফকনারের বিশেষ কদর ছিল তার কাছে।
প্রায় সাত বছর ধরে ‘পাতার ঝড়’ এর জন্য প্রকাশক খোঁজার পর শেষ পর্যন্ত ১৯৫৫ সালে প্রকাশিত হয়েছিল বইটা, একই বছরে নাবিকের বইটাও প্রকাশিত হয়। আর্জেন্টিনার এক প্রকাশনী বইটা প্রত্যাখ্যান করেছিলো এবং গার্সিয়েকে উপদেশ দিয়েছিল অন্য কোন পেশা খুঁজে নিতে যেহেতু লেখক হিসেবে তিনি প্রতিভাহীন।
‘পাতার ঝড়’ এর গল্পটা বলা হয়েছে পর্যায়ক্রমে এক বাবা, তার মেয়ে এবং নাতির জবানিতে। এক সময়ে তাদের সাথেই থাকতেন এক ডাক্তার, তার অন্তিম সৎকারের সময় শুধু এই তিনজন মানুষ ছাড়া কেউ উপস্থিত ছিল না। পরবর্তীতে ডাক্তার নিভৃতবাসী হয়েছিলেন এবং তার একটা কাজের কারণে সারা শহরের বিরাগভাজন হওয়ায় মৃত্যুর পর শহরবাসীরা শবদেহের অপমান করতে চেয়েছিল। এ বইতে ফকনারের ভাষাভঙ্গীর ব্যবহার স্পষ্ট আর ডাক্তার চরিত্রের সাথে ‘লাইট ইন অগাস্ট’ বইয়ের রেভারেন্ড গেইল হাইটাওয়ার-এর মিল রয়েছে।
তবে ফকনারের প্রভাব থাকলেও ‘পাতার ঝড়’ কোন অমৌলিক কাজ না। এ বইয়ের ভাষা সমৃদ্ধ, গভীর অথচ ফকনারের ভাষার মতন জটিল না। বইটায় পরা-বাস্তবতা এমনভাবে উপস্থিত, যেভাবে ফকনারের কাজে থাকে না। যদিও ফকনারের ইয়কনাপাতাওফা প্রদেশের অনুকরণেই ‘পাতার ঝড়’ বইয়ের কাল্পনিক গ্রাম মাকোন্দো স্থাপিত হয়েছে, কিন্তু এতটাই মৌলিকভাবে এবং লাতিন আমেরিকার জীবনযাপনের সাথে প্রাসঙ্গিকভাবে এর সৃষ্টি হয়েছে যে ‘একশো বছরের নির্জনতা’ বইয়ে যখন মাকোন্দো একটা পূর্ণবিকশিত গ্রাম হিসেবে আত্মপ্রকাশ করলো ততদিনে অধিকাংশ লাতিন পাঠক জায়গাটাকে তাদের সামাজিক মানসের বিচরণক্ষেত্র বলে চিনে নিয়েছে।
মার্কেজের কল্পনার পৃথিবী সবসময়েই দৃঢ়ভাবে বাস্তবের ভিত্তিতে দাঁড়ানো তবে একইসাথে তা বিভ্রান্তিকর কারণ বাস্তব মাঝেমাঝেই অলীক।
‘পাতার ঝড়’- এর বুড়ো ডাক্তার এক সাড়ম্বর বুর্জোয়া বাড়িতে রাতের খাবার খেতে বসে পরিচারিকাকে বলেন “আচ্ছা মিস, পানিতে একটু ঘাস সিদ্ধ করে স্যূপ হিসাবে দেন আমাকে”, পরিচারিকা জানতে চান “কী রকম ঘাস ডাক্তার সাহেব?”, ডাক্তার জবাব দেন “সাধারণ ঘাস, গাধারা যা খায়”।
পরাবাস্তবিক? গার্সিয়ার কাছে নয়, তিনি বললেন “এক লোক আমার বাড়িতে বলেছিল এইরকম”।
তিনি মনে করেন এই বিষয়ে ফকনারের চেয়ে তিনি আলাদা কেননা ফকনারের উদ্ভটরস বাস্তবের মুখোশে ঢাকা থাকে।
গার্সিয়া বললেন “জীবনের অনেক কিছুই ফকনারকে বিস্মিত করতো, অথচ লেখার সময় এভাবে লিখতেন যেন এইসব বিস্মিত হবার বিষয় না, বরং দৈনন্দিন ঘটনা”।
গার্সিয়ার ভেতর বিস্ময়বোধ কম। তিনি বলেন “মেক্সিকোতে রাস্তায় রাস্তায় পরাবাস্তবের দেখা পাওয়া যায়। লাতিন আমেরিকার বাস্তব থেকেই পরাবাস্তব এসেছে”।
আমাদের আলাপের দুই সপ্তাহ আগে এক সাংবাদিক গার্সিয়াকে ফোন করে কলম্বোর এক মফস্বল শহরে ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। ছোট একটা স্কুলে সকাল দশটার দিকে দুইজন লোক এসে থামলো একটা ট্রাক নিয়ে, “আমরা আসবাব নিতে এসেছি”, জানালো তারা। তাদের বিষয়ে কেউ কিছুই জানতো না তবে স্কুল শিক্ষকের সম্মতিক্রমে তারা সমস্ত আসবাবপত্র ট্রাকে তুলে চলে গেল, আরো অনেক পরে বোঝা গেল তারা ছিল দুই চোর।
“স্বাভাবিক”, বললেন গার্সিয়া। “একবার বারসেলোনাতে আমি আর আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম এমন সময় দরজায় বেল বাজলো। আমি দরজা খুলে দিতেই লোকটা বললো “আমি ইস্ত্রির তার ঠিক করতে এসেছি”। আমার স্ত্রী বিছানা থেকেই বললো “আমাদের ইস্ত্রিতে কোন সমস্যা নেই”। লোকটা প্রশ্ন করলো “এইটা কী দুই নম্বর অ্যাপার্টমেন্ট”। আমি বললাম “না। উপর তলায়”।
পরে আমার স্ত্রী যখন ইস্ত্রি করতে গিয়ে প্লাগ লাগালো তখন তারটা পুড়ে গেল। এখানে উল্টো ঘটনা ঘটেছিল। আমরা জানার আগেই লোকটা জেনেছিল তার সারাতে হবে, তাই সে এসেছিল। এরকম ঘটনা তো কতই ঘটে। আমার স্ত্রী ভুলেও গেছে”।
গার্সিয়া পরাবাস্তবের তত্ত্ব পছন্দ করলেও পরাবাস্তববাদীদের পছন্দ করেন না। কবিদের চাইতে আঁকিয়েদের তার বেশি পছন্দ, যদিও নিজেকে এদের কোন দলেই ফেলেন না। তার লেখা মূলত কাহিনীভিত্তিক অথচ পরাবাস্তববাদীদের কাছে প্রতীকি এবং এলোমেলো ঘটনাপ্রবাহ অনেক বেশি গুরুত্ব পায়; এও সত্যি যে তার লেখায় তিনি বোধগম্য হতে চান, দুর্বোধ্যতা চান না।
তবুও তার কাজের মধ্যে একটা পরাবাস্তব ধরণ রয়েছে, যেখানে অসম্ভব অথবা অভাবনীয়কে বাস্তবের ভঙ্গিতে তরজমা করা হয়। আর তার পাতার-ঝড় বইয়ের ঈষৎ পরাবাস্তব ঘাস-খাওয়ার ঘটনার পরে এই ভঙ্গির গুরুত্ব বেড়েছে তার কাছে।
একশো বছরের নির্জনতা উপন্যাসে এসেছে মাটি খাওয়া, অনিদ্রার সংক্রমণ, বুড়ো হতে থাকা ভূত, এক তরুণী যে সশরীরে বেহেশ্তে পৌঁছে যাওয়ার সময় দুটো বিছানার চাদরও নিয়ে যায় সঙ্গে করে। তার অভাবনীয়তা প্রতিদিনের বাস্তবতায় সম্প্রসারিত হয়।
‘একশো বছরের নির্জনতা’য় যেমন রয়েছে, উরসুলার ছেলে হোসে-আরকাদিও তার শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে, তারপরেই পিস্তলের গুলির শব্দ শোনা যায়, আর তারপর –
“রক্তের একটা ধারা বেরিয়ে এল দরজার নিচ থেকে, বসার ঘর পার হলো, রাস্তায় বের হয়ে চলতে লাগলো সরল রেখায়, অসমান চত্বর পেরিয়ে, সিঁড়ি বেয়ে, পাথর ডিঙিয়ে, তুর্কিদের রাস্তাটা পার হয়ে ডানদিকে একটা মোড় ঘুরলো, তারপর বাঁ দিকে, ডান কোণ ঘেঁষে ঢুকলো বুয়েন্দিয়াদের বাড়িতে, বন্ধ দরজার নিচ দিয়ে ঢুকে বৈঠকখানা পার হলো দেয়াল ঘেঁষে যাতে কার্পেটে রক্তের দাগ না লাগে, অন্য বসার ঘরটায় গেল, বেঁকে গিয়ে খাবার ঘরের টেবিলটা এড়ালো, উঠানের বেগোনিয়া ফুলের চারা পার হয়ে কেউ দেখে ফেলবার আগেই ঢুকে পরলো আমারান্তার চেয়ারের নিচে, তখন আমারান্তার কাছে অংক শিখছিল অরেলিয়ানো-হোসে, তারপর ভাঁড়ার ঘর পেরিয়ে রান্নাঘরে পৌঁছলো যেখানে উরসুলা ছত্রিশটা ডিম ভেঙে রুটি তৈরীর প্রস্তুতি নিচ্ছিল।
‘হায় আল্লাহ!’ চিৎকার করে উঠলো উরসুলা।
সেই রক্তের সূতার পথ ধরে চলতে শুরু করলো সে, কোথার থেকে আসছে খুঁজতে খুঁজতে ভাঁড়ার ঘর পার হলো, উঠানের বেগোনিয়ার চারাগুলো পার হলো। অরেলিয়ানো-হোসে সেখানে নামতা পড়ছিল তিন দ্বিগুনে ছয় তিন তিনে নয়, সে খাবার ঘর আর তারপর বৈঠকখানাগুলো পেরিয়ে সোজা রাস্তায় নামলো, প্রথমে ডানে মোড় নিয়ে তারপর বাঁয়ে ঘুরে তুর্কিদের রাস্তাটায় পৌঁছলো, মনেই রইলো না যে তখনও তার পরনে রান্নাঘরের অ্যাপ্রন আর পায়ে ঘরের স্যান্ডেল, রাস্তা পার হয়ে এমন এক বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলো যেখানে আগে কখনো আসে নাই, যখন শোবার ঘরের দরজাটা ঠেলে খুললো তখন বারুদের গন্ধে দমবন্ধ লাগছিল, সে দেখলো কিছুক্ষণ আগেই মাটির ওপর ছেড়ে ফেলা লেগিংস্ এর উপরে মুখ থুবড়ে পরে আছে হোসে-আরকাদিও, তার ডান কান থেকেই বের হচ্ছিল রক্তের ধারাটা, এতক্ষণে তা শেষ হয়ে গেছে।”
এই অনুচ্ছেদটা নিয়ে আমি কথা তুলেছিলাম তার বইয়ে পরাবাস্তব ঘটনার উদাহরণ হিসেবে। তবে গার্সিয়া এর অসম্ভাব্যতার সম্ভাবনা প্রায় খারিজ করে দিলেন। এ সম্পর্কে তিনি শুধু বললেন “এ হলো নাড়ির টান”। তারপর আমরা অন্য বিষয়ে কথাবার্তা বললাম।
➖
পাতার-ঝড় লেখার পরে কিছু হঠকারি প্রভাবের ফলে তার গল্প লেখার ধরণ বদলে গিয়ে প্রায় সমাজতান্ত্রিক বাস্তববাদী রূপ নিয়েছিল। বোগোতার বামপন্থীদের কাছে তার কদর বেড়েছিল ‘লিফ স্টর্ম’ প্রকাশিত হবার পর তবে তারা তার চিন্তাভাবনা পছন্দ করলেও তার লেখার ধরণ বাতিল করেছিল কঠোর সামাজিক বাস্তবতা প্রকাশের ক্ষেত্রে খুব বেশি শৈল্পিক বলে।
এ সম্পর্কে মারিও ভারগাস লিখেছেন “তার লেখার ধরণ সমাজতান্ত্রিক বাস্তববাদীতার অমসৃণ রীতিতে কখনোই ফেলা যায় না, তবু কয়েক মাস পরে নিজের লেখায় বর্ণনার ভাষা বিষয়ে গার্সিয়া মার্কেস প্রায় একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন দ্বিতীয় উপন্যাসের শুরুতে”। রচনাশৈলীর এই পরিবর্তনকে খারাপ বলা যায় না, এই নতুন ধরণেই গার্সিয়া তিনটা খুব ভালো লেখা লিখেছিলেন। তবে তিনি নিজে সন্তুষ্ট ছিলেন না, এই ভঙ্গিতে লেখার ফলে তার কল্পনা সীমাবদ্ধ হয়ে যাচ্ছিল বলে মনে করেন তিনি।
তিনি বোগোতায় দলীয় জঙ্গিবাদের একটা দমক পার করেছিলেন, কিন্তু খুব জলদিই তা কেটে গিয়েছিল এবং তারপরেই এল-এসপেকতাদর এর সাংবাদিক হিসাবে ইউরোপ চলে গেলেন। দেখা গেলো রোমে বারোতম পোপ পায়াসের খুঁটিনাটি অসুখবিসুখের খবর ছেপে তাকে সময় কাটাতে হচ্ছে, সে সময়েই ‘সেন্ত্রো স্পেরিমেন্তালে সিনেমাতোগ্রাফিয়া’-য় (সেন্টার ফর এক্সপেরিমেন্টার সিনেমাটোগ্রাফি) ভর্তি হলেন তার উপন্যাস ‘পাতার-ঝড়’ নিয়ে ছবি বানানোর উদ্দেশ্যে। সেখান থেকে প্যারিস গেলেন কয়েক মাস পরে এবং জানতে পারলেন রোজার স্বৈরতন্ত্র তাদের পত্রিকা বন্ধ করে দিয়েছেন এবং তার কোন চাকরি নাই।
প্যারিসেই থেকে গেলেন, একটা ছোট গল্প লিখতে শুরু করলেন ছোটবেলায় দেখা সহিংসতা বিষয়ে। নতুন গল্পে স্থানিক পরিবর্তন ঘটালেন, মাকোন্দোর বদলে নতুন শহর এল-পুয়েব্লোর সৃষ্টি হলো। এই পরিবর্তন পরবর্তীতে অনেক পাঠককেই বিভ্রান্ত করেছে। এ গল্পে ভাষাও আলাদা আগের লেখাগুলোর চেয়ে – ছাড়াছাড়া, সংলাপের গুরুত্ব বেশি। ছোটগল্প হিসেবে যে লেখা শুরু হয়েছিল তা খুব জলদি বাড়তে বাড়তে প্রথমে একটা এবং আরপর দুটো উপন্যাসে রূপ নিলো।
শেষ অংশটুকুই প্রথমে শেষ করলেন এবং উপন্যাসের নাম হলো ‘এল করোনেল নো তিয়েনে কুইয়েন লে এসক্রিবা’ (নো ওয়ান রাইটস টু দ্যা কর্ণেল/ কর্ণেল এর কাছে কেউ লেখে না), একজন বৃদ্ধ যোদ্ধার গল্প যাঁর কথা সবাই ভুলে গেছে, সরকারেরও মনে নেই সেই যুদ্ধ অথবা তাকে, অথচ তিনি বিরামহীনভাবে পেনশনের প্রতীক্ষা করেন।
“ছোটখাট একটা মাস্টারপিস লিখে ফেলেছেন তিনি”, ভারগাস লিখেছেন “তবে সে সম্পর্কে তার কোন অবগতি যে ছিল না শুধু তাই নয়, পাতার-ঝড় লেখার পরে যেরকম বিফলতার বোধ তাকে পেয়ে বসেছিল, এ বইটা লেখার পরেও সেরকমই হলো”।
এর পরে তিনি সহিংসতা সম্পর্কে উপন্যাসটা শেষ করেন। এই উপন্যাসের পটভূমিতেও একই ছোট শহর। এখানে হিংস্রতা ছড়ায় কিছু বেনামী চিহ্ন যা রহস্যজনকভাবে শহরের বিভিন্ন প্রকাশ্য জায়গার দেয়ালে ফুটে উঠতে থাকে। এই বইটার নাম ‘লা মালা হোরা’ (দ্যা ইভিল আওয়ার/অশুভ সময় )। বইটা এখনো ইংরেজিতে অনূদিত হয় নাই।
এই বইগুলো লেখার সময় প্যারিসে গার্সিয়ার জীবন স্মরণীয় হলেও আনন্দময় ছিল না। তার বেঁচে থাকাটাই অলৌকিক লাগতো নিজের কাছে। সে দেশের নাগরিক না হওয়ায় চাকরি করার অধিকার ছিল না, ভাষাও জানতেন না ভালো করে, দিন কেটেছে ভয়াবহ দারিদ্রে, একটা সময় টাকা জোগাড় করেছেন ফেলে দেয়া খালি বোতল দোকানে ফেরত দেয়ার বিনিময়ে।
যখন কপর্দকশূন্য হলেন, বাড়ির মালিক চিলেকোঠার একটা ঘরে তাকে থাকতে দিয়েছিলেন, সেখানে তিনি লিখতেন অবিচলিতভাবে। পরে যখন ১৯৬৮ সালে সাফল্য অর্জনের পর আবার প্যারিসে ফিরেছেন, সেই দারিদ্রের সময়ের তিন বছরের কথা মনে করে উপলব্ধি করেছিলেন “যদি ওই তিনটা বছর আমার জীবনে না আসতো, হয়তো লেখক হতাম না। এখানেই আমি শিখেছিলাম কেউ ক্ষুধায় মারা যায় না আর সত্যি সত্যি ব্রিজের নিচে কেউ ঘুমাতে পারে না”।
বারসেলোনা যাওয়ার আগে আমার স্ত্রী আর আমি প্যারিস ঘুরে গিয়েছিলাম। আমরা তাকে জানালাম শহরটায় আমাদের অসাধারণ কয়েকটা দিনের কথা।
“যখন আবার সেখানে গেলাম আমার কাছে টাকা ছিল” জানালেন গার্সিয়া “আগেরবার টাকার অভাবে যা পারি নাই সব করতে চাইছিলাম – যে সব খাবার অথবা পানীয় কেনার সামর্থ্য ছিল না সব কিনলাম। তবে কিছুই ভালো লাগে নাই। প্যারিস খুব বাজে লাগে আমার”।
১৯৫৭ সালে তিনি প্রস্তাব করেন বোগোতা আর কারাকাসের কিছু সংবাদপত্রের জন্য লোহার পর্দার অন্যপাশের দেশগুলোকে (সোভিয়েত ইউনিয়ন) কেন্দ্র করে একটা দশ পর্বের নিবন্ধ লিখবেন। এই লেখাগুলোর মাধ্যমেই তার আর্থিক অবস্থার উন্নতি হয়।
সেই সফরের সঙ্গী সাংবাদিক পিলিনো-আপুলেয়ো-মেন্দোজা পরবর্তীতে কারাকাসের পত্রিকা মোমেন্তো’র সম্পাদক হয়েছিলেন এবং সাথেসাথেই গার্সিয়াকে চাকরি দিয়েছিলেন। কারাকাসে তিনি তার গল্পের দুনিয়ার মুখোমুখি হতে পারতেন শুধু ছুটির দিনগুলোতে আর কাজের দিনে পেরেজ-জিমেনেজ স্বৈরতন্ত্রের শেষ দিনগুলো নিয়ে প্রতিবেদন লিখতে হতো। এ সময় নতুন কিছু গল্প লিখেছিলেন। ম্যাক্সিকোতে ১৯৬২ সালে গল্পগুলো বই আকারে প্রকাশ করার সময় বইটার নাম দিয়েছিলেন ‘লস ফুনেরালেস দে লা মামা গ্রান্দে’ (‘বিগ মামা’স ফিউনেরাল’)।
এই বইয়ের গল্পগুলোতেও ছাড়াছাড়া বয়ানভঙ্গি, শুধু শিরোনাম গল্পটা বাদে, এই গল্পের ভাষা গাঢ় আর কলম্বোর পত্রিকাগুলোর রাজনৈতিক আর সম্পাদকীয় পাতার লেখার ভঙ্গির প্রতি বিদ্রুপ আছে গল্পটায়। পাঠকের কিছুটা বিভ্রান্তি ঘটতে পারে, কেননা শুধুমাত্র এই গল্পটাই লেখা হয়েছে মাকোন্দোর পটভূমিতে বইয়ের বাকি গল্পগুলোর পটভূমি এল্-পুয়েব্লো, সেগুলোর কোনটাতেই মাকোন্দোর উল্লেখ নাই।
গার্সিয়ার অনেক অনিয়মিত পাঠকের ধারণা হলো তার সব লেখাই মাকোন্দোর পটভূমিতে। কিন্তু যখন তিনি ‘পাতার-ঝড়’ উপন্যাসের সরস ভঙ্গি বাদ দিয়ে বামপন্থী বাস্তববাদী ঢঙে লিখতে আরম্ভ করলেন, তখন শুধু যে একটা হেমিংওয়ে ধাঁচের বাস্তববাদীতা ধারণ করলেন তাই নয়, তার গল্পের আদি শহরও ছেড়ে দিলেন। শিরোনাম গল্পটার মধ্য দিয়ে তিনি তার স্বাভাবিক লেখার ভঙ্গিতে ফিরে গেছেন – উচ্চাভিলাষী অথচ আরোপিত নয়, একই সাথে ফিরেছেন মাকোন্দোতেও।
গার্সিয়া বলেন তার পাঠকদের অনেকেই এল্-পুয়েব্লো শহরটাকে মেনে নিতে চান না। “পাতার-ঝড় আর একশো বছরের নির্জনতা লেখা হয়েছে মাকোন্দোর পটভূমিতে, এর বেশি কিছু না”, তার বই সম্পর্কে জোর দিয়ে বলেন তিনি। “বাকি তিনটা (নো ওয়ান রাইট্স টু দ্যা কর্ণেল, বিগ মামা’স ফিউনেরাল এবং দ্যা ইভিল আওয়ার) এল্-পুয়েব্লোর গল্প”। তারপর কর্ণেলের বইটার মার্কিন সংস্করণের ৪২ পৃষ্ঠা খুলে প্রমাণ দিলেন কর্ণেল মাকোন্দোর কথা স্মরণ করছেন, যে শহর তিনি শারীরিকভাবে ছেড়ে গিয়েছিলেন ১৯০৬ সালে।
“কিন্তু কেউ কেউ প্রমাণ মানতে রাজি না”, তিনি জানান “তখন তাদেরকে তাদের মতন ছেড়ে দেই যাতে এই বিষয়ে আমাকে আর তর্ক করতে না হয়”।
আরেকটা গুজব রটেছে যে তিনি আর মাকোন্দোর পটভূমিতে কিছু লিখবেন না। এ সম্পর্কে জানতে চাইলে বললেন “মিথ্যা কথা। আমি ভবিষ্যতের বিষয়ে হস্তক্ষেপ করি না।” বরং গত এক বছরে তিনি একটা ছোট উপন্যাস লিখে শেষ করেছেন যেখানে একশো বছরের নির্জনতা উপন্যাসের কিছু চরিত্রের জীবনের কথা আছে।
বইটার নাম ‘দ্যা ইনক্রেডিবল অ্যান্ড স্যাড টেইল অব ইনোসেন্ট ইরেন্দিরা অ্যান্ড হার হার্টলেস গ্র্যান্ডমাদার’ (নিষ্পাপ ইরেন্দিরা এবং তার হৃদয়হীনা দাদিমার বিস্ময়কর এবং দুঃখজনক কাহিনী)। গ্রেগরি রাবাসা বইটার ইংরেজি অনুবাদ করছেন। তিনি পাতার-ঝড় এবং একশো বছরের নির্জনতা উপন্যাসগুলোরও অনুবাদক।
ভেনেজুয়েলাতে থাকার সময়টাতে একজন সাহিত্যিক হিসেবে গার্সিয়ার কর্মজীবন বেশ নিশ্চল থাকলেও তার সাংবাদিক জীবন অদ্ভুত মোড় নিয়েছিল। তিনি মোমেন্তোর কাজটা ছেড়ে দিয়ে ভেনেজুয়েলা গ্রাফিকা নামের একটি পত্রিকায় চাকরি নিলেন, কারাকাসে এই পত্রিকার সর্বজনীন নাম ছিল ভেনেজুয়েলা-পর্ণোগ্রাফিকা। রাশভারী সাহিত্যিকেরা হয়তো এরকম কাজ থেকে দূরে থাকবেন তবে গার্সিয়া কাজটা নিয়েছিলেন এবং এখনো এ সম্পর্কে তার কোন দ্বিধা নাই।
“ব্যক্তিগত জীবন আমাকে টানে”, তিনি বললেন, তারপর জানালেন এখন বারসেলোনায় বসে তিনি জ্যাকি কেনেডির শোফারের জীবনী পড়ছেন। “আমি পত্রপত্রিকার গুজবগুলো পড়ি আর সব বিশ্বাস করি”।
কিউবার বিপ্লবের সময় প্রথমবারের মতন সাংবাদিকতার গোলক ধাঁধা ও মজার জীবন ছেড়ে তিনি ওকালতি শুরু করলেন। প্রেসনা-লাতিনার জন্য বোগোতায় অফিস খুললেন, পরবর্তীতে হাভানায় বদলি হয়েছিলেন এবং ১৯৬১ সালে নিউ ইয়র্কে সহকারী-ব্যবস্থাপক হিসাবে কাজ করেছেন।
সে বছরের মাঝামাঝির দিকে মার্ক্সবাদী শোধনের জোয়ারের সময় তার হতাশাগ্রস্থ কর্মকর্তার সাথে সংহতি জানিয়ে চাকরিটা তিনি ছেড়ে দেন। তার স্ত্রী মারসিডিস বারানকিলার মেয়ে, ১৯৫৮ সালে তাদের বিয়ের আগের তিন বছর তিনি অপেক্ষা করে ছিলেন গার্সিয়ার জন্য। চাকরি ছাড়ার পর স্ত্রী এবং তাদের দুই বছরের ছেলে রডরিগোকে সাথে করে নিউ ইয়র্ক ছাড়লেন তবে সে শহরের স্মৃতি রইলো তার সাথে।
“নিউ ইয়র্ক ছিল একদম আলাদা”, বলেন তিনি “পচে যাচ্ছিল আবার নবজন্ম হচ্ছিল, জঙ্গলের মতন। আমাকে ঘিরে ধরেছিল একদম।”
গার্সিয়া পরিবার গ্রে হাউন্ড বাসে চড়ে পথে ফকনার কাউন্টি পার হয়ে নিউ অরলিন্স গেলেন। একটা সাইনবোর্ড দেখলেন তাতে বড় করে লেখা “কুকুর ও মেক্সিকানদের প্রবেশ নিষেধ”। তাকে দেখে মেক্সিকান মনে হওয়ায় অনেক হোটেলেই ঢুকতে দেয়া হয় নাই।
তিনি পরিকল্পনা করেছিলেন কলম্বোতে ফিরবেন, কিন্তু চলচ্চিত্রের রাজধানী মেক্সিকো হাতছানি দিয়ে ডাকছিল, সেখানকার কিছু বন্ধুও খুব করে বলছিলেন, শেষ পর্যন্ত পরিকল্পনা বদল করে অনেক রকম সমস্যা পার করে ধীরে ধীরে চিত্রনাট্যকার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। মেক্সিকোতে থাকাকালীন সময়ে তিনি একটা ছোটগল্প লিখেই কয়েক বছরের জন্য চুপ হয়ে গেছিলেন।
চিত্রনাট্যকার হিসাবে তার কাজটাও নীরবতার একটা কারণ, এছাড়াও তিনি নিজেকে সাহিত্যিক হিসাবে বিফল ভাবতে শুরু করেছিলেন। কিছু চিত্রনাট্য লিখেছেন মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেসের সাথে যৌথভাবে, তার মধ্যে বেশ কয়েকটার চলচ্চিত্রায়নও হয়েছে, এখন সেগুলোর কথা স্মরণ করা হয় শুধুমাত্র গার্সিয়ার সম্পৃক্ততার কারণেই। মাঝেমাঝে কাজ কম থাকলে সম্পাদনার কাজও করতেন, একটা সময়ে মেক্সিকো শহরে জে. ওয়াল্টার টম্পসনের জন্য কিছু প্রচারের কাজও করেছেন।
“আমার জন্য খুব বিশ্রী সময় ছিল সেটা”, বলেন গার্সিয়া “দমবন্ধ সময়। চলচ্চিত্রে কোন কাজই একদম নিজস্ব ছিল না। সবই ছিল যৌথকাজ, সবার ভাবনা মিলিয়ে – পরিচালকের, অভিনেতার। আমার কাজের পরিসর ছিল সীমাবদ্ধ তখনই প্রথম উপলব্ধি করলাম শুধুমাত্র উপন্যাস লেখার সময়েই সম্পূর্ণ স্বাধীন ভাবে লেখা যায়।”
তার বন্ধুরা সে সময়টার কথা স্মরণ করে বলেন সে সময় একটা বদ্ধ সময় কেটেছে গার্সিয়ার, তীব্র আত্ম-সমালোচনা করতেন আর নিজের সব কাজ নিয়েও ছিল ভীষণ অসন্তোষ।
১৯৬৫র জানুয়ারি মাসে মেক্সিকো থেকে আকাপুলকো যাওয়ার পথে তার কল্পনায় আসে একশো বছরের নির্জনতা উপন্যাসের প্রথম অধ্যায়। পরবর্তীতে আর্জেন্টিনার এক লেখককে বলেছিলেন সে সময় যদি তার হাতের কাছে একটা রেকর্ডার থাকতো তাহলে সে মুহূর্তেই সম্পূর্ণ পরিচ্ছেদটা ধারণ করে ফেলতে পারতেন।
বাড়ি গিয়ে মারসিডিসকে বললেন – আমাকে জ্বালাতন করো না, বিশেষ করে টাকাপয়সার ব্যাপারে। তারপর মেক্সিকো শহরে কাল-দে-লা-লোমার ৬ নম্বর বাড়িতে রাখা তার টেবিলে (তার ভাষায় মাফিয়ার গুহা) বসে গেলেন লিখতে। আঠারো মাস ধরে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা করে লিখে উপন্যাসটা শেষ করলেন।
“এর মধ্যে আমার বউ কী ভাবে সংসার টেনেছে আমার কোন ধারণাই ছিল না। কোন প্রশ্নও করতাম না তাকে। তবে সবসময় হুইস্কি থাকতো বাড়িতে। ভালো স্কচ। সেদিক থেকে দেখতে গেলে আমার জীবনযাপনে খুব বেশি হেরফের হয় নাই। আমাদের চলাফেরার মধ্যে গরিবী ছিল না। তবে লেখাটা যখন শেষ হলো, বউ বললো – আসলেই শেষ করেছো লেখা? আমাদের বারো হাজার ডলার দেনা হয়েছে। দেড় বছর ধরে সে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে সংসার চালিয়েছে।”
গার্সিয়া আরো জানালেন পাড়ার কসাইয়ের দোকানে তার স্ত্রী বেশ ভালো খদ্দের ছিলেন। ওরা তাই প্রস্তাব করেছিল প্রতিদিন টাকা শোধ করতে সমস্যা হলে মাসে মাসে দিতে। প্রথমে সে প্রস্তাব খারিজ করলেও পরে যখন প্রতিদিন টাকা জোগাড় করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল তখন ওদের কথা মেনে নিয়ে মাসিক কিস্তিতে দাম শোধ করেছেন। আবার আরেক সময় বাড়ি ভাড়া দেয়ার মতন টাকা ছিল না। বাড়িওয়ালাকে যখন বললেন ছয় মাস ভাড়া দিতে পারবেন না, বাড়িওয়ালা আপত্তি করেন নাই। আশেপাশের মানুষেরা সহানুভূতিশীল থাকায় খুব বেশি সমস্যায় পড়তে হয় নাই তাদের।
“মারসিডিস সত্যিই বিস্ময়কর একজন মানুষ”, গার্সিয়া বলে ওঠেন।
➖
রাম্বলাসের সেই বারে বসে প্রায় দুই ঘন্টা আলাপ করার পর গার্সিয়াকে উঠতে হলো অন্য আরেকটা এপয়েন্টমেন্ট রক্ষার জন্য। তবে বলে গেলেন আমরা পাঁচটার দিকে তার বাড়িতে গেলে বাকি কথা সেখানেই হতে পারে। তাই করলাম আমরা।
গার্সিয়া আর মারসিডিস দুজনেই অভ্যর্থনা জানালেন আমাদের। মারসিডিস তন্বী, সুন্দরী, তাকে দেখলে শান্তি লাগে, কাঁধ পর্যন্ত নেমে যাওয়া কালো চুলের মাঝখানে সিঁথি আর চেহারার ইন্ডিয়ান বৈশিষ্ট্য গোঁগ্যার আঁকা তাহিতির মহিলাদের কথা মনে করিয়ে দেয়। খুব নরম স্বরে কথা বলেন তিনি, জানালেন স্পেনের লোকেরা বলে তার স্প্যানিশ বলার ধরণটা মিষ্টি, কাস্তিলিয়ানদের ভাষার মতন বেসুরো নয় মোটেই।
এখন তার ঘরের কাজ করে দেবার জন্য একজন পরিচারিকা আছেন, ব্যাপারটা লক্ষ্যনীয় ভাবে গার্সিয়ার একশো বছরের নির্জনতা লেখার সময় থেকে একদম আলাদা। বললেন তখন তিনি যতটা সম্ভব তাদের জীবনের নিরাপত্তাহীনতার কথা না ভেবে থাকতে চাইতেন, কারণ এই নিয়ে চিন্তা করতে গেলেই খুব দিশাহারা হয়ে পড়তেন।
“সেরকম সময় আর কোনোদিন দেখতে চাই না।” বলেন মারসিডিস।
সেরকম আবার হওয়ার সম্ভাবনাও খুব ক্ষীণ।
গার্সিয়াদের বাড়িটার আসবাবপত্র আধুনিক, সারা ঘরে কার্পেট, জানালায় পর্দা, দেয়ালের রঙ ধূসর, খয়েরি আর কমলা। হাই-ফাই সিস্টেমটা ঘরের দর্শনীয় এবং গুরুত্বপূর্ণ আসবাবের মধ্যে একটা, গার্সিয়ারও খুব শখের জিনিস, তিনি ছাড়া আর কেউ সেটা চালায় না। দেখলাম প্রতিটা রেকর্ডের প্রতি তার আলতো যত্ন, একটা রেকর্ড বাজানোর পরেই কাপড় দিয়ে মুছে রাখছেন। তার দুই ছেলে, বারো বছরের রদরিগো আর দশ বছরের গনজালো। দুজনেরই নিজস্ব গ্রামোফোন রয়েছে, যাতে বাবাকে বিরক্ত করতে না হয়।
সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত লেখেন গার্সিয়া। দিনে এক পৃষ্ঠা লেখা হয় সাধারণত, চব্বিশ লাইনে এক পৃষ্ঠা, সবচেয়ে বেশি লেখার রেকর্ড হচ্ছে একদিনে পাঁচ পৃষ্ঠা। দিনের দ্বিতীয় ভাগে গান শুনতে শুনতে পড়তে পছন্দ করেন। এসব রেকর্ড ছাড়াও উত্তর আমেরিকার মেহমানদের জন্য আছে লিওনার্ড কোহেন, সোফার পাশের তাকটায় বেশ বড় গোছালো সংগ্রহ রয়েছে ক্লাসিকাল সংগীতের।
গার্সিয়া বললেন “আমি যেখানে বড় হয়েছি সেখানে রেকর্ড পাওয়া যেত না, আর এখন এত্ত কিছু পাওয়া যায় ক্যাসেটে, অবিশ্বাস্য!”
বসার ঘরের বইয়ের তাকে রাখা বেশ কিছু বই দেখতে দেখতে তার সাহিত্যিক পছন্দের প্রসঙ্গ এলো।
মারসিডিস বললেন “ওর বেশির ভাগ বই তো বারসেলোনায় চলে আসার সময় কলম্বোতেই ফেলে এসেছে। তবে কনরাড, প্লুতার্ক আর কাফকা সবসময় সাথেই থাকে। আর নতুন জায়গায় যাওয়ার পরে ভার্জিনিয়া উলফ কেনে যদি খুঁজে পায়।”
বইয়ের তাকে এ সবই ছিল। এছাড়াও ছিল স্তেফান জুয়িগ আর এ.জে.ক্রনিন এর সমগ্র, চৌদ্দ খন্ড বোর্হেস, র্যাবেলিয়াসের লেখার সংকলণ। অবাক হলাম ফ্রেডরিখ ফরসাইথের লেখা ‘এ ডে অব দ্যা জ্যাকেল’ দেখে। বাহ! তাহলে বেস্ট-সেলারের দেখাও মিললো এখানে!
“সাহিত্যিক বিচারে”, বইটা সম্পর্কে বলেন গার্সিয়া “এর কোন দাম নাই। তবে অনেকরকম ঘটনা ঘটতে থাকে। সাজানো সাংবাদিকতা হিসেবে ভালো।”
আচমকা জানতে চাইলেন “গ্রাহাম গ্রিন সম্পর্কে আপনার ধারণা কী?” এমনভাবে করলেন প্রশ্নটা যে বুঝতে পারলাম আমার জবাবের ওপরে নির্ভর করছে আমার সম্পর্কে তার ধারণা কী হবে। জানালাম গ্রিনকে আমার খুব উঁচুদরের লেখক মনে হয়।
“তার লেখা থেকে লিখতে শেখা যায়” মন্তব্য করেন গার্সিয়া। “বর্ণনাশৈলী অনবদ্য। গরম দেশগুলো সম্পর্কে জানতে পেরেছি আমরা তার বই – দ্যা পাওয়ার অ্যান্ড দ্যা গ্লোরি, দ্যা কমেডিয়ান্স, এ বার্ন্ট আউট কেইস ইত্যাদি থেকে, সবগুলি বইয়ের পটভূমিতেই আফ্রিকা অথচ লাতিন আমেরিকার সাথে মিল পাই। মানুষ ভাবে গরমের দেশে জীবন হয় উচ্ছ্বসিত, হাসিখুশি, সমৃদ্ধ। কিন্তু গ্রিন দেখান এর উপাদান – গরম, গাছপালা, বৃষ্টি, পশুপাখি আর সমুদ্র। আর দেখান জীবন হলো গরীব এবং দুঃখী। আর সেখানে এরকমই তো সত্যি”।
গ্রিনের কথা বলতে বলতে তার গার্সিয়া নিজের একটা পর্যবেক্ষণের কথাও জানান “বুদ্ধিজীবীরা গ্রিনকে পছন্দ করতে চান। অথচ মনে করেন সেটা উচিৎ কাজ হবে না। তিনি ‘এ সর্ট অব লাইফ’ এর মতন ভালো একটা বই লেখার পরপরই তাদের বিভ্রান্ত করেন ‘ট্র্যাভেল্স উইথ মাই আন্ট’ এর মতন বই লিখে ফেলেন। দুনিয়ার বুদ্ধিজীবীর মতন খারাপ কিছু নাই। সে নিজেই এক একটা ধারণা বানায়, তারপর সেই বানোয়াট জিনিসে বিশ্বাস করে। সে সিদ্ধান্ত নেয় উপন্যাসের মৃত্যু হয়েছে তারপরে একটা উপন্যাস খুঁজে পেয়ে বলে সেই বই তার উদ্ঘাটিত। আপনি যদি বলেন উপন্যাসের মৃত্যু হয়েছে, তাহলে আসলে মৃত্যুটা তো হয়েছে আপনার।”
রে ব্র্যাডবিউরিকেও তার পছন্দ “রে ব্র্যাডবিউরির মধ্যে দুইজন রয়েছেন। একজন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখেন আরেকজন মানুষ। কল্পকাহিনীর লেখককে আমার পছন্দ না”।
তিনি বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে ‘হারানো প্রজন্ম’ অর্থাৎ ফকনার, ডস-পাসোস, আরস্কিন কাল্ডওয়েল এবং হেমিংওয়ের ছোটগল্পগুলো বাদে সে রকম অসাধারণ কোন লেখকের লেখা পড়েন নাই। হেমিংওয়ের উপন্যাসগুলো গার্সিয়ার পছন্দ না। “দ্যা সান অলসো রাইসেস আসলে একটা প্রলম্বিত ছোট গল্প”। ফকনারের কাজের মধ্যে ‘আবসালোম, আবসালোম!’ তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তারপর কিছুটা মজা করার ভঙ্গিতে বললেন তার মতে ‘দ্যা হ্যামলেট’ হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচাইতে ভালো উপন্যাস।
“কুড়ি বছর বয়স পর্যন্ত বাছ বিচার ছাড়াই পড়ে লোকে, পড়ার আনন্দেই। পড়ছি বলেই ভালো লাগে। তারপর ত্রিশ বছর বয়স পর্যন্ত বেছে বেছে পড়ে, সে সময়টাতেই ভাল বইগুলো, ক্লাসিকগুলো খুঁজে খুঁজে পড়া হয়। তারপরে বসে অপেক্ষা করতে হয় কবে ভালো গল্পগুলো লেখা হবে, তবে এটা বোঝা যায় যে সবচাইতে কম পরিচিত, কম খ্যাতনামা লেখকের কাছ থেকেই ভালো লেখাগুলো আসবে”।
সমকালীন লাতিন আমেরিকার লেখকদের মধ্যে দুইজন একশো বছরের নির্জনতা উপন্যাসের শুরুর দিনগুলোতে সমর্থন দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এরা দুজনেই পরিচিত নাম। একজন কার্লোস ফুয়েন্তেস আরেকজন আর্জেন্টিনার হুলিয়ো করতাসার।
গার্সিয়া তার উপন্যাসের প্রথম তিন পরিচ্ছদ ফুয়েন্তেসকে পাঠিয়েছিলেন। ফুয়েন্তেস লেখা পড়ে এত প্রভাবিত হয়েছিলেন যে মেক্সিকোর এক পত্রিকায় লিখেছিলেন –
“আমি ‘একশো বছরের নির্জনতা’র প্রথম পঁচাত্তর পৃষ্ঠা মাত্র পড়ে শেষ করেছি। একদম রাজসিক...যে কোন কল্পিত ইতিহাস আর বাস্তব ইতিহাস যুগপৎ অবস্থান করে, স্বপ্নে যা দেখা হয় এবং দলিলে যা রাখা হয় তারসাথে মেশে কিংবদন্তী, মিথ্যা, অতিরঞ্জন আর পৌরাণিক গল্প ইত্যাদি...মাকোন্দো এক সর্বজনীন অঞ্চল, গল্পের বুনিয়াদ প্রায় ধর্মগ্রন্থের মতন, এর উত্থান এবং পতনগুলি, উদ্ভব এবং তার নিয়তি, মানুষের সময় আর তার স্বপ্ন ও কামনাগুলো যাদের কারণে হয় সে রক্ষা পায় নয়তো বিলীন হয়ে যায় এই সবকিছুই বলা হয়েছে গল্পের মধ্যে।
উপন্যাসটা লেখা শেষ হবার পরে প্রথম পাঠকদের একজন ছিলেন কোর্তাজার। তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বইটা সম্পর্কে। তিনি বলেছিলেন গার্সিয়ার কল্পনা শক্তি দক্ষিণ আমেরিকান উপন্যাসগুলোকে একঘেয়েমীর হাত থেকে উদ্ধার করেছে। কোর্তাজারের বই ‘হপস্কচ’-এর ইংরেজি অনুবাদ করে বইটার অনুবাদক গ্রেগরি রোবাসা ১৯৬৭ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
গার্সিয়া তার ‘কর্ণেল এর কাছে কেউ লেখে না’ উপন্যাসের এর ইংরেজি অনুবাদ নিয়ে নিরাশ ছিলেন। রোবাসার অনূদিত ‘হপস্কচ’ পড়ার পর নিজের প্রকাশকের কাছে অনুবাদক হিসেবে তাকেই চেয়েছিলেন ‘একশো বছরের নির্জনতা’র অনুবাদের জন্য। রোবাসা সে সময়ে নিউ ইয়র্কের কুইন্স কলেজে অধ্যাপনা করতেন। প্রকাশক খোঁজ নিয়ে জানলেন এক বছরের জন্য অন্য কাজে ব্যস্ত থাকবেন তিনি।
গার্সিয়া বলেছিলেন “আমি অপেক্ষা করবো”। যে পাঠকেরা ইংরেজি অনুবাদের সুর ধরতে পারেন তারা নিশ্চয়ই কৃতজ্ঞ হবেন তার এই সিদ্ধান্তের জন্য।
রোবাসা গার্সিয়ার স্প্যানিশ সম্পর্কে বলেছেন “তার ভাষা ধ্রুপদী। খুব স্বচ্ছ। তিনি শব্দবিন্যাস নিয়ে খুব বেশি সময় নষ্ট করেন না। লেখায় কিছু আঞ্চলিক শব্দও থাকে, বিশেষ করে সংলাপে, তবে সেটা ভাষা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার কারণে না। তিনি ঠিক শব্দটা ঠিক জায়গায় ব্যবহার করেন। আমি কারভান্তেস-এর সাথে গার্সিয়ার ভাষার ব্যবহারের মিল খুঁজে পাই।”
নিঃসন্দেহে রোবাসাই গার্সিয়ার এর পরের গুরুত্বপূর্ণ কাজটারও অনুবাদ করবেন। ভারগাস জানিয়েছেন নতুন উপন্যাসের নাম হবে ‘এল-অতনো-দেল-পাত্রিয়ার্কা (দ্যা অটাম অব দ্যা প্যাট্রিয়ার্ক)। এ বইটা তিনি লেখা শুরু করেছিলেন ‘একশো বছরের নির্জনতা’ লিখতে শুরু করার আগে থেকে। ভেনেজুয়েলায় জিমেনেজ স্বৈরতন্ত্রের পরিচয় পেয়েই প্রথম বইটা লেখার কথা মাথায় আসে, পরে সে ভাবনা আরো শক্তিশালী হয়েছে কিউবায় থাকাকালীন সময়ে বাতিস্তা স্বৈরতন্ত্র এবং কলম্বোর রোজাস স্বৈরতন্ত্রের কথা জেনে। বইয়ের কেন্দ্রীয় চরিত্রে আছে একজন লাতিন স্বৈরশাসক যে ২৭০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
ডানপন্থী রাজনীতি থেকে গার্সিয়ার দূরে সরে যাওয়া মনে প্রশ্ন আনে যে এখন কেন তিনি ফ্রাঙ্কো স্বৈরতন্ত্রের অধীনে স্পেনে থাকছেন। জানতে চাইলাম স্পেনের রাজনীতি বিষয়ে তিনি কী মনে করেন। প্রতিক্রিয়ায় তিনি অস্ফুট গোঙানির শব্দ করে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। এ প্রশ্নের প্রকাশ্য উত্তরে বারসেলোনায় তার অরাজনৈতিক শান্তিপূর্ণ বসবাস ক্ষতিগ্রস্ত হতে পারে।
শেষে বললেন “যদি আমাকে এমন দেশ বেছে নিতে বলা হয় যার রাজনীতি আমি পছন্দ করি, তাহলে আমি তো দুনিয়ার কোথাও থাকতে পারবো না।”
“খুব বুদ্ধিমান উত্তর” বললাম আমি “থাক এ নিয়ে আর কিছু না বলি”।
“আপনি ভদ্রলোক” তিনি বললেন।
আমরা বারসেলোনা নিয়ে কথা বললাম, যেখানে তিনি থাকেন। আমার স্বল্পদিনের অভিজ্ঞতায় শহরটার বিস্তীর্নতা এবং জীবনমুখরতার তারিফ করলাম। একটা ট্রামের গল্পও বললাম – যখন পোর্ট বু পার হয়ে স্পেনে ঢুকলাম, তখন টুরিস্ট জানালায় উঁকি দিয়ে জানতে চেয়েছিলাম বারসেলোনা সম্পর্কে কোন তথ্য আছে কিনা, ওরা একটা প্যামফ্লেট দিয়েছিল, সেখানে অন্যান্য আরো অনেক তথ্যের সাথে শহরের ট্রাম লাইনগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে নম্বর এবং গন্তব্য সহ।
কলম্বাস প্লাজা থেকে ট্রাম ধরে আমরা যেতে চাইছিলাম আন্তোনিও গোদি’র সাগ্রাদা ফ্যামিলিয়া চার্চে, যা বারসেলোনার বিস্ময়গুলোর একটা। প্লাজার এক ডাব বিক্রেতা জানালো বারসেলোনাতে ট্রাম চলে না প্রায় চৌদ্দ-পনেরো বছর ধরে। তাহলে পর্যটকদের প্যামফ্লেটে এখনো কেন এত বিস্তারিতভাবে বলা ট্রামের কথা?
এর উত্তর ডাব বিক্রেতা দিতে পারলেন না, আমরা শেষ পর্যন্ত বাস ধরে গেলাম গির্জা দেখতে। বাসের পিছনের দিকে দাঁড়িয়ে দেখছিলাম বাইরে রাস্তার দুইপাশে বিশাল অট্টালিকা আর ফ্ল্যাটবাড়ির মাঝখানে রাস্তাটা সুন্দর একটা খাদের মতন, হয়তো ঊনিশ শতকে তার সবচেয়ে সৌষ্ঠবপূর্ণ সময়ে ফিফথ অ্যাভেনিউ দেখতে এরকম ছিল। তারপর ডানাকে বললাম – ওই দেখ একটা ট্রাম।
সঙ্গত কারণেই সে দেখতে পেল না। আমাদের সমকোনে ছিল ট্রামটা, তিন স্টপ আগে আমাদের পার হয়ে গেছে সে, ডান থেকে বাঁয়ে। মাত্র এক সেকেন্ডের জন্য তাকে দেখা গেছে তারপরে খাদের দেয়ালের পেছনে উধাও হয়েছে।
➖
“বারসেলোনায় এখনো কোন ট্রামটা চলে?” গার্সিয়াকে প্রশ্ন করলাম।
তিনি ও তার স্ত্রী দুজনেই বললেন বারসেলোনায় এখন কোন ট্রাম চলে না। মারসিডিস একটা ফিউনিকুলারের কথা মনে করতে পারলেন।
“আমি যেটা দেখেছি সেটার রঙ হলুদ”, জানালাম আমি “আর নকশাটাও পুরোনো”।
মারসিডিস বললেন “না, ফিউনিকুলার তো নীল”।
গার্সিয়া তার এজেন্ট কারমেন বালসেল্সকে ফোন করে জানতে চাইলেন “বারসেলোনায় কী কোন হলুদ ট্রাম আছে? আমি এখানে কেনেডির সাথে বসে সাক্ষাৎকার দিচ্ছি আর উনি হলুদ ট্রাম দেখেছেন”।
ফোনে কিছুক্ষণ কথা শুনলেন, তারপর আমাদের দিকে ফিরে বললেন “আগের দিনের সব ট্রামই হলুদ ছিল”।
তারপর নীল ট্রামের কথাও জানতে চাইলেন, কিন্তু কারমেন জানালেন সেটা শহরের বাইরের, আমরা যেখানে ছিলাম তার ধারেকাছেও না। কয়েক মিনিট পরে কারমেন ফোন করে জানালেন দুই বছর আগে একটা সর্বজনীন অনুষ্ঠানে বারসেলোনার সর্বশেষ ট্রামটাকে আনুষ্ঠানিক ভাবে কবর দেয়া হয়েছে।
কী দেখেছিলাম তাহলে আমি? কিছুতেই বোঝা গেল না।
গার্সিয়া বললেন “আমার কাছে এটা খুব স্বাভাবিক ঘটনা”।
তারপর আমাকে কিছুদিন আগের ঘটনা বললেন। বারসেলোনাতেই একবার ট্যক্সি ডাকার জন্য হাত তুললেন, কিন্তু দেখলেন পিছনের সিটে কেউ বসে আছে। তিনি হাত নামিয়ে ফেললেন। ট্যাক্সি চালক তবু থামলো। গার্সিয়া তাকিয়ে দেখেন আসলে কেউ নেই পিছনে। ব্যাপারটা চালককে বুঝিয়ে বলতেই চালক রাগে ফেটে পড়তে পড়তে গার্সিয়াকে বললো “মানুষ শুধুশুধু আমার ট্যাক্সির পিছনে কাউকে বসে থাকতে দেখে, অথচ কেউ থাকে না।”
আমরা পাঁচ ঘন্টা ঘরে সাবধানে স্কচ পান করছিলাম আলাপে মগ্ন হয়ে। সাক্ষাৎকারের শুরুতে খুব সাবধাণতাবশত ঠিক করেছিলাম ডানা আমাদের হয়ে দোভাষীর কাজ করবে, যেহেতু আমার স্প্যানিশ ভাষাজ্ঞান সীমিত, ভাষার সুক্ষ্ণ প্রকাশগুলো হয়তো বুঝতে পারবো না।
তবে রাত যত বাড়ছিল, ডানার মধ্যস্থতায় বিষয়টা এমন দাঁড়ালো যে আমি ডানাকে স্প্যানিশে প্রশ্ন করছিলাম আর ও গার্সিয়ার সাথে ইংরেজিতে কথা বলছিল। গার্সিয়া স্প্যানিশ বলার মাঝে মাঝে বেশি করে ইংরেজি মিশিয়ে দিচ্ছিলেন আর আমি আরো বেশি করে স্প্যানিশ বলছিলাম। কারোরই কোন সমস্যা হচ্ছিল না বুঝতে। হুইস্কির জড়তা কাটিয়ে দিতে পারার এই গুনের তারিফ করলাম আমরা। বললাম তবে লেখার সময় হয়তো হুইস্কি খুব একটা কাজের না। গার্সিয়াও একমত হলেন তারপর খানিক ইতস্ততভাবে বললেন “মাঝে মাঝে অবশ্য কাজ করে।”
ঘড়িতে তখন রাত পৌনে এগারোটা, বারসেলোনায় থিয়েটার শুরু হওয়ার সময়, গার্সিয়া সিদ্ধান্ত নিলেন আমাদের রাতের খাবার খাওয়া দরকার। তিনিই গাড়ি চালালেন, সংযমের সাথে। পুরানো রাস্তা ধরে চালিয়ে একটা গলির কাছে পার্ক করলেন। আমাদের নিয়ে গেলেন তার ভাষায় “বারসেলোনার সবচাইতে ভালো গোপন রেস্তোরাঁ”য়।
আমি আমার স্টিল-ফ্রেমের চশমা চোখে দিয়ে মেনু পড়ছিলাম, কিন্তু গার্সিয়া বললেন “আমার চশমা আপনারটার চেয়ে ভালো”, তার স্টিলের অর্ধবৃত্তাকার চশমা বের করে চোখে দিলেন।
“চশমা ছাড়া অন্ধ আপনি”? আমি জানতে চাইলাম।
“এখনো হই নাই”, জানান তিনি, মেনুটা চোখ থেকে যত দূরে সম্ভব খুলে ধরতে ধরতে “আমার হাত বেশ লম্বা”।
আমি নিলাম রসুনের সসের ভেতর ছোট স্কুইড আর গার্সিয়ার পছন্দ করা ‘পারদিস’ ও নিলাম। পরে বুঝলাম সেটা হলো তিতিরের মাংস। ফ্রেঞ্চ ওয়াইন বললেন সাথে, ঝাপসা আর বাঁকানো গলার বোতলে। প্রথমে একটু রুটি চিবিয়ে নিলেন যাতে বাড়িতে খাওয়া স্কচের স্বাদটা চলে যায় তারপরে ওয়াইনের স্বাদ নিলেন।
খেতে খেতে আরেকটা সাহিত্যিক আলাপ হলো। কিছুক্ষণ আগে রাজনীতি এবং সাহিত্য বিষয়ে কথা হচ্ছিল আমাদের, তখন একজন লেখকের কথা বলেছিলেন যিনি গার্সিয়ার মতে রাজনীতির উপরে বেশি জোর দিতে গিয়ে নিজের ক্ষতি করেছেন, এর ফলে সেই লেখকের কাজের মান বদলে গেছে। গার্সিয়ার মনে এটা আফসোসের বিষয়।
আমি জানতে চাইলাম তাহলে সাহিত্যে রাজনীতির জায়গা কোথায় বলে তিনি মনে করেন। তিনি আমার কলমটা চেয়ে নিয়ে আমার খাতায় কিছু লম্বালম্বি আর পাশাপাশি দাগ কেটে বারোটা ঘর কাটলেন। সেগুলোর নিচে লিখলেন ‘গল্প’। লম্বালম্বি বর্ডারগুলোর ডান আর বাঁ পাশে তীরচিহ্ন আঁকলেন। বাঁদিক থেকে মাঝখানের চৌখুপির মধ্যে লিখলেন ‘রাজনীতি’। একটু থামলেন। শূন্য চৌখুপিগুলো আরো কিছু বলার তাড়না দিল তাকে, তখন দুই ভাষায় প্রতিটা ঘরেই লিখতে থাকলেন – শোক, ভালবাসা, হাসি, টাকা, নাম, মৃত্যু, নস্টালজিয়া, জীবন আর তিনটা প্রশ্নবোধক চিহ্ন।
আরেকজন গার্সিয়া আমার বইয়ে ছবি আঁকছেন। ছবিতে একটা টবে দুই পাতাওয়ালা চারাগাছে ফুল ফুটছে, একটা মাছ হা করে টোপ গিলতে যাচ্ছে ঝুলন্ত ছিপ থেকে আর একচোখা সূর্য উঠছে, অথবা অস্ত যাচ্ছে ঢেউখেলানো দিগন্তে। আমার প্রতি সম্মানার্থে ছবিতে একটা দুই চাকার ট্রামও আঁকলেন ট্রামলাইনের উপরে, বাঁ দিকে। নাম দিলেন “পুরানো হলুদ”। দুই জায়গায় সই করলেন, আমার নাম লিখলেন আর সাথে সে বছরটাও – ১৯৭২।
আমরা শেষমেষ রেস্তোরাঁ থেকে বেরিয়েছিলাম রাত দেড়টার দিকে। বুঝতে পারলাম ভুল করে ভারগাসের লেখা গার্সিয়ার জীবনীর কপিটা গার্সিয়ার বাড়িতে ফেলে এসেছি, তিনি বললেন সমস্যা নাই, লা-রাম্বলাসে বইয়ের দোকান খোলা থাকবে সেখান থেকে আরেকটা কপি কিনে নিলেই হবে। একটা বইয়ের দোকানে ড্রাইভ করে গেলেন গার্সিয়া কিন্তু মারসিডিস লাফিয়ে নেমে বই কিনে আনলেন আমার জন্য, কারণ, গার্সিয়া বললেন, এখন রাত দেড়টার সময় আমি যদি নিজের জীবনী কিনতে যাই লোকে কী বলবে!
➖
আরেকটা আলাপ হয়েছিল তার সাথে। কোথায় যে, ঠিকঠাক মনে করতে পারছি না। হয়তো সেই মার্কিন বারে, অথবা তার বাড়িতে, কিংবা বারসেলোনার সবচেয়ে ভালো গোপন রেস্তোরাঁয়। আলাপটা ছিল গার্সিয়া যে প্রতি দুই-তিন বছরে একবার কলম্বো সফরে যান আর আরাকাতাকায় ফেরেন সে বিষয়ে।
“প্রতি বছর একটু কম” , তার আদি শহরের কথা বলেন তিনি। অর্থাৎ প্রতি বছর যে পৃথিবীটা তিনি চিনতেন একটু একটু করে তা উধাও হচ্ছে। কিন্তু নতুনভাবে জন্মুও নিচ্ছে। প্রতি বছর ‘একশো বছরের নির্জনতা’ যতো বিখ্যাত হতে থাকে, আরাকাতাকাও পর্যটকদের কাছে এমন এক শহর হতে থাকে যার বাস্তবতা তারা তাদের বইয়ে পড়া বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে পারে। তারা সেই বাদাম গাছটা দেখতে চায় যেখানে মাকোন্দোর প্রতিষ্ঠাতা হোসে আরকাদিও বুয়েন্দিয়া গভীর আনন্দময় পাগলামীর ঘোরে মারা গিয়েছিল, সেই গাছের গুড়ির সাথেই বাঁধা ছিল সে বছরের পর বছর, তার অতীতের ভূতেদের তার সঙ্গে বুড়ো হতে দেখতো সে।
তারা বুয়েন্দিয়াদের পুরোনো বাড়িটা দেখতে চায়, তারা সেই বাজার দেখতে চায় যেখানে কলা বাগানের হাজার হাজার শ্রমিকেরা ধর্মঘট করেছিল আর সশস্ত্র বাহিনী তাদের হত্যা করে মৃতদেহগুলো তুলে দিয়েছিল পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেনে সমুদ্রের কাছে নির্জন কোন জায়গায় নিয়ে ফেলে আসার জন্য, যাতে এই হত্যাকান্ডের কোন প্রমাণ না থাকে।
বহুবছর পরে সে হত্যাকাণ্ডও এক কিংবদন্তী হয়ে উঠবে, এর বাস্তবতা মেনে নেয়া হবে। তখনও ট্রোজান ঘোড়ার মতন প্রমাণ-অসাধ্য, অথবা আমার দেখা হলুদ ট্রামগাড়ির মতন। হত্যাকাণ্ডের কিংবদন্তী গার্সিয়া শুনেছিলেন তার ছোটবেলায়, বইয়ে সেটাই আবার গড়েছেন, যেভাবে মাকোন্দোকে গড়ে তুলেছিলেন আরাকাতাকার ছোটখাট অংশ দিয়ে, তার অতীত স্মৃতি অথবা কল্পিত অতীত থেকে। যে মাকোন্দো তিনি তৈরী করেছেন, এখন আরাকাতাকায় সেরকম কিছু নেই কিন্তু তাতে এখনকার কল্পনাপ্রবণ ও উদ্যমী ছোট ছেলেদের সমস্যা হয় না। তারা তাদের কল্পনা মিশিয়ে এমন কিছু গড়ে তোলে যা পর্যটকেরা দেখতে চায়। কয়েক পয়সার বদলে তারা হোসে-আরকাদিও-বুয়েন্দিয়ার গাছ খুঁজে দেবে, সে জায়গাটা খুঁজে দেবে যেখানে বুয়েন্দিয়াদের নতুন শিশুটিকে পিঁপড়া খেয়ে ফেলেছিল, সে জন্মেছিল অজাচারে, একটা শুয়োরের লেজ সাথে করে। কল্পনার বৃত্ত এমন কোন বাস্তবের উপর নির্ভরশীল না যে বাস্তব লোহালক্কড়ের দোকানে আটাত্তর সেন্ট এর স্ক্রু-ড্রাইভারের মতন কিনে ফেলা যায়।
আমার এক বন্ধু বলেছিলেন আজকাল গল্প লেখার গুরুত্ব একদান ব্রিজ খেলার সমান। ‘বিড়ালের পুরিষ’ নগরের অধিবাসীদের ক্ষেত্রে এই কথা সত্যি হলেও হতে পারে। হয়তো, তারা পরিবর্তে আর কিছু পেয়েছে। তবে মাকোন্দো সৃষ্টির মতন আদি ঘটনার মুখে এই তর্কের দাম নেই।
সংখ্যা যাই হোক না কেন, এখনো এমন লোক আছে যারা কিছুটা সময় মাকোন্দোতে কাটাতে, যে হলুদ ট্রামটা বাস্তবে থাকতেও পারে আবার না-ও থাকতে পারে তাতে চড়ে ঘুরে বেড়াতে, একটা এক-চোখের সূর্যের উষ্ণতায় সতেজ হয়ে উঠতে এবং একটা বইয়ের বৈচিত্র্য এবং প্রশ্নবোধক চিহ্নগুলো থেকে পুষ্টি টেনে নিতে আগ্রহী। যাদের এরকম মনে হয় তাদের নিজেদের পছন্দের পক্ষে কোন যুক্তি দেবার দরকার হয় না।
১৯৬৯ এ বোগোতার এক সাংবাদিক আরাকাতাকায় গার্সিয়ার পূর্বপুরুষের বাড়িতে গিয়ে দেখেছিলেন ধূলা আর পিঁপড়ায় সে বাড়ি ছেয়ে গেছে, যেমন করে গার্সিয়া ভবিষ্যদ্বাণী করেছেন এক ধূলিঝড়ের তলায় একদিন বুয়েন্দিয়াদের বাড়ি আর সমগ্র শহরটা তলিয়ে যাবে। সাংবাদিক সে শহরে ধ্বংসাবশেষ এবং নির্জনতা পেয়েছিলেন, সন্দেহাতীতভাবে তার খোঁজেই বেরিয়েছিলেন তিনি, আর খুব খেয়াল করে দেখলে যে কোন জায়গাতেই খুঁজে পাওয়া যাবে এসব। তাই সেই অভিশপ্ত অবশ্যম্ভাবী পুর্বাভাসের কারণেই আরাকাতাকার বিলীন হয়ে যাচ্ছে না।
এই পরিণতি গার্সিয়া মার্কেস একজন ঔপন্যাসিকের ঐশ্বরিক ক্ষমতার বলে বেছে নেন নাই, বরং এখানে তাকে তার উপন্যাস ‘একশো বছরের নির্জনতা’-র যাযাবর মেলকিয়াদিসের মত মনে হয়।
মেলকিয়াদিস পার্চমেন্টে সাংকেতিক ভাষায় লিখে রেখেছিলো – “প্রথম বাক্যটা গাছের সাথে ঝুলছে আর শেষটাকে পিঁপড়া কাটছে” – সে ইতিহাসের চাবি খুঁজে পেয়েছিল, জানতো, ঘটনাগুলো ঘটে কারণ তাদের ঘটতে হয়, সে জানতো সময়ের ঘূর্ণন বৃত্তাকার আর জীবনের এই অত্যাবশ্যক রক্ত-মাংসের উষ্ণতা তার নিজের ভেতরে ধূলিমলিন পরিণামের সাথে সাথেই নবায়নের বীজও ধারণ করে।
গার্সিয়ার ডাকনাম গ্যাবো। ছোট করে বললে গাবিতো। আরাকাতাকার এক শুঁড়িখানায় বোগোতার সেই সাংবাদিক শুনেছিলেন একটা গান গাওয়া হচ্ছে। গানটা আসলে ঔপন্যাসিক গার্সিয়ার নবজন্ম, মানুষ গার্সিয়া –
মাকোন্দো রাজ্যে জন্মেছিল
ছোট্ট গ্যাব্রিয়েল
দুনিয়ার লোকে তাকে
চিনতো গাবিতো নামে...
-0-
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সাক্ষাৎকার"বার্সেলোনার সেই হলুদ ট্রামগাড়ি ও অন্যান্য স্বপ্নলোক"
মূল রচনা: The Yellow Trolley Car in Barcelona, and Other Vision
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড’ (One Hundred Years of Solitude) প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালের ৩০ মে, আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ─ এর প্রথম ইংরেজি অনুবাদটি পরবর্তীতে ১৯৭০ সালে প্রকাশিত হয়। ১৯৭৩ সালের জানুয়ারি মাসে ‘’আটলান্টিক’’ পত্রিকায় মার্কেসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারটির মূল কথোপকথন স্প্যানিশ ভাষাতেই হয়েছিল। উইলিয়াম কেনেডি যখন মার্কেসকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ইংরেজি বলতে পারেন কি না, মার্কেস মজা করে উত্তর দিয়েছিলেন, "Nada, nada" (একদমই না)। ফলে কেনেডি তার নিজের "জং ধরা" স্প্যানিশ দিয়ে কথা বলা শুরু করেন। তবে মূল সুবিধাটি হয়েছিল কেনেডির স্ত্রী ড্যানা’র কারণে, যিনি ছিলেন পুয়ের্তো রিকোর বাসিন্দা । ড্যানা চমৎকার স্প্যানিশ জানতেন, তাই ইন্টারভিউয়ের সময় ভাষার সূক্ষ্ম ও জটিল বিষয়গুলো অনুবাদ করে তিনি তাদের কথোপকথন সহজ করে দিয়েছিলেন।