দাদু ছাড়া দুনিয়া অন্ধকার
একটা নীল কেটলি! আমার শুধু এটাই মনে আছে। আমার জীবনের প্রথমতম স্মৃতি হচ্ছে ওটাই, একটা গোলগাল, বেঁটে, ভালমানুষের মতো দেখতে নীল রঙের কেটলি। আজ আর বলা যাবে না সেটা পোর্সিলিনের, না কলাই করা জিনিস। কলাই করা কেটলি হয় কি? না হলেও আমার যেন মনে হয় ওটা কলাই করা কেটলিই ছিল। না-ও হতে পারে। তবে তখন আমি এতই ছোট যে, জিনিসপত্র সম্পর্কে কোনও বিচারবোধ জন্মায়নি। কোনটা কেন বা কী, সে সব বড়রা জানে। আর কোথায় যে দেখেছিলাম, সেই জায়গাটার কথাও আমার মনে নেই।
তখন আমার দু’ভাগ, খানিকটা ময়মনসিংহে, আর খানিকটা কলকাতায়। ময়মনসিংহে আমি বেশির ভাগ সময়েই থাকতাম কারও না কারও কোলে। কত লোক! এক তো মা, তার পর দাদু, ঠাকুমা, জেঠিমা, চার জেঠতুতো দাদা, আরও সব দাদা-দিদিরা। সবচেয়ে বেশি অবশ্য দাদু। দাদু ছাড়া দুনিয়া অন্ধকার। সকাল থেকে রাত অবধি দাদুর সঙ্গে সেঁটে থাকতে চাইতাম। সেটা হত না, কারণ, দাদু অতি ব্যস্ত একজন মোক্তার, তাঁর কাছারি আছে, মক্কেলদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। কতবার হয়েছে, আমার বায়নায় দাদু কাছারি কামাই করেছেন, মক্কেলদের ভুজুংভাজুং দিয়ে বিদেয় করে দিয়েছেন। দাদুর হাতেই স্নান, খাওয়া, শেষে ঘুম অবধি পাড়িয়ে কোলে করে মায়ের জিম্মায় দিয়ে আসতেন। বাবাকে চিনতাম বটে, কিন্তু বড্ড দূরের মানুষ। লম্বা, ছিপছিপে, অতিশয় সুপুরুষ একটা লোক মাঝে মাঝে আসে যায়, কখনও আমাকে একটু কোলেও নেয়, কিন্তু ওই এসোজন-বোসোজনের মতোই একজন মাত্র। হবে না-ই বা কেন। এম.এ., বি.এ., ল পাশ লোকটা তখন ওকালতি করে, টেনিস খেলে, হকি খেলে, ফুটবল পেটায়, আর ব্রিজ খেলায়ও ভারি পটু। তার ওপর আছে হারমোনিয়াম বাজিয়ে রাগাশ্রয়ী গান গাওয়া, বই পড়ার নেশা এবং আড্ডা। পরে বড় হয়ে দেখেছি, লোকটার সংগ্রহে কত না বই! কমপ্লিট ওয়ার্কস অফ শেক্সপিয়র, কমপ্লিট ওয়ার্কস অফ অস্কার ওয়াইল্ড, কমপ্লিট ওয়ার্কস অফ জর্জ বার্নার্ড শ, ডেকামেরন থেকে শুরু করে আগাথা ক্রিস্টি, কী যে ছিল না। বেশ একটু বড় হয়ে শেক্সপিয়র বাদে আর সব বই আমি পড়েও ফেলেছিলাম। কিন্তু সে তো পরে। সেই চেতনার প্রথম উন্মেষকালে বাবা নিতান্তই একজন উটকো লোক। মনে আছে, লোকটা ঘামাচি মারতে খুব ভালবাসত। তাই গ্রীষ্মকালে যখন আমার গা-ভর্তি ঘামাচি হত, তখন লোকটা মাঝে মাঝেই আমাকে তার কোলে উপুড় করে ফেলে মহানন্দে নখ দিয়ে পুটপুট করে ঘামাচি মারত। সেটা আমার কাছে মোটেই সুখকর অভিজ্ঞতা ছিল না, কিন্তু গম্ভীর, রাশভারী, আধচেনা লোকটাকে আদ্যন্ত ভয় পেতাম বলে আপত্তিও করতে পারিনি। বাবা বলতে তখন ওইটুকুই। তবে আমার চুপচাপ, স্নেহময়ী, ধর্মপ্রাণা নম্রকন্ঠ মা-কে আমার বড্ড ভাল লাগত। কিন্তু সারা দিন অত বড় সংসারের নানা কর্মকাণ্ডের মধ্যে মা এমন ভাবে হারিয়ে যেত যে, দেখাই পাওয়া যেত না।
তখন আমার আর আমার রোগাভোগা বায়নাদার, ছিঁচকাঁদুনে দু’বছরের বড় দিদির সারা দিনের আশ্রয় ছিলেন দু’জন। দাপুটে মোক্তার দাদু রাজকুমার মুখোটি, আর আমার দাপুটে ঠাকুমা হেমলতা দেবী। আমি আবার দাদুর বেজায় নেই-আঁকড়া। অথচ বড় হয়ে শুনেছি, দাদু তাঁর সন্তানদের বা অন্যান্য নাতি-নাতনিদের একেবারেই প্রশ্রয় দিতেন না। অত্যন্ত রাগী এবং রাশভারী বলে তারাও কদাচিৎ দাদুর নিকটবর্তী হতে পেরেছে। তাঁর চার মেয়ে আর দুই ছেলের সন্তানসন্ততি বড় কমও ছিল না। কিন্তু দাদু কেমন করে যেন তাঁর এই নাতিটির কাছে বশ হয়ে গিয়েছিলেন। আর সেটা এতটাই যে, আমার আবদার রাখতে দাদু অন্যায্য কাজ করতেও পিছপা ছিলেন না। তাঁর এই চূড়ান্ত পক্ষপাত দেখে আমার তুতো-ভাইবোনেরা আমাকে বেজায় হিংসে করত। একবার আমার এক জ্ঞাতিভাই আমাকে হয়তো একটা গাঁট্টা বা চিমটি বা চুল ধরে টানা গোছের একটা কিছু করেছিল। সেটা শুনে দাদু রেগে গিয়ে তাকে দা নিয়ে তাড়া করেছিলেন।
বড় হয়ে শুনেছি, দাদু তাঁর সন্তানদের বা অন্যান্য নাতি-নাতনিদের একেবারেই প্রশ্রয় দিতেন না। অত্যন্ত রাগী এবং রাশভারী বলে তারাও কদাচিৎ দাদুর নিকটবর্তী হতে পেরেছে। তাঁর চার মেয়ে আর দুই ছেলের সন্তানসন্ততি বড় কমও ছিল না। কিন্তু দাদু কেমন করে যেন তাঁর এই নাতিটির কাছে বশ হয়ে গিয়েছিলেন।
আমাদের দেশ হল ঢাকা, বিক্রমপুর। মুন্সিগঞ্জের অন্তর্গত টঙ্গিবাড়ি থানার অধীন বাইনখাড়া গ্রাম। খুব সম্পন্ন গৃহস্থ নয়, তবে মধ্যবিত্ত শিক্ষিত পরিবার। আমার দাদুর পরের ভাই চন্দ্রকুমার ছিলেন শিক্ষক, ছোট অশ্বিনীকুমার তেমন কিছু করতেন না, সম্ভবত চাষবাস দেখতেন।
এটা চর্চিত সত্য যে, বিক্রমপুর বানভাসি অঞ্চল বলে সেখানে চাষের ওপর নির্ভরতা ছিল কম। বছরের ছ’মাস গোটা পরগনা জলের তলায় চলে যেত বলে চাষের অনিশ্চয়তা এবং অর্থনৈতিক দুর্বলতা ছিল। তাই বিক্রমপুরের পুরুষেরা লেখাপড়া শিখে রুজি-রোজগার করতে অন্যত্র যেত। আমার দাদু তেমনই একজন। তখন ময়মনসিংহ ছিল ফৌজদারি মামলার পীঠস্থান। একজন আমাকে বলেছিল, ময়মনসিংহের জমি অতি সরেস বলে, এখানে চাষিদের তেমন গা ঘামাতে হয় না। লাঙল দিয়ে বীজ ছড়ালেই বহুত। তাই চাষিদের হাতে অনেক বাড়তি সময় থাকে। আর সে-জন্যই ময়মনসিংহের চাষিরা এই বাড়তি সময়ে আর কিছু না পেয়ে মারদাঙ্গা বাধিয়ে নেয়। তাই এই জেলায় এত বেশি ফৌজদারি মামলা। এটা রসিকতাই হবে। কিন্তু এ কথা ঠিক যে, ময়মনসিংহে প্রচুর ফৌজদারি মামলা হত।
মুক্তাগাছার জমিদার বীরভদ্রবাবুকে এক সময়ে আমার দাদু প্রাইভেট পড়াতেন। শিক্ষকের প্রতি বীরভদ্রবাবু এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে, নিজে বড় হয়ে কর্তৃত্ব পাওয়ার পর, দাদুকে শহরের অভিজাত এলাকায় অনেকটা জমি বসবাস করার জন্য দেন। আমাদের বাড়ির দু’দিকে দুটো জমিদারবাড়ি। এক দিকে গোলোকপুরের জমিদার, অন্য পাশে ভবানীপুরের জমিদার। মাঝখানে আমাদের বাড়ি। বাড়ি বলতে একটা বড়সড় উঠোন ঘিরে চারটে টিনের ঘর। মাটির মেঝে। গোটা বাড়িটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। বাইরের দিকে অনেকটা ফাঁকা জমি এবং মাঠ, সেখানে দাদুর কাছারিঘর। অনেক মক্কেল জড়ো হত বলে ঘরখানা ছিল বেজায় বড়। বাকি জায়গাটা ছিল রাজ্যের ছেলেপুলেদের খেলবার জায়গা। বাড়ির পিছনে ছিল একটা পুষ্করিণী। উঠোনের এক কোণে ছিল পাতকুয়া, আর বাইরের মাঠের ধারে একটা টিউবওয়েল, তার পাশে গোয়ালঘর।
একমাত্র দাদু-ঠাকুমার ঘরটার মেঝেই ছিল সিমেন্ট দিয়ে বাঁধানো, আর ওপরে ছিল লোভনীয় একটি পাটাতন, যেটাকে আমরা বলতাম ‘কার’। এই কারে উঠলে টিনের চালের গরমটা খুব টের পাওয়া যেত, আর রহস্যময় আলো-আঁধারিটা ছিল ভীষণ আকর্ষক। একটা সরু কাঠের সিঁড়ি দিয়ে উঠে নানা বর্জিত জিনিসপত্র আর ট্রাঙ্ক-বাক্সের মধ্যে ঘুরে বেড়ানো ছিল নেশার মতো।
যে-কথাটা বলাই হয়নি, তা হল একটি নদীর কথা, যে-নদীর কাছে আমার অপরিসীম ঋণ। ব্রহ্মপুত্র। বেশ চওড়া নদী, বিপুল জলের ঢল নিয়ে নিশিদিন বয়ে যেত। পাট, মুলিবাঁশ আর কত কী নিয়ে অগুনতি নৌকোর চলাচল। আর নদীর ধারে গেলেই পাট পচানোর কটু গন্ধ আসত নাকে। ও-পাড় ছিল শম্ভুগঞ্জ। সে এক রহস্যময় জায়গা। সন্ধেবেলা দেখা যেত আলেয়ার আলো। লোকে বলত আলেয়াভূত। সেই নদীর সঙ্গে আমার আশৈশব সখাভাব। কত জায়গা ছুঁয়ে আসত নদীর বিবাগী জল। উদাস স্রোত কোথা থেকে এসে কোন নিরুদ্দেশে চলে যায় কে জানে। সাঁতার শেখার পর ওই ব্রহ্মপুত্র ছিল আমার সবান্ধব জলক্রীড়ার তীর্থক্ষেত্র। দিনে ঘণ্টাটাক বা তার বেশি দাপদাপি না করলে শান্তি ছিল না। সে শুধু অবগাহন তো নয়, যেন মিশে যাওয়া। আজও সেই জলের পুণ্যস্পর্শ আমার সর্বাঙ্গে লেগে আছে।
প্রথম বাঙাল নাতি
আমার মায়ের দিকটা ঘটি, বাঙাল নয়। মামাদের আদিবাস হুগলি জেলার বরাগ্রামে। তবে দাদামশাই রেলের চাকরিসূত্রে বাইরে-বাইরে। আমার মা আর বাবার যখন বিয়ে হয়, তখন দাদামশাই ময়মনসিংহের স্টেশন সুপারিনটেন্ডেন্ট। দাদামশাইকে আমার যতদূর মনে আছে, মধ্যম দীর্ঘ, গৌরবর্ণ, মাথাভর্তি ঘন কৃষ্ণবর্ণ, কোঁকড়া চুল, অতিশয় সুপুরুষ। শুনতাম জ্যোতিকুমার চট্টোপাধ্যায় ছিলেন রেল ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের মধ্যে অগ্রপুরুষ। তখন নাম ছিল রেলওয়েজ এম্পলয়িজ অ্যাসোসিয়েশন। চাকরিজীবনেও ছিলেন সফল পুরুষ। ময়মনসিংহে আমার বাবাকে দেখে তাঁর ভারি পছন্দ হয়ে যায়।
দাদামশাই তাঁর আট পুত্র ও পাঁচ কন্যাকে বিভিন্ন ভাবে মানুষ করার চেষ্টা করেন। তার মধ্যে তাঁর মধ্যম কন্যা মহামায়াকে তিনি পাঠান কলকাতার সারদেশ্বরী আশ্রমে, গৌরীমায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। আমার মা সারদেশ্বরী আশ্রমেই মানুষ। সেখানেই পড়াশোনা, হাতের কাজ শেখা, জপতপ। আমার বাবা মণীন্দ্রলালের সঙ্গে আমার মা মহামায়ার বিয়ে হয়ে যায় দাদামশাইয়ের আগ্রহাতিশয্যেই। বিয়ের পর মায়ের নতুন নামকরণ হয় গায়ত্রী।
আমি খুব পেটুক। তখন যেমন, এখনও তেমন। আমাদের বাঙালবাড়ির রান্না ছিল এক রকম, আর ঘটি মামাবাড়ির রান্না ছিল আর এক রকম। দুটোই আমার বেজায় প্রিয় ছিল। বাঙালবাড়িতে রুটি, লুচি, পরোটা, পোস্ত, আলুর দমের প্রচলন ছিল না। আর রান্নায় মিষ্টিও দেওয়া হত না। সেসব হত মামাবাড়িতে। বাঙালবাড়ির জলখাবার বলতে ছিল মুড়ি বা খই, দুধ, কলা, মোয়া, ঘি দিয়ে মাখা মুড়ি। সকালের দিকেই দ্বিতীয় জলখাবার ছিল প্রথম চড়ার গরম ভাত, ডাল আর ঘি। বড় থালা ঘিরে আমরা বাচ্চারা গোল হয়ে বসতাম, জেঠিমা টপাটপ গরাস পাকিয়ে খাইয়ে দিতেন। এর পর দুপুরেও বা স্কুল থেকে ফিরে আবার ভাত। তবে যাদের পৈতে হয়েছিল, তাদের এক সূর্যে দু’বার ভাত খাওয়ার নিয়ম ছিল না। আর আমাদের বাঙালবাড়িতে মাছ হত বটে, কিন্তু মাংস বা ডিম নয়। আর পেঁয়াজ-রসুনও ছিল নিষিদ্ধ। বছরে বার দুয়েক মাংস যা-ও বা হত, তা ছিল বলি-দেওয়া পাঁঠার মাংস, যা রান্না করা হত পেঁয়াজ-রসুন ছাড়া শুধু ধনে-জিরে দিয়ে। হিং-এর প্রচলন তেমন ছিল না। আর এখনকার মতো এত আলু খাওয়ারও তেমন রেওয়াজ ছিল না কিন্তু।
দাদামশাই আমাকে কোলে বসিয়ে দুলে-দুলে বলতেন…
মামাবাড়িতে গিয়ে লুচি-পরোটা সাঁটানো ছিল আমার ব্যাপক লোভের বিষয়। আর দিদিমার হাতের অনবদ্য হিং দেওয়া আলুর দম। আর অড়হর ডাল। আর ডালপুরি।
দাদামশাই আমি গেলেই আমাকে কোলে বসিয়ে দুলে-দুলে বলতেন, বাঙালু রস খাইলু ভাঁড় ভাঙিলু পয়সা দিলু না…।
আমি আর দিদি ছিলাম তাঁর প্রথম বাঙাল নাতি-নাতনি। আমাদের কিন্তু ভারি আদর ছিল মামাবাড়িতে। আমার মামাবাড়িতে মামা-মাসিদের প্রায় সবারই কোঁকড়া ঘন চুল। আমার মা তো চুলের জন্যই বিখ্যাত ছিলেন। কোঁকড়া ঘন চুল মেঘের মতো মায়ের চালচিত্র রচনা করত। আশ্রমে মা’কে সবাই চিনত চুলওয়ালা মহামায়া বলে।
দাদু গড়গড়ায় তামাক খেতেন। আবার একটু আফিং-এরও নেশা ছিল। দাদুর সব কিছু নকল করা চাই বলে, দাদু কাছারিতে গেলেই আমি তাঁর বিশাল ডেকচেয়ারে বসে নিবে যাওয়া গড়গড়ায় গুড়ুক-গুড়ুক করে টান মারতাম, ঠাকুমা সেই দৃশ্য সবাইকে ডেকে এনে দেখাতেন আর সবাই হেসে গড়াগড়ি যেত। আর দাদুর আফিং-এর কৌটোর ওপরেও আমার অখণ্ড অধিকার। আফিং খেতে নেই বলে দাদু সাবধান করে দিয়েছিলেন, তাই কখনও খাইনি বটে, কিন্তু এক বার জিবে ঠেকিয়ে দেখেছিলাম, বেশ তেতো। অবশ্য গন্ধটা ভারি মিষ্টি। আফিং-এর ডেলা থেকে ছোট-ছোট গুলি পাকিয়ে (দাদুর মাপমতো) সেগুলো আবার একটা সাদা গুঁড়ো মাখিয়ে আমিই কৌটোয় ভরে রাখতাম। এসব একজন শিশুর পক্ষে বিপজ্জনক কাজ হলেও, কেউ কিন্তু আমাকে বাধাও দিত না। দাদুর ওপর আমার যে অখণ্ড অধিকার ছিল সেটা সবাই মোটামুটি মেনেই নিয়েছিল।
আমাদের পোষ্য বলতে ছিল বেশ কয়েকটা হাঁস, গোটা দুই কুকুর, কয়েকটা বেড়াল, একটা গরু, আর একটা বেজি। রহস্যময় ভাবে যাতায়াত করত বেজিটা। দাদু যখন বারান্দায় ইজিচেয়ারে বসে গড়গড়া খেতেন, তখন বেজিটা এসে দাদুর পায়ের কাছে ঘুরঘুর করত। আমি তার সঙ্গে ভাব করার অনেক চেষ্টা করেছি বটে, কিন্তু আমাকে সে পাত্তা দেয়নি কখনও।
শুনেছিলাম আমার জ্যাঠামশাই বাবার চেয়ে কুড়ি বছরের বড়। তিনি থাকতেন দক্ষিণের ঘরে। একটু ঠান্ডা স্বভাবের নিরীহ মানুষ। এক সময়ে ভাল ক্ল্যারিওনেট আর বাঁশি বাজাতেন। প্লুরিসি হওয়ায় ছেড়ে দিয়েছিলেন। আমাকে পাগলের মতো ভালবাসতেন আমার জেঠিমা হিরণ্ময়ী দেবী। আমাকে ডাকতেন ‘সোনার গোপাল’ বলে। আমি তাঁকে ডাকতাম বমা বলে। বোধহয় বড়মার সংক্ষিপ্ত রূপ। তা সেই বমা ছিলেন একটু মোটাসোটা মানুষ, পাকা রাঁধুনি এবং আহ্লাদী গোছের। কেন কে জানে, নিজের চারটে ছেলে থাকা সত্ত্বেও আমাকে তিনি আষ্টেপৃষ্ঠে ভালবাসতেন। আমাকে বুকের ওপর শুইয়ে কত যে গল্প শোনাতেন তার ইয়ত্তা নেই। এক সন্ধেবেলা মুশকিল আসান এসেছিল, তার হুঙ্কার শুনে আমি বমার বুকের ওপরেই হিসি করে দিয়েছিলাম, ভয় পেয়ে। তাই নিয়ে বাড়িময় সে কী হাসাহাসি!
বহুরূপী, মুশকিল আসান যেমন আসত, তেমনি প্রায়ই সকালের দিকে আসত মাঠাওয়ালা। মাঠা মানে ঘোল। মাটির বড় বড় মালসায় মাঠার ওপর মাখনের গোল-গোল পিণ্ড ভেসে থাকত। সেই মাখনের গোল্লা চিনি মাখিয়ে খাওয়ার স্বাদ আজও যেন টের পাই। মাখনে মাখামাখি মুখের ভিতরে এক অপরূপ স্নিগ্ধতা।
আমার কাছে তখন ময়মনসিংহের মতো এমন রূপকথার রাজ্য আর কোথাও নেই। মেঘমুক্ত দিনে পুবদিকে তাকালে খুব আবছা একটা পাহাড় দেখা যেত। সেটা অনেক দূরে। শুনেছিলাম, সেটা নাকি গারো পাহাড়। ব্রহ্মপুত্রের ও-পারে ছিল বিস্তীর্ণ তৃণভূমি, শরৎকালে জায়গাটা কাশফুলে ভরে যেত। আর শীতকালে ব্রহ্মপুত্রে বড়-বড় চর পড়ত, গজাত নানা ঘাসপাতা। শৈশবে ওই শহরে মোটরগাড়ি দেখিনি বললেই হয়। কখনও কদাচিৎ গোলোকপুর জমিদারবাড়ির একটা হুডওয়ালা মোটরগাড়ি ছ্যাড়ছ্যাড় করে যেত আর আসত।
গোলোকপুর জমিদারবাড়ির হুডওয়ালা মোটরগাড়ি
শব্দটা পেলেই আমরা দৌড়ে গিয়ে মোটরগাড়ি দেখে আসতাম। যানবাহন বলতে দুটো জিনিসই ছিল প্রধান, সাইকেল আর ঘোড়ার গাড়ি। অনেকটা বড় পাল্কির মতো দেখতে গাড়িটা টেনে নিয়ে যেত দুটো করে টাট্টু ঘোড়া। সেই সব ঘোড়া ছিল রুগ্ন ও দুর্বল, কোচোয়ানের চাবুক আর গালাগাল খেয়ে তারা যথাসাধ্য ছুটত বটে, কিন্তু গতি ছিল অতীব মন্থর। তবে জমিদারদের বেশ কয়েকটা করে হাতি থাকত। মাহুতরা হাতিকে স্নান করাতে ব্রহ্মপুত্রে নিয়ে এলে আমরাও সেখানে জুটে যেতাম। মাহুতদের কাকুতি-মিনতি করে কতবার যে হাতির পিঠে উঠে ঘুরেছি তার হিসেব নেই। হাওদা ছাড়া হাতির পিঠে ওঠা অতিশয় বিপজ্জনক। কারণ হাতির চওড়া পিঠে বসলে দুলকি চালের ফলে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। তাই আমি একটু উপুড় হয়ে হাতির যে সামান্য একটু লোম থাকে সেগুলোই খামচে ধরে থাকতাম।
জাদুনগরী ময়মনসিংহ
আমার বাবার এক বন্ধু ছিলেন শীর্ষেন্দু। তিনি ছিলেন বিদ্যাসাগরের পরিবারের এক অধস্তন পুরুষ। তাঁকে আমি কখনও দেখিনি, তবে আমার মায়ের একটা রূপোর সিঁদুরের কৌটো ছিল ডাবের আকৃতির। একটা ডিম্বাকৃতি ছোট্ট প্লেটের ওপর বসানো। সেই প্লেটের ওপর খোদাই করা ছিল ‘গায়ত্রীকে শীর্ষেন্দু’। মায়ের বিয়ের সময়ে আমন্ত্রিত হয়ে এসে দিয়ে গেছেন উপহার। ওইটুকুই জানি। মা-ও তাঁকে মনে করতে পারেনি কখনও। কিন্তু তাঁর নামটা আমার সঙ্গে আজও সেঁটে আছে। প্রথা অনুযায়ী আমার নামকরণের সময় দুটো নাম নির্বাচিত হয়। আর একটা ছিল রণজিৎ। অন্নপ্রাশনের সময় প্রদীপ জ্বালিয়ে যে-লটারিটি করা হয় তাতে রণজিৎ কল্কে পায়নি। তবে রণজিতের রেশ কিন্তু আমার ডাকনাম বহন করছে আজও, রুনু। আমার দিদির নাম ঝর্ণা, তাই থেকে ঝুনু। তখন আমরা দুই ভাইবোন ছিলাম রুনু-ঝুনু। আট বছর পর আমার ছোট বোনের জন্ম হয় কাটিহারে, তার নাম বাবা রাখেন পাঞ্চালী। তারও দু’বছর বাদে দোমোহানিতে জন্মায় আমার ছোট ভাই দিব্যেন্দু।
এত সব হাপরহাটি বকার মানেটা কী তাই বুঝতে পারছি না। একটা লোকের বা তার পরিবারের এত কথা শুনে লাভ কী? শুনতে যাবই বা কেন আমরা! কেউ শুনুক বা না শুনুক, মানুষ তবু কিন্তু নিজের কথা শোনাতেই চায়। কেন চায় কে জানে। হয়তো ভাবে আমার মতো তো আর কেউ নয়! কথাটা ঠিক। কেউ কারও মতো নয়। আবার তফাতও খুব বেশি কিছু নেই।
ময়মনসিংহ হয়তো খুব সু্ন্দর কোনও জায়গা নয়। অনেক গাছপালা ছিল, নদী ছিল, সুড়কির রাস্তা ছিল, ধুলো ছিল, রেলব্রিজ ছিল, দিগন্ত ছিল। কিন্তু সুইৎজারল্যান্ড তো আর নয়। তবু আমার কাছে কেন যে আজও সেই ময়মনসিংহের অফুরান রূপ মায়াঞ্জনের মতো লেগে আছে! এখনও মনে হয়, ইচ্ছেও হয়, সেই গান্ধা শহরটিতে ফিরে যাই। সেই উঠোনঘেরা টিনের ঘর, মাটির ভিত, খাটা পায়খানা, পচা পাটের গন্ধ। আর জগদ্ধাত্রী ভাণ্ডারের কথা তো বলাই হয়নি। মেছোবাজার অঞ্চলে আমাদের একটা পেল্লায় কাপড়চোপড়ের দোকান ছিল। আমাদের গৃহদেবতা জগদ্ধাত্রীর নামে তার নাম রাখা হয়েছিল। সেই দোকানে বসতেন আমার জ্যাঠামশাই। নিরীহ, নির্বিরোধী মানুষ। মোটা গোঁফ ছিল তাঁর, শুনেছিলাম বাবার চেয়ে তিনি কুড়ি বছরের বড়। বরাবর বাবা তাঁকে আপনি করে বলে এসেছেন। খুব বিক্রিবাটা ছিল না। শুনতাম লংক্লথ আর মার্কিন কাপড়ের বিক্রি বেশি। দোকানের সামনে চওড়া বারান্দা, সেখানে সেলাইমেশিন নিয়ে বসত দুজন দর্জি। তাদের একজনের নাম আমার এখনও মনে আছে, সুরেশ। আর একজন বোধহয় গফুর। এই দুজনের সঙ্গেই আমার খুব খাতির ছিল। মাঝেমধ্যেই জ্যাঠামশাই আমাকে সাইকেলের রডে বসিয়ে দোকানে নিয়ে যেতেন। কিনে দিতেন বালুসাই বা রসগোল্লা। পাশেই, মাঝখানে একটা দোকানের পর একটা স্পোর্টসের দোকান ছিল। সেটা ছিল বাণীকন্ঠকাকুর দোকান। বাণীকন্ঠকাকু ছিলেন খুব ফর্সা আর সুন্দর চেহারার মানুষ। থাকতেনও আমাদের পাশের বাড়িতেই। গিয়ে হাঁ করে খেলাধুলোর সব সরঞ্জাম দেখতাম। ফুটবল, ক্রিকেটের ব্যাট, হকিস্টিক, ব্যাডমিন্টনের রাকেট, ব্যাগাটেলি, লুডো, ক্যারম, আরও কত কী! বলতে বাধা নেই তখন হকিস্টিকের কদর কিন্তু খুব বেশি ছিল। খেলার জন্য নয়, মারপিট করার জন্য। আমার চার জেঠতুতো দাদার মধ্যে অন্তত দুজন মারকুট্টা স্বভাবের ছিল। কিন্তু সবচেয়ে বদরাগী, সাহসী আর মারকুট্টা ছিলেন আমার বাবা। একাধারে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের টেনিস ব্লু, তা ছাড়া ফুটবল, ক্রিকেট এবং হকিতেও ছিলেন পাকা খেলোয়াড়। আর তেমনি ছিলেন বেজায় মারপিট করা লোক। ঢাকাই রক্ত তাঁর শরীরে চনমন করত। সত্যিকারের ডাকাবুকো লোক আমি ওই একটিই দেখেছি। ভয়ডরের লেশমাত্র ছিল না। কথায়-কথায় হকিস্টিক নিয়ে বেরিয়ে গিয়ে কাউকে সবক শিখিয়ে আসাটা ছিল তাঁর রুটিনের মতো। সারা জীবন বাবার হাতে আমি কত লোককে যে মার খেতে দেখেছি তার হিসেব নেই। যখন রেলের পদস্থ অফিসার, তখনও। বাবাকে ভয় পেত না এমন লোক খুব কমই ছিল। ভয় পাওয়ার আরও একটা কারণ ছিল, মানুষটার আপসহীন সততা। যে-লোকটা সারাজীবন এক পয়সাও ঘুষ খায়নি, তাকে সমঝে না চলে লোকের উপায় কী? এমনি সৎ মানুষকে লোকে ভয় খায় না, কিন্তু অ্যাগ্রেসিভ সৎকে পায়। আলিপুরদুয়ারে রেলের ডিস্ট্রিক্ট অফিসার থাকাকালীন একজন বেয়াদব ওপরওয়ালাকে মারধর করায় তাঁর এক বছরের জন্য পদাবনতিও হয়েছিল।
ময়মনসিংহের অফুরান রূপ
মা অন্য রকম। নিরীহ, ভীতু, চুপচাপ, ধার্মিক প্রকৃতির। ময়মনসিংহে থাকাকালীন মায়ের সান্নিধ্য পেতাম রাতে, ঘুমের সময়ে। সারা দিন বাড়ির অন্যদের সঙ্গে। দাদু, ঠাকুমা, জেঠিমা, জ্যাঠামশাই, দাদারা বা পাড়ার বন্ধুদের সাহচর্যে। সারা বাড়িতে সবাই ঢাকাই বাঙাল ভাষায় কথা বলত, শুধু মা বলত কলকাতার ভাষা। আজীবন মা বাঙাল কথা বলেনি। এতে একটা সুবিধে হয়েছিল, আমরা ভাইবোনেরা দুটো ভাষাই অনর্গল বলতে পারতাম। এটা আমাদের পরিবারের আর কেউই পারত না। কিন্তু মামাবাড়ি গেলে দিদিমা বা মামারা মাকে বলত, ইস, তোর কথায় তো বাঙাল টান এসে গেছে রে! এই সূক্ষ্ম তফাতটা আমি কিন্তু বুঝতে পারতাম না।
একটা নীল কেটলি
একটা নীল কেটলির কথা বলেছিলাম। জন্মের পর সেটাই ছিল আমার চেতনার প্রথম কোনও আইডেন্টিফিকেশন। কেটলিকে কেটলি বলে চিনতে পারা। একটা বস্তুকে তার নামে চিহ্নিত করা কিন্তু সোজা ব্যাপার নয়। অন্তত কোনও শিশুর পক্ষে। কিন্তু ঘটনাটা কোথায় ঘটেছিল সেটা এত দিন বারবার চেষ্টা করেও মনে পড়েনি। আজও চেষ্টা অব্যাহত আছে।
আজও কেন যে আমার ময়মনসিংহকে এক জাদুনগরী বলে মনে হয় তা বুঝতে পারি না। আজও সেই তখনকার ময়মনসিংহে আমার বারবার ফিরে যেতে ইচ্ছে করে। এই শহরেই বসবাস করবেন বলে দুর্গাবাড়িতে দাদু একটা পেল্লায় দু’মহলা পাকা বাড়ি বানিয়েছিলেন। তার সামনেই এক মস্ত পুকুর। আমি জানতাম আমরা এক দিন সেই পাকা বাড়িটায় থাকব। থাকা আর হয়নি অবশ্য। কিন্তু ব্রহ্মপুত্রের ধারে বড় কালীবাড়ি রোডের বাড়িটাই ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা, আজও প্রিয়ই আছে। প্রায় সত্তর বছর পর সেই বাড়ি খুঁজতে গিয়ে দেখি, শুধু বাড়িটাই নয়, পুরনো আবহই লুপ্ত হয়ে গেছে। কিছুই আর তেমন চেনা লাগল না।
আমাদের বাড়ির মধ্যেই, দক্ষিণের ঘরের পিছন দিকে একটা কোণ ঘেঁষে এক দূরের জ্ঞাতি থাকতেন। বড্ড গরিব বলেই তাঁদের থাকতে দেওয়া হয়েছিল। সেই জ্যাঠামশাই ছিলেন পেশায় পুরোহিত। পূজারি ব্রাহ্মণদের চিরকালই দারিদ্র। তাঁদের ঘরে গেলেই ওই বয়সেও দারিদ্র কাকে বলে তা খানিকটা যেন বুঝতে পারতাম। তাঁর নাম ধরা যাক নিষ্কণ্টক বন্দ্যোপাধ্যায়। স্বামী-স্ত্রী দুজনেই ফর্সা। তাঁদের দুই ছেলে এবং দুই মেয়ে। বেশ ভাব ছিল তাঁদের সঙ্গে আমাদের, যেন একই পরিবারের লোক। শুধু হাঁড়িটাই যা আলাদা।
ওই নি জ্যাঠার ছোট ছেলে এক দুর্গাপুজোয়, বোধহয় পঞ্চমীর দিন কোথা থেকে একটা হাত দুয়েক লম্বা দুর্গামূর্তি ঘাড়ে করে নিয়ে এল। তাতে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই আছে। দেখতেও ভারি ভাল। মুহূর্তে বাড়িতে শোরগোল পড়ে গেল। নি জ্যাঠামশাই রাগে টং হয়ে বললেন, হারামজাদা, পূজা কাটাইল্যা দিনে যে-মূর্তি আইন্যা খাড়া করলি, অহন পূজা না করলে তো পাপ হইব। আমি তো নির্বংশ হইয়া যামু। এইটা কী সর্বনাশ করলি রে নির্বইংশার পো! অহন আমি কই যাই, কী করি! সে কী কান্না জ্যাঠার!
হাত দুয়েক লম্বা দুর্গামূর্তি
অগতির গতি হয়ে এগিয়ে এলেন আমার ঠাকুমা। বললেন, কাইন্দোনা হে নিষ্কন্টক, পূজা কাটাইল্যা দিনে যখন আইন্যাই ফালাইছে মূর্তিখান তখন পূজাও কইরতেই হইব। তুমি জোগাড়যন্ত্র কর, টাকা আমি দিমু।
আমাদের বাইরের দিকের মাঠটাকে বলা হত বাইরবাড়ি। সেখানেই পুজো হবে। বেশ অনেকটা জায়গা, তার ডান দিকটায় দাদুর পেল্লায় কাছারিঘর। পুজো হবে শুনে বাড়িতে পাড়ার লোক ভেঙে পড়ল। ঠাকুমা তাঁর লোহার সিন্দুক খুলে টাকা বের করে দিলেন, সারা বাড়ি, সার পাড়া জুড়ে হইহই শুরু হয়ে গেল। কাছারি থেকে ফিরে দাদু ব্যাপার শুনে খুব একটা খুশি হলেন না, তবে আপত্তিও করলেন না। একটু গম্ভীর হয়ে রইলেন, এইমাত্র। বাইরবাড়িতে তখন গরুর গাড়িতে বাঁশ আর ত্রিপল এসে পড়েছে। কামলারা মণ্ডপ খাড়া করার তোড়জোড় করতে লেগেছে। শুধু দাদুরই তেমন উৎসাহ নেই। দাদু হইচই বিশেষ পছন্দ করতেন না। বেজায় রাশভারী মানুষ। একমাত্র আমার কাছেই তিনি ছিলেন গলে জল। আর সবাই তাঁকে যমের মতো ভয় পেত।
কোথাকার কোন কলকাতা
আমার ওই তখনকার জীবনটা ছিল দাদুময়। আগেই বলেছি দাদু বেজায় রাশভারী আর রাগী মানুষ হওয়া সত্ত্বেও একমাত্র আমার সম্পূর্ণ বশীভূত ছিলেন। আমার কোনও আবদারই তিনি অন্যায্য মনে করতেন না। কিন্তু দাদুকে আমি পেয়েছি তাঁর একেবারে শেষ জীবনে। দাদুর মোট আট সন্তানের মধ্যে বাবা ছিলেন সপ্তম। ফলে দাদুর সঙ্গে আমার বাবার বয়সেরও অনেক তফাত ছিল। কে জানে কেন, আমার প্রতি দাদুর আশ্চর্য পক্ষপাতে অনেকেই অবাক হত। রাজকুমার মুখুটির মতো রাশভারী মানুষ কী করে রুনুর এত বশ হল, সেটা ছিল গবেষণার বিষয়। আমার হাগা-মোতা-স্নান-খাওয়া-ঘুম সবই ছিল দাদুর কাছে।
একবার দাদু জরুরি মোকদ্দমার কাজে তাড়াতাড়ি আদালতে যাবেন বলে তৈরি হচ্ছিলেন, তখন ঠাকুমা আমাকে ধরে নিয়ে গিয়ে কুয়োতলায় স্নান করিয়ে দিয়েছিলেন। আমি তারস্বরে চেঁচিয়ে পাড়া মাথায় তো করলামই, তারপর ঠাকুমার হাত থেকে ছাড়া পেয়েই ছুটে গিয়ে কুয়োতলার পাশে রাখা স্তূপাকৃতি বাসন মাজবার ছাইগাদায় পড়ে গড়াগড়ি খেতে লাগলাম। সর্বাঙ্গ ছাইয়ে মাখামাখি। ঠাকুমা রেগে টং এই বেয়াদবি দেখে। কিন্তু দাদু খুব শান্তভাবে তাঁর জুতো-মোজা আর আদালতের পোশাক ছাড়লেন, বাড়িতে পরার ধুতি ফের পরলেন, তারপর খুবই স্নেহের সঙ্গে আমাকে তুলে সযত্নে স্নান করিয়ে, পোশাক পরিয়ে তবে আদালতে গেলেন। তাঁর এই অন্যায্য প্রশ্রয় দেখে কেউ তেমন খুশি নয়, কিন্তু দাদুর ওপরে কথা বলার সাহসও কারও নেই।
আমি যে বেজায় দুষ্টু, সেটা লোকমুখে ভালই প্রচারিত হয়ে গিয়েছিল। এমনকী আমাদের চেনাজানা বা আত্মীয়স্বজনের মধ্যে কোনও ছেলে দুষ্টুমি করলে বলা হত, ‘এ তো দেখতাছি রুনুর মতন দুষ্ট হইছে!’ অথচ দাদুর কাছে আমার নামে কেউ নালিশ করলে দাদু একগাল হেসে বলতেন, ‘হ, তোমরা যে কী কও! পোলাপান তো একটু-আধটু দুষ্টামি করবই। হেইটা আবার নালিশ করন লাগে নাকি? বড় হইলেই ঠিক হইয়া যাইব অনে।’
কুয়োতলার ছাইয়ের গাদায় গড়াগড়ি
শিশুকাল থেকেই শুনে আসছি আমার বাবা এম.এ, বি.এল পাশ। আজকাল এম.এ, এল.এল.বি কোনও গুরুতর কোয়ালিফিকেশন নয়, কিন্তু সেই আমলে ব্যাপারটা খুব এলেবেলে জিনিস ছিল না। এম.এ দূরে থাক, গ্র্যাজুয়েট শুনলেই লোকে একটু খাতির করত। তখনও ঘরে-ঘরে গ্র্যাজুয়েটের চাষ শুরু হয়নি। আর গ্র্যাজুয়েট হতে হলে যে এলেমের দরকার হত, তাও মিথ্যে নয়। অন্তত সেই আমলের গ্র্যাজুয়েটরা ভুল ইংরেজি লিখত না, গ্রামার জানত, যে কোনও দরখাস্ত লিখতে পারত। বাংলা মিডিয়াম স্কুলে ইংরেজির মান ছিল ভারি উঁচু, যেটা এখন আর নেই। আমাদের স্কুলের মাস্টারমশাইরা যা পড়াতেন তা তাঁদের অধিগত ছিল। ভুলভাল শেখাতেন না। তা যাই হোক, আমার বাবা কিছুদিন ময়মনসিংহেই ওকালতি করেছিলেন। কালো কোট পরে আদালতে যেতেন। হঠাৎ খবর পাওয়া গেল, বাবা রেলে চাকরি পেয়ে গেছেন। সম্ভবত রেলের চাকরির পিছনে আমার দাদামশাইয়ের কিছু প্ররোচনা ছিল। আমার বাবা দীর্ঘকায়, অতি সুপুরুষ, চমৎকার গানের গলা, দুর্দান্ত খেলোয়াড়, দারুণ স্মার্ট, ইংরেজি বলায় সাবলীল, বুদ্ধিমান এবং কোয়ালিফিকেশনও ফেলনা নয়। ময়মনসিংহে তাঁর তেমন উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো ছিল না। তাই হয়তো দাদামশাই তাঁকে পরামর্শটা দিয়ে থাকবেন। বাবা চাকরিটা পেয়েও গেলেন অনায়াসে। শিয়ালদায় রেলের ক্রু ইনচার্জ। কানাঘুষো শুনেছিলাম তাঁর বেতন আশি টাকা। এবং সেটা নাকি বেশ ঈর্ষণীয় বেতন।
শিশুকাল থেকে আমি একজন লোককেই বেজায় ভয় পেয়ে এসেছি। সেটা হল আমার বাবা। অথচ বাবা আমাকে কদাচিৎ শাসন করেছেন। তিন-চার বছর বয়স অবধি তো বাবার অস্তিত্বই তেমন করে টের পেতাম না। সেটা প্রথম টের পেলাম কলকাতায় এসে। আর এই কলকাতায় আসার ব্যাপারটাও খুব সহজ হয়নি। চাকরি নিয়ে বাবা কলকাতায় চলে যাওয়ার বেশ কিছুদিন পরে আমরা, অর্থাৎ মা, দিদি আর আমি কলকাতায় যাই। সম্ভবত জ্যাঠামশাই আমাদের নিয়ে গিয়েছিলেন। তার আগে অবশ্য বিস্তর কান্নাকাটি, হা-হুতাশের ব্যাপার ছিল। বিশেষ করে আমার জন্য দাদুর হাহাকার। আর আমার ব্যক্তিগত বিরহ ছিল ময়মনসিংহের জন্য। আমার আসল দেশ ঢাকার বিক্রমপুর, মুন্সীগঞ্জ মহকুমার টঙ্গিবাড়ি থানার অন্তর্গত বাইনখাড়া গ্রাম। ময়মনসিংহ আমাদের দেশ নয়, তবু আমার এই জন্মশহর আমাকে এমনই মোহাবিষ্ট করে রেখেছিল যে, আজও সেই তীব্র আকর্ষণ অনুভব করি। বলছি বটে শহর, কিন্তু এখন ভাবি, ময়মনসিংহকে কতটা শহরের তকমা দেওয়া যায়! আমরাই তো থাকতাম মাটির ভিটেওয়ালা টিনের চালের ঘরে, ঘরের পিছনে পুষ্করিণী, তার পাশে বিস্তীর্ণ ঢেঁকি আর কলমি শাকের জঙ্গল। চারদিকে আম, জাম, কামরাঙা, বেল, বাতাবি (আমরা বলতাম জম্বুরা), চালতা আর হরেক গাছগাছালির নিবিড় সংসার। বাজার বা রেলস্টেশনে গেলে একটু শহর-শহর মনে হত বটে, কিন্তু আদতে ময়মনসিংহ তখন একটি বর্ধিষ্ণু গ্রাম ছাড়া কিছুই নয়। পরিবহন বলতে ছ্যাকড়াগাড়ি, সারা শহরে একটি-দুটির বেশি মোটরগাড়ি ছিল না। রাস্তা ছিল লাল সুড়কির এবং অতিশয় এবড়োখেবড়ো। তবু সেই তিন-চার বছর বয়সে মনে হয়েছিল, এই শহর থেকে আমাকে নিয়ে গেলে আমি মরেই যাব। দাদু, ঠাকুমা, বমা, দাদামশাই, দিদিমা, ব্রজমাসি, আমার চার স্নেহশীল জেঠতুতো দাদা, জ্যাঠামশাই, জিষ্ণুমামা, জ্যোতিমামা, এদের ছেড়ে আমি বাঁচব কী করে? বাঁচব কী করে ব্রহ্মপুত্র ছাড়া? আর সব বাদ দিলেও, দাদুকে ছাড়া তো আমার চলবেই না! রাতে মায়ের বুক ঘেঁষে ঘুমটুকু ছাড়া আমার জাগ্রত সারাদিনই যে দাদুময়। দাদুরও শুনেছি, কাছারিতে গিয়ে আমার জন্য মনকেমন করত। নানা ছলছুতোয় মাঝে মাঝে তাড়াতাড়ি চলে আসতেন। তখনও ময়মনসিংহের বাইরে আমার কাছে আর জগৎ নেই। কোথাকার কোন কলকাতায় আমাকে কেন নিয়ে যাওয়া হবে সেটাই আমার বোধগম্য হচ্ছিল না। ব্যাপারটা যে একটা ঘোরতর অন্যায়, সেটা আমার চেয়ে ভাল আর কে বুঝবে! বড়রা যে কেন এত বোকা হয় কে জানে!■