[গত সংখ্যার পর: ২য় কিস্তি]
৫.
ফোন বাজছে। টেবিলের উপর ফোনটা রাখা। মাসুদ তাকিয়ে দেখলো সালমার ফোন। সে ফোন ধরল না। সে বসে আছে কৌশিকের অফিসে। সালমা মাসুদের সঙ্গে কথা বলতে না পেরে ওর অফিসে ফোন করেছে। একাউন্টেন্ট ফোন ধরে বলেছে, ‘মাসুদ স্যার এখনো অফিসে আসেননি।’
নিরুপায় হয়ে কৌশিককে ফোন করেছে সালমা, ‘কৌশিক ভাই, মাসুদ কি আপনার ওখানে?’
কৌশিক বলল, ‘বৌদি আমি গাড়িতে আছি, কাজে বাইরে গিয়েছিলাম, এখন অফিসে ফিরছি। কোনো জরুরি বিষয়?’
‘একটু জরুরী।’
‘আপনি এক কাজ করুন বৌদি, আমার অফিসে চলে যান। আমি ১৫ মিনিটে পৌঁছে যাব। তারপর দেখছি মাসুদ কোথায়।’
সালমা কৌশিকের অফিসে এসে দেখে মাসুদ চোখ বন্ধ করে সোফায় বসে আছে। ফোন টেবিলে রাখা।
সে বলল, ‘বারবার ফোন করছি ধরছো না কেন?’
সালমাকে দেখে মাসুদ খুব অবাক হয়েছে। সে আরাম করে গা এলিয়ে চেয়ারে বসে ছিল। এবার সোজা হয়ে বসলো। বলল, ‘কি হয়েছে সালমা? জরুরী কিছু?’
সালমা কাঁদতে শুরু করল। কান্নার ফাঁকে ফাঁকে বলল, ‘হাসানের অফিস থেকে ওর কলিগ শারমিন সুলতানা ফোন করেছিল। গতকাল সন্ধ্যাবেলায় হাসান অফিস থেকে বের হওয়ার পর সাদা পোশাকের পুলিশ ওকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।’
হাসান সালমার ভাই। মাসুদের একমাত্র শ্যালক। বিবিএ এমবিএ করে দু বছর যাবৎ ব্যাংক অফ ফাইন্যান্সে কাজ করছে।
‘সর্বনাশ।’ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল মাসুদ। এই শ্যালকটিকে সে খুব পছন্দ করে।
‘কি করব এখন আমরা?’
মাসুদ খুব চিন্তিত হয়ে পড়ল। সাদা পুলিশের পোশাকের পুলিশ তুলে নেয়া মানে ভয়ঙ্কর বিষয়। এদের প্রধান কাজ মানুষ পেটানো। এরকম দুর্ঘটনার কথা প্রায়ই পত্রিকায় আসে কিন্ত নিজেদের কেউ আক্রান্ত হতে পারে এরকম কখনো সে ভাবেনি।
সালমা আবার বলল, ‘এখন আমরা কি করব মাসুদ?
‘প্রথম কাজ কান্নাকাটি বন্ধ করা। দ্বিতীয় কাজ হাসানের যে কলিগ ফোন করেছিল ওর নাম ও ফোন নম্বর কাগজে লিখে দাও। ব্যাঙ্কটা যেন কোন এলাকায়?’
‘তানভীর মুহাম্মাদ ত্বকী রোডের ট্রাফিক ক্রসিংয়ে। ব্যাঙ্ক অফ ফাইন্যান্স।’
মাসুদ বলল, ‘তিন নম্বর কাজ আমার এটিএম কার্ড নিয়ে নিচে চলে যাও। পিন লিখে দিচ্ছি। যতটা পারো টাকা তুলে নিয়ে এসো। ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দেবে। তারপর বাসায় ফিরে যাবে। ব্যাংকের চেক বইটা খুঁজে নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখবে। আমি তোমাকে আপডেইট দেব। কিছু করতে হলে বলবো।’
‘আম্মাকে জানাব না?’
একটু ভাবল মাসুদ। বলল, ‘এখনো কোন কিছু ঘটেনি। এখন যা করার আমাদের করতে হবে। আম্মাকে বলা মানে উনাকে দুশ্চিন্তায় ফেলে দেয়া। তাই না? না, এখন আম্মাকে কিছু বলার দরকার নেই।’
সালমা লিফটে করে নিচে নামলো আর তখনি কৌশিকের গাড়ি এসে থামল।
‘কোথায় যাচ্ছেন বৌদি? মাসুদের খোঁজ পেলেন?’
মাসুদকে পেয়ে সালমা একটু স্থিত হয়েছে। শান্ত স্বরে বলল, ‘মাসুদ তোমার অফিসেই আছে। আমি নিচে এসেছি এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য।’
‘কত টাকা বৌদি?’
‘মাসুদ বলেছে যতটা পারা যায়।’
কৌশিক বলল, ‘কেন টাকা লাগবে বুঝতে পারছি না কিন্তু এটিএম কার্ড দিয়ে যতটুকু টাকা আপনি তুলতে পারবেন সে পরিমাণ টাকা অফিসেই আছে। স্টাফ স্যালারি দেয়ার জন্য গতকাল বিকেলে তুলে আনা হয়েছে। আপনাকে কষ্ট করে রোদমাথায় ফুটপাথে দু’ শ ফুট হাঁটার দরকার নেই। চলে আসুন।’
৬.
ফোনে হাসানের কলিগ শারমিন সুলতানা জোরে জোরে কাঁদছিল। সে এরকম করে ফোঁপাচ্ছিল যে মাসুদের কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারছিল না। মাসুদ জিজ্ঞেস করল, ‘আপনাদের ব্যাংকের সামনে সিসিটিভি ক্যামেরা আছে, তাই না? ওটার ফুটেজ কি দেখেছেন? যারা হাসানকে তুলে নিয়ে গেছে তাদের চেহারা কি দেখা যায়? চেনা যায়? যে গাড়িতে তুলে নিয়ে গেছে সেটার নাম্বার প্লেট দেখা যায়?’
মেয়েটি বলল, ‘পুলিশ তো অনেক মারে। ওরা কি হাসানের গায়ে হাত তুলেছে?’
‘ব্যাংকে সবসময় সিকিউরিটি গার্ড থাকার কথা। হাসানকে যখন মাইক্রোবাসে তুলে নেয়া হয় সে কি দেখেছে? কী বলেছে সে।’
মেয়েটি বললো, ‘ও তো কোনো অন্যায় করার মানুষ না। ওকে কেন পুলিশ নিয়ে গেল? সন্দেহ করার মতো কাজ করারও মানুষ সে না।’
মাসুদ বুঝতে পারল শারমিন সুলতানার সঙ্গে কথা বলে কোন লাভ নেই।
সে হাশেম কাজীকে ফোন করলো: ‘অফিসে আছেন কাজী ভাই?’
‘আমি তো অফিসেই থাকি! তুমি কোথায়?’
‘খুব জরুরী একটা কাজ। কাছেই আছি আমি। কৌশিকের অফিসে। পনের মিনিটের মধ্যে এসে যাব। আপনি দয়া করে অফিস ছেড়ে কোথাও যাবেন না।’
‘পনের-কুড়ি মিনিট অনেক সময়। একটু বলে রাখ কী হয়েছে? জরুরী কাজটা কী?’
‘আমার শ্যালক হাসানকে তো চেনেন। হাসান শাহরিয়ার। ব্যাংক অফ ফাইন্যান্সে কাজ করে। এখন আছে তানভীর মুহাম্মদ ত্বকী ব্রাঞ্চে। গতকাল সন্ধ্যায় অফিস থেকে বের হওয়ার পর শাদা পোশাকের পুলিশ ওকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে।’
‘এখনি খবর নিচ্ছি যতটা পারা যায়। তুমি চলে আসো।’
মাসুদকে দেখে ঘড়ির দিকে তাকালেন হাশেম কাজী। প্রায় এগারোটা বাজে। হাসানকে প্রিজন ভ্যানে এখন আদালতে নেয়া হবে। থানায় গিয়ে লাভ হবে না।
হাশেম কাজী জিজ্ঞেস করলেন, ‘ঘটনা কী? ঘটনা তো জানতে হবে।’
‘ঘটনা জানে না। কেউ জানে না। আমার সন্দেহ পুলিশও জানে না। আপনি ওকে ছাড়ানোর ব্যবস্থা করুন কাজী ভাই।’
‘আচ্ছা, চা খাও।’
দুটি সুস্বাদু টোস্ট বিস্কুট আর চা চলে এল। এই টোস্ট মাসুদের প্রিয়। এখন তার রুচি নেই। তার গলার ভেতরটা শুকিয়ে গেছে। শারমিন নামে মেয়েটির অশ্রুসিক্ত কণ্ঠস্বর অনবরত কানে বাজছে।
হাশেম কাজী ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। পাঁচ মিনিটে সাতটা ফোন করলেন। ফোন রাখার সময় একবারও বললেন না, ‘আচ্ছা রাখি এখন’। এটা তার ধাতে নেই। প্রয়োজনীয় কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাইন কেটে দেন।
কিছুক্ষণ পর বললেন, ‘ঐ ব্যাঙ্ক পড়েছে বাঁশবাগান থানার আওতায়। থানা থেকে প্রিজন ভ্যানে করে বিশ্বজিৎ দাস রোডে বিচার ভবনে নেয়া হবে। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে তোলা হবে।’
‘হাসান এখন কোথায়, থানায়?’
‘থানায় ফোন না করলে এক্সাক্ট জানা যাবে না। অনুমান করি এখন রাস্তায় আছে।’
‘কী কারণে ছেলেটাকে গ্রেপ্তার করেছে ওরা?’
‘গোয়েন্দা বিভাগের অফিসের আশেপাশে সন্দেহজনক ঘোরাফেরা। সেকশন ৫৪।’
‘গোয়েন্দা বিভাগের আশেপাশে হাসানের কাজ কী?’ অবাক হলো মাসুদ।
‘সাথে টাকা আছে?’
‘তেমন নেই। তবে সালমাকে বলা আছে, খবর দিলেই নিয়ে চলে আসবে।’
হাশেম কাজী দোতলায় একাউন্ট্যাণ্টকে ফোন করলেন: ‘ক্যাশের অবস্থা কী?’
‘কত লাগবে স্যার?’
‘লাখ খানেক হলে ভাল হয়। হবে?’
ছোট হাতব্যাগে টাকার বাণ্ডিলটা ঢুকিয়ে চেইন টেনে উঠে পড়লেন হাশেম কাজী: ‘চলো চলো। বিচারভবনে যেতে হবে। লাঞ্চের পরই কোর্টে তোলা হবে।’
ড্রাইভারকে বললেন, ‘নুরুদ্দিন, আমরা বিশ্বজিৎ দাস রোডে যাব। জোরে চালাতে বলছি না। তবে দেখ এদিক ওদিক করে যদি একটু আগে যাওয়া যায়।’
ইতিমধ্যে তিনি ফোনে শহীদুল ইসলামের সঙ্গে কথা বলেছেন। শহীদুল ইসলাম হাইকোর্টের বিখ্যাত আইনজীবি ব্যারিস্টার শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ খানের জুনিয়র হিসাবে কাজ করে। বারোজন জুনিয়রের একজন। সে খোঁজখবর নিয়ে জানিয়েছে, ‘বাঁশবাগান থানার মামলা হবে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে: ম্যাজিস্ট্রেট খোদাবক্স মণ্ডলের আদালতে।’ শহীদুল ইসলামের তার বড় ছেলের ছোটবেলার প্রাইভেট টিউটর।
হাশেম কাজী বললেন, ‘ঐ ম্যাজিস্ট্রেটের ক্লাশমেইট কোনো উকিল বা ম্যাজিস্ট্রেট আছে কি-না দেখ। খাসকামরায় গিয়ে গিয়ে কথা বলে আসবে। ফি দিয়ে দিও যা লাগে। আর একজন দুঁদে ক্রিমিনাল লইয়ার দেখ। আমরা জামিনের জন্য আসছি না। জামিন তো হবেই। জামিন না হওয়ার কোন কারণ আছে মনে হয় না। কেইস খারিজ করিয়ে নিতে হবে।’
ফোনের ওপাশে শহীদুল ইসলাম কিছু বলছিল। হাশেম কাজী শুধু এটুকু বললেন, ‘তুমি আমার বাসায় সাত বছর মাস্টারি করেছে। তুমি আমাকে চেন। ‘অসম্ভব’ বলে কিছু আছে, সে আমি কোনদিন মানিনা। আজও না। কেইস খারিজ করার জন্য যা যা লাগে সব কিছু কর। আমার সাথে টাকা আছে।’
ফোন রেখে গম্ভীর হয়ে বসে থাকলেন হাশেম কাজী। তিনি কারো কাছ থেকে ‘না’ শুনতে পছন্দ করেন না। কেউ ‘না’ বললে তার মেজাজ খারাপ হয়ে যায়।
৭.
শহীদুল ইসলামের সিনিয়র বন্ধু হলেন অ্যাডভোকেট ফজলে কবীর, তিনি সিভিল লইয়ার। ফজলে কবীর ধরে নিয়ে এসেছেন মুকুন্দরাম চক্রবর্তীকে। মুকুন্দরাম ঘাঘু ক্রিমিনাল লইয়ার বলে পরিচিত। তার প্রিয় বিষয় হাইকোর্টে ‘ডেথ রেফারেন্স’ নিয়ে কাজ করা। কে হিশাব রেখেছে বলা মুশকিল, কিন্তু জনশ্রুতি হলো পাঁচশ’র বেশী মামলায় পুলিশের তদন্তে বড় বড় ত্রুটি বের করে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে ফাঁসির দড়ি থেকে বাঁচিয়েছেন।
ফজলে কবীর বলেছেন, ‘স্যার, দশ মিনিটের কাজ।’
‘ঠিক আছে, যাব। বহু দিন লোয়ার কোর্টে যাওয়া হয় না। পঞ্চাশ হাজার টাকা রেখে যাও। ঠিক একটা সময় এসে আমাকে চেম্বার থেকে নিয়ে যাবে। আমি তৈরী থাকব। গাড়ীতে বসে আমাকে ব্রিফ করবে।’
লাঞ্চের পর এজলাসে উঠেছেন ম্যাজিস্ট্রেট খোদাবক্স মণ্ডল। আইনজীবীদের সারিতে মুকুন্দরাম চক্রবর্তীকে দেখে একটু অবাক হলেন। তার কোর্টে মুকুন্দরাম বাবুর মতো উঁচু দরের উকিল কখনো আসে না। আজ ‘কার্য্যতালিকা’য় কোনো গুরুত্বপূর্ণ মামলা আছে বলে মনে পড়ল না। লাঞ্চের সময় ছেলেবেলার বন্ধু ম্যাজিস্ট্রেট কাশেম আলী এসে একটি সেকশন ৫৪ এর মামলার কথা বলে গেছে। সেটা তিনি মনে রেখেছেন।
পেশকার ম্যাজিস্ট্রেটের সামনে একটি মামলার কাগজপত্র দিয়ে হেঁকে বলল, ‘২০২/২০২৪। আসামী হাজির?’
২০২/২০২৪ মামলার উকিল গাউন ঠিক করতে করতে উঠে দাঁড়ালেন। চেয়ার ছেড়ে ওঠার আগে তার নজরে পড়লো মুকুন্দরাম বাবু আদালতের সামনে দাঁড়িয়ে গেছেন। কিছু বলার অনুমতি চাইছেন। তিনি বসে পড়লেন।
খোদাবক্স মণ্ডল বললেন, ‘বলুন।’
‘মান্যবর আদালত, হাইকোর্টে একটি ডেথ রেফারেন্সের রায় হবে বিকাল চারটায়। সেখানে আমার থাকা দরকার। তাই দাঁড়িয়েছি। এটি বাঁশবাগান থানার কেইস। অনুমতি দিন।’
খোদাবক্স মণ্ডল ঘাড় নাড়লেন।
‘মান্যবর আদালত, আমার ছেলে হাসান। একটি ব্যাংকে কাজ করে। সকাল আটটায় বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যা সাতটায় ফেরে। অত্যন্ত নিরীহ ছেলে। গতকাল সন্ধ্যায় ও ব্যাংক থেকে বের হওয়ার সময় সাদা পোশাকের পুলিশ উঠিয়ে নিয়ে যায়। রাত দশটায় বাঁশবাগান থানায় দাখিল করে।’
কোর্ট ইন্সপেক্টরের দিকে তাকালেন খোদাবক্স মণ্ডল, বললেন: ‘অভিযুক্ত আদালতে আছে? আপনার বক্তব্য বলুন।’
কাঠগড়ায় হাসার দাঁড়ানো।
‘কোর্ট থেকে যে চালান পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে এই ছেলে গোয়েন্দা বিভাগের অফিসের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। সেকশন ৫৪ এ গ্রেপ্তার দেখান হয়েছে।’
‘জামিনে পুলিশের আপত্তি আছে?’
মুকুন্দরাম বাবুকে আদালতে দেখে একটু ঘাবড়ে গেছেন কোর্ট ইন্সপেক্টর। সঙ্গে সঙ্গে বললেন, ‘সেকশন ৫৪-এর মামলা স্যার। বিজ্ঞ আদালত অহরহ জামিন দিচ্ছেন।’
‘জিজ্ঞাসাবাদের জন্য রিম্যাণ্ড চাইবেন?’
অক্টোবর মাস। শীতের আবহ। আদালতের ফ্যানে রেগুলেটর থাকে না। জোরে ফ্যান চলছে। তবু কেমন গরম লাগছে কোর্ট ইন্সপেক্টরের। মাঝে মাঝে তার গরম লাগে। সবচেয়ে বেশী গরম লাগে সাক্ষী হিসাবে তাকে কাঠগড়ায় উঠতে হলে। তখন খাকী পোশাক ভিজে যায়। এই রোগের চিকিৎসা কী তা তিনি বুঝে উঠতে পারেন না।
ম্যাজিস্ট্রেটের প্রশ্নে আদালতে পিনপতন নিঃস্তবদ্ধতা নেমে এসেছে। কোর্ট ইন্সপেক্টরের উত্তর শোনার জন্য সব উকিলরা উৎকর্ণ হয়ে আছেন।
গলাখাকারী দিলেন কোর্ট ইন্সপেক্টর। এরকম পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কুড়ি বছর থানায় থানায় কাজ করেছেন। উৎকোচ নেয়ার অভিযোগে গত বছর তাকে দক্ষিণ বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ থেকে কোর্ট ইন্সপেক্টর হিসাবে বদলী করা হয়েছে। সেই থেকে মনে মনে তিনি একটু কাবু বোধ করেন।
গলা পরিষ্কার করে কোর্ট ইন্সপেক্টর বললেন, ‘এক দিনের রিম্যাণ্ডের জন্য আবেদন করছি স্যার।’
মুকুন্দরাম বাবু দাঁড়িয়ে বললেন, ‘মান্যবর আদালত অনুমতি দিলে কোর্ট ইন্সপেক্টরকে আমি দু’একটি প্রশ্ন করতে চাই।’
খোদাবক্স মণ্ডল ঘাড় নাড়লেন।
‘গোয়েন্দা বিভাগের অফিস কি দেশের বাইরে অবস্থিত?’
‘না স্যার।’
‘সংবিধান নিশ্চয় পড়েছেন। পুলিশ একাডেমীর সিলেবাসে আছে। পড়েছেন তো?’
‘জি স্যার।’
‘তিন নম্বর অধ্যায়ের ৩৬(১) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে দেশের অভ্যন্তরে যে কোনো স্থানে চলাচলের অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে। আপনি তা জানেন?’
কোর্ট ইন্সপেক্টর থানায় কাজ করে অভ্যস্ত। সংবিধান পড়ার অভ্যাস তার নেই। উকিল সাহেব নিশ্চয়ই ভুল বলবেন না এই অনুমানে তিনি বললেন, ‘জানি স্যার।’
‘তিন নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ ৩৬(৪) আপনি পড়েছেন?’
‘পড়েছি। কিন্তু ওতে কী লেখা এ মুহূর্তে ঠিক মনে পড়ছে না।’
‘আপনার মনে না-পড়াটা অস্বাভবিক কিছু না। এই ধারা অনুসারে নাগরিকের চলাচলের ওপর রাষ্ট নিষেধাজ্ঞা দিতে পারে। সংবিধানের ৩৬(৪) অনুসারে কি গোয়েন্দা বিভাগের অফিসের আশেপাশে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে?’
‘জি না স্যার।’
‘আমি আসামী শব্দটি ব্যবহার করছি না। আমার যে ছেলেকে আপনি আদালতের কাঠগড়ায় এনে তুলেছেন তাকে আটক করা কি সংবিধান সম্মত হয়েছে?’
কোর্ট ইন্সপেক্টর এবার মুকুন্দরাম বাবুর প্যাঁচটি বুঝতে পেরেছেন। বললেন, ‘এ ব্যাপারে বিজ্ঞ আদালতের তরফে সিদ্ধান্ত প্রদান সমীচীন হবে। আমি সামান্য পুলিশের অফিসার।’
‘ঠিক বললেন না। আদালতের সামনে কেউ অসামান্য নয়। আপনার কি পুত্রসন্তান আছে? থাকলে তার বা তাদের বয়স কত?’
ম্যাজিস্টেটের দিকে তাকিয়ে কোর্ট ইন্সপেক্টর বললেন, ‘এটি ব্যক্তিগত প্রশ্ন স্যার। এ মামলার সঙ্গে এ প্রশ্নের সম্পর্ক নেই।’
মুকুন্দবাবু ম্যাজিস্ট্রেটের দিকে তাকিয়ে বললেন, ‘মান্যবর আদালত। এ প্রশ্নের উত্তরটা জানা দরকার।’
খোদাবক্স মণ্ডল কিছুটা বিরক্ত মুখে কোর্ট ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, ‘উত্তর দিন।’
কোর্ট ইন্সপেক্টর বললেন, ‘আমার একটি ছেলে। বয়স ২৫। এক বছর যাবৎ সে একটি ইনসুরেন্স কোম্পানীতে চাকুরী করে। প্রাইভেট ইনসুরেন্স কোম্পানী।’
‘ধরুন আপনার ছেলে সারাদিন ইনসুরেন্স কোম্পানীতে চাকুরি শেষ করে গোয়েন্দা বিভাগের অফিসের সামনে দিয়ে বাড়ীতে আসে। কেন আসে? ঐ রাস্তাটি তার প্রিয়। ভাল ফুটপাথ আছে। জনবিরল সড়ক। কৃষ্ণচূড়া গাছের ছায়া ফুটপাথ জুড়ে। তাকে সন্দেহজনক ঘোরাফেরার জন্য আটক করা হলে আপনি কি তাতে সংক্ষুব্ধ হতেন?’
উত্তর না-দিয়ে চুপ করে থাকলেন কোর্ট ইন্সপেক্টর।
মুকুন্দরাম বাবু বললেন, ‘আপনি জবাব না-দিলেও এটা যে কারো জন্য বোধগম্য যে বাবা হিসাবে আপনি সংক্ষুব্ধ হতেন। সংক্ষুব্ধ না-হওয়াটা অস্বাভাবিক হতো। একটি শেষ প্রশ্ন করতে চাই। আপনি বলেছিলেন আমার ছেলেটিকে একদিনের রিম্যাণ্ডে নেয়া দরকার। ধরা যাক মান্যবর আদালত আপনার আবেদন অনুযায়ী একদিনের রিম্যাণ্ড মঞ্জুর করলেন। রিম্যাণ্ডে নিলে আপনি তাকে কোন্ পাঁচটি প্রশ্ন অবশ্যই করতেন সেগুলি কি আমাদের বলতে পারেন?’
এবারও উত্তর না দিয়ে চুপ করে থাকলেন কোর্ট ইন্সপেক্টর।
মুকুন্দরাম বাবু আদালতের দিকে তাকিয়ে বললেন, ‘মান্যবর আদালত, কোর্ট ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করার আর কিছু নেই।’
ম্যাজিস্ট্রেট খোদাবক্স মণ্ডল বললেন, ‘আগে একবার জিজ্ঞেস করেছি; আবার জিজ্ঞেস করছি: আসামীকে জামিন দেয়া হলে পুলিশের কি আপত্তি থাকবে?’
‘আজ্ঞে না। পুলিশের আপত্তি থাকবে না।’ কোর্ট ইন্সপেক্টর হাত জোড় করে বললেন।
‘আমার আপত্তি আছে মান্যবর আদালত’, বলে উঠে দাঁড়ালেন মুকুন্দরাম বাবু।
ম্যাজিস্ট্রেট অবাক হয়ে তাকালেন। আদালতে উপবিষ্ট সকল উকিল আবার উৎকর্ণ হলেন।
‘আমার ছেলের বিরূদ্ধে আইনানুগ কোন মামলা চলে না। বিজ্ঞ আদালতের কাছে আমাদের নিবেদন: দয়া করে এ মামলা থেকে ছেলেটিকে রেহাই দেয়া হোক। ‘পারপেচুয়াল বেইল’ দিলেও তাকে আইনী প্রক্রিয়ার ভয়ে থাকতে হবে। সে আমেরিকা বা ফ্রান্সে যেতে চাইলে ভিসার আবেদন পত্রে লিখতে হবে যে তার বিরূদ্ধে একটি ক্রিমিনাল কেইস চলমান আছে, এখনো নিষ্পত্তি হয়নি। সে জামিনে আছে। তাই মামলাটি খারিজ করে দেয়ার জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন করছি।’
ম্যাজিস্ট্রেট খোদাবক্স মণ্ডল কোর্ট ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, ‘এটা পুলিশের মামলা। গোয়েন্দা বিভাগ জড়িত। আপনার স্পষ্ট বক্তব্য প্রয়োজন।’
কোর্ট ইন্সপেক্টর ইতিমধ্যে অনেকটা ঘেমে গেছেন। তার খাকি পোশাক ভিজে উঠেছে। বললেন, ‘বিজ্ঞ আদালত ন্যায়বিচারের স্বার্থে যে সিদ্ধান্ত নিবেন তাই-ই পুলিশ বিভাগের জন্য শিরোধার্য।’
ম্যাজিস্ট্রেট খোদাবক্স মণ্ডল বললেন, ‘ন্যায়বিচারের স্বার্থে আসামী পক্ষের আবেদন গ্রহণ করা হলো।’
আদালতের পেয়াদা কাঠগড়ার দরজা খুলে দিয়ে হাসানকে বলল, ‘নেমে আসেন ছোটমিঞাঁ। মামলা ডিসমিস। আপনি খালাস। বাড়ীৎ যান।’
৮.
আদালতের বাইরে সালমা গাড়িতে অপেক্ষা করছিল। হাসানের হাত ধরে টানতে টানতে মাসুদ ওকে গাড়ির কাছে নিয়ে এসে বলল, ‘এই নাও আমার প্রিয় ব্রাদার-ইন-লকে। সাবধানে রাখো।’
গলা নামিয়ে বলল, ‘কি করেছিলি রে পাগলা যে আমাকে না-ধরে গোয়েন্দা পুলিশ তোকে ধরল? খুব সংক্ষেপে ঘটনাটা বলতো?’
হাসান বলল: ‘গতকাল ছিল শনিবার। হাঁটতে হাঁটতে গোয়েন্দা বিভাগের অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখি ওদের গেটের উল্টোদিকে দুই গোয়েন্দা এক ফুচকাওয়ালাকে গালমন্দ করতে করতে একসময় ওর ভ্যানটা ধাক্কা দিয়ে উল্টে ফেলল। সবকিছু পড়ে গিয়ে ভেঙে চুড়ে তছনছ অবস্থা। ভারী রাগ হলো। বললাম, ঘুষখোরদের দল দুর্বলদের উপর অত্যাচার করতে পারে, ব্যাংক থেকে টাকা নিয়ে ডলার করে দেশের বাইরে পাচার করতে করতে যারা দেশটাকে ফোপরা করে দিচ্ছে সেইসব ক্ষমতাওয়ালা লোকদের কাউকে ধরতে পারে না।’
ওদের একজন বলল, ‘যান যান, আপনার কাজ আপনি করুন।’
আমি বললাম, ‘যতই গরীব আর দুর্বল হোক, একজন নাগরিকের সাথে আপনারা এ ধরনের আচরণ করতে পারেন না। কাল থেকে সে কী নিয়ে ব্যবসায় করবে, সেটা একবার মাথায় এল না?’
আরেকজন বলল, ‘ঘুষখোর বললেন কেন।’
আমি বললাম, ‘ভাই, আমি তো কাউকে কিছু বলি না; সাংবাদিকরা বলে, পত্রিকাওয়ালারা ছেপে দেয়। আমরা পাঠক। পড়ি। টিভি দেখি।’
একজন বলল, ‘পুলিশের কাজে বাধা দিচ্ছেন আপনি। জানেন এটা আইনতঃ দণ্ডণীয় অপরাধ?’
‘আইন প্রয়োগ করবেন নাকি?’
‘আপনি বাড়াবাড়ি করছেন।’
‘আমার কাজ আছে। এখনি যাচ্ছি। আইন প্রয়োগ করার দরকার নেই। তার আগে একটি কথা জেনে যাই। দেশের কোন্ আইনে একজন গরীব ফুচকাওয়ালার ভ্যান গাড়ি উল্টে দেয়ার অধিকার আপনাদের দেয়া হয়েছে সেটা বলবেন?’
‘এই বলে চলে এসেছি।’
‘সাবাশ শ্যালক, সাবাশ। ফুচকাওয়ালার এতো ক্ষতি হয়ে গেল, রাষ্ট্রের পক্ষে কিছুটা পুষিয়ে দিস নি?’
হাসান গাল ভরে হাসলো। বলল, ‘পকেটে বেশী তো থাকে না। দু’হাজার দিয়েছি।’
মাসুদ বলল, ‘খুব ভালো করেছিস শালা বাবু।’
সালমা বলল, ‘কখন বাসায় আসবে।’
মাসুদ উত্তর দিল, ‘তোমরা যাও। আমি কাজী ভাইয়ের গাড়ীতে ফিরছি।’
‘সালমা, হাসানের যে কলিগ ফোন করে খবরটা দিয়েছে ওর নাম যেন কি?’
‘শারমিন।’
‘বাসায় যাওয়ার আগে হাসানকে নিয়ে ব্যাংকে যাও ব্যাংকে যাও। শারমিন বেগমকে হাসানের চেহারাটা দেখিয়ে নিয়ে এসো। শারমিন বিবি প্রেমে হাবুডুবু খেতে খেতে ডুবে গেছে। দেখ তুমি উদ্ধার করতে পারো কি না।’
(চলবে)